নেত্রকোনা হাওরে ঢলের পানিতে ডুবছে বোরো ফসল

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের কয়েকটি হাওরের অধিকতর নিচু জমির প্রায় ৫শ একর পরিমাণ বোরো ফসল ভারতীয় ঢলের পানিতে তলিয়ে গেছে। এভাবে ঢলের পানি আসলে আগামী এক সপ্তাহের মধ্যে এ উপজেলার ২১ হাজার হেক্টর জমির ফসলই তলিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে খালিয়াজুরী উপজেলা কৃষি বিভাগ বলছে, এখানে ইতিমধ্যে ক্ষতি হয়েছে মাত্র ১শ ১৩ হেক্টর জমির ফসল। ৩০ মার্চ থেকে ২ এপ্রিল সন্ধ্যা সময়ের মাঝে এসব জমি তলিয়েছে। খালিয়াজুরী সদর ইউনিয়নের কীর্তনখলা হাওর, চুনাই হাওর, বাদিয়ারচর হাওর, টাকটারের হাওর, মনিজান হাওর, লেবরিয়া হাওর, হেমনগর হাওর চাকুয়া ইউনিয়নের গঙ্গবদও হাওর, নয়াখাল হওর, গাজীপুর ইউনিয়নের বাগানী হাওর ও ডাকাতখালি হাওরের অধিকতর নিম্নস্থানে ও ফসল রক্ষা বাঁধের বাইরে আবাদ করা ওই সব তলিয়ে যাওয়া জমির ফসল ছিল দুধ ও দানা পর্যায়ে।

খালিয়াজুরী সদেরর কৃষক মনির হোসেন জানান, খালিয়াজুরীতে কমপক্ষে ৫শ একর জমির ফসল তলিযেছে। এরমধ্যে তার নিজের ক্ষতি হয়েছে প্রায় ২০ একর জমির ধান। খালিয়াজুরীর লক্ষীপুর গ্রামের কৃষক, আনোয়ার হোসেন, আব্দুর রউফ ও ফুল মিয়া জানান, ঢলের পানিতে তলিয়ে তাদের ১৫ একর জমির ফসল নষ্ট হয়েছে।

খালিয়াজুরী কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ঢলের পানি প্রবাহ অব্যহত রযেছে। পানির এমন প্রবাহ থাকলে সপ্তাহখানের মধ্যেই ফসল রক্ষা বাঁধ উপচে খালিয়াজুরী উপজেলার সমস্ত বোরো ফসল তলিয়ে যাবে। এ উপজেলায় এবার ২১ হাজার ১শ ২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, ভারতের চেরাপুঞ্জি থেকে বৃষ্টির পানি বাংদেশের সুনামগঞ্জের যাদুকাটা ও সুরমা নদী দিয়ে খালিয়াজুরীর ধনু নদীতে ঢল আকারে নামছে। তাই ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল সন্ধ্য পর্যন্ত ধনু নদীর পানি বেড়েছে পৌনে ৬ ফুট। এরমধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে ৩ ফুট।

তিনি আরো বলেন, ভারতের চেরাপুঞ্জিতে আগামী কয়েকদিনও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্ববাস রয়েছে। যদি সেখানে বৃষ্টি হয়ই তবে কয়েক দিনের মধ্যে সেই বৃষ্টির পানি এসে তা ধনু নদীতে বিপদ সীমা অতিক্রম করবে।

এদিকে তিনি বলেন, নেত্রকোনার হাওরে এবার ১৮৩ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। ২৩ কোটি ৬ লাখ টাকার ব্যায় বরাদ্দের এ বাঁধ মজবুত হলেও অতিরিক্ত পানি বেড়ে উপচে পড়লে হাওরের বোরো ফসল রক্ষা কঠিন হয়ে যাবে।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, নির্দিষ্ট একটি নিয়মের উচ্চতায় প্রতি বছর হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এবারও নিয়ম অনুযায়িই বাঁধ নির্মাণ করা হয়েছে। এখন অতিরিক্ত মাত্রায় পানি বেড়ে গেলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বালু ভর্তি বস্তা দিয়ে পানি ঠেকিয়ে বর্তমানে ঠিকে থাকা ফসল বাঁচাতে।

অস্ট্রেলিয়া জিতে নিলো নারী বিশ্বকাপের সপ্তম ট্রফি

স্পোর্টস ডেস্কঃ  অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছে অ্যালিসা হিলির দুর্দান্ত ব্যাটিং। ১৭০ রানের রেকর্ডময় ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে এই জয় এনে দেন হিলি। দুই বিভাগের দাপটে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে এক কথায় উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের সপ্তম শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার মেয়েরা।

আজ রোববার ৩ এপ্রিল নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।

ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দলকে ৭১ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। দলের পক্ষে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ১৭০ রানের রেকর্ডখচিত ইনিংস খেলেন অ্যালিসা হিলি।

ব্যাট হাতে দলের পক্ষে একই লড়াই করেন ন্যাট স্কাইভার। ইংলিশ এ নারী ব্যাটারের ব্যাট থেকে আসে অপরাজিত ১৪৮ রান। ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশদের উপর আধিপত্য বিস্তার করে খেলা শুরু করেন অ্যালিসা হিলি এবং র‍্যাচেল হায়েন্স। দুইজন মিলে গড়েন ১৬০ রানের উদ্বোধনী জুটি।

নারী বিশ্বকাপের ইতিহাসে হিলি একমাত্র ব্যাটার, যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ১০৭ বলে ১৭টি চার ও ১ ছক্কায় ১২৯ রান করেছিলেন তিনি।

ফাইনালে ১৭০ রানের ইনিংস খেলে ফাইনাল সেরার পুরষ্কার নিজের করে নিয়েছেন অ্যালিসা হিলি। আর পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ৫০৯ রানে করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও তিনি। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো হিলিই হয়েছেন বিশ্বকাপের ফাইনালের সেরা এবং টুর্নামেন্টের সেরা তারকা।

ফের ১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বৃদ্ধি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ দেশে এলপিজির দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে।

আজ রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ৩ মার্চ বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ১৫১ টাকা বাড়িয়ে মূসকসহ ১ হাজার ২৪০ টাকা থেকে ১ হাজার ৩৯১ টাকা করেছিল। একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের  ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এই সংস্থা। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি ডিবির জালে

অনুসন্ধানী ডেস্কঃ রাজধানীর মহাখালী এলাকা থেকে ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ রেজাউল ইসলাম ও রকিবুল হাসান নামের  ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় মহাখালীর সাতরাস্তাগামী পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি নীল রঙের কাভার্ড ভ্যান (রেজি: নং ঢাকা মেট্রো ম-৫৪-১৩২৬) উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ মহাখালীর সাতরাস্তাগামী সড়কে অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যায় নীল রঙের একটি কাভার্ড ভ্যান আসতে দেখে ব্যারিকেড দেওয়া হয়।  আর গ্রেফতার করা হয় পিকভ্যানের চালক রেজাউল ও সজিব নামের ২ জন কে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নীল রঙের ওই কাভার্ড ভ্যান থেকে খুঁজে পাওয়া যায় ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিল। তারা স্বীকার করে এক ব্যক্তির সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল ঢাকায় নিয়ে এসে বনানীসহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে।

এ সংক্রান্তে গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা জানান, ডিএমপির বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আমাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা বিরোধীদলকে লেলিয়ে দিয়েছে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “আমাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা বিরোধীদলকে লেলিয়ে দিয়েছে এবং এর অংশ হিসেবে জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। পাকিস্তানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আমেরিকা।”

স্থানীয় সময় গতকাল শনিবার পাকিস্তানে কর্মরত একদল বিদেশি সাংবাদিকের সঙ্গে আলাপের সময় ইমরান খান এসব কথা বলেন।

এর মাত্র কিছুদিন আগে তিনি কোন দেশের নাম উল্লেখ না করে অভিযোগ করেছিলেন যে, একটি বিদেশি শক্তি তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তখন স্পষ্টত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছিলেন।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমেরিকার পদক্ষেপ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মকভাবে হস্তক্ষেপ। আজ পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। তার আগ মুহূর্তে ইমরান খান তাকে উৎখাত করার জন্য সরাসরি আমেরিকার বিরুদ্ধে অভিযোগ আনলেন। তিনি বলেন, পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য আমেরিকা অর্থের জোগান দিচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তান যদিও সব সময় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেছে তবে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব তৈরি হয়। ইমরান খান বলছেন, আমেরিকার বেশ কিছু দাবি মেনে না নেয়ায় এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে।

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এখনো নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় শনিবার ( ২ এপ্রিল ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড়ের পর টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকার ফলে একাধিক ভূমিধসের ঘটনায় এসব প্রাণহানি ঘটে বলে জানা গেছে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে ৫ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে আরও দু’জনের প্রাণ গেছে এই ভূমিধসে। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে গত জানুয়ারিতে, আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়।  উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে গত বছর ডিসেম্বরে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে ব্রাজিলের বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণেই এরকম ঘটনা ঘটছে।

কুড়িগ্রামে নিখোঁজের ২ দিন পর ধরলা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নিখোঁজের ২ দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত আজগার আলী কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে স্থানীয়রা ধরলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার ওই ব্যক্তি চরাঞ্চলে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হন বলে পারিবারিক সূত্র জানায়।

নিহতের ছেলে আজিজুল হক জানান, আমার বাবা গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ী থেকে বাহির হন। পরে গরু বাড়িতে আসলেও বাবা বাড়িতে না আসায় আমরা খোঁজাখুঁজি করি। শনিবার স্থানীয়রা নদীতে বাবার মরদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বাবাকে হত্যা করা হতে পারে বলে তিনি অভিযোগ করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীমঙ্গলে শিশু গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে ১জনকে আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ বছরের শিশু গৃহপরিচারিকা রুপা নামের এক কন্যা শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ২বছর ধরে রনি শেখ নামের এক ব্যক্তির বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছে।
মেয়েটি অভিযোগ করে জানায়, কাজে যোগ দেওয়ার পর থেকে তাকে প্রতিদিনই নানানভাবে শারীরিক নির্যাতন করতো পরিবারের সদস্যরা।
শনিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ বাসার মালিক রনি শেখের ছেলে হাসান শেখকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, শুক্রবার রাতে গৃহপরিচারিকা রুপাকে মারধর করা হয়, রুপা সহ্য না করতে না পেরে পাশের বাসায় আশ্রয় নেয়। পরে খবর পেয়ে এলাকার রাজ, শাহীন আহমেদ ও ইসমাইল হোসেন সাংবাদিকদের খবর দিলে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গৃহপরিচারিকা রুপার নির্যাতনের সত্যতা পেয়ে পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রনি শেখের পুত্র হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এবং নির্যাতিতা গৃহকত্রী রুপাকে হাসপাতালে ভর্তি করেন।

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

নওগাঁ জেলা প্রতিনিধিঃ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশিত করার উপর গুরুত্ব আরোপ করে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আত্রাই,নওগাঁর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, কনসালট্যান্ট ফিজিও থেরাপি মোঃ আসাদুজ্জামান,থেরাপী সহকারী নুরুন নাহার ইসফাত আরা হোসেন, টেকনিশিয়ান সোহেল রানা, টেকনিশিয়ান জিয়াউর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ছাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবকও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন বিতরণ করেন।

নাগেশ্বরীতে বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতায় খনন করা খালের দুইপাড়ে বৃক্ষরোপণ প্রকল্প নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। যার মধ্যে আছে চারার চড়া মূল্য, পিয়নকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া ও নির্ধারিত সংখ্যক চারা রোপণ না করলেও ঠিকাদারকে বিল দেওয়া।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালেরডারা থেকে বেরুবাড়ী স্লুইসগেট পর্যন্ত খালের দুই পাড়ে ২০২১-২২ অর্থবছরে ইআইআর প্রকল্পের আওতায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়; যাতে পাঁচ কিলোমিটার এলাকায় ১৮ লাখ টাকা ব্যয়ে ২০ হাজার বনজ ও আড়াই হাজার ফলদ গাছ লাগানোর কথা ছিল। আর তিন ফুট উচ্চতার প্রতিটি বনজ চারার দাম ধরা হয় ৬০ টাকা এবং পাঁচ ফুট উচ্চতার প্রতিটি ফলদ চারার দাম ধরা হয় ২৫০ টাকা। এ মোতাবেক মেহগনি গাছের চারার দাম পড়েছে ৬০ টাকা, স্থানীয় বাজারে যার দাম মাত্র পাঁচ টাকা। অন্যদিকে একটি দেশি প্রজাতির কালো জামের চারার দাম ধরা হয়েছে ২৫০ টাকা, স্থানীয় বাজারে যার দাম মাত্র ১০ টাকা।

জানা গেছে, এই বৃক্ষরোপণ প্রকল্পের কাজ পান দুজন ঠিকাদার। একজন রাজশাহীর তসলিম, অন্যজন খোদ নাগেশ্বরী বরেন্দ্র অফিসে মাস্টাররোলে কর্মরত পিয়ন এরশাদুল হক। প্রকল্পের শুরুর স্থান বোয়ালেরডারা থেকে দেড় কিলোমিটার পর্যন্ত ১০ হাজার বনজ চারা রোপণের কাজ পায় এরশাদুলের ঠিকাদারি প্রতিষ্ঠান ইশা এন্টারপ্রাইজ। বাকি আড়াই কিলোমিটারে আড়াই হাজার ফলদ এবং দুই কিলোমিটারে ১০ হাজার বনজ চারা রোপণের কাজ পান তসলিম। দরপত্রের শর্ত মোতাবেক গত বছরের ১৫ আগস্টের মধ্যে বৃক্ষরোপণ শেষ করা এবং চলতি বছরের জুন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কথা বলা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইশা এন্টারপ্রাইজের কাজের এলাকায় দেড় কিলোমিটারজুড়ে এক হাজারের মতো চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ চারা মরে শুকিয়ে গেছে। অন্যদিকে তসলিম গড়ে কিছু মেহগনি ও আকাশমণি জাতের চারা রোপণ করেছেন; যার পরিমাণ সব মিলিয়ে দুই হাজারের বেশি হবে না। এগুলোর বেশির ভাগ মরে গেছে। ফলদ বলতে দু-একটি জাম ছাড়া অন্য কোনো বৃক্ষের অস্তিত্ব মেলেনি প্রকল্প এলাকায়।

বেরুবাড়ী সরকারপাড়া গ্রামের মোকাদ্দেস, আহসান আলী ও দারাজ উদ্দিন বলেন, এখানে গত বছর বন্যার আগে কয়েকজনকে কিছু চারা লাগাতে দেখেছেন। তারপর আর কাউকে দেখেননি। এলাকায় মেহগনি আর দু-একটা আকাশমণি ছাড়া অন্য গাছের চারা নেই। বেশির ভাগ চারা মরে গেছে। যেগুলো আছে সেগুলোও বড় হবে না।

মিরার ভিটা এলাকার আলামিন ও আকবর আলী জানান, এখানে জামগাছ ছাড়া অন্যকোনো ফলের গাছ লাগানো হয়নি। যেগুলো লাগিয়েছিল সেগুলোও গরু-ছাগলে খেয়ে নষ্ট করেছে।

এদিকে সূত্র জানায়, বিএমডিএ ২৭ জানুয়ারি রোপণকৃত গাছের জরিপ করে। জরিপে ইশা এন্টারপ্রাইজের ১০ হাজার গাছের মধ্যে ৭ হাজার ৯০টি জীবিত দেখানো হয়। এর বিপরীতে মোট ৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা বিল ধরা হয়। প্রথম ধাপে বিলের ২ লাখ ২০ হাজার ৬৫ টাকা পরিশোধ করে বরেন্দ্র কর্তৃপক্ষ।

অন্যদিকে, ঠিকাদার তসলিমের জীবিত ৭ হাজার ১৩১টি বনজ চারার বিপরীতে ৪ লাখ ২৭ হাজার ৮৬০ টাকা এবং ফলদ ১ হাজার ৭৮৩টি চারার বিপরীতে ৪ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা বিল ধরা হয়। এর মধ্যে অর্ধেক পরিশোধ করা হয়।

এ বিষয়ে নাগেশ্বরী বিএমডিএর উপসহকারী প্রকৌশলী খাইরুল বাশার গণমাধ্যমকে বলেন, রোপণকৃত গাছের কিছু অংশ বিভিন্ন উপায়ে নষ্ট হয়েছে। ঠিকাদার এসব গাছ চলতি বছর জুনের মধ্যে পুনরায় রোপণ না করলে বিল দেওয়া হবে না। রোপণ করা গাছের পরিমাণ নিরীক্ষণ শেষে বিল নির্ধারণ করে প্রথম ধাপের বিল পরিশোধের কথা অস্বীকার করেন।

তবে ইশা এন্টারপ্রাইজের মালিক এরশাদুল বিল পাওয়ার কথা স্বীকার করে জানান, তিনি নিজে গাছ রোপণ করেননি। উভয় ঠিকাদার কুড়িগ্রামের একজন নার্সারি মালিককে রোপণের দায়িত্ব দেন। কী পরিমাণ গাছ রোপণ করা হয়েছে তিনি তা জানেন না। যোগাযোগ করা হলে নাগেশ্বরী বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আলমগীর কবির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।