ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। তুরস্কে কমপক্ষে ৯১২ জন এবং সিরিয়ায় ৪৬৭ জন মারা গেছে। খবর আলজাজিরা।

ভূমিকম্পে ধসেপড়া ভবনে আটকা পড়েছেন বহু মানুষ। দুর্যোগ মোকাবিলার দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারাও। তবে বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

তুরস্কের গাজিয়ান্তেপ ও সিরিয়ার বেশ কয়েকটি বড় শহরের বহু স্থাপনা ধসে পড়েছে। এ সময় বেশির ভাগ মানুষ ঘুমে থাকায়, হতাহতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। স্বজনদের খোজে ধ্বংসস্তূপ ও হাসপাতালে ভিড় জমাচ্ছেন স্বজনরা।

ভূমিকম্পের তীব্রতা এতই প্রবল ছিল যে, সাইপ্রাস, লেবানন এমনকি ইরাকেও অনুভূত হয়েছে এটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর ছয় দশমিক সাত মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ ছাড়া, ঘটনার দুই ঘণ্টার মধ্যে ৪২ বার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুরস্কের সরকার।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে বলেন, ভূমিকম্পের পর শুরু করা কাজগুলো সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার কর্মীদের বেগ পেতে হচ্ছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কীভাবে সহায়তা করা যায়, তা নিরূপণ করতে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউএসএইড ও অন্য ফেডারেল দেশগুলোকে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

বাসায় সহজে মোগলাই কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ কাবাব বাঙালির ঐতিহ্যবাহী খাবার না হলেও বেশ জনপ্রিয় সবার কাছেই। কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পুরান ঢাকায় বাহারি সব কাবাব পাওয়া যায়। আজ আমরা  জানবো, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করবেন মুখরোচক এই মোগলাই কাবাব।

চলুন আমরা জেনে নিই বাসায় সহজে মোগলাই কাবাব তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

উপকরণঃ মাংসের কিমা, পেঁয়াজ বেরেস্তা- ১কাপ, ডিম-১ টি, লেবুর রস- ১ চা চামচ, নারকেল- ১ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, দারুচিনি, এলাচ,  তেল- ২টেবিল চামচ, সামান্য আদার রস, ধনেপাতা ও স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালিঃ প্রথমে মাংসের কিমার মধ্যে এক চামচ লেবুর রস ও একটু আদার রস দিতে হবে। এবার ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। তারপর এলাচ ও দারুচিনি দিয়ে তাতে রসুন, আদা, বাদাম বাটা, ধনেপাতা ও এক চামচ কোড়ানো নারকেল দিয়ে নাড়তে হবে।

পরে কিমার মধ্যে মসলাগুলো দিয়ে সাথে ধনেপাতা ও স্বাদমতো লবণ দিয়ে মেশাতে হবে। এরপর কিমা গোল করে কাঁচা ডিম দিয়ে ব্রেডক্রাম্বে মেশাতে হবে। এরপর ফ্রাইপ্যানে তেল দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। ব্যস, হয়ে গেল মোগলাই কাবাব। এবার গরম গরম পরিবেশন করুন।

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশী হাফেজ

জাতীয় ডেস্কঃ বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন। ৮ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনব্যাপী এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। 

আজ সোমবার (৬ জানুয়ারি) মিশরের রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে মিশরের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা প্রতিযোগিতার উদ্বোধন করেন।‌ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কায়রোস্থ দূতাবাসের প্রতিনিধিদের সাথে মিশরে বাংলাদেশ দূতাবাসের দু’জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।‌

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ ৫০ হাজার গিনি এবং ২য় পুরস্কার ১ লাখ ৫০ গিনি বা মিশরীয় পাউন্ড।‌

এর আগে, হাফেজ তানভীর বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের তানভীর হোসাইন ঢাকার যাত্রাবাড়ী দনিয়া কাজলাস্থ শায়েখ নেছার আহমাদ আনছারী পারিচালিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তানভীর এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

ঠাকুরগাঁওয়ে ১৪ টি মন্দিরের প্রতিমা ভাঙচুর

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১৪ টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে সিন্দুরপিন্ডি ধাম মন্দির থেকে আটোয়ারির যাওয়ার রাস্তায় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত যতগুলো দেব-দেবির মূর্তি আছে সব মূর্তি এলোমেলো ভাবে ভাঙচুর করেছে বলে জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি।

পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া, চাড়োল সাবাজপুর পশ্চিমনাথপাড়া, ও ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডিসহ বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়।

সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে উপজেলার প্রত্যেকটি মন্দিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই ভাংচুর করা প্রতিমাগুলো দেখতে মানুষজন ভিড় করছে।

ধনতলা ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সিন্দুরপিন্ডি মন্দির কমিটির সভাপতি জোতিময় সিংহ বলেন, ‘প্রায় অর্ধশত বছর ধরে আমরা মন্দিরে পূজা করে আসছি। কোনো দিন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ ভোর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই।

চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু বলেন, ‘কে বা কারা রাতে রাস্তার ধারে থাকা কয়েকটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। সকালে মন্দির কমিটির লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে জানাই।

খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে ঘটনাটি উদ্দেশ্যে প্রণোদিত। বাংলাদেশে বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করার জন্যই পরিকল্পিত ভাবে এ ঘটনাটি ঘটানো হয়েছে।

এ ঘটনাটি কে করেছে বা কারা করেছে; এজন্য আমরা অবশ্যই মামলা নেবো; সেই সঙ্গে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সেইসঙ্গে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সচেতনতা মূলক কাজ করা হবে।

যুগান্তরের সাহসী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকুক : ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লাঃ সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তরের সাহসী ভূমিকা আশা করছি আগামীতেও অব্যাহত থাকবে। যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকল শ্রেনীর পাঠক সহ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া পত্রিকাটি শুরু থেকে জাতীয় সংবাদের পাশাপাশি মফস্বলের সংবাদকে গুরুত্ব দেওয়ার কারনে এখন এই পত্রিকাটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম মফস্বলের মানুষের। এছাড়া যুগান্তর কখনো সংবাদ প্রকাশে আপোষ করে না সংবাদ প্রকাশে সাদাকে সাদা আর কালোকে কালো বলেই যুগান্তরের এগিয়ে যাওয়া অব্যাহত আছে। যুগান্তর এখন জাতির আকাক্সক্ষার প্রতীক। জনসাধারণ মনে করে যুগান্তরে সত্য সংবাদ প্রকাশিত হয়। তাই যুগান্তরের এগিয়ে চলার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি।

সোমবার দুপুরে যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়েরের সভাপতিত্বে ও মুরাদনগর প্রতিনিধি সুমন সরকারের সঞ্চালনায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভ‚ইয়া জনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।

আলোচনা সভা শেষে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এ উপলক্ষে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নেতৃত্বে র‍্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, আরিফুল ইসলাম শাহেদ। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ভিপি জাকির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদ, তৈয়বুর রহমান তুহিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরি, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, তৃষ্ণা ইলেকট্রনিক্সের স্বত্ত¡াধিকারী ব্যবসায়ি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজ খাঁন, ইউপি সদস্য মো: কাউসার, মোহাম্মদ আলী শাহআলম, মুরাদনগর প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া বিষয়ক সম্পাদক মো: শাহীন প্রমুখ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মদ, ইনকিলাবের মুরাদনগর প্রতিনিধি মনির খাঁন, মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ, সরেজমিন বার্তার কুমিল্লা ব্যুরো শারফিন শাহ, মাতৃভ‚মির খবরের কুমিল্লা ব্যুরো আহসান হাবীব শামীম, ভোরের চেতনার মুরাদনগর প্রতিনিধি দুলাল আহম্মেদ, বাংলাদেশ সমাচারের মুরাদনগর প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন, আজকালের কন্ঠ মুরাদনগর প্রতিনিধি খোরশেদ আলম, আরটিভির ক্যামেরা পার্সন সুমন আহম্মেদ, আজকের সংবাদ মুরাদনগর প্রতিনিধি শামীমুল ইসলাম প্রমুখ।

শাজাহানপুরের কলেজ ছাএের গলাকাটা লাশ উদ্ধার

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর যাদবপুর গ্রামের মাঝামাঝি  জংলাপুকুর এলাকায় জৈনক আঃ সামাদের ভুট্টা ক্ষেত থেকে রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় এক কলেজ ছাএের গলা কাটা লাশ উদ্ধার  করেছে থানা পুলিশ।

নিহত কলেজ ছাত্র উপজেলার আমরুল ইউনিয়নের পরান বাড়িয়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম বাবুলের ছেলে বলে জানা গেছে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর  ছাত্র ছিল।

নিকট আত্বীয়দের থেকে জানা যায়, রবিবার (৫ ফেব্রুয়ারী) উক্ত গ্রামের মানুষ জমিতে কাজ করতে এলে, ভুট্টা ক্ষেতের ভেতর তার লাশ দেখতে পেয়ে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। রবিবার বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের চাচী আফরিন জাহান সাংবাদিক সাবিক ওমর সবুজকে জানান, লোক মুখে তিনি শুনেন গতকাল বিকেল বেলা তার বন্ধুদের সাথে দেখা  করার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় তাকে খোঁজাখুঁজি করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়, কোথাও খোঁজ না পেয়ে সন্দেহ হলে উক্ত এলাকায় তার লাশের খবর পেলে ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে।

এলাকাবাসীরা জানান, একের পর এক তরুনদের হত্যার ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।সবার উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে প্রশাসনের কার্যকরি হস্তক্ষেপ আশা করেছেন তারা।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী জানান, রবিবার বিকেল চারটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে, প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনকরা হবে।

মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, মুমিনুন্নিসা খানম, সাইফুর রহমান, মোহাম্মদ দাউদ হসান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান; জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এস এম আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল হোসেন ইকবাল; পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেব সজল; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, বিজিবি শ্রীমঙ্গল ক্যাম্প সহকারী পরিচালক, জেল সুপার, পরিবেশ অধিদপ্তর পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, পিবিআই ও সিআইডি, ট্রাফিক ইন্সপেক্টর এবং জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসানসহ উপস্থিত সকলে ১৯৫২’র মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। তৎপর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান সদয় অনুমতিক্রমে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার।

তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনক্রমে স্বাগত বক্তব্যে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ও বিভিন্ন থানার মূলতবী পরোয়ানার বিবরণী এবং কনফারেন্সের আলোচ্য সূচী তুলে ধরেন।

পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেব সজল তাঁর বক্তব্যে আদালতে প্রসিকিউশনপক্ষে নিয়োজিত সকল বিজ্ঞ কৌঁসুলিকে সাক্ষ্য গ্রহণে সহায়ক হিসেবে আরও কার্যকরী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান এবং আদালতে উপস্থাপিত সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার জন্য আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মৌলভীবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদরুল হোসেন ইকবাল তাঁর বক্তব্যে আদালতে আগত সাক্ষী, বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীগণের নিরাপত্তা বিধানসহ আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

থানার অফিসার ইনচার্জগণ যথাসময়ে ও দ্রুততার সাথে জখমীদের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট সরবরাহ করার জন্য উপস্থিত সিভিল সার্জনসহ মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মূলতবীকৃত কিছু সংখ্যক হত্যা ও অপমৃত্যু মামলার ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুততার সাথে প্রদানের জন্য তত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায় তাঁর বক্তব্যে মামলার তদন্ত কার্যসহ পুলিশের সার্বিক কাজে সু-পরামর্শ ও সহযোগিতা করায় মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচারকগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কনফারেন্সে উত্থাপিত থানা সংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধানের নিমিত্তে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন থাকা মামলার তদন্ত কার্য দ্রুততা ও দক্ষতার সাথে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করত: তাদের নিরাপত্তা বিধান, গ্রেফতারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার, পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার, নিষ্পত্তির নিমিত্তে পি.আরমূলে জব্দ থানা মালখানায় থাকা আলামতের তালিকা তৈরি করে আদালতে প্রেরণ, বহন অযোগ্য ও পচনশীল আলামত নমুনা সংরক্ষণ করে ধ্বংসের নিমিত্তে আবেদন প্রেরণ এবং মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য বিচারক ও থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন থানা থেকে আগত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য উপস্থিতি কর্তৃপক্ষের উত্থাপিত বিভিন্ন সমস্যার আইনি সমাধান, প্রশ্নোত্তর প্রদান এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করত: সমাপনী বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন যে, ফৌজদারী বিচার ব্যবস্থায় বিচার প্রশাসন, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ একে অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে সংশ্লিষ্ট সকল বিভাগকে একযোগে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে বিচার প্রার্থী মানুষের কল্যাণে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কারও অবহেলা কাম্য নয়। সামনের দিনগুলোতে সংশ্লিষ্ট বিভাগগুলোর পারষ্পরিক সমন্বয়ের মাধ্যমে ফৌজদারী বিচার ব্যবস্থায় আরো গতিশীলতা আসবে মর্মে আশাবাদ ব্যক্ত করে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।

২০২৫ সালের মধ্যে প্রাথমিকে ১ লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

শিক্ষা ডেস্কঃ আগামী ২০২৫ সালের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১ লাখ নিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

ফরিদ আহাম্মদ জানান, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি। এখনও সব তথ্য পাইনি। তথ্য পেলে আমরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। এ জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। এ পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে আমরা এক লাখ শিক্ষক নিয়োগ দেব। এ নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে।

তিনি আরো জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ বিজ্ঞপ্তির কাজ শুরু করা হয়েছে।

২০২২ সালে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জানিয়েছে মন্ত্রণালয়টি।

সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়েই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। ৩২ হাজার ৫৭৭টি পদের কথা বলা হলেও আরও ৫ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয়।

নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।

ঢাকা সফরে এসেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

জাতীয় ডেস্কঃ তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে আসেন তিনি। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছালে রানি মাথিল্ডেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেলজিয়ামের কোনো রানির এটিই প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন বেলজিয়ামের রানি। এ সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এ ছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। যারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনু‌প্রেরণা যোগা‌তে তাদের ভূমিকা রয়েছে। সে কারণে রানি বাংলাদেশে আসছেন।

গত সোমবার (৩০ জানুয়ারি) বেলজিয়ামের রানির বাংলাদেশ সফর ঘিরে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানি মাথিল্ডেকে বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।

আগামী বুধবার থেকে হজের নিবন্ধন শুরু

জাতীয় ডেস্কঃ চলতি বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন বুধবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিবন্ধন করতে হজযাত্রীদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। কমপক্ষে হজের দিন থেকে পরবর্তী ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। নিবন্ধন সম্পন্ন করে কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে তাকে শুধু বিমান ভাড়া ও খাবার খরচ হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।

এর আগে, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চলতি বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। এ প্যাকেজে কোরবানি ছাড়া হজযাত্রীদের খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

তবে প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ করতে পারবে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।