মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় ফেঁসে গেল বাদী নিজেই!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করে ফেঁসে গেলেন বাদী কবির আহমদ।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে পূর্বশত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয় মর্মে প্রমাণ পাওয়ায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বাদীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

অভিযুক্ত কবির আহমদ উপজেলার সায়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, অভিযুক্ত কবির আহমদের ভাই তানভীর রানা ফয়েজসহ তারা ১১ বন্ধু ২০১৮ ইং সালের ২৪ ডিসেম্বর চারটি মোটরসাইকেল চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। ফেরার পথে বেপরোয়া গতির কারণে তানভীর রানা ফয়েজসহ তিনজন থাকা মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হত্যাচেষ্টার ঘটনা সাজিয়ে কবির আহমদ প্রতিপক্ষের জুয়েল আহমদসহ তার স্বজনদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেন। পুলিশের তদন্তে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে আদালতও সাক্ষ্যপ্রমাণে ঘটনাটি প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে সাজানো মিথ্যা মামলা বলে নিশ্চিত হয়। এই মর্মে আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন মিথ্যা মামলা দায়েরের অপরাধে একটি মামলার বাদীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষিত হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

অবশেষে চীনের গোয়েন্দা বেলুন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুনটিকে সামরিক বিমানের সাহায্যে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে যায়। সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে দেশটির কর্মকর্তারা জানিয়েছে, আটলান্টিক মহাসাগহরের ওপরে থাকা এই বেলুন ভূপাতিত করে তারা। 

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক সেনাকর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই বেলুন ভূপাতিত করার অনুমতি দিয়েছেন। মার্কিন নৌবাহিনী ও কোস্ট গার্ড কর্মকর্তারা বেলুনটি ভূপাতিত করার পর তা উদ্ধারের জন্য প্রস্তুত ছিলেন।

জানা গেছে, চলতি সপ্তাহে ওই বেলুন প্রথম যুক্তরাষ্ট্রের মন্টানায় দেখা যায়। এটি দেশটির মধ্যাঞ্চল জুড়ে পরিদর্শন করে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা রীতিমত বিষ্ময়ের জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করে চীনের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন দেখা গেছে, সেটি আসলে আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে লক্ষ্যচ্যুত হয়েছিল।

তবে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা মনে করেন, এটি বেশি উঁচুতে বেড়াতে সক্ষম একটি গোয়েন্দা উপকরণ।

ঠাকুরগাঁওয়ে ১৫ ফুট লম্বা গাঁজার গাছসহ একজন আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ আঃ জলিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জলিল ওই গ্রামের নুর হোসেনের ছেলে। গেলো বৃহস্পতিবার দুপুরে চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার  পুলিশ পরির্দশক (ওসি) জিয়াউর রহমান বলেন আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে জলিলের  বাসায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে।তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি গাঁজা ব্যবসা এবং সেবনের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

রেল লাইনে পড়ে থাকা অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় শিশুটি হয়তো ট্রেন থেকে পড়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, রেললাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর  মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানাকে অবগত করা হয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

উদ্ধারের পর মৌলভীবাজারে চিকিৎসা সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিসে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. নফিল উদ্দিন। তিনি জানান, শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয়ের জন্য খোঁজ চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে খবর করা হয়েছে জানা মাত্র সকলের নিকট তুলে ধরা হবে।

ফের বাজারে সোনার দাম কমলো

অর্থনীতিক ডেস্কঃ দেশের ইতিহাসে সর্বোচ্চ ওঠার পর এবার কমলো সোনার দাম। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম আজ রোববার (৫ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে বলে জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজস্বী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ৯২ হাজার ২৬২ টাকা। ২১ ক্যারেটের ভরি ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬২ হাজার ৮৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠে যায় সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৪২৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের দাম হয় ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয় ৬৩ হাজার ৬৮৫ টাকা।

নবনির্মিত বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবনটি উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

অধিকতর বিনিয়োগ সেবা দেওয়ার লক্ষ্যে বিনিয়োগ-সংক্রান্ত তিন কর্তৃপক্ষের অফিস একই ভবনে স্থান পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডি) অফিস রয়েছে।

রাজস্ব ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে রাজস্ব সম্মেলনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, সম্মেলনের দুদিন রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক সেবাসমূহের বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেওয়া হবে। একই সঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুসমূহ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রাজস্ব সম্মেলনে ভ্যাট, আয়কর এবং কাস্টমসের তিনটি স্টল থাকবে। স্টলগুলোতে ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র, ভ্যাট ও আয়করের দাখিলপত্র জমা দেওয়াসহ ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত অন্য প্রয়োজনীয় সেবা দেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

মুরাদনগরে পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর বাস পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এই শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় শতাধিক শ্রমিকের মাঝে শীতবস্ত্র ও নগদ ৫শ’ টাকা করে বিতরন করা হয়। এছাড়া মৃত. ৭জন ড্রাইভার শ্রমিকের পরিবারের মাঝে জনপ্রতি ২০হাজার টাকা ও ৯জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য অনুদান হিসেবে জনপ্রতি ৩হাজার টাকা প্রদান করা হয়।

একসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মফিজুল ইসলাম,কোম্পানীগঞ্জ শাখার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফকির আলমগীর প্রমুখ।

আইন মেনে জনগণকে রাজস্ব প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় ডেস্কঃ রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরো বেগবান করতে আইন মেনে রাজস্ব প্রদানের জন্য সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার (৪ফেব্রুয়ারি) ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে গতকাল শুক্রবার এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত রাজস্ব ভবনের উদ্বোধন করেছেন। এটি আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন সংযোজন। অবকাঠামোগত বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অতীব জরুরি। এ লক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে হবে এবং দায়িত্ব পালনে আরও দক্ষ হতে হবে। এজন্য দরকার কর্মীবান্ধব পরিবেশ।

তিনি আরও বলেন, এনবিআর’র আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বিভাগগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ সহজতর করবে বলে তাঁর বিশ্বাস।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, ব্যবসায়ী, করদাতারা প্রয়োজনীয় তথ্য ও কর সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে একটি করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।

 

করোনায় বিশ্বব্যাপী আরও ১১০১ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১১০১জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৪৮ জন। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ২৩৭ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮০৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪৪ জনের। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৭৪২ জন এবং মৃত্যু ৯৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন ৩০ জন। রাশিয়ার আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত ৩ হাজার ৯৭২ জন এবং মৃত্যু ৬৯ জন। গ্রীসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ১৯২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬০ লাখ ৭ হাজার ৮৬০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৮৪৬ জন।

পাকিস্তানে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে একজন উদ্ধারকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়। টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে।

সব হতাহতদের কোহাতের একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় একজন কর্মকর্তা।

প্রদেশটির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

এর আগে, গত রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খুঁটিতে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।

দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে দেখা যায়।