রাজধানীতে আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

জাতীয় ডেস্কঃ গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) একাধিক এলাকায় গ্যাস থাকবে না। এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট নয় ঘণ্টা মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি টাই-ইন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, একই সময় আশেপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।

এখনও শতভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও এখনও শতভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। শুধু প্রত্যন্ত অঞ্চল নয়, রাজধানীর স্কুলগুলোতেই পৌঁছায়নি শতভাগ বই।

এ ব্যাপারে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানান, এরই মধ্যে প্রায় ৯৮ শতাংশ বই পৌঁছে গেছে। অল্পকিছু বই বাকি আছে। সেগুলোও দু-এক দিনের মধ্যে পৌঁছে যাবে।

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই পৌঁছে দিয়ে বিশ্বদরবারে সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ। তবে এবার এক মাস পেরিয়ে গেলেও এখনো শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা।

বই না পেয়ে বিড়ম্বনায় যশোরসহ বেশ কয়েকটি জেলার শিক্ষার্থীরা। কয়েকটি শ্রেণিতে পুরনো বই দিয়েই চলছে পাঠদান। আর চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পায়নি অধিকাংশ বই। নতুন শিক্ষাক্রম চালু হওয়া এই দুই শ্রেণিতে নেই কোনো পুরনো বইও। তাই বিঘ্নিত হচ্ছে পাঠদান।

শিক্ষার্থীরা বলছে, সব বই এখনো হাতে না পাওয়ায় পড়াশোনার ব্যাঘাত ঘটছে।

শিক্ষকরা বলছেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই পেয়েছি। কিন্তু অন্যান্য শ্রেণির সব বই পাইনি। যেসব বই পাইনি, সেগুলোর বিপরীতে পুরনো বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। রাজধানীর বিভিন্ন স্কুলে সপ্তম শ্রেণিতে মাত্র দুই থেকে তিনটি বই দিয়েই চলছে পাঠদান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ভার্সন ডাউনলোড করে চলছে পড়াশোনা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড স্বীকার করেছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু হওয়ার বই ছাপাতে কিছুটা বিলম্ব

হয়েছে। তবে এরই মধ্যে শেষ হয়েছে শতভাগ ছাপার কাজ।
এ ছাড়া পরীক্ষামূলকভাবে লিখিত পাঠ্যবইয়ের নানা অসংগতি দূর করতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদনসাপেক্ষে আগামী বছর সংশোধিত নতুন সংস্করণ আসবে বলে জানান অধ্যাপক মশিউজ্জামান। 

নাইজেরিয়ায় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার কাস্টিনা রাজ্যে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের জানা যায়, স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত একটি সশস্ত্র দল গত বৃহস্পতিবার দেশটির বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীদের খুঁজতে জঙ্গলে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ বলছে, অভিযুক্তদের খুঁজতে যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।

রাস্তার এইচবিবিকরণ কাজের মেয়াদ শেষ ৭ মাস আগে, হয়নি ৫ ভাগ ও কাজ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের একটি সদর রাস্তার এইচবিবিকরণ কাজ প্রায় এক বছর ধরে ফেলে রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ি গত বছরের ১৫ জুন কাজ সমাপ্তির মেয়াদ শেষ হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রকল্প সাইটের ৫ ভাগ কাজও সম্পন্ন করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ নির্মাণ কাজ সমাপ্তের জন্য ইতিমধ্যে দুই দফা তাগিদপত্র পাঠালেও ঠিকাদার তাতে কর্ণপাত করেননি। রাস্তাটির বক্সকাটিং করে মাঝপথে ঝুলিয়ে রাখায় দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচলকারি সুজানগর ও বড়লেখা সদর ইউনিয়নের ১০-১২ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সুজানগর ইউনিয়নের পূর্ব পাটনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের বাড়ি হতে কটালপুর পাকা রাস্তা পর্যন্ত ১ হাজার মিটার রাস্তার নির্মাণ কাজের জন্য প্রায় ৬৩ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে। গত বছরের ১৫ জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের চুক্তিতে রাস্তাটির কার্যাদেশ পায় আকসা কনষ্ট্রাকশন নামক বড়লেখার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ি নির্ধারিত সময়ে কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। প্রায় দেড় মাস আগে রাস্তাটির বক্সকাটিং করে সামান্য বালি ফেলে রাস্তাটির নির্মাণ কাজ মাঝপথে ঝুলিয়ে রাখায় এই রাস্তায় চলাচলকারি ১০-১২ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে গেলে ভুক্তভোগি এলাকাবাসী আলী হোসেন, নানু মিয়া, আব্দুল কাদির, জুনেদ আহমদ, ইছবর আলী, ফখর উদ্দিন প্রমুখ জানান, রাস্তাটি সুজানগর ও বড়লেখা সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দার একমাত্র যাতায়াত মাধ্যম।

আমাদের সংসদ সদস্য, পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন জনসাধারণের চলাচলের সুবিধার জন্য রাস্তাটির উন্নয়নে বরাদ্দ প্রদান করেন। শুনেছি গত বছরের জুনে কাজ সমাপ্ত হওয়ার কথা। কিন্তু ঠিকাদার ৬-৭ মাস কোন কাজই করেনি। প্রায় দেড় মাস আগে রাস্তাটির বক্সকাটিং করে সামান্য বালি ফেলে রেখেছে। এই অবস্থায় না চলছে গাড়ি, না চলা যাচ্ছে পায়ে হেঁটে। কাজ সমাপ্ত না করায় হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বৃষ্টি পড়লে রাস্তাটি বেহাল অবস্থায় রূপ নেবে, তখন মানুষের ভোগান্তির সীমা থাকবে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, কার্যাদেশ অনুয়ায়ি প্রকল্পটির কাজ সম্পন্নের মেয়াদ প্রায় ৭ মাস আগে শেষ হয়েছে। কাজ সম্পন্নের জন্য গত ৩ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণ কাজ সম্পন্নের জন্য প্রথম দফা তাগিদপত্র দেওয়া হয়। সর্বশেষ ১০ জানুয়ারি কাজ সম্পন্নে চুড়ান্ত নোটিশ দেওয়া হয়। দ্রুত কাজ সম্পন্ন না করলে কার্যাদেশের শর্তাবলি ভঙ্গের দায়ে ঠিকাদারের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি নোমান আহমদ জানান, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ, রাস্তাটির জটিলতা ও উপকরণ (ইট) দুষ্প্রাপ্যতার কারণে নির্মাণকাজ সমাপ্তি বিলম্বিত হয়েছে। তবে গত মঙ্গলবার থেকে পুরোদমে কাজ শুরু করার কথা হলে বলেছিলেন দ্রুত সমাপ্ত করবেন।

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের হুমকি বিএমএর

স্বাস্থ্য ডেস্কঃ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্ব ডিসিদের ওপর অর্পণের ঘোষণা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা। স্বাস্থ্যমন্ত্রী  তার ঘোষণা প্রত্যাহার না করলে প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করবে বিএমএ – এমনটাই গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী যদি তার ঘোষণা প্রত্যাহার না করেন, তাহলে আগামীতে চিকিৎসকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করবে বিএমএ। এছাড়া রোগীদের উপযুক্ত চিকিৎসার স্বার্থে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো, যন্ত্রপাতি সরবরাহ ও ঔষধপত্রের সংকট নিরসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিএমএ নেতারা বলছেন, উপযুক্ত তদারকির জন্য কর্তৃপক্ষ ও ব্যক্তি থাকা সত্ত্বেও অপেশাদার, ঔপনিবেশিক ভাবধারার আমলা দ্বারা অতিরিক্ত তদারকি করা হলে দ্বৈত তদারকির ফলে স্বাস্থ্য ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা দেখা দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম,  বিএমএ সহসভাপতি ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ডিসি সম্মেলনে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্ব ডিসিদের ওপর অর্পণের ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন শোলেট

আগামী ১৪ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিনকেনের বিশেষ এ উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এই বাহিনীর ৭ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা বাতিলের অনুরোধ করা হতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসবেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা শোলেট। আসার দিন কোনো কর্মসূচি না থাকলেও পরের দিন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি। তার সফরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কিভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা যায় এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করবেন।

আরো জানা গেছে, শোলেটের সফরের আগে ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ২ থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসবেন। তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক চলছে। শোলেট এলে আমরা তাকে স্বাগত জানাব। আমাদের লোকেদের উপকার হবে, এমন বিষয় আমরা তাদের সঙ্গে সবসময়ই আলোচনা করি।

অস্ট্রেলিয়ার ব্যাংক নোট থেকে রানির ছবি সরিয়ে আদিবাসী সংস্কৃতির ইতিহাস

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার পাঁচ ডলারের ব্যাংক নোট থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরিয়ে তাদের আদিবাসী সংস্কৃতির ইতিহাস প্রতিফলিত করবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিজেদের পাঁচ ডলারের ব্যাংক নোটে রানির ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। তবে পাঁচ ডলারের নোটের অপরপাশে দেশের সংসদের ছবিই থাকবে বলে জানিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সরকার ছবি পরিবর্তনের বিষয়ে সমর্থন জানিয়েছে।

গত বছর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তবে রানি এলিজাবেথের মৃত্যুর পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রানির মৃত্যুর পর প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে পাঁচ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি না দিয়ে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি যুক্ত করা হবে।

তবে শেষ পর্যন্ত আদিবাসীদের সংস্কৃতি জায়গা পাচ্ছে সেখানে। ব্যাংক নোটে এ পরিবর্তন আনতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

মৌলভীবাজারের সন্তান এএসপি মুকুলের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকায় মালিবাগে ডিউটি শেষে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি মো. শফিকুর রহমান মুকুল (৫৫) মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

তিনি দুই মেয়ের জনক ছিলেন। মুকুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিংড়া গ্রামে। তার বাবার নাম মো. লোকমান হোসেন। বর্তমানে ঢাকার মিরপুর ৬০ ফিট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন মুকুল। একসময় সিলেট নগরীর কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন মুকুল।

শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জানান, এক মোটরসাইকেল চালকের উপর উত্তেজিত হওয়ার পরক্ষণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন স্যার (মুকুল)। গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে হুট করে আমাদের গাড়ির সামনে চলে আসে। এটি দেখে স্যার উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুশ হয়ে পড়ে যায়। তখন তাকে গাড়িতে করে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তায় বুকের ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তাকে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, হৃদরোগে আক্রান্ত অতিরিক্ত এসপি মুকুলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তন্তর করা হয়েছে।

১০০ কোটিতে ‘পাঠান’ কিনলো অ্যামাজন প্রাইম

১০০ কোটি টাকায় শাহরুখের সিনেমা ‘পাঠান’কিনেছে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম। ইতোমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটি মাত্র সাত দিনেই আয় করেছে ৬৫৪ কোটি টাকা।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান।

উল্লেখ্য, বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে ‘পাঠান’।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ভুয়া নিবন্ধনে চাকরির অভিযোগে কলেজ শিক্ষক কারাগারে

শিক্ষা ডেস্কঃ ভুয়া নিবন্ধন দিয়ে চাকরি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে সাতক্ষীরার বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শিবপদ সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানিয়েছেন, ২০২২ সালে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনিত ব্যানার্জী আদালতে শিবপদ সাহার বিরুদ্ধে জাল নিববন্ধন তৈরি ও উৎকোচের বিনিময়ে চাকরি গ্রহণের অভিযোগ করেন। পরবর্তীতে দুদক ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাদি হয়ে মামলা করেন।

তিনি আরও জানান, শিক্ষক নিবন্ধন না থাকায় জাল নিবন্ধন দিয়ে শিবপদ সাহা ২০০২ সালে অনার্স পাসের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে মাস্টার্স পাশ করার পর ২০০৫ সালে একই প্রতিষ্ঠানে তাকে পুনরায় নিয়োগ দেখানো হয়।

উল্লেখ্য, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঙ্গে যোগসাজসে শিবপদ সাহা ওই প্রতিষ্ঠানে ২০০২ সাল থেকে ভুয়া নিবন্ধন দিয়ে প্রভাষক হিসেবে চাকরি করছেন।