কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল চালু হবে। এরপরই দেখবেন ঢাকার আশপাশ নতুন সাজে সাজবে। উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধী দলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার উড়াল মেট্রো রেলের পর চালু হচ্ছে পাতাল মেট্রোরেল। পাতাল মেট্রোরেলের উদ্বোধনের অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই জনপদে দুইজন মানুষ কোনোদিন অস্তিত্ব হারাবেন না। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার স্থপতি। আর অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের মাঝে বেঁচে থাকবেন আমাদের নেত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। এটি নিয়ে দেশের মানুষ এখন অনন্দে মেতে উঠেছে। লুঙ্গি পরে মেট্রোরেলে উঠতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। সে কী আকর্ষণ!

কাদের বলেন, আপনারা ভয় পাবেন না। বিএনপির আন্দোলনে লাল কার্ড। বিএনপির সবই ভুয়া। পথ হারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে। এসব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন।

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অর্ধশত মাদক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৩০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন থানায় এসব মামলার বিপরীতে মোট ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানুয়ারি মাসের শেষে দিকে ৭ দিনে জেলার ৭ থানায় নিয়মিত মামলায় ৫০ জন আসামি গ্রেপ্তারের পাশাপাশি মোট ২৮৩ টি পরোয়ানাভুক্ত নিষ্পত্তি হয়েছে। বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫৩০ লিটার চোলাই মদ এবং ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থনায় সর্বাধিক ১১টি, শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় ৬টি করে, কমলগঞ্জ থানায় ৪টি, জুড়ী থানায় ২টি এবং রাজনগর থানায় ১টি মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। গত মাসের শেষ ৭ দিনে পুরো জেলায় মোট ৩ শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আমরা ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলাবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

ঠাকুরগাঁও -৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ৫/- ৩ আসন (রাণীশংকৈল- পীরগঞ্জ) উপ-নির্বাচনের মোট ১২৮ টি কেন্দ্র এবং ৮০৮ টি বুদের ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী একতারা প্রতীকে সতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩ শ ৯ ভোট।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর, ও  রিটার্নিং অফিসার ঠাকুরগাঁও -৩ জিএম সাহাতাবউদ্দিন বুধবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ১২৮ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন, জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক) ২২৫৭, সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) ১৪১২, এবং সাফি আল আসাদ (আম প্রতীক) নিয়ে পেয়েছেন ৯৫৩ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩ শ ৩৪ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.২৯ পার্সেন্ট।

সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সব বই-সিনেমাও নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সব বই, সিনেমা, শিল্পকর্মের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার সরকার। রাশিয়ায় এলজিবিটিকিউ সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ায় গত ডিসেম্বরে একটি নতুন আইন পাশ হয়েছে। সেখানে বিষম লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বিষয় বলে জানানো হয়েছে। সমলিঙ্গের প্রেম, বিয়ে সবকিছুর ওপর কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

সরকার জানায়, কোনো বই যদি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। বিক্রি করা যাবে না। যেসব সিনেমায় সমলিঙ্গকে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় নিষিদ্ধ। শুধু তা-ই নয়, সোশ্যাল নেটওয়ার্কে কেউ যদি সমলিঙ্গের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। অর্থাৎ, সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। আইন করে এসব কিছু নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, পাঁচ মিলিয়ন রাশিয়ান রুল পর্যন্ত জরিমানা হতে পারে।

টেলিভিশন ও সংবাদমাধ্যমের জন্য একটি রেগুলেশন তৈরি করা হচ্ছে বলে রাশিয়ার একাধিক সংবাদপত্র রিপোর্ট প্রকাশ করেছে। রাশিয়ার এই নতুন আইনকে অনেকেই কালা কানুন বলে ব্যাখ্যা করছেন। দেশের ভিতর ও বাইরে এ নিয়ে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, যেভাবে সরকার এই আইন প্রবর্তন করেছে, তাতে কোনো প্রতিবাদেই বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না।

 

নওগাঁ জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ

কামাল উদ্দিন টগর, নওগাঁ  প্রতিনিধি : নওগাঁ জেলা এ্যডভোকেট বার এ্যসোসিয়েশনের ২০২৩ সালের নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতিসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প‍্যানেল থেকে  ১১ জন  এবং সাধারন সম্পাদকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক‍্য প‍্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী পরিষদে সভাপতি পদে এ্যডঃ. খোদাদাদ খান পিটু, সহ-সভাপতি পদে মো: ময়েন উদ্দিন প্রামানিক ও মো: মোফাজ্জল হক, সহঃ সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে কাজী হাসানুজ্জামান হাসান, সহঃ সাধারণ সম্পাদক (লাইব্রেরী) পদে  মো: তানজিমুল হক লিঙ্কন, সহঃ সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে মো: আশরাফুদ্দৌলা নয়ন এবং সদস্য পদে মোঃ রফিকূল ইসলাম মন্ডল, এ এস এম আলতাফ হোসেন, মোঃ আবু সাঈদ সুমন, মোঃ শাকিল ইসলাম ও মোঃ জসিম উদ্দিন প্রামানিক।

এদিকে বংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সাধারন সম্পাদক পদে এ্যড.. আব্দুর রাজ্জাক-৩ এবং সদস্য পদে মোঃ মনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম-২ ও মোঃ গোলাম আজম।

উল্লেখ্য সভাপতি এ্যড. খোদাদাদখান পিটু এবং সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক-৩ স্ব স্ব পদে পুনঃনির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলা বার এ‍্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং একটানা বিকাল ৩টা পর্যন্ত চলে। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯১ জন। নির্বাচন কমিশনার এ্যড. সুলতান মাহমুদ ভোট গণনা শেষে মঙ্গলবার রাত ৯টায় এই ফলাফল ঘোষনা করেন।

সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার নাতি ও মেয়ে। মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরতলির সদর ইউপির ভৈরবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কাজল বেগম। তিনি শ্রীমঙ্গল শহরতলির সদর ইউপির উত্তর উত্তরসুর এলাকার সুরত আলীর স্ত্রী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরতলির ভৈরবতলী এলাকায় দ্রুতগামী ট্রাকের সামনে পড়ে একটি মোটরসাইকেল। তখন ট্রাকটি বাঁ দিকে সাইড নেয়। এ সময় ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো কাজল বেগম (৪০), তার মেয়ে পপি বেগম ও নাতি লিমন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাজল বেগম। গুরুতর আহতাবস্থায় পপি বেগম ও লিমন মিয়াকে মৌলভীবাজার সদর ও অবস্থার অবনতি ঘটলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন তিনি। 

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে রূপগঞ্জে সুধী সমাবেশে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। এতে যোগ দিতে সকাল থেকেই জড়ো হয়েছেন বিপুল নেতাকর্মী।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়নে থাকছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এই পাতালরেল নির্মাণে ব্যয় হবে ৫২ হাজার কোটি টাকা। এরমধ্যে জাপানি ঋণ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে। এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পের বিবরণ অনুযায়ী এমআরটি লাইন-১-এর দুটি অংশ থাকবে- একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত (বিমানবন্দর রুট) ১৯.৮৭২ কিলোমিটার অংশ। এটি হবে ভূগর্ভস্থ এবং এতে ১২টি স্টেশন থাকবে। অপর অংশটি নতুন বাজার থেকে প্রায় ১১.৩৭ কিলোমিটার এলিভেটেড লাইনসহ পূর্বাচল পর্যন্ত (পূর্বাচল রুট)। এতে সাতটি স্টেশন থাকবে। অন্যদিকে বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার এবং নদ্দা স্টেশন হবে ভূগর্ভস্থ । বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) এমআরটি লাইন-১-এর নির্মাণ কাজের জন্য ৫২,৫৬১.৪৩ কোটি টাকার ব্যয়ভার বহন করবে। এর মধ্যে জাইকা প্রকল্প সহায়তা (পিএ) হিসাবে দেবে ৩৯,৪৫০.৩২ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা। জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল মেট্রোলাইন নির্মাণ কাজ তদারকি করবে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী আরও জানা যায়, এমআরটি লাইন-১-এ ১২টি ভূগর্ভস্থ স্টেশনে বিরতিসহ বিমানবন্দর থেকে কমলাপুর ভ্রমণ করতে লাগবে ২৪ মিনিট ৩০ সেকেন্ড। যাত্রীরা নতুন বাজার ইন্টারচেঞ্জের মাধ্যমে ১৬টি স্টেশনে বিরতিসহ মাত্র ৪০ মিনিটের মধ্যে কমলাপুর থেকে পূর্বাচলে যেতে পারবেন। এমআরটি লাইন-১ চালু হলে, এ রুটে প্রতিদিন আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ডা. সেলিনা হায়াত আইভি, রওশন আরা মান্নান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, এ কে এম সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি আমিনুল্লাহ নূরী, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি প্রমুখ।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

জাতীয় ডেস্কঃ চলতি বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পল্টনের ভিক্টোরিয়া হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এবার সর্বনিম্ন প্যাকেজে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছরের তুলনায় এবছর ২ লাখ টাকার বেশি খরচ বাড়ল। গতবছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজের প্যাকেজ মূল্য ছিল ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, সর্বনিম্ন এই প্যাকেজ মূল্যে অধিক খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদীনায় বাড়ি ভাড়া বাবদ ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকা। সার্ভিস চার্জ ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা।

বেসরকারি ব্যবস্থায় প্রত্যেক হজযাত্রীকে হজ প্যাকেজের সব টাকা ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির একাউন্টে বা নগদ দিলে পাকা মানি রিসিট নিয়ে পরিশোধের আহ্বান জানান তিনি। হাব সভাপতি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে ভাড়া নির্ধারণ করেছে, তা আরও কমানোর দাবি জানিয়েছে হাব।

তিনি আরও বলেন, কোনো শিডিউল ফ্লাইটে নয় এয়ারলাইনসগুল ডেডিকেটেড ফ্লাইট ভাড়া নেয়ায় সেভাবেই পরিচালনা না করলে ডেডিকেটেড ইমিগ্রেশন না হওয়ার আশঙ্কা রয়েছে।

এম শাহাদাত হোসেন বলেন, এবার কোনো বয়সের সীমা নেই হজযাত্রীদের জন্য। আলাদা করে হজযাত্রীদের যাওয়ার সময় কোরবানির অর্থ নিতে হবে। বর্তমানে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে। অব্যাহত রাখতে কাজ চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

কিম জং-কে রুখতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়াকে রুখতে চলতি ফেব্রুয়ারি থেকেই যৌথ সামরিক মহড়া শুরু করবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।

এ সময় তথ্য আদান-প্রদানের পাশাপাশি নানা ধরনের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের কথা জানায় মিত্র দেশ দুটি। গেল বছর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ২০২২ সালে ২৭ বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এমনকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তেও দ্বিধাবোধ করেননি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাবে বেশ কয়েকবার যৌথ সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংকে রুখতে এবার আরও এক ধাপ এগিয়ে ওয়াশিংটন ও সিউল।

গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং সুপের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এসময় উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলা করার পাশাপাশি যেকোনো সময় যুদ্ধ প্রতিহত করতে সামরিক মহড়া জোরদার করার ঘোষণা দেন তিনি।

চলতি মাস থেকে শুরু হওয়া এ যৌথ সামরিক মহড়ায় সাঁজোয়া যান, বোমারু বিমানসহ অত্যাধুনিক সব সরঞ্জামাদি ব্যবহারের কথা জানিয়ে লয়েড অস্টিন বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায় প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্র সব ধরনের সামরিক সহযোগিতা দেবে।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের তথ্য আদান-প্রদান করার প্রতিশ্রুতি দেয় দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি জং সুপ বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার হামলার তীব্র নিন্দা জানাই। তাদের হুমকি মোকাবিলায় আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানাব।

তবে ওয়াশিংটন ও সিউলের এমন ঘোষণার পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।

সন্তানের রক্তের জন্য সম্পর্ক, অতঃপর ধর্ষণ…

নোয়াখালীর সেনবাগ উপজেলায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একমাত্র সন্তানের রক্তের জন্য প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরে ছবি ও ভিডিও ফেসবুক ও স্বামীসহ আত্মীয়স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও টাকাপয়সা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এক যুবক। প্রবাসীর স্ত্রীর মামলার ভিত্তিতে সেনবাগ থানার এসআই বদিউল আলম ওই প্রতারককে উপজেলার ডমুরুয়া চৌমোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ডমরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের মুজিবুর হক মিয়ার বাড়ির মুজিবুল হকের ছেলে মো. গিয়াস উদ্দিন বুলেট।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর একমাত্র সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এ কারণে তাকে প্রতি মাসে রক্ত দিয়ে হয়। গিয়াস উদ্দিনের রক্তের গ্রুপ ওই শিশুর সঙ্গে মিলে যাওয়ায় রক্ত দেওয়ার সুবাদে তার মায়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এতে গিয়াস উদ্দিন ভিডিও কলে কথা বলে ভুক্তভোগী নারীর শরীরের গোপন অঙ্গগুলো ভিডিও ধারণ করে। এদিকে একপর্যায়ে ভিডিও ও ছবি ফেসবুক এবং তার প্রবাসী স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। একই সঙ্গে নগদ এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ফের ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা এবং কয়েকটি ব্যাংকের স্বাক্ষর করা সাদা চেক নিয়ে যায়।

এদিকে সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগী নারী গত রোববার রাতে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।