ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় ছুরিকাঘাত

রাজশাহীর বোয়ালিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সহপাঠীসহ দুর্বৃত্তরা। দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীর নাম তিহাস (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, রোববার দুপুরে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। এ কারণে বিস্তারিত কিছু জানা যায়নি। কিবরিয়া নামের যে ছেলে ছুরিকাঘাত করেছে সে-ও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিল।

আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, বুধবার দুপুরে তিহাস ক্লাস শেষে মাঠে বসে ছিল। হঠাৎ কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আমরা বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়। পরে তিহাসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মূলত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমনটি হয়েছে। কিবরিয়া নামের যে ছেলে ছুরিকাঘাত করেছে সে-ও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে দুই বন্ধুর মধ্যে ছোট বিষয়কে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। রামেক হাসপাতালে আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন। একটু পর তিনি বইমেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন এই পুরস্কার পেয়েছেন।

এদিকে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারের বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। এবারের বইমেলায় মোট ৬৩১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মূল মেলা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবারের মতো এবছরও বাংলা একাডেমি মাঠে থাকবে পরিচিত সব প্রতিষ্ঠানের স্টল। তবে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেই থাকবে মেলার প্রধান কর্মকাণ্ড।

এবার বইমেলার আঙ্গিক ও বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে অর্থাৎ মন্দিরগেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে। গতবারের প্রবেশপথটি বাহির পথ হিসেবে চিহ্নিত থাকবে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে আরো ৩টি প্রবেশ ও বাহিরপথ থাকবে।

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশকরা তাদের স্টল নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন। প্রকাশকরা জানিয়েছেন ৮০ শতাংশ স্টলের নির্মাণকাজ শেষ। বাকিটুকু শেষ হতে হয়তো আর দুই-তিন দিন লাগবে। তবে এতে মেলার আকর্ষণ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।

 

লালমনিরহাটে ৫ কোজি স্বর্ণ উদ্ধার বিজিবি’র

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। মঙ্গলবার সকালে ওই উপজেলার দিঘলটারী সীমান্ত থেকে স্বর্ণসহ একজনকে আটক করেন বিজিবি।

আটক ব্যক্তির নাম আজিজার রহমান। তার বাড়ি ওই উপজেলা দুর্গাপুর গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় টহল দিতে থাকে বিজিবি’র একটি দল। এ সময় আজিজার রহমান তার শরীরে স্বর্ণ বেঁধে ভারতে পাচারের চেষ্টা করেন। এ সময় বিজিবি’র সদস্যরা তাকে আটক করে তল্লাসী করেন। এতে তার কাছ থেকে ৪৫ টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন ৫ কেজি ২ শত ৪৮ গ্রাম। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের নতুন সুখবর

অর্থনীতিক ডেস্কঃ গত অক্টোবরে ২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, যেকোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে। গত সোমবার (৩০ জানুয়ারি) আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে সেটা ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে এমনটাই বলছে আইএমএফ। ২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩ দশমিক ৪ শতাংশ৷ ২০২৩ সালে সেই হার কমে ২ দশমিক ৯ শতাংশ হবে। আর ২০২৪ সালে সেটা ৩ দশমিক ১ শতাংশ বাড়বে।

সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে। টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবল শুরু হয়েছে বলেও মনে করেন তিনি।

তবে আইএমএফ বলছে, ইউক্রেন যুদ্ধ ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদহারের কারণে ঋণে জর্জরিত দেশগুলোতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে।

আইএমএফের প্রতিবেদন বলছে, চলতি বছর রাশিয়ায় ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। যদিও গত অক্টোবরে সংস্থাটি এ বছর রাশিয়ার প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা করেছিল।

জার্মানি ও ইতালি এই বছর মন্দা এড়াবে বলে আইএমএফের ধারণা। গত বছর ইউরোপের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি সহনশীলতা দেখিয়েছে।

যুক্তরাজ্যের অর্থনীতি ২০২৩ সালে ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে বলে গত অক্টোবরে জানিয়েছিল আইএমএফ। কিন্তু সোমবার তারা বলেছে, দেশটির অর্থনীতি এ বছর ০ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট স্কুল এন্ড কলেজ ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠান দুটিতে দিনব্যাপি এসকল কর্মসূচি পালিত হয়।

সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে উদ্বোধনী ক্লাস নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, বিশেষ অতিথি ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন।

কলেজ গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক আইয়ুব আলীর সঞ্চালনায় এসময় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান সরকার, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মানিক মিয়া বাবু বক্তব্য রাখেন।

অন্যদিকে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ১১ উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী।

কলেজ গভর্নিং বডির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও রসায়ন বিষয়ের জেষ্ঠ প্রভাষক আতাউর রহমান তাজুলের সঞ্চালনায় এ সময় অধ্যক্ষ আব্দুল হানিফ, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে স্থানীয় ও কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশে করোনায় আরও ১৩ জন শনাক্ত

স্বাস্থ্য ডেস্কঃ দেশে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৫৬ জন। তবে, করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তীত রয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৩৪টি। আর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯২২ জন।

এতে আরও জানানো হয়,  এক জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে তিন জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩২৬ জন।

 

মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে হজের প্যাকেজ ঘোষণা

চলতি মৌসুমে মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারী) সচিবালয়ে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, সরকারি প্যাকজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত,  চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি করেছে বাংলাদেশ। হজচুক্তি অনুযায়ী এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন। আর ৬৫ বছরের বেশি বয়সিদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে।

ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রর ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ মুঠোফোনে ঢাকা পোস্টকে ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোণা থেকে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিজ্ঞ টিম সেখানে রয়েছে। তারা ককটেলটি উদ্ধার করেছে। পরে তা নিষ্ক্রিয় করা হবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিসাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিসাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ রয়েছে ১ হাজার ২৪০টি।

উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আজ শুরু হলো ভাষার মাস

আজ ১লা ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই ভাষার মাস। বাঙ্গালী জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল আযাচিত প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনা ও প্রেরণার প্রথম প্রকাশ। আর সেই প্রেরণা নিয়ে বাঙালি এগিয়ে যায় জাতীয় স্বাধীনতার আন্দোলনের দিকে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। তাই শোকাবহ এ মাসের সঙ্গে জড়িয়ে আছে গৌরব আর অহঙ্কারের অধ্যায়। কারণ, পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করে।

ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আর ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ইউনেসকো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের দেশে দেশে পালিত হয়।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এদিন বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলার ৩৯তম আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এ ছাড়া জাতীয় কবিতা উৎসবও শুরু হবে কাল থেকে। স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে শুরু হয় এ ঊৎসবের। বাংলাদেশ পথ-নাটক পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করেছে এ পথ নাট্যউৎসবের।

ভারতে বহুতল ভবনে আগুন লেগে শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের উপ-কমিশনার সন্দ্বীপ কুমান জানান, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি তিনি।

অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি।