কুড়িগ্রামে ট্রাক চাপায় অটো-চালকের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়লাবোঝাই একটি ট্রাকের চাপায় জামাল হোসেন (৩৫) নামে অটোরিকশাচালক নিহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভারতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের ছেলে। বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লাবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ভুরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাজাহানপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে জামায়াত নেতা হাফেজ মো. মোখলেছুর রহমান মুকুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হাফেজ মো. মোখলেছুর রহমান (মুকুল) শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও একই উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে মোখলেছুর রহমান (মুকুল) কে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে আদালতের মাধ্যমে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, হাফেজ মো. মোখলেছুর রহমান (মুকুল) কে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, পুলিশ রবিবার রাত ৯টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান (মুকুল) কে অন্যায়ভাবে গ্রেপ্তার করে। এভাবে নিরপরাধ জামায়াতের নেতাকর্মীদের বিনা উস্কানীতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে মিথ্যা, গায়েবি মামলায় করতেছে পুলিশ‌। এটা শুধু অন্যায়ই নয়, অগণতান্ত্রিক, অমানবিক ও অসাংবিধানিকও বটে। এই অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত জামায়াত নেতা মোখলেছুর রহমান মুকুলের  অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলা ভাঙচুরের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবি করে না দেওয়ায় জমি দখলের চেষ্টা হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে । এ ঘটনায় ভুক্তভোগী মৃত হারিছ আলীর পুত্র আব্দুল মান্নান বাদী হয়ে ওই ইউপি সদস্যকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জাকির হোসেন মনির দীর্ঘদিন থেকে তার প্রতিবেশী আব্দুল মান্নানের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে জমি দখল করে নেওয়া সহ আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকিও দিতে থাকে।

ঘটনার দিন ইউপি সদস্য জাকির হোসেন মনির (৩৬) একই গ্রামের মৃত মনাফ মিয়ার ছেলে দুদুল (২৫)  সহ কয়েকজন মিলে আব্দুল মান্নানের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ির পাশের জমি দখলের চেষ্টা করে।

এ সময় আব্দুল মান্নানের পরিবারের পক্ষ থেকে বাঁধা প্রদান করলে আব্দুল মান্নান ও তার স্ত্রীকে মারধর করা হয়। আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, থানায় লিখিত অভিযোগ করলে জানতে পেরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন ইউপি সদস্য জাকির হোসেন মনির।

থানা থেকে বাড়ি ফেরার পর আরো একবার হামলার স্বীকার হন আব্দুল মন্নান (৪৫) তার স্ত্রী ছইফা বেগম (৩৭)। আব্দুল মান্নান জানান গত ইউপি নির্বাচনে ভোট না দেওয়ার জের ধরে এই ইউপি সদস্য জাকির হোসেন মনির একের পর এক হয়রানি, নির্যাতন করে আসছেন। তার ভয়ে তারা ঘর থেকে বের হতে পারছেন না।

ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলা ভাঙচুরের অভিযোগ

এ বিযয়ে ইউপি সদস্য জাকির হোসেন মনির বলেন, আমি ঘটনার সাথে জড়িত না। আব্দুল মান্নান একজন খারাপ প্রকৃতির লোক। সে অন্য একজনের কাছে জমি বিক্রি করে দখল দিচ্ছে না। আমি বিচার বৈঠক করে মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু আব্দুল মান্নান বিচারে না বসে আমার মান-সম্মান নষ্ট করার জন্য উল্টো আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করছি।

ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

নিপাহ ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসকদের ৬ নির্দেশনাঃ স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য ডেস্কঃ দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনাগুলো হলো-

১। রোগী দেখার সময় আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। রোগী দেখার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে।

২। জ্বরের উপসর্গ থাকলে রোগীকে আবশ্যই আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে।

৩। জ্বরে আক্রান্ত রোগীর মধ্যে অজ্ঞান অবস্থা দেখা দিলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হবে।

৪। আইসিইউতে থাকাকালে রোগীর পরিচর্যাকারীরা শুধু গ্লাভস ও মাস্ক পরলেই হবে। কারণ রোগী থেকে বাতাসের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায় না।

৫। যেহেতু আইসিইউতে রেখে এই রোগীর চিকিৎসা করা যায়, তাই রেফার্ড করার প্রয়োজন নেই।

৬। যেকোনো প্রকার তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে ১৬২৬৩/৩৩৩ নম্বরে যোগাযোগ করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত আট জনের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার শতকরা ৭০ শতাংশ। গত রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ তথ্য জানান।

 

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তমঃ টিআইবি

জাতীয় ডেস্কঃ ২০২২ সালের বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে ব্যাপক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। ২০২১ সালে বাংলাদেশ এই তালিকার ১৩তম অবস্থানে ছিল। অর্থাৎ এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) প্রকাশ করে।

ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এ বছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২ এবং ওপরের দিক থেকে ১৪৭। এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৫ অর্জন করেছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এবার আফগানিস্তানের স্কোর ১৬ থেকে বেড়ে ২৪ হয়েছে। অথচ বাংলাদেশের স্কোর ঘুরেফিরে ২৫ থেকে ২৮ এর মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ আফগানিস্তানের থেকে নিচে চলে যাওয়া ঝুঁকিতে আছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকররকে কার্যকর ভূমিকা নেয়ার তাগিদ দেয় টিআইবি।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে।

পাঠ্যপুস্তকের ভুল চিহ্নিত, সংশোধন ও জড়িতদের শনাক্তে দুই কমিটি গঠন

শিক্ষা ডেস্কঃ পাঠ্যপুস্তকের ভুল চিহ্নিত ও সংশোধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় সাত সদস্যের দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে । আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুল সংশোধনে এক মাস এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়েছে। পাঠ্যপুস্তকের ভুল এবং ভুল যারা করেছেন তাদের খুঁজে বের করতে দুটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি কমিটি সাত সদস্যের, অপরটি পাঁচ সদস্যের।

সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ওয়াহেদুজ্জামান চানকে। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের শিক্ষক আব্দুল হালিম এবং বিএফ শাহিন কলেজের শিক্ষক আব্দুল মান্নান। এ কমিটির কাজ হবে পাঠ্যপুস্তকের ভুলত্রুটি ও বিতর্কিত বিষয় খুঁজে বের করা। ৩০ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে।

অন্য কমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। এ কমিটি ভুল-ভ্রান্তির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কোন কোন কর্মকর্তা জড়িত তাদের খুঁজে বের করবে। দ্বিতীয় কমিটির প্রতিবেদন দিতে হবে ২১ কর্মদিবসের মধ্যে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানি সংশোধনসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। যার একটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছিলেন তিনি।

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা নিহত বেড়ে ৮৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় মসজিদে হামলার ঘটনায় আরও মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ অসীম।

তিনি বলেন, সব মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আহত ৫৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার মোট ১৫৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের বেশির ভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রথমে হামলার দায় স্বীকার করে। তবে পরে তারা তা অস্বীকার করেছে।

উল্লেখ্য, গতকাল সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল। এ ঘটনায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তীব্র নিন্দা জানিয়েছেন।

বিদ্যুতের নতুন দাম আগামী বুধবার থেকে কার্যকর হবে

অনলাইন ডেস্কঃ সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩নং আইন) এর ধারা অনুযায়ী ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে ১২ জানুয়ারি, ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬২ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সেই সঙ্গে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬২ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৬ টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৯৬ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা ০৩ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।

কুড়িগ্রামে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১, আহত-১৪

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে খাদেম আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ উভয়পক্ষের আরো ১৪ জন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হেমেরকুটি গ্রামের নামারচর জোলাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত খাদেম আলী ওই গ্রামের মৃত খটু মামুদের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে খাদেম আলী তার ভোগদখলীয় জমিতে বোরো ধানের চারা রোপনের জন্য গেলে একই এলাকার নুরনবী তাকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খাদেম আলী (৭০), মেহের আলী (৪৩) আবু সুফিয়ান (৩০) ইয়াকুব (৩০), এরশাদ (২৮), হোসেন আলী (৬৫) ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল (৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫) জসিম (২৩), সহিদা বেগম (৬০), খোতেজা (৬০) হাফসা (২৬) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে খাদেম আলী, মেহের আলী, ও আবু সুফিয়ানের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে  খাদেম আলীর মৃত্যু হয়।

হলোখানা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম খাদেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার জানান, রংপুর মেডিকেলে একজন নিহত হওয়ার খবর শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারে দৈনিক গনমুক্তি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশের বহুল প্রচলিত দৈনিক গণমুক্তি পত্রিকার ৪৯ পেরিয়ে ৫০ বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজার শহরের দিল্লী রেষ্টুরেন্টের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে। দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালকুদার এর সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তির কমলগঞ্জ প্রতিনিধি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার সহকারি পরিচালক মো: আল-আমিন।

প্রধান আলোচক হিসাবে ছিলেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবি আলহাজ্ব মাহবুবুল আলম শামীম।

প্রধান বক্তা হিসাবে ছিলেন- দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট সরোয়ার আহমদ, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অজয় সেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন এর বর্তমান সভাপতি মোঃ জাফর ইকবাল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান,৭নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.স.ম ছালেহ সোহেল, সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোঃ সিতার আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সুনিল মিরা ফাউন্ডেশন এর পরিচালক ও কানাডা প্রবাসী সঞ্জয় দাশ, এ.বি.এলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম।

বক্তব্য রাখেন- মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়া, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, আইন নথি সম্পাদক ও মানুষের অধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, নাছরিন আক্তার প্রিয়া (এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক/ দৈনিক বাংলাদেশ সমাচার), শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), খালেদ আহমদ (স্বাধীন বাংলা টিভি), দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আহবায়ক আবু তালেব চৌধুরী, দৈনিক গণমুক্তির শ্রীমঙ্গল প্রতিনিধি আলাল আহমদ, বড়লেখা প্রতিনিধি গোলাম কিবরিয়া আহমদ, রাজনগর প্রতিনিধি আলিম আল-মুনিম, সদর প্রতিনিধি মাহবুবুর রহমান মাহবুব, সাংবাদিক তিমির বনিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক পিন্টু দাশ, সাংবাদিক মোনায়েম আহমদ, নারী উদ্যাক্তা সোসাইটি ( গ্রাস রুটস) মৌলভীবাজার জেলা সভাপতি শ্যামলী সুত্রধর, মাও: শরীফ আহমদ, টাইম নিউজ সম্পাদক বিকাশ দাশ, আব্দুর রহমান রহমত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বরণ করে নন গণমুক্তি পরিবারের সদস্যবৃন্দরা।