চট্টগ্রামে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ফুলবাড়ী এলজিইডির কর্মকর্তা-কর্মচারীর মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী কে তার কক্ষে ঢুকে শারিরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবীতে ফুলবাড়ী উপজেলা এলজিইডি’র কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে তিনটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী’র উপর হামলাকারী সন্ত্রাসী ঠিকাদার শাহাবুদ্দিন সহ জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানান।

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দেড়শত মানুষ আহত হয়েছেন। আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় সংবাদমাধ্যম দ্য ডন।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এসময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল। ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। আহতদের অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদের ভেতরে এখনও পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা কাজ করছেন।

স্নাতক পাসে জনবল নিয়োগ দেবে আড়ং

চাকরির খবরঃ স্নাতক পাসে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নামঃ ডেপুটি ম্যানেজার।

যোগ্যতাঃ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর প্যাটার্ন মেকিং, মেজারমেন্ট চার্ট, সুয়িং অপটিমাইজেশন প্রভৃত ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থলঃ ঢাকা।

বেতনঃ আলোচনা সাপেক্ষে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ,পারফরমেন্স বোনাস ও বিমার সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা সিভি ই-মেইল করতে পারবেন (career.aarong@brac.net) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস

 

রবীন্দ্রনাথের চেতনা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জেলায় জেলায় রবীন্দ্র সম্মেলনের আয়োজন করা দরকারঃ খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাঙালীর আত্ম পরিচয় জাগিয়ে তুলছিলেন। বাঙালী যতবার সভ্যতার সংকটে পড়েছে ততবারই কবি তাঁর কবিতা, গল্প, সংগীত ও সুরে জাতিকে সঠিক পথনির্দেশনা প্রদান করেছেন। আগামী ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৪১তম জাতীয় সম্মেলন নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, এফবিসিসিআই পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ’র সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা কবিতা, গল্প, গান, প্রবন্ধ ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন মাধ্যম বিশ্ব দরবারে তুলে ধরে বাঙালী জাতিকে সমৃদ্ধ করেছেন। কবির এই চেতনা এবং কৃতিত্বকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জেলায় জেলায় রবীন্দ্র সম্মেলনের আয়োজন করা দরকার।

উল্লেখ্য, আগামী ৩ থেকে ৫ মার্চ তিনদিনব্যপী জাতীয় রবীন্দ্র সংগীতসম্মেলনের ৪১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তিনদিনব্যপী অনুষ্ঠানমালায় থাকবে সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশন, পতিসরে রবীন্দ্র প্রীতি সম্মেলন ও স্মৃতিচারণ, রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শন এবং কবি গুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনাসভা।

সম্মেলনে আসাদুজ্জমান নূর, রামেন্দু মজুমদার, রেজোয়ানা চৌধুরী বন্যাসহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ অংশগ্রহন করবেন বলে প্রস্তুতি সভায় জানানো হয়।

রাতে হঠাৎ ঘুম ভেঙে অস্বস্তি হলে সমাধানের কয়েকটি কৌশল

লাইফস্টাইল ডেস্কঃ নানা কারণে রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে। অনেকের আবার ঘুমের সমস্যাও আছে। বিশেষ করে রাতে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। ঘুমের জন্য তখন বিছানায় এপাশ-ওপাশ করতে হয়। বিশেষজ্ঞদের মতে এভাবে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াটা স্বাস্থ্যের পক্ষে বেশ মারাত্মক।

প্রধানত শ্বাস প্রঃশ্বাসে বাধা পাওয়ার কারণেই ঘুম ভেঙে যায়। এর ফলে ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গের অস্বস্তি, ট্রমা, গা গরম অথবা খুব ঠান্ডা হয়ে যেতে পারে। রাতে হঠাৎ ঘুম ভাঙার সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙার এই সমস্যা বাড়তে শুরু করার অর্থ হার্ট এবং রক্ত চলাচলের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়ে। সেই সাথে মৃত্যুর সম্ভাবনা বাড়তে থাকে। ঘুম ঠিকমতো না হলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা হতে পারে। তাই আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণের ঘুম প্রয়োজন। এজন্য ঘুম ভাঙার পর আবার চোখে ঘুম আনতে যা করবেন-

ঘুমানোর আগে পানি কম পান করাঃ সারাদিন পানি খাওয়া হয় না বলে, বাড়ি ফিরে অনেকেই একবারে বেশি পানি খেয়ে নেন। এর ফলে রাতে বারবার প্রস্রাবের বেগ পায়। এতে স্বাভাবিকভাবেই ঘুমের ব্যাঘাত ঘটে। তাই শুতে যাওয়ার আগে বেশি পানি না খাওয়াই ভালো।

ঘড়ির দিকে তাকিয়ে না থাকাঃ ঘুম ভাঙলেই অনেকের ঘড়ি দেখার অভ্যাস আছে। চিকিৎসকদের মতে, রাতে ঘুম ভেঙে ঘড়ির কাঁটার দিকে তাকালে মনে অজানা এক আতঙ্ক বা উদ্বেগের সৃষ্টি হয়। যদি সময় দেখতেই হয়, সে ক্ষেত্রে ফোনের ঘড়ি দেখুন।

ঘুমানোর আগে রাতে কফি বা অ্যালকোহল পান না করাঃ বিছানায় যাওয়ার আগে অনেকেরই সামান্য হলেও কফি বা অ্যালকোহল পানের অভ্যাস আছে। ঘুম আনতে সাহায্য করে ট্রিপটোফ্যান নামক এক যৌগ। তার ক্ষরণ আটকে দিতে পারে অ্যালকোহল। ফলে ঘুম আসতে সমস্যা হয়।

পোষ্যকে দূরে রাখাঃ ঘুমের সময় পোষ্যকে কাছে নিয়ে শুতে ভালোবাসেন অনেকে। কিন্তু বিছানায় লেগে থাকা পোষ্যের লোম যদি নাকে-মুখে ঢুকলে, অ্যালার্জির আশঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। ক্রমাগত হাঁচি, কাশি থেকেও ঘুম নষ্ট হতে পারে।

মন শান্ত রাখার চেষ্টাঃ ঘুমাতে যাওয়ার আগে এমন কোনো ছবি, সিনেমা বা গল্প দেখবেন না বা পড়বেন না, যা থেকে উত্তেজিত হয়ে পড়তে পারেন। এর বদলে নিশ্চিন্ত ঘুমের জন্য কিছুক্ষণ যোগাসন করতে পারেন। হালকা কোনো যন্ত্রসংগীত শুনতে পারেন।

তবে সবচেয়ে আগে প্রয়োজন মানসিক শান্তি। তাই প্রয়োজন নিয়মিত মেডিটেশন করা। সমস্যা অতিরিক্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আসন্ন উপনির্বাচনে ৩৩টি আসনে একাই লড়বেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ১৬ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে একাই প্রার্থী হিসেবে দাঁড়াবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা ফওয়াদ চৌধুরীর টুইটারে এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছরের ১৬ মার্চ পাকিস্তানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২২ সালের এপ্রিলে জাতীয় পরিষদ থেকে দলীয় প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদের নিম্নকক্ষ থেকে গণ পদত্যাগ করেছিলেন পিটিআই দলের একাধিক সদস্য। স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে পিটিআইয়ের ৩৫ জনেরও বেশি সদস্য ইস্তফা দেন। স্পিকার ইমরান খানের দলের আইন প্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর ৩৩টি আসন খালি হয়ে যায়।

পদত্যাগ করা আইনপ্রণেতাদের মধ্যে হায়দার আলী খান, সেলিম রেহমান, সাহেবজাদা সিবগাতুল্লাহ, মেহবুব শাহ, মুহাম্মদ বশির খান, জুনায়েদ আকবর, শের আকবর খান, আলী খান জাদুন, ইঞ্জিঃ উসমান খান তারাকাই এবং মুজাহিদ আলী অন্যতম।

এদিকে, গতকাল রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশির বলেন, ১৬ মার্চ যে উপনির্বাচন হবে তাতে ইমরান খানকে সবাই ভোট দেবেন বলে আশাবাদী তিনি। ইমরানের উপর সকলের যে এখনও ভরসা রয়েছে, তা ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে বলে তিনি মনে করেন।

কুরেশি আরও জানান, সংবিধানের নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তাই আগামী ১৬ মার্চ উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে একা নির্বাচন করবেন। পিটিআই রাজনীতির মাঠ ফাঁকা রাখবে না বলে জানান এ নেতা।

ধারণা করা হচ্ছে, ইমরান খান ৩৩টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মূলত তার জনপ্রিয়তা যাচাই করতে। আসন খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে তা পাকিস্তানের সংবিধানের লঙ্ঘন হবে।

হাওর পাড়ে সরিষার বাম্পার ফলন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম হাকালুকি হাওড় পাড়ের (বড়লেখা, জুড়ি ও কুলাউড়া) তিন উপজেলায় বছরের পর বছর পড়ে থাকা প্রায় সাড়ে সাতশো হেক্টর অনাবাদী পতিত জমিতে এবারেই প্রথম সরিষার চাষাবাদ হয়েছে। চাষের শুরুতে অনুকূল পরিবেশ থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

দিগন্তজোড়া মাঠে সবুজের বুকে হলুদের মেলবন্ধন এযেন এক হলুদের মাখামাখি। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন হলুদ গালিচায় মোড়ানো বিস্তৃত প্রান্তর। যে দিকে চোখ যাবে, শুধুই হলুদ রঙ্গে রাঙ্গানো পথের গালিচা। হাওড় হাকালুকির বুক জুড়ে এখন এমন দৃশ্যে যে কারো মন কেড়ে নেবে।

অন্যদিকে হলুদ-সবুজের মিতালী মাখা সরিষা ক্ষেত, শুষ্ক মৌসুমে দেশের বৃহত্তম হাকালুকি হাওড়ের পানি নেমে গেলে হাওড় পাড়ে মাঠের পর মাঠ জমি এমনিতেই অনাবাদী পতিত ফাঁকা পড়ে থাকে। বছরের পর বছর এসব জমিতে কোনো ফসল চাষাবাদ হয় না।

কৃষি বিভাগের একক প্রচেষ্টায় হাওড় পাড়ের চাষিদের উদ্বুদ্ধ করা হয় চাষাবাদের জন্য। আর তাই এ বছর চাষিরা হাকালুকির পরিত্যক্ত সাড়ে সাতশো হেক্টর জমিতে চাষাবাদ করেন। বিনামূল্যে সার ও বীজ পেয়ে বড়লেখা, কুলাউড়া ও জুড়ী এ তিন উপজেলার প্রায় দেড় হাজার চাষি এবারই প্রথম সরিষা চাষাবাদে এগিয়ে আসে উদ্বুদ্ধ হয়ে। চাষিরা উচ্চ ফলনশীল জাতের বারি সরিষা-১৪, ১৭ ও ১৮ এবং বীনা-৪ ও ৯ জাতের সরিষা চাষ করেন। এতে সরিষার বাম্পার ফলন হয়েছে। এ বছর প্রতি হেক্টরে এক দশমিক দুই মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন এলাকা বড়লেখার হাওড় পাড়। এ উপজেলার সোজানগর, তালিমপুর ও বর্ণি ইউনিয়নের পাঁচশো হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়।

মৌলভীবাজার কৃষি বিভাগ সূত্রে জানিয়েছে, সারাজেলার অনাবাদী দুই হাজার হেক্টর জমি এই প্রথম বারের মতো সরিষা চাষের আওতায় নিয়ে আসা হয়। আর এ বছর জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত দুই হাজার হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। এবারে সরিষার ভালো ফলনে খুশি চাষিরাও।

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার জানান, বিনামূল্যে বীজ সার ও কৃষকদের মধ্যে একাধিক উঠান বৈঠক করে সরিষা চাষে তাদের উদ্বুদ্ধ করা হয়। এতে হাওড় পাড়ের কৃষকরা সরিষা চাষে এগিয়ে আসে। ফলে তারা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা নিয়ে হাওড়ের পতিত জমিতে সরিষা চাষ করে।

এ বছর সরিষার বাম্পার ফলনের কথা জানিয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ বলেন, আগামী বছরেও কৃষক অধিক আগ্রহ নিয়ে সরিষা চাষে এগিয়ে আসবে। এতে জেলায় ক্রমান্বয়ে সরিষার আবাদ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে এ জেলার ভোজ্য তেলের চাহিদা মেটাতে সক্ষম হবে।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে আরোও জানা যায়, এ বছর মৌলভীবাজার জেলা জুড়ে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৪ হাজার ৭৫০ হেক্টর। আর উৎপাদন হয়েছে ৫ হাজার ৭০০ মেট্রিক টন। আগামীতে সঠিক তদারকি অভ্যাহত থাকলে ভালো কিছু আশা করতেই পারি আমরা।

কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতির ওপর হামলা, গাড়ি ভাঙচুর

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিজ দলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত  শনিবার বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সমভুরদিয়া বাজারের এ ঘটনা ঘটে।

শনিবার রাতে এ ঘটনায় উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন- দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকার আ. গাফফারের ছেলে ইয়াকুব (৩৪), দৌলতপুর গ্রামের চৌদলীপাড়া এলাকার সালাউদ্দিন চৌধুরীর ছেলে ইমরান (৩২), একই এলাকার আল আমিন (৩১), মারুফ (৩২), আশরাফুল (২৯), এনামুল (২৫), বাউরিয়া এলাকার সুজন (৩১) এবং পালের বাজার এলাকার মহসিনসহ (৩৪) অজ্ঞাত ২০-২৫ জন।

মামলায় তিনি উল্লেখ করেন, গত শনিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ বেশ কিছু নেতাকর্মী নিয়ে দাউদকান্দির রফারদিয়া এলাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেলের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ফেরার পথে সমভুরদিয়া বাজার এলাকায় এলে এজাহারনামীয় ৮ জনসহ ২০-২৫ জন তাদের গাড়ির গতিরোধ করে জনৈক বশির মিয়াজিকে খোঁজ করে। দুর্বৃত্তরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিনের গাড়িতে বশির মিয়াজি রয়েছে মনে করে হকিস্টিক, গ্যাস পাইপ, লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গাড়ি ভাঙচুর শুরু করে।

এ সময় ২-৩টি গাড়ি ভাঙচুর করে তারা। গাড়ি ভাঙচুর করার সময় সোহেল রানা (মামলার বাদী) বাধা দিতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে মারধর করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

হামলাকারী সবাই দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন চৌধুরীর লোক। পূর্বশত্রুতার জের ধরে তারা এ হামলা চালায় বলেও মামলায় উল্লেখ করা হয়।

রোববার দুপুরে মামলার বাদী সোহেল রানা বলেন, মাসখানেক আগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক বশির মিয়াজির সঙ্গে মঈন উদ্দিন চৌধুরীর (নির্বাচিত চেয়ারম্যান) বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে বশির মিয়াজির ওপর হামলা করতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ি ভাঙচুর করে। আমরা মামলা করেছি। আইনানুযায়ী তাদের বিচার হবে পাশাপাশি দাউদকান্দি আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া আজ এলাকায় এসেছেন। তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তাদের বিচার করবে, পাশাপাশি সংগঠন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী বলেন, যারা হামলা করেছে তারা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ইউপি নির্বাচনের সময় নেতাকর্মীদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। শনিবারের ঘটনার সময় তারা রুহুল আমিন ভাইকে চিনতে পারেনি, তাই তারা এমনটা ঘটিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রুহুল আমিন ভাই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তার ওপর হামলা করাটা তাদের উচিত হয়নি।

দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ঠাকুরগাঁওয়ে ইউএনও গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ইউএনও গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট গতকাল রবিবার (২৯জানুয়ারি) রাতে রুহিয়া ইউনিয়ন পরিষদের চত্বরে  অনুষ্ঠিত হয়। খেলায় ঠাকুরগাঁওয়ের সিয়াম-সাধনকে পরাজিত করে পঞ্চগড় জেলার নিপু-রাফা দল বিজয়ী হন।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা,  রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহেলা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ এবং ক্রীড়ামোদী দর্শক প্রমুখ।

পরে অতিথিরা বিজয়ী দলকে পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড এবং রানার আপ দলকে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড দেন।

মুরাদনগরে গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে গরিব, দুঃস্থ ও অসচ্ছলদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুই শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, আবুল বাশার, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ছাত্রনেতা ভিপি জহির,সাবেক ইউপি সদস্য শাহেদুল হক সুজন প্রমুখ।