মেক্সিকোর নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর মেক্সিকোর জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী একথা নিশ্চিত করেছে মেক্সিকো পুলিশ।

মেক্সিকোর নিরাপত্তা সচিবালয়ের একটি প্রতিবেদনে জানানো হয়, দেশটির জাকাতেকাস রাজ্যে গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে এ ঘটনা ঘটে। সেসময় ভারী অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে বারে প্রবেশ করে এলোমেলো ভাবে গুলি চালাতে থাকে।

এসময় ঘটনাস্থলেই ছয়জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যায়। বন্দুকের গুলিতে আহত আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছে।

স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সঙ্গীতশিল্পী এবং গ্রাহকরা অন্তর্ভুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন সেসময় আতঙ্কিত হয়ে পড়ে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন। এর মধ্যে ঢাকায় ২৬৩ জন এবং ঢাকার বাইরে ২৮২ জন চিকিৎসা নেন। এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জন মারা যান।

আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

শিক্ষা ডেস্কঃ আগামী ৩০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। গতকাল রোববার (২৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।

কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, এসএসসি পরীক্ষার রুটিন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখের মত শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সংখ্যাটি এখনও নিশ্চিত করে বলতে পারছে না আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

প্রশ্নফাঁস রোধ ও শৃঙ্খলার মধ্যে পরীক্ষা নিতে বরাবরের মতোই ব্যবস্থা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত কয়েক বছর আগে থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।

চিলাহাটিতে দৈনিক আজকালের খবরের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারী জেলার চিলাহাটিতে মুক্ত চিন্তার দৈনিক আজকালের খবর ২৮ বছর পেরিয়ে ২৯ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

(৩০ জানুয়ারি) সোমবার সকালে চিলাহাটি ডাকবাংলা হল রুমে  চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকালের খবর চিলাহাটি প্রতিনিধি আপেল বসুনীয়া।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান। বক্তব্য রাখেন জুয়েল বসুনীয়া ( বাংলাদেশ প্রতিদিন), ওহাবুল হক (দৈনিক জাগরণ), এ আই.পলাশ (দৈনিক যুগের আলো)।

এ সময় উপস্থিত ছিলেন রাব্বি হাসান (আজকের দর্পণ), তারিকুল ইসলাম (সময় সংবাদ বিডি), মোঃ মোশফিকুর ইসলাম (ডিজিটাল বাংলা নিউজ), সুমন ইসলাম (একুশের বাণী),উত্তরা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জামান উদ্দিন আহমেদ জামাল, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চিলাহাটি এরিয়া অফিসের ব্যবস্থাপক বেলাল হোসেন, সমাজ সেবক খালিদ জাহান আঞ্জু, আব্দুল কাদের, যুব প্রচেষ্টা সভাপতি মোকাদ্দেস হোসেন লিটু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকম এর সাহিত্য লেখক মোস্তাফিজুর রহমান সুজন।

গণপরিবহনে হকারদের না উঠতে দেওয়ার জন্য বাসচালকদের কঠোর হওয়ার পরামর্শ

অনলাইন ডেস্কঃ অজ্ঞানপার্টির চক্রদের হাত থেকে যাত্রীদের রক্ষায় গণপরিবহনে চালক ও হেলপারদের কঠোর হওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, যাত্রীর বেশে গাড়িতে উঠে অন্য যাত্রীদের অজ্ঞান করে মালামাল লুট করছেন তারা। গাড়িতে চালক ও হেলপারদের উচিত হবে হকার উঠতে না দেয়া। আমরা অনেক অভিযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে এরপর অভিযানে অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেফতারও করা হয়েছে এবং তারা স্বীকারও করেছেন এ কাজ তারা করেন। তারা বলেছেন, বাসে, ট্রেনে ও লঞ্চে এ ধরনের কাজ বেশি করে থাকে। অনেকের নামও আমরা পেয়েছি।

পুলিশ বলছে, সাধারণত ঈদকে টার্গেট করে অজ্ঞান পার্টি সক্রিয় হলেও তাদের অনেকেই পেশাদার অপরাধী, যারা ১২ মাসই এসব অপকর্ম করে বেড়ান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (লালবাগ জোন) উপপুলিশ কমিশনার মসিউর রহমান বলেন, এ ধরনের ওষুধ খাওয়ার পর দুই থেকে তিন মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন ভুক্তভোগী, তখন তার সর্বস্ব লুটে নেয় তারা। এই বিষয়গুলো ঈদ, পূজা বিশেষ করে সামাজিক উৎসবগুলোতে বেশি হয়ে থাকে। গড়ির মধ্যে বা বাইরের কারও চটকদার কথায় ভুলবেন না ও তাদের দেয়া খাবার খাবেন না। নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসে ওঠেন তিনজন। দুজন বসেন টার্গেট যাত্রীর পাশে। তৃতীয়জন হাকার সেজে বিক্রি করতে থাকেন নানা রকম ওষুধ। টার্গেট যাত্রীকে কৌশলে খাওয়ানো হয় সেই ওষুধ। অজ্ঞান হওয়ার পর ছিনিয়ে নেয়া হয় সর্বস্ব। চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আর রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্য অন্তত ২০০ আছে বলে তাদের ধারণা।

পুলিশ আরও জানায়, দুই থেকে তিন ধরনের ঘুমের ওষুধ গুঁড়া করে এরসঙ্গে চ্যাবনপ্রাশ মিশিয়ে তৈরি করা হয় বিশেষ টোটকা। যা খেলে মানুষের নেশা ও তীব্র ঘুম আসে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন সেবনকারী। মিজান নামে এক ব্যক্তি একসময় তরকারি বিক্রি করতেন। বর্তমানে অজ্ঞান কিংবা মলম পার্টির একজন সক্রিয় হিসেবে এখন তিনি বিশেষ হালুয়া তৈরি করেন। এ বিদ্যা তিনি রপ্ত করেছেন কয়েক বছরের চেষ্টায়। তার তৈরি করা হালুয়া খেয়ে এখন পর্যন্ত অজ্ঞান হয়েছেন প্রায় ৭০০ মানুষ। একা নন, তার দলে আছে আরও চারজন। এ কাজে সবার দায়িত্ব আলাদা আলাদা বলে জানান মিজান।

মিজান পুলিশের কাছে স্বীকার করেছেন, পাঁচজনের দলটি অজ্ঞান করার ওষুধ নিয়ে বাসে ওঠেন। একজন হকার সেজে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। বলা হয়, পেটব্যথা, মাথাব্যথা, গ্যাস্ট্রিক ও যৌন সমস্যার সমাধান মিলবে তাদের তৈরি করা দাওয়াই খেলে। টার্গেট ব্যক্তিকে প্রলুব্ধ করতে নিজেরাই কেউ কেউ কিনে খান। এভাবেই তারা কাজটি করে আসছেন।

বাসে, ট্রেনে বা লঞ্চে মানুষকে অজ্ঞান করে সবকিছু লুটে নেয়ার পাশাপাশি প্রায়ই বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনাও ঘটে থাকে বলে জানায় পুলিশ।

আর তাই গণপরিবহনে হকারদের নিরুৎসাহিত করতে বাসচালক ও হেলপারদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ।

যুক্তরাষ্ট্র আগামী দুই বছরের মধ্যে চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে

আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিক বছরগুলোতে পর্যালোচনা করে দেখা গেছে মার্কিনদের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বেশ কিছু ইস্যু নিয়েই রেষারেষি চলছে এই দুই দেশের মধ্যে। এরই মধ্যে সামনে এলো এক বিস্ফোরক তথ্য। আগামী ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ হতে চলেছে বলে জানায় মার্কিন বিমানবাহিনীর শীর্ষ এক জেনারেল মাইক মিনিহান।

মার্কিন চার-তারকা এই জেনারেলের ধারণা যুক্তরাষ্ট্র আগামী দুই বছরের মধ্যেই চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে। নিজেদের কমান্ডে থাকা কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেমোতে তিনি লিখেন, আমার অনুমান যেন ভুল প্রমাণিত হয়। তবে তিনি বিশ্বাস করেন, আগামী ২০২৫ সালের মধ্যে চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র।

চিঠিতে ১ ফেব্রুয়ারি তারিখ থাকলেও সেটি শুক্রবারই পাঠানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এই জেনারেল এক লাখ ১০ হাজার সদস্যের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান। তবে তার এ বক্তব্য মার্কিন সামরিক পর্যালোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছে পেন্টাগনের কর্মকর্তারা।

মিনিহান তার মেমোতে আরও বলেন, যেহেতু ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয় দেশের প্রেসিডেন্ট নির্বাচন, তাই সবার দৃষ্টি থাকবে এই দিকে। আর এই বিষয়টিকে তাইওয়ান আক্রমণের সুযোগ হিসেবে নেবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

মিনিহানের মেমোটি এয়ার মোবিলিটি কমান্ডের সব এয়ার উইং কমান্ডার এবং এয়ার ফোর্সের অন্যান্য অপারেশনাল কমান্ডারদের উদ্দেশে পাঠানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মিনিহানের কাছে চীনের বিপরীতে যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে রিপোর্ট করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এমন মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাইওয়ানের কর্তৃত্ব নিতে চীনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে উদ্বেগ রয়েছে।

অন্যদিকে, তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক উত্তেজনা বাড়ছে। তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং। তাইপকে সামরিক সহায়তা দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। শি জিনপিং সরকার তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে দাবি করে আসলে প্রত্যাখ্যান করছে তাইপে।

নেত্রকোণায় সামাজিক পরিবেশ উন্নয়নে খেলাধূলা বিষয়ক বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় জনসাধারণের মধ্যে একতা শান্তি ও সহযোগিতার জোরদারকরণের লক্ষ্যে এবং সামাজিক পরিবেশ উন্নয়নে খেলাধূলা বিষয়ক বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জনউদ্যোগ নেত্রকোণার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে কাটলি খেলার মাঠে
জনউদ্যোগ নেত্রকোণার আয়োজনে এ বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এস এম মহসিন আলম প্যানেল মেয়র নেত্রকোণা পৌরসভা।

অন্যদের মধ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দ পাল, বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা এর কেন্দ্র ব্যবস্থাপক মিনাল কান্তি সরকার, কল্পনা ও শিল্পী ভট্টাচার্যসহ জেলার ইলেকট্রনিক ও  প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার।

শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের কাপড়ের দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের সামনে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আর্থিক সহায়তায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানা ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রের বরাতে জানা গেছে  উপজেলা প্রশাসনের আয়োজনে ও দু্র্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ  ৪৪ জন ব্যবসায়ীর মাঝে ৫ হাজার করে ২ লক্ষ ২০ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক জন ট্রাক মালিককে ৭ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২৭ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য; গত বছরের ৩০ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হকার্স মার্কেটে ৪৪টি কাপড়ের দোকান অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ডোমারে ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে নেশা জাতীয় ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম(২৫)।

থানাসুত্রে জানাযায়, গতকাল শনিবার ২৮ জানুয়ারি বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে সামিউল এর নিকট থেকে ৪০ পিচ এবং রাব্বির নিকট হইতে ৩০ পিচসহ সর্বমোট ৭০(সত্তর)পিচ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ডোমার থানার এস আই আবু সাব্বির রাবু বাদী হয়ে ডোমার থানার মামলা নং -১২ (০১) ২৩ রুজু করেন।

এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ রোগ দিবস উদযাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ ২০৩০ সালের মধ‍্যে কুষ্ঠ রোগ নির্মুল করার লক্ষ‍ে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানগুলোতে কাজ শুরু হয়েছে। দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগী ধরা পড়েছে। এর মধ‍্যে মৌলভীবাজার দেশের রেড জোনে রয়েছে।

“এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দি কনসোলিটেড টি এন্ড ল‍্যান্ডস বাংলাদেশ লিমিটেড (ফিনলে) ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে বাগানগুলোতে কাজ শুরু করছে।

আজ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা হাসপাতাল প্রাঙ্গণে কুষ্ঠ আক্রান্ত ব‍্যক্তিদের সহায়তা প্রদানের আয়োজন করা হয়। প্রথমে রেলির মাধ্যমে দিবসটি শুরু করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী লিটন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বালিশিরা মেডিক্যাল ডিপার্টমেন্টের ইনচার্জ ডা. নাদিরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত করেন। অনুষ্ঠানের শেষে ১শ’ জন কুষ্ঠ রোগীকে কম্বল ও ৫ জনকে ছাগল বিতরণ করে সহায়তা করা হয়েছে।