যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।

আজ শনিবার (২৭ জানুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করছে। তারা যদি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে রাশিয়ার মতো উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে।

এর আগে, গত ২৫ জানুয়ারি ইউক্রেনকে ৩১টি যুদ্ধ ট্যাংক সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একইদিনে জার্মানিও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর তো পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই যুদ্ধ থামান।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের বহু হতাহত হয়েছে।

জুনিয়র কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডে ব্রাজিল

‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠে গেল টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জয় ও একটিতে ড্র নিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্টে ফাইনাল রাউন্ড নিশ্চিত হয় সেলেসাও জুনিয়রদের।

আজ শনিবার (২৮ জানুয়ারি) কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে উঠলো ব্রাজিলের যুবারা।

‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-১ গোলে পরাজিত করে তারা। তৃতীয় ম্যাচে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কলম্বিয়ার সঙ্গে ড্র করে।

উল্লেখ্য, ‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফরম্যাট অনুসারে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পরবর্তী রাউন্ডে উঠবে। সেখানে সবাই সবার মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

রাষ্ট্রপতি :

মহামান্য রাষ্ট্রপতি হিসাবে আব্দুল হামিদের মেয়াদ পূর্ন হবে এপ্রিল মাসে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারীতেই জাতীয় সংসদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভব্য প্রার্থী হিসাবে অনেকেরই নাম শোনা যাচ্ছে তবে কোন নামই চুড়ান্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিবেন। এই নির্বাচনেও নির্বাচন কমিশন তফশিল ঘোষনা করবে। এবং জাতীয় সংসদেই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফশিলের শর্ত মেনে যে কেউ প্রার্থী হতে পারবেন। জাতীয় সংসদে যাদের সংখ্যাধিক্য তারাই রষ্ট্রপতি নির্বাচিত করে থাকে। তাই আওয়ামী লীগের প্রার্থীই নির্বাচিত হবেন নিশ্চিত। কিন্তু দল কাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে তা নির্ভর করবে দলীয় প্রধান শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যাকে পছন্দ করবেন তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি।

দলের বাইরে থেকে রাষ্ট্রপতি করার অভিজ্ঞতা আওয়ামী লীগের ভাল নয়। ড: মশিউর রহমান বা গওহর রিজভী নামের তালিকায় থাকলেও ভীতিটি সেখানেই। এই পদের জন্য দলের যে সব নেতাদের নাম গনমাধ্যমে প্রচার হয়েছে তাদের মধ্যে স্পিকার শিরিন শারমিনের নাম শীর্ষে রয়েছে। কিন্তু রাষ্ট্রের সর্ব্বোচ্চ দুই প্রধান পদে নারী নেতৃত্ব দেশের পুরুষদের প্রশ্নবিদ্ধ (!) করতে পারে। সঙ্কাটি শিরিন শারমিন কে আটকে দিতে পারে। মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক কিংবা সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের সবিনয়ে নিজেদের অযোগ্যতা প্রকাশ করেছেন। এই তালিকায় মতিয়া চৌধুরীর নামও ছিল। সম্প্রতি ডিপুটি লিডারের দায়িত্ব পাওয়ায় মতিয়া চৌধুরী এই তালিকা থেকে বাদ পরেছেন। একমাত্র নেতা আমির হোসেন আমু এখনো আলোচনায় রয়ে গেছেন। ১/১১ এর কারনে দলে অবস্থান ক্ষুন্ন হলেও রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতায় তিনিই এখন শীর্ষে।

আমির হোসেন আমু আওয়ামী লীগের রাজনীতিতেই বেড়ে উঠেছেন। সমালোচনা হলেও তিনিই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতায় এগিয়ে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আত্নিয় এবং কাছের মানুষদের একজন। সেই বিবেচনায় তাহলে কি আমির হোসেন আমুই দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এই পদে যিনি অধিষ্ঠিত হবেন জনগনের নেতা হবেন এই প্রত্যাশা সকলের।

রাষ্ট্রপতি দেশের অভিভাবক এবং ঐক্যের প্রতীক। জাতির নির্ভরতার আশ্রয় স্থল। মাননীয় প্রধানমন্ত্রীর উপর জনগনের আস্থা আছে, তিনি সঠিক সিদ্ধান্তই নিবেন। শিরিন শারমিন কিংবা আমির হোসেন আমু যিনিই নির্বাচিত হবেন তার জন্য আগাম অভিনন্দন রইল।

জয় বাংলা।।


আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা

শুরু হয়েছে বিএনপির পদযাত্রা

শুরু হয়েছে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা। এতে অংশ নিয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী।

আজ শনিবার (২৮ জানুয়ারী) বেলা আড়াইটায় রাজধানীর বাড্ডা সুবাস্ত ভ্যালির সামনের সড়ক থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। সেখানে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এরপর শুরু হয় পদযাত্রা।

পদযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্ত ভ্যালি মার্কেটের সামনে অস্থায়ী মঞ্চের পাশে জড়ো হন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছবি সম্বলিত ব্যানার। এই সময় তাদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড্ডার সুবাস্তু ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

অন্যদিকে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নতুন ব্যবসায় নামছেন আলোচিত মডেল-অভিনেত্রী সানাই

দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন। আর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এবার নতুন ব্যবসায় নামছেন সানাই। ‘শাড়ি’স বাই সানাই’ নামের ফেসবুক পেজে সার্চ দিলেই পাওয়া যাবে সানাইয়ের বাহারি শাড়ির কালেকশন। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ ঘোষণা দেন সানাই নিজেই। এসময় সঙ্গে সানাইয়ের স্বামী আবু সালে মুসাও ছিলেন।

নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি আমরা। আপনাদের সর্বাত্নক সহযোগীতা কামনা করছি।


-সানাই মাহবুব

লাইভে সানাই বলেন, ‘আমার ভেরিফায়েড পেজ থেকে অনলাইন ব্যবসা শুরু করব; পেজের নাম পরিবর্তন করতে হবে। এজন্য তিন মাস সময় লাগবে। যার কারণে ব্যবসাটি শুরুর জন্য তিন মাস সময় নিয়েছি।’

তিনি আরও বলেন, আমি গুলশানে থাকি বলেই শুধু গুলশান এলাকার বাসিন্দাদের জন্য শাড়ি বিক্রি করব এমনটা নয়। ধানমন্ডি বা রাজধানীর অন্য যে কোনো এলাকার বাসিন্দাদের কাছেও আমার পণ্য পৌঁছে দিতে চাই। আমি সব ধরণের ক্রেতার সঙ্গেই ব্যবসা করতে চাই।

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে আলোচনায় আসেন তিনি। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন।

বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি বিএনপির মরণযাত্রা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপিরঘোষিত পদযাত্রা কর্মসূচিকে বিএনপির মরণযাত্রা উল্লেখ করে বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা।

আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে। এভাবেই তারা পরাজিত হবে। আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে। রাজনৈতিক মরণ। এত লাফালাফি, এত ছোটাছুটি, এত লোটা-কম্বল, এত কাঁথা-বালিশ। সমাবেশ হলে সাতদিন ধরে সমাবেশস্থলে শুয়ে পড়ে, আর পাতিলের পর পাতিল খাবার তৈরি হয়, কোথায় গেল সে দিন। কোথায় গেল লালকার্ড? কোথায় গেল গণঅভ্যুত্থান? কোথায় গেল গণজোয়ার? গণজোয়ারে এখন ভাটার টান। তাই এটা পদযাত্রা নয়, পেছনযাত্রা। এটা পদযাত্রা নয়, মরণযাত্রা। তারা পরাজিত হবে, আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে রাজনৈতিক মরণ। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না। নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়।

কাদের বলেন, বিএনপি তো এখন কথার রাজা। মির্জা ফখরুল, কাজ নেই শুধু কথা আর কথা। শুধু কথার মালার চাতুরি। কাজ করছি, আর বাধ্য হয়ে তাদের কথার জবাব দিচ্ছি। তারা একতরফা মিথ্যাচার করবে। আমরা কী চুপচাপ বসে থাকব? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেল? কোথায় গেল গণজোয়ার? খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন।

সুইডেনের পর এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র আল-কোরআন

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর পর এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র আল-কোরআন। স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন মসজিদের কাছে এবং দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

আল-কোরআন পোড়ানোর ঘটনায় যুক্ত ‌রাসমুস পালুদান নামে ওই ব্যক্তি সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক। গত ২১ জানুয়ারি সুইডেনেও কোরআন পোড়ান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, রমজান মাসে বিভিন্ন স্থানে কোরআন পোড়ানোর ঘোষণা দিয়েছিলেন পালুদান। গত বছর তার এমন ঘোষণার পর সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। এবার সেই ঘোষণা মোতাবেক সুইডেনে ও ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন তিনি। এ ছাড়া পালুদান নামে ওই ব্যক্তি অঙ্গীকার করেছেন সুইডেন যতদিন ন্যাটোতে যোগ দেওয়ার অনুমতি না পাবে ততদিন প্রতি শুক্রবার কোরআন পুড়িয়ে বিক্ষোভ করা হবে।

এদিকে, শুক্রবার এই ঘটনার পর ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব কঠোর ভাষায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাসমুস পালুদানকে ‘ইসলামবিদ্বেষী মূর্খ’ উল্লেখ করে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে উৎসাহিত করার অর্থ হলো ইউরোপের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে আঘাত করা এবং বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষকে উস্কে দেওয়া।

উল্লেখ্য, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু ন্যাটোতে যোগ দিতে হলে জোটের সবার অনুমোদন প্রয়োজন। তুরস্ক সেই অনুমোদন দিচ্ছে না।

সূত্র : আলজাজিরা। 

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার ফরজ আলীর ছেলে শাহিনের বাড়ী থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই মাদক চোরাকারবারীর নাম মিজানুর রহমান (৩০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা ফিটিং করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় দুইটি মোটরসাইকেলের সীটের নিচে গাঁজা প্যাকিংরত অবস্থায় পুলিশ মিজানুরকে হাতেনাতে আটক করে।

পরে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ আরও জানায়, আটক মিজানুরের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, গাঁজাসহ আটক মিজানুরের বিরুদ্ধে শুক্রবার রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্বেষণ কেন্দ্রীয় সংসদের ভোটে সভাপতিঃ মাহদুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান নির্বাচিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ এর ৮ম নির্বাচন। (২৬ জানুয়ারি ) সকালে অনলাইন ইমেইল ভোটিং এর মাধ্যমে নতুন কমিটি গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ইমেইল ভোটিং এর ভোটার ইন্জিনিয়ার রোকনুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, আমাদের পছন্দের প্রার্থীদের নাম লিখে অনলাইন ইমেইল করে পাঠানোর মাধ্যমে আমরা ভোট প্রদান করেছি। ভালোই লাগছে এই ভাবে ভোট দিয়ে।

(২০২৩-২০২৪) নতুন কমিটি গঠন উপলক্ষ্যে অনলাইন ইমেইল ভোটিং এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোকাররমা খাতুন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অন্বেষণের সকল সদস্য অনলাইন ইমেইল ভোটিং এর মাধ্যমে ভোট প্রদান করেন। অনলাইন ইমেইল ভোটিং এর ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোকাররমা খাতুন ফলাফল ঘোষণা করেন। অনলাইন ইমেইল ভোটিং এর মাধ্যমে মাহমুদুল হাসান (রিগান) সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মশিউর রহমান (লাবু) নির্বাচিত হয়।

উল্লেখ থাকে যে অন্বেষণ ২০১৪ সাল থেকে অত্র এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র  বিতরণ,চিকিৎসার খরচ বহন,গরীব মেধাবী শিক্ষার্থীদের খরচ বহন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সাবলম্বীকরণ প্রজেক্ট, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।

উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় বই বিতরণ উৎসব

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার আনন্দে উল্লাসিত মহা খুশি। সারাদেশের ন্যায় উজানচর নুরে মদিনা সুন্নিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ১ম শ্রেণী হইতে ৫ম শ্রেণির নতুন বই।

অত্র মাদ্রাসার সভাপতি হাসান মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কল্যাণপুর হাজী আব্দুল হালিম আদর্শ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সালেহী তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার কারণে সারা দেশে বই বিতরণ সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কোরআন পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য আহবান জানান। তিনি মাদ্রাসার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে  উপস্হিত ছিলেন বাঞ্ছারামপুর কবরস্থান সংলগ্ন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী মো.আল-আমিন। কল্যাণপুর হাজী আব্দুল হালিম আদর্শ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন ও মো.সাদ্দাম হোসেন, বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস এর ইনচার্জ মো.শহীদ উল্লাহ্, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.নজরুল ইসলাম, উপদেষ্টা সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ ইকবাল। প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ আল-ক্বাদরী, মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা উসমান গনি আল ক্বাদরী, মো.মুজিবুর রহমান, সাংবাদিক মো.নাছির উদ্দিন, সদস্য সচিব মো.সেলিম মিয়া, উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবি উল্লাহ্ , ছাত্রদের অভিভাবকগণ ও এলাকার ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত  ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে ১০ জন নতুন শিক্ষার্থীকে পবিত্র আল-কোরআনের ছবক দেওয়া হয় এবং প্রতি বছরের ন্যায় শিক্ষার্থীদের শিক্ষা সফর  বিষয়ে আলোচনা করে ফ্রি সফরে যাওয়ার আহবান জানান, এবং মেধাবী শিক্ষার্থীদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পুরুস্কার প্রদান করা হয়, পরে ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন অতিথিগণ, সকল শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে মহা খুশি এবং পরিশেষে ছাত্রদের সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া কামনা করে  অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।