পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে চিনির নতুন দাম

দেশের বাজারে চলমান চিনির সংকটের মধ্যেই চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে খোলা ও কেজিতে ৪ টাকা বেড়েছে প্যাকেটজাত চিনির দাম। আগামী পয়লা  ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসআরএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি, ডলার বিনিময় হার বৃদ্ধি এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চিনির এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী পয়লা (১লা) ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি।

উল্লেখ্য, এর আগে গত ২০২২ সালের ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

ঠাকুরগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো দুই মোটরসাইকেল আরোহী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগায়ে গতকাল বুধবার ২৫ জানুয়ারি ট্রাকের চাপায় আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এদিন বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান ও রাশেদুল ঠাকুরগাঁও পৌরশহরের নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের বাসিন্দা।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই মোটরসাইকেল দুইজন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিলেন। তারা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। পরে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ঔই যুবককে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন।

অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের জাকির হোসেন বেশ কিছুদিন ধরে একই এলাকার ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনির ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যেক্ত করে আসছিল। প্রদিনের মতো ওই ছাত্রী আজ বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করার চেষ্ঠা করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযোক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে। নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমান আদালত মুরাদনগর থানা পুলিশকে অভিযোগক্তকে গ্রেফতার করে, দন্ডবিধি ৫০৯ দারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রধান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলাম প্রমূখ।

প্রতারনার দায়ে স্বামী-স্ত্রীর ৬ বছরের কারাদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় এক আইনজীবীর করা মামলায় স্বামী-স্ত্রীকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দিয়েছেন।

সম্প্রতি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, কুড়িগ্রাম পৌরসভার সরদারপাড়া এলাকার সৈয়দ মোল্লার ছেলে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুন।

বুধবার বিকেলে বাদি পক্ষের আইনজীবী আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় পৃথক দুটি ধারায় আদালত রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০১৭ সালে ১২ অক্টোবর বড়লেখা পৌরসভার বারইগ্রামের বাসিন্দা বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্তের বাসায় জীপসাম বক্স ও লাইটিংসহ যাবতীয় ডিজাইনের কাজ ১ লাখ ২০ হাজার টাকায় সম্পাদনের চুক্তি করেন রিপন মোল্লা। চুক্তি অনুয়ায়ী অগ্রিম ৫০ হাজার টাকা রিপন মোল্লার স্ত্রী জলি খাতুন গ্রহণ করেন। কিন্তু পরে তারা কোনো কাজ না করে গা ঢাকা দেন। দীর্ঘদিন অপেক্ষার পর টাকা ফেরত না পেয়ে আইনজীবী গোপাল দত্ত ওই বছরের ১২ ডিসেম্বর আসামিদের আইনগত বিজ্ঞপ্তি পাঠান। এতে কোনো সাড়া না পাওয়ায় গোপাল দত্ত ২০১৮ সালে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনের বিরুদ্ধে আদালতে (সিআর-৩০/১৮(বড়) মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

বিদ্যুতের অভাবে ৭০ বিঘা জমির চাষাবাদ অনিশ্চিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: একটি গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় নওগাঁর আত্রাই উপজেলার চাপড়া গ্রামে প্রায় ৭০ বিঘা জমিতে বোরো আবাদ চাষ অনিশ্চি হয়ে পড়েছে।

জানা গেছে, আত্রাই উপজেলার চাপড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর আওতায় প্রায় ৭০ বিঘা কৃষি জমির চাষাবাদে সেচ দেয়ার জন্য প্রকল্পের সংশিস্নষ্ট সব বিষয়াদি সম্পন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এর কার্যালয়ে যথানিয়মে বিদ্যুৎ সংযোগ
চেয়ে আবেদন করা হয়। পরে কর্তৃপক্ষ এলাকা সার্ভে করে। কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় সেচের অভাবে
কৃষকরা রোপা আমন ও বোরো ধান রোপণ করতে পারছেন না।

চাপড়া গ্রামের কৃষক মোতাজুল জানান,গত ইং ১৩/৬/২২তারিখে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ অফিসে বৈদ্যুতিক সংযোগ নিতে অফিস কর্তৃপক্ষের নিকট মিটার সংযোগ এর জন্য টাকা জমা প্রদান করা হয় লাইসেন্স নং২৩৩/২০২১-২২ নলকুপ শ্রেনি এসটিডাব্লু কৃষি জমি চাষাবাদের জন্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুতের গরিমশিতে সংযোগ না দেয়ায় সেচের অভাবে তারা ধানের চারা রোপণ করতে পারছেন না। গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রায় ৭০ বিঘা কৃষি জমিতে চাষাবাদের সুযোগ দেয়ার দাবি জানান তিনি। কিন্তু দরখাস্তকারীর বর্গাদার মোঃ আব্দুল কুদ্দুস পল্লী গত ১০/০১-২৩
তারিখে বিদ্যুত এর খুঁটিতে মিটার সংযোগ দিতে গেলে একই গ্রামের কৃষক (১) মোঃ সহিদুল(২)রতন সরদার পিতা মোঃআত্তাব আলী সরদার (৩)সাইফুল ইসলাম পিতা সহিদুল ইসলাম(৪)মোঃআত্তাব আলী সরদার (৫)সাত্তার সরদার (৬) মোঃ লেবু সরদারগং পল্লী বিদ্যুত এর খুঁটিতে মিটার সংযোগ দিতে বাঁধা সৃষ্টি করে এবং মার পিটের চেষ্টা করে ও প্রাণ নাষের হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করি।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম বিষয়টি আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ ডিজিএম কে ব্যবস্থা গ্রহনের নির্দ্দেশ দেন তারপরও এখণ পর্যন্ত মিটার সংযোগ দেয়া হয় নাই।

এ বিষয়ে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান জানান, যথা নিয়মে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলে তাকে মিটার সহ যাবতীয় যন্ত্রাংশ দেয়া হয় কিন্তু ওই গ্রামে কিছু সংখ্যক কৃষক তাদের পল্লী বিদ্যুৎতের খুটি থেকে সংযোগ নিতে গেলে ইরি- বেরো কৃষকরা বলেন আমরা স্কীম করতে পূর্বে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির নিকট থেকে চারটি পিলার টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে। আমরা কেন অভিযোগকারীকে বিনা খরচে মিটার সংযোগ দিতে দিবো।

এলাকাবাসীরা দাবী এ বিষয় আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ ডিজিএম দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে বিদ্যুতের অভাবে ৭০ বিঘা জমির চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়বে অন্যদিকে মিটার সংযোগ নিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছে।

রানীশংকৈলে কালের কন্ঠ শুভ সংঘের উদ‍্যেগে শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ বসুন্ধরা গ্রুপ কর্তৃক পরিচলিত দৈনিক কালের কন্ঠ’ পত্রিকা’র শুভ সংঘের উদ‍্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 এ উপলক্ষে এদিন দুপুর পৌরশহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওই স্কুলের অধ‍্যক্ষ গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সহ-সভাপতি হুমায়ুন কবির, আল হিকমা স্কুলের পরিচালক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকশেদ আলী, শুভ সংঘের সদস্য মাহাফুজ হাসান বকুলসহ উপজেলা শুভ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা এ সময় বলেন, ‘কালের কন্ঠ’র ‘শুভসংঘ দেশব্যপী শীতার্ত মানুষের মাঝে বিশেষ করে উত্তর অঞ্চলের অসহায় দারিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শুভ কাজে শুভসংঘের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে এবং থাকবে।’

উপস্থিত সুবিধাভোগীরা শীতবস্ত্র পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত ও তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ তুষারপাত ও তীব্র শীতে বিপর্যস্ত আফগানিস্তানে গত ১৫ দিনে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এক দশকের সবচেয়ে বেশি শীতে ৭০ হাজার গবাদিপশুও মারা গেছে।

এদিকে, তালেবান প্রশাসন আফগান নারীদের বেসরকারি সংস্থায় কাজ নিষিদ্ধ করার পর সম্প্রতি অনেক সহায্যকারী সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে।

তবে তীব্র শীতে মানুষ মারা গেলেও এই আদেশ পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন এক তালেবান মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বলেছেন, আফগানিস্তানের অনেক এলাকা এখন তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজ পরিচালনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল, তবে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি।

আগামী ১০ দিনের আবহাওয়া পূর্বাভাসে দেশটির তাপমাত্রা বাড়বে বলে জানান তিনি। তবে মানুষ ও গবাদিপশুর মৃত্যু বাড়তে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

আফগানিস্তানে শীতের তীব্রতা প্রচণ্ড। কিন্তু এবারে আবহাওয়া এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ। বেশকিছু এনজিও বন্ধ হয়ে যাওয়ায় এই বছরের ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত মাসের তালেবান সরকারের নির্দেশে আফগান নারীদের সাহায্য সংস্থায় কাজ করা থেকে বিরত রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে অনেক এনজিও।

২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ১৯ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্কঃ ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। বুধবার (২৫ জানুয়ারি) আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশন সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। মনোয়নপত্র যাচাই-বাছাই হবে সোমবার (১৩ ফেব্রুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)।

ভোটগ্রহণ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্য ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও জানান, একাধিক প্রার্থী হলে ১৯ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনি কর্তা ভোটের আয়োজন করবেন। নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম লিখে নিজের সই দিয়ে তা জমা দেবেন সংসদ সদস্যরা। ভোটের দিন গ্যালারিসহ সংসদ কক্ষে প্রার্থী, ভোটার, ভোট নেওয়ায় সহায়তাকারী কর্মকর্তা ছাড়া সবার প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন।

আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় দেশের সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সে কারণে রাষ্ট্রপতি পদে এবার নতুন কাউকে দেখা যাবে।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে- রাষ্ট্রপতি পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে একবার সংসদের কক্ষে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

“খেলা যখন শুরু হবে তখন বিএনপির আন্দোলন ভেস্তে যাবে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা যখন শুরু হবে তখন বিএনপির গনজোয়ারের নামে আন্দোলন ভেস্তে যাবে।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়, বাকশাল হচ্ছে জাতীয় দল। এটা একদল নয়, সব দল-সব মতকে নিয়ে বাকশাল। আর লজ্জা করে না! জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন, ডকুমেন্ট আছে। আপনাদের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেন, সেই বাকশালকে আপনি একদল বলছেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের আজকের কর্মসূচি পাল্টাপাল্টি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা?

কাদের বলেন, লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরেছেন মির্জা ফখরুল। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁক-ডাক, লোটা-কম্বল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।

তিনি বলেন, খেলা এখনো শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন? বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো, তাদের আন্দোলনের ঢেউ এসেছিল। এখন জোয়ার থেকে ভাটা নেমে গেছে।বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। তাদের গঠন করা জোট ভুয়া, জনগণ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

মায়ের দেহ থেকে সন্তানের মধ্যে নিপাহ ভাইরাসের অ্যান্টিবডি

স্বাস্থ্য ডেস্কঃ মায়ের দেহ থেকে সন্তানের মধ্যে নিপাহ ভাইরাসের অ্যান্টিবডি বা সম্ভাব্য রোগ প্রতিরোধ ক্ষমতার প্রবাহের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) আইসিডিডিআর,বি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণাটি প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, নবজাতক সন্তান মায়ের কাছ থেকে নিপাহ ভাইরাসের হিউমোরাল অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। এই গবেষণা প্রতিবেদনে প্রথমবারের মতো নিপাহ ভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তি থেকে অন্যজনে সম্ভাব্য রোগ প্রতিরোধ ক্ষমতার প্রবাহের নতুন তথ্য প্রদান করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসে মৃত্যুর হার আনুমানিক ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ এবং বাংলাদেশের ক্ষেত্রে এই হার ৭১ শতাংশ। এছাড়াও নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া ব্যাক্তিদের মধ্যে পরবর্তী সময়ে গুরুতর স্নায়ুবিক জটিলতা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গর্ভবর্তী নারীদের গর্ভাবস্থার শেষের দিকে এই জটিলতা আরও খারাপ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি মাসে নিপাহ ভাইরাসে ফরিদপুর জেলায় পাঁচ বছরের কম বয়সী একটি মেয়ে এবং তার মা সংক্রমিত হয়। তাদের উভয়েই খেজুরের কাঁচা রস পান করেছিল। দুঃখজনকভাবে, শিশুটি মারা যায় এবং মা গুরুতর স্নায়বিক জটিলতার শিকার হয়। ২০২১ সালের নভেম্বরে তিনি আবার গর্ভধারণ করেন এবং তিনি প্রসবের পূর্বে জাতীয় নিপাহ সার্ভেইল্যান্স কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধানে সেবা পেয়েছেন।

এরপর ২০১১ সালের আগস্টে তিনি একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দেন। রুটিন সারভাইভার ফলোআপের অংশ হিসেবে নবজাতকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং ভাটিকেল ট্রান্সমিশন বা মা থেকে থেকে শিশুতে সংক্রমণের সম্ভাবনা বাদ দেওয়ার জন্য রেফারেন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছিল। যদিও পরীক্ষা করে রেপিড ও পিসিআর টেস্টে নিপাহ সংক্রমণ পাওয়া যায়নি, কিন্তু অ্যান্টি-নিপাহ আইজিজি-র একটি উচ্চ টাইটার দেখতে পাওয়া যায়। এভাবেই প্রথমবারের মতো নিশ্চিত হওয়া যায় যে, মা থেকে সন্তানের মধ্যে নিপাহ ভাইরাসের হিউমোরাল এন্টিবডি পৌঁছে।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ জাতীয় নিপাহ সার্ভেইল্যান্সের প্রশংসা করে বলেন, আইসিডিডিআর,বি বাংলাদেশ সরকারের সাথে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব সনাক্তকরণ, রোগের সংক্রমণের ধরন এবং মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে থেরাপিউটিকস এবং ভ্যাকসিন তৈরিতে নতুন তথ্য ও উপাত্ত সংগ্রহে বিশ্বের দীর্ঘতম নিপাহ ভাইরাস সার্ভেইল্যান্স পরিচালনা করছে। নিঃসন্দেহে এটি একটি সফল প্রচেষ্টা এবং আমি আশা করি আমরা শিগগিরই নিপাহ ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং চিকিৎসা বের করতে পারব যা অনেক মানুষের জীবন বাঁচাতে সক্ষম হবে।

প্রসঙ্গত, নিপাহ ভাইরাস একটি জুনোটিক ভাইরাস (অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়) এবং এটি দূষিত খাদ্য অথবা সরাসরি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। টেরোপাস জেনাসের ফলখেকো বাদুড় এই ভাইরাসের প্রাকৃতিক ধারক এবং মহামারি সৃষ্টিতে সক্ষম রোগের মধ্যে এটি একটি। বাংলাদেশে ২০০১ সালে প্রথম এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয় এবং তখন থেকে এই জনবহুল দেশে প্রায় প্রতি বছরই অনেক মানুষ মারা যায়। আইসিডিডিআর,বির তথ্য অনুযায়ী ২৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত, মোট ৩৩১ জন মানুষ নিপাহ ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ২৩৬ জন মৃত্যুবরণ করেছেন।