আজ দেশব্যাপী সমাবেশ করছে বিএনপি

আজ বুধবার (২৫ জানুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি।

জানা যায়, আজ দুপুর ২টায় রাজধানী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও বেগম সেলিমা রহমান।

এছাড়া কেন্দ্রীয় এ কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা। গত ১৬ ডিসেম্বর গণ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

বরিশালে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়; চট্টগ্রাম থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী; রাজশাহী থাকবেন স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু; গাজীপুর থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু; কুমিল্লায় থাকবেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান; সিলেটে থাকবেন ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

ময়মনসিংহে থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু; রংপুরে থাকবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, খুলনায় থাকবেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী; নারায়ণগঞ্জে থাকবেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ফরিদপুরে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

একই দাবিতে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট। বেলা ২টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে সমাবেশ করবে এলডিপি। বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে সমমনা জাতীয়তাবাদী জোট।

এছাড়া বেলা ১১টায় মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক ঐক্য।

ইয়াবা ট্যাবলেটসহ ডিবির জালে কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে ১৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাসির মিয়া(৪০) নামে ১জনকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ডিবি তার গোপন সোর্সের মাধ্যমে জানতে পারে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিল্ডিংয়ের পাশে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজগামী রাস্তায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে সকাল অনুমান সাড়ে দশ টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর কোর্টের সামনে থেকে আসামি নাসির মিয়াকে আটক করে।

এসময় আসামিকে তল্লাশি করে তার হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।

আসামি নাসির মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, জনৈক রজব মিয়া নামের এক ব্যক্তি তাকে ইয়াবা ট্যাবলেটগুলো সরবরাহ করেছে। আটককৃত আসামি নাসির মিয়া ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে নিয়ে আসে।

এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্য দিকে পলাতক আসামি রজব মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযান চলমান।

শিবির সন্দেহে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

 শিক্ষা ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দুই শিক্ষার্থীকে শিবির সন্দেহে নির্যাতন করার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ঢাবির রাজু ভাস্কর্য থেকে এ মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দ্রুতই নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে শাহবাগ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক চর্চার একটি জায়গা। এখানে যেকোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তাদের কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। কিন্তু ক্ষমতাসীন সংগঠনগুলো দল ও মত দমন করে থাকে। শুধু তাই নয়, তাদেরকে হলে থাকতে দেওয়া হয় না। মাত্র ৪১ শতাংশ শিক্ষার্থী হল সুবিধা পেয়ে থাকেন। সেই ৪১ শতাংশ যে বিশ্ববিদ্যালয়ের নির্মম নির্যাতনের মধ্য দিয়ে চলে তা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফল বিশ্লেষণ করলেই বোঝা যায়।

তিনি আরও বলেন, ঢাবির হলগুলোতে শিক্ষার্থী নির্যাতন, আবু গারিব কারাগারের কথা মনে করিয়ে দেয়। হলগুলোতে যারা দায়িত্বে থাকেন, তারা বেতনও নিয়ে থাকেন। অথচ তারা শুধু ১৬ ডিসেম্বর আর ২৬ মার্চে হলগুলোতে যান। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার সময় তাদের দেখা যায় না। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাই।

কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দুই ছাত্রকে নির্যাতন করা হয়েছে। এভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, গণরুম-গেস্টরুমে শত শত শিক্ষার্থীকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে। কখনও কখনও কিছু ঘটনা গণমাধ্যমে উঠে আসে, আমরা সেগুলোর প্রতিবাদ করি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে প্রতিটি নাগরিকের প্রতিবাদ করার অধিকার রয়েছে, সভা-সমাবেশ করার অধিকার রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২২ জানুয়ারি) বিজয় একাত্তর হলে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে। এতে রাত ১১টা থেকে সোমবার সকাল পর্যন্ত কয়েক ধাপে তাদের নির্যাতনের ঘটনা ঘটে। পরে সকালে হল প্রভোস্ট উভয় পক্ষের কথা শোনেন এবং ভুক্তভোগীকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন।

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স

আন্তর্জাতিক ডেস্কঃ জেসিন্ডা আর্ডান পদত্যাগ করার পর নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্স। আজ বুধবার (২৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ক্রিস হিপকিন্স সেদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি বেশ খ্যাতির সাথে করোনাকালীন সময়ে তার মন্ত্রণালয় চালিয়েছেন।

শপথ নিয়ে ক্রিস হিপকিন্স বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, মহামারি-পরবর্তী অর্থনীতিকে চাঙা করাই তার প্রথম এবং প্রধান কাজ। তার রাজনৈতিক প্রতিশ্রুতি হল, সকল কিউইদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা, যারা কঠোর পরিশ্রম করতে চায়। এছাড়া প্রতিটি নাগরিক যেন তাদের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারে এবং পরিবারের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে পারে।

এদিন ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন।

গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা। তিনি বলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং করোনা মহামারি সামলাতে হয়েছে তাকে। এবার কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাজ এবং পরিবারের সঙ্গে থাকতে চান তিনি।

পার্লামেন্টে এ কথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন জেসিন্ডা। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সদস্যরা কার্যত হতবাক হয়ে পড়েছিলেন।

এদিকে, আজ বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসবেন ক্রিস হিপকিন্স।

মেট্রোরেলের পল্লবী স্টেশন সচল হলো আজ থেকে

অনলাইন ডেস্কঃ মেট্রোরেলের পল্লবী স্টেশন সচল হচ্ছে আজ থেকে। উত্তরা ও আগারগাঁওয়ের পর এবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের পল্লবী স্টেশনের দুয়ার। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার পর পল্লবী স্টেশনে এসে থামে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।

এম এ এন সিদ্দিক বলেন, আপাতত মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই। তবে নতুন নতুন স্টেশন চালু হবে। ২৬ মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রোরেল থামানোর পরিকল্পনা আছে। গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল।

উল্লেখ্য, ২০১২ সালে নেয়া মেট্রোরেল প্রকল্প এক দশক পর আংশিক চালু হয়েছে। চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে ১৭টি স্টেশন থাকছে। মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় ২০২১ সালের আগস্টে। ১৬ মাস পর গত ২৮ ডিসেম্বর সাতটি স্টেশনের মধ্যে মেট্রোরেল চালু হয়।

 

প্রতিবন্ধী ভাতা দেয়ার উসিলায় প্রতারণা, প্রতারক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী পরিবারদের থেকে শুকৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সায়েফ আলী (৪০) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউপি এলাকায় স্থানীয় জনতা আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত ব্যক্তি সায়েফ উপজেলার সদর ইউনিয়নের মিম্বর আলীর ছেলে।

প্রতারক সায়েফ আলী (৪০)

এলাকাবাসী ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রতারক সায়েফ দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী পরিবারদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২৪ জন অসহায় ব্যক্তির পরিবারের কাছ থেকে এ পর্যন্ত বড় অঙ্কের অর্থ ও হাতিয়ে নেয় তিনি। সোমবার বিকালে টিলাগাঁও ইউনিয়নে এক প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে প্রতারণার চেষ্টাকালে কৌশলে তাকে আটক করে ফেলে এলাকাবাসী। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রতারক সায়েফকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, সায়েফ দীর্ঘদিন থেকে এ প্রতারণার সাথে জড়িত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, উপজেলা প্রশাসন এক ব্যক্তিকে তুলে দেন তার বিরুদ্ধে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (২৪জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় প্রায় ৭ লাখের বেশি মানুষ

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজ পেয়েছেন ৩০ হাজার ২৭২ জন। আর এখন পর্যন্ত এ ডোজের আওতায় এসেছেন ৭ লাখ ৪ হাজার ৭৪৯ জন। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী প্রথম ডোজের টিকার আওতায় এসেছে ৪১ হাজার ৬৪৭ জন। দ্বিতীয় ডোজের আওতায় ৪ লাখ ৫১ হাজার ৯৬৬ জন এবং বুস্টার ডোজের আওতায় ৫৪ হাজার ২৮৩ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় এসেছেন ৩০ হাজার ২৭২ জন মানুষ।

করোনার টিকা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১৫ কোটি ২ লাখ ১৯ হাজার ৪ জন। দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ১৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ৭২১ জন। বুস্টার (তৃতীয়) ডোজের আওতায় এসেছেন ৬ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৭৭৬ জন। আর দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের আওতায় এসেছেন ৫ লাখ ৯৫ হাজার ৪ জন।তাদের সবাইকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এরমধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীকে (১২ থেকে ১৭ বছর বয়সী) টিকার প্রথম ডোজ টিকা এবং ১ কোটি ৬২ লাখ ৩২ হাজার ২৯৫ জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৩৪৬ জন শিশুকে (৫ থেকে ১১ বছর বয়সী) করোনা প্রথম ডোজ এবং ৭৫ লাখ ১৬ হাজার ৯৫৩ জন শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ২৬ হাজার ৩২০ জন।

নেত্রকোণায় ভেজাল অসাস্থ্যকর খাবার ও পলিথিন ব্যবহার করার অপরাধে জরিমানা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় বিভিন্ন দোকানে ভেজাল অসাস্থকর খাবার ও পলিথিন ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার মেছুয়া বাজার ও বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনে লোকনাথ স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স শিবু স্টোর ১ হাজার ৫০০ টাকা, আল আমিন স্টোরকে ৭ হাজার টাকা ও হেলিম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সহযোগী হিসেবে ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতি, নেত্রকোণা সদর থানার এ এস আই অঞ্জন সরকারসহ তার সহযোগিরা।

মৌলভীবাজারে দেখা মিললো দেশের অন্যতম ছোট মসজিদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পর্যটন কেন্দ্রের পাশাপাশি দেখা মিললো দেশের অন্যতম এক ছোট মসজিদের। মসজিদটি জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার কাজী খন্দকার মাজারের পাশেই অবস্থান। এলাকাবাসীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, চুন, সুরকি ও ইটের তৈরি প্রায় ২০০ বছরের পুরোনো এক গম্বুজবিশিষ্ট ভেতরে রয়েছে একটিমাত্র কক্ষের মসজিদ।

একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন ইমামসহ পাঁচজন। ভেতরে জায়গা রয়েছে মাত্র ছয় ফুট। বিভিন্ন সময় সংস্কার কাজ করানোর ফলে এখনো মসজিদটির সৌন্দর্য ও ঐতিহ্য বহাল রয়েছে। তবে এখন আর নামাজ আদায় করা হয় না এই মসজিদে। প্রায় ২০০ বছর আগে ওই এলাকার মাটির নিচে কিছু ইট পাওয়া গিয়েছিল। ইটের পাশেই ছোট এই মসজিদটির অবস্থান ছিল। টিলার ওপরে অবস্থান হওয়ায় প্রথম দেখে বোঝার উপায় নেই এটি মসজিদ। তবে উপরিভাগের গম্বুজ জানান দিচ্ছে এটি আসলে একটি মসজিদ।

ব্রাহ্মণগাঁও কাজীখন্দকার মাজারের পাশে অবস্থিত কালের সাক্ষী এই নিদর্শনটি এলাকায় ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় নেই মসজিদটি। স্থানীয় অনেকেই জানালেন, তাদের পূর্বপুরুষরা বলে গেছেন, এলাকাটি একসময় গভীর অরণ্য ডাকা ছিল। জমিদারি প্রথা বিলুপ্তির পর জঙ্গল কেটে আবাদি জমি তৈরির সময় মাটির নিচে এই মসজিদ পাওয়া যায়।

এরপর সেটি সংস্কার করা হয়। আরো জানা যায়, কে কখন এটি নির্মাণ করেছেন তার সঠিক কোনো তথ্য জানেন না। তবে এটা প্রাচীন স্থাপত্য। আলাপচারিতায় মাজার কমিটির স্থানীয় সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, ধারণা করা হয় গৌড় জনপদের মধ্যযুগের স্থাপনা এই মসজিদটি। তখন এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা খুব কম ছিল।

চায়ের সঙ্গে ধূমপান করে ডেকে আনছেন মারাত্মক বিপদ

লাইফস্টাইল ডেস্কঃ বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা কাজের ফাঁকে গরম চায়ের সঙ্গে জ্বলন্ত সিগারেট! সাময়িকভাবে হইতো আপনাকে আনন্দ দেয়। কিন্তু এর ফলে আপনি আপনার শরীরের সর্বনাশ ডেকে আনছেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা সবার জানা বিষয়। এর ক্ষতির বিষয়ে সিগারেটের প্যাকেটেও প্রচার করা হয়।

প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে ঘটা করে তামাক বর্জন দিবস পালন করা হয়। কিন্তু তাতেও বিশেষ কোনো পরিবর্তন আসে না। বেশিরভাগ মানুষই হাতে চায়ের কাপ নিয়ে, ঠোঁটে রাখেন জ্বলন্ত সিগারেট। কিন্তু গবেষণা বলছে, এই অভ্যাস বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি।

বিশেষজ্ঞদের মতে, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় এবং পাশাপাশি দিনে অতিরিক্ত চা পান করেন, তাদের খাদ্যনালিতে ক্যানসারের ঝুঁকি বেশি। এ ছাড়া ধূমপায়ীরা অতিরিক্ত চা পান করলে ক্যানসার ঝুঁকিও বেশি থাকে।

অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, যারা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত চা পান করাটা খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

আমেরিকার এক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকাই হচ্ছে, এই ক্যানসার প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। তবে ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। তামাক ও অ্যালকোহল দুটো থেকে দূরে থাকাই হচ্ছে এই ক্যানসার প্রতিরোধের ভালো উপায়।

৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী সাড়ে ৪ লাখ ব্যক্তির ধুমপান, মদ্যপান এবং চা-পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল গবেষণার জন্য। যখন গবেষণাটি শুরু হয়েছিল, তাদের কারোর ক্যানসার ছিলো না। এই সাড়ে চার লাখ মানুষের তথ্য সংগ্রহের পরবর্তী নয় বছরে ১ হাজার ৭৩১ জনের খাদ্যনালির ক্যানসার দেখা দেয়।

যারা অতিরিক্ত চা পান করেন, মদ্যপান করেন এবং ধূমপান করেন তাদের খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি থাকে পাঁচগুণ। তাই ধূমপান থেকে নিজেকে দূরে রেখে ক্যানসার প্রতিরোধে সচেতন হয়ে ওঠা জরুরি।