‘মেন্টাল হেলথ’ প্রশিক্ষণ দেয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

শিক্ষা ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সব শিক্ষককে ‘মেন্টাল হেলথ’ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। গতকাল রোববার (২২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মেন্টাল হেলথ (মানসিক স্বাস্থ্য) বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আজ সোমবার (২৩ জানুয়ারি) থেকে মেন্টাল হেলথ বিষয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। এটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।

উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের সব বিষয়ের শিক্ষককে ‘মেন্টাল হেলথ’ বিষয়ক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উন্নত সমাজ নির্মাণে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রশিক্ষণ জরুরি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য; এই দুয়ের বিকাশের জন্য প্রশিক্ষণ জরুরি। শুধু এমনটি নয় যে, যাদের মধ্যে মানসিক সমস্যা আছে, অথবা খানিকটা বিষণ্ণতায় আছেন তারা আমাদের টার্গেট। বরং মানসিক সুস্থতায় ভরপুর একটি পৃথিবী এখন সবার কাম্য।

তিনি আরও বলেন, কোভিডের যে অভিঘাত আমরা সহ্য করেছি এরপর আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে মনে হয়েছিল, এত মৃত্যুর মিছিল দেখার পর পৃথিবীর মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কিন্তু বাস্তবে দেখলাম পৃথিবী বড় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিপ্ত হয়েছে। আমার তো মনে হয় মানসিক অসুস্থতা এবং বিষণ্ণতার এটিই সবচেয়ে বড় উদাহরণ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন ও শ্রেণিকক্ষে পাঠদানের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মৌলভীবাজারে পাইথন (অজগর) উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের কালাছড়া গ্রাম থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম। রবিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরিবেশকর্মী খোর্শেদ আলম বনবিভাগের লোকদের নিয়ে এটি উদ্ধার করেন।

গোয়ালবাড়ী ইউনিয়নের আহমেদ আল হোসাইন জানান, তার মামা নাজমুল ইসলাম জমিতে গরু বেঁধে রাখার সময় দেখতে পান একটি সাপ। এসময় সাপটি একটি গর্তে ঢুকে যাচ্ছিল। তিনি সাপটিকে না মেরে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে সাপটিকে নিয়ন্ত্রণে এনে পাথারিয়া বন্যপ্রাণী টিমের সদস্য পরিবেশকর্মী খোর্শেদ আলমকে খবর দেন। এরপর তিনি বন বিভাগের লোকজনকে নিয়ে ঘটনাস্থলে  এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

পরিবেশকর্মী খোর্শেদ আলম বলেন, অজগর সাপটি ৫ থেকে ৬ কেজি ওজনের হবে। এই এলাকায় এর আগে এমন সাপের বিচরণ দেখা যায়নি। হঠাৎ করে সাপটি লোকালয়ে দেখা যায়।

বনবিভাগ জানায়, এটি একটি বিরল প্রজাতির সাপ (বার্মিজ পায়থন) অজগর। পাহাড় থেকে খাদ্যের সন্ধানে বন থেকে বেরিয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বনবিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা ফরেস্টার মোঃ রুমিজজামান হোসেন  জানান, স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলম আমাকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক তার সাথে গিয়ে আমরা সাপটি উদ্ধার করে বিকেলে লাঠিটিলা বনের লাঠিছড়ায় অবমুক্ত করনের আগে শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে অবমুক্তকরণ করা হয়।

বগুড়ার শাজাহানপুরে কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় মোছাঃ মিম আক্তার (১৩) নামে উপজেলার আড়িয়া ইউনিয়ন রহিমাবাদ মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিম আক্তার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি পেশায় একজন ভ্যান চালক। স্থানীয় প্রতিবেশী জানান,মিমদের বাড়িতে চিৎকার শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি ওই কিশোরী টিন ঘরের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাশ ঝুলছে।পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবগত করেন।

তিনি আরও জানান,মিম দুই বোন।সে ছোট ছিল।মিম আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রহমান জানান, ‘আত্মহত্যার খবর পেয়ে রহিমাবাদ মধ্যেপাড়া ঘটনাস্থলে এসেছি। ওই কিশোরীর লাশ উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, লাশটি উদ্ধার করা হলে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হবে।

ফুলবাড়ীতে সাড়ে ২৫ কেজি গাঁজা সহ চোরাকারবারি গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ এক মাদক চোরাকারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (২২ জানুয়ারি) রাত ১ টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া  জাকলাটারী এলাকা হতে তাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রশিদুল ইসলাম (৩৩)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মানববন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন করেন স্থানীয় চা শ্রমিক কৃষক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান বৌদ্ধভূমির পাশে রোববার সকাল ১০ টা সময় মানববন্ধন করেন চা শ্রমিকরা।

মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন চা শ্রমিকদরা। কর্মসূচিতে বক্তাদের মধ্যে দুলাল কাহার বলেন প্রায় দুই’শ বছর ধরে বসবাস করে আসছি আমরা। পাহাড় জঙ্গল পরিষ্কার করে ধান চাষ করছি এই জমি কোনোভাবে বিফলে যেতে দেব না। এই জায়গা নিয়ে নিলে আমরা কোথায় যাব! কি করে চলবে আমাদের সংসার। বাবুল দোষাদ বক্তব্যে বলেন, যেখানে প্রধানমন্ত্রী কথা দিয়েছে চা শ্রমিকরা ভূমিহীন থাকবে না যার যার জায়গা নিজেদের নামে করে দিবে আজ কেন চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণ করতে চায়। আমরা যাব কোথায় প্রতিটি ঘরে দুই তিনটি সংসার বসবাস করে আসছে এক ঘরেই গরু ছাগল নিয়ে ঘুমাতে হয় আমাদের। এইদিকে নিজের জমিতে ঘর বানাতে চাইলে বাগান ম্যানেজমেন্ট বাঁধা দেয় আর অন্যদিকে প্রভাবশালীরা আমাদের ধানী জমিতে জোরপূর্বক ভাবে স্টেডিয়াম নির্মাণ করতে চায়।

সামেলিয়া হাজরা ও বাবুল দোষাদ বলেন, আমরা মামলা করেছি সরকারের বিরুদ্ধে ২০১৫ সালে নিজেদের জায়গা নিজেদের নামে নামজারির জন্য এখনো কোনো খবর পাওয়া যায়নি কোর্ট মাধ্যম হতে।

রাণীশংকৈলে দুই দিনব্যাপি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মুসকান স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাব মাঠে দুই দিনব্যাপি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯ টায় অনুষ্ঠিত হয়।

চুড়ান্ত খেলার ফলাফলে রাহবার এন্টারপ্রাইজ দল ২-১ সেটে মুসকান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এর আগে ফাইনাল খেলার অনুষ্ঠানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মুসকান স্পোর্টিং ক্লাবের পরিচালক এ্যাডভোকেট শেখ ফরিদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহসভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌরমেয়র ও উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা প্রমুখ।

এ ছাড়াও উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ও গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম. সহকারি শিক্ষক হাফিজউদ্দিন, পৌর কাউন্সিলর ইশাহাক আলীসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। ধারাভাষ্যে ছিলেন ছাত্রলীগ নেতা তামিম হোসেন।

পরে অতিথিরা পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দলের পক্ষে রিয়াজুল ও প্রতিককে এবং রানার আপ দলের পক্ষে তারেক ও ফয়সালকে ট্রফি প্রদান করেন।

নওগাঁর পত্নীতলায় চাপা শুটকী তৈরী করে লাভবান হয়েছেন বিশ জন গৃহিনী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ চাপা শুটকী তৈরী করে সমবায় ভিত্তিতে অর্থনৈতিকভাবে  আত্ম নির্ভরশীল হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ২০ জন গৃহবধৃ। তাঁদের সাংসারিক নৈভিত্তিক কাজের অবসরে সমন্বিতভাবে চাপা শুটকী তৈরীর কাজ করছেন।

পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের নিলুফা বেগম। আকবরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস‍্য। তিনি পেশায় গৃহিনী। মৎস্য বিভাগের পরামর্শ এবং প্রয়োজনীয় প্রশিক্ষন গ্রহণ করে একই পার্শ্ববর্তী আরও ১৯ জন গৃহিনীকে সাথে নিয়ে সমিতি গড়ে তোলেন। তারা চাপা শুটকী তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন।

এখন থেকে ৬ মাস আগে প্রথম পর্যায়ে বাজার থেকে  ৬০ কেজি পুঁটি মাছ ৩০০ টাকা কেজি করে ক্রয় করেন। সেই মাছের নারী ফেলে দিয়ে তেলগুলোকে বোতলে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। সেই পুটিমাছ নির্দিষ্ট সময় শুকিয়ে নেয়া হয়। পরবর্তীতে ঐ শুটকী মাছ আগে থেকেই সংরক্ষিত মাছের তেলের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। পরে একইভাবে মাটির মটকী (বড় পাত্র) র অভ্যন্তরে ঐ মাছের তেল দিয়ে মেখে নিয়ে তার ভিতর পুঁটি মাছগুলো ভালোভাবে গেঁজে গেঁজে পুরেফেলতে হবে। এরপর মাটির ঐ পাত্রের মুখ বিশেষভাবে বন্ধ করে মাটির নিচে পুঁতে রাখতে হবে।

এভাবে দীর্ঘ ৬ মাস মাটির নিচে পাত্রগুলোকে রাখতে হবে। ৬ মাস পর এগুলো প্রকৃতভাবে খাওয়ার উপযোগী হয়।

চাপা শুটকী’র উদ্যক্তা নিলুফা বেগম জানিয়েছেন প্রথম পর্যায়ে ৬০ কেজি পুঁটি মাছের শুটকী তৈরী করেছেন। তৈরী হওয়ার পর ওজন তিনগুন হয়ে থাকে। অর্থাৎ পুরোপুরি শুটকী হওয়ার পর এর ওজন হয়েছে ১৮০ কেজি। এসব শুটকীর চলমান বাজার রয়েছে  নাটোর এবং ঢাকা। এসব বাজারে বর্তমানে প্রতি কেজি শুটকীর মূল্য ৬০০ টাকা। সেই হিসাবে তাদের তৈরী চাপা শুটকীর বিক্রি মূল্যপাবেন ১ লাখ ৮ হাজার টাকা। সব মিলিয়ে তাদের খরচ হয়েছে সর্বোচ্চ ২০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তারা নীট লাভ করবেন প্রায় ৯০ হাজার টাকা। সংসারের সব কাজ সময় মত সম্পাদন করেও  অতিরিক্ত হিসেবে এই আয় করছেন।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান বলেছেন চাপা শুটকী খুব উপাদেয় এবং সুস্বাদু খাবার। এটি লাভ জনকও বটে। পত্নীতলা উপজেলার রাউতারা গ্রামের এসব মহিলারা চাপা শুটকী তৈরী করে লাভবান হয়েছেন। এ ব্যপারেরে যদি কেউ বা কোন গোষ্ঠী বানিজ্যিক ভাবে চাপা  শুটকী তৈরী করতে চান তাহলে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

কমলগঞ্জে বিট পুলিশিং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত বিভিন্ন রকম অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুরে পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া ও এনটিসি’র ডিজিএম সামছুল ইসলাম, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ বদরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লক্ষী নারায়ণ সিংহ, ইউপি সদস্য সাবিদ আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, মোতাহের আলী, মহিলা সদস্য বীনা রানী, চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু প্রমুখ।

বিট পুলিশিং সভায় ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথি বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ জুয়া, মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা নিয়ে আলোচনা করে জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন পাশাপাশি জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

সিরিয়ায় ভবন ধসে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২২ জানুয়ারি) দেশটির আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, পানি লিকেজ হয়ে পাঁচ তলা ভবনটির ভিত্তি দুর্বল হয়ে এ ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী (আসাদ বাহিনী) ও তাদের মিত্র রাশিয়া ব্যাপক বোমা হামলায় শহরটির অনেক ভবন ক্ষতবিক্ষত হয়। ফলে গত কয়েক বছরে শহরটির অনেক ভবন ধসে পড়েছে।

ওই যুদ্ধে গৃহহীন হয়ে পড়া বহু সিরীয়কে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই পুনর্বাসন করা হয়েছে। সেই ভবনগুলো সংস্কার বা মেরামতের ব্যবস্থাও করা হয়নি।

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহে ৬ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের ৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- নুরুল হক ফকির, নাকিব হোসেন আদিল সরকার, শামসুল হক ফকির, সাইদুর রহমান রতন, মোখলেছুর রহমান মুকুল ও সুলতান মাহমুদ ফকির।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৭১ সালের জুন-জুলাইয়ে ত্রিশাল উপজেলার আহমেদাবাদে এক স্কুলে ক্যাম্প স্থাপন করে রাজাকার বাহিনী। ওই সময়ে বীর মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করতেন কাকচর গ্রামের ইউনুছ আলী। ওই ক্যাম্পে ইউনুছকে আটক করে নিয়ে যান ২০ থেকে ২৫ জন ব্যক্তি। নির্যাতনের পর ১৫ আগস্ট ইউনুছকে গুলি করে হত্যা করা হয়।

এ ছাড়া ওই ক্যাম্পে লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ চালায় রাজাকার বাহিনীর সদস্যরা। এসব অভিযোগে ২০১৭ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত শুরুর পর ৩১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় চার্জগঠন করে বিচার কাজ শুরু করেন। তবে চার্জশিটে আসামির সংখ্যা ছিল ৯ জন।

এর আগে, ২০১৫ সালে ময়মনসিংহের বিচারিক আদালতে এ মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন। পরে আদালতের বিচারক আবেদা সুলতানা মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।