আরব আমিরাতে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করলেই কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ কর্তব্যরত থাকাকালীন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের দায়ে নিয়োগকর্তার ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজা হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন গতকাল শনিবার (২১ জানুয়ারি) যুগান্তকারী এই ঘোষণা দিয়েছেন। খবর গালফ নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে এই বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বা তাদের লাঞ্ছিত করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে ব্যাখ্যা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ২০২১ সালের ফেডারেল ডিক্রি আইন ৩১-এর ২৯৭ ধারার পেনাল কোড (অপরাধ এবং দণ্ডের আইন) অনুযায়ী, কোনও ব্যক্তি যদি আমিরাতের সরকারি কোনও কর্মচারী বা সরকারি কর্মীর দায়িত্বের মধ্যে পড়ে এমন কোনও কাজ করতে বা এড়িয়ে যেতে বাধ্য করার অভিপ্রায়ে তার ওপর বলপ্রয়োগ, সহিংসতা বা হুমকি দেন তাহলে তাকে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

তবে এই অপরাধ পূর্বপরিকল্পিত বা একাধিক ব্যক্তির মাধ্যমে সংঘটিত হলে বা অপরাধী স্পষ্টভাবে অস্ত্র বহন করলে বা অপরাধের সাথে জড়িত থাকলে এই সাজা সর্বোচ্চ এক বছর পর্যন্ত হতে পারে। পাশাপাশি এক লাখ আমিরাতি দিরহামও জরিমানা করা হবে।

একটি গোষ্ঠী পাঠ্যবই নিয়ে মিথ্যাচার করছেঃ শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ একটি গোষ্ঠী পাঠ্যবই নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ১০ম সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রের অন্য উপায় না পেয়ে এখন পাঠ্যক্রমের ওপর চড়াও হয়েছে। সামাজিক যোগযোগমাধ্যমে পাঠ্যবই নিয়ে মিথ্যাচার করছে এই অপশক্তি। অথচ পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কোনো কিছুই নেই।

ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিষয় আছে বলে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আরও বলা হচ্ছে- ইসলাম ধর্ম সংক্রান্ত সব বিষয় সরিয়ে দিয়ে ভিন্নধর্মী জিনিসপত্র আনা হয়েছে, এটি একেবারেই অসত্য। মূলত তিন বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে। যে বইটি এখন সেখানেও চলে না। আমার ছবি লাগিয়েও নানাভাবে অপপ্রচার চালাচ্ছে অপশক্তি। তাঁদের আপনারা সবাই চেনেন। তাঁরা শুধু মিথ্যাচার করে দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়।

পাঠ্যবইয়ের ভুল শনাক্তকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। সেই ভুলের মধ্যে একটি খুব বড় তথ্যগত ভুল হচ্ছে, বঙ্গবন্ধুর শপথ গ্রহণ বিষয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, ২০১৩ সাল থেকে প্রত্যেক বছরের বইয়ে এই ভুল ছিল। কিন্তু কখনও কারও চোখে পড়েনি সেটি। এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছে বলেই ভুলটি ধরা পড়েছে। আমি শিক্ষার্থীদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে পাঠ্যবইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ, এটি পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরও নির্ভুল করতে আমাদের সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরের বায়েজিদ আরেফিন নগরে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তনে ৬ জনকে এনডি মাতসুই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে ১৮ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা। করোনাভাইরাসের কারণে বিগত তিন বছর সমাবর্তন হয়নি। যে কারণে এবার ২০২০, ২০২১, ২০২২ সালের স্নাতক সম্পন্ন করা তিন শতাধিক শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাপানে আবাসিক ভবনে আগুন লেগে ৪জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পশ্চিমাঞ্চলের কোবে শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার পর জরুরি নম্বরে কল করে দমকল বিভাগকে জানানো হয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কোবে দমকল বিভাগের মাসাতোশি সুমিতানি বলেন, অগ্নিকাণ্ডে আহত চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।

কোবের ওই এলাকার অন্যান্য ভবনের বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির অধিকাংশ বাসিন্দাই পুরুষ বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার পর ওই ভবনের প্রথম তলার জানালা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশ তদন্ত শুরু করছে বলে মাসাতোশি জানিয়েছেন।

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত

অনলাইন ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও তার শ্যালক সৌরভ মাতুব্বর (১৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহমুদ জানান, ঘটনাস্থলে শালা দুলাভাই মারা যান। মেয়েটিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডেঙ্গুতে মৃত্যু আরও একজনের

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।

গতকাল শনিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯ জন ঢাকায় এবং ২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

ব্রাজিলে বরখাস্ত করা হলো সেনাপ্রধানকে

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পর দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদা সাবেক প্রেসিডেন্ট লুলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। 

বরখাস্ত হওয়া জেনারেল জুলিও সিজার ডি আররুদা গত ৩০ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্বে এসেছিলেন। সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে।

কয়েক দিন আগে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তদন্ত শুরু করে।

তদন্তে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকেও অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের প্রসিকিউটররা বলছেন সাবেক প্রেসিডেন্ট গত বছরের রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করায় দাঙ্গা সংঘটিত হয়ে থাকতে পারে।

রাজধানীর দাঙ্গাকারীদের বাঁধা না দেওয়ায় সামরিক বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর জের ধরে গত এক সপ্তাহে কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

অনলাইন ডেস্কঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গীর তুরাগ পাড়ে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়ে দীর্ঘ ২৯ মিনিট চলে।

মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লীর মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ। মোনাজাতে দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করা হয়। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি ও পাপ থেকে মুক্তির মিনতি জানানো হয়। এ সময় লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা ময়দান।

এর আগে, মাওলানা ইউসুফ হেদায়েতি বয়ান করেন। হেদায়েতি বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ মনসুর।

এ দিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন। ভোর ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ থেকে ছেড়ে আসা আবদুল্লাহপুর-টঙ্গীগামী প্রতিটি বাসে ছিল ব্যাপক ভিড়। রামপুরা, বাড্ডা, নতুনবাজার এলাকায় অনেক মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাসে উঠতে না পেরে কেউ কেউ বাইকে আবারও অনেকেই রিকশা বা হেঁটে আখেরি মোনাজাতে যোগ দেন।

প্রথম পর্বের সাতজন এবং দ্বিতীয় পর্বের ছয় জনসহ এবার বিশ্ব ইজতেমায় ১৩ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শাহরুখ খানের রূপে দেখা গেল ক্রিকেটার আশরাফুলকে

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খান ও কাজল অভিনীত কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি বাংলাদেশে পুনর্নির্মাণ করা হয়েছে। ঠিক সেই দৃশ্যটিকে একটু উল্টো করে এই সময়ে এসে দারুণভাবে একটি বিজ্ঞাপনে ধারণ করা হয়েছে। যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল ও অভিনেত্রী সারিকা।

জনপ্রিয় এই ক্রিকেটারকে বিজ্ঞাপনে শাহরুখ রূপে হাজির হওয়ায় একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। এর আগে কখনোই এমনভাবে দর্শক তথা তার ভক্তরা দেখেননি তাকে। শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।

বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখরূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করণে নায়িকার কাছে পৌঁছাতে। দেশীয় খাবার পানির বিজ্ঞাপনটি এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে দর্শকরা দেখে বেশ মজা পাচ্ছেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে।

তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।

হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেল থেকে শুক্রবার (২০ জানুয়ারি) শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপারা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহেদ মোশারফ (৩৫)।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে,’শাহেদ মোশারফ (৩৫) লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি নগরীরর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষা রোগী এবং তার কাছ থেকে যক্ষা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও পাওয়া গেছে’।

লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে’।

নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে মারা গেছেন মোশারফ। সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্কঃ চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ক্ষমা চাওয়ার পরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে (৪২) জরিমানা করেছে দেশটির পুলিশ। আজ শনিবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঋষি সুনাকের নাম তুলে না ধরে ল্যাঙ্কেশায়ার পুলিশ এক টুইটে জানায়, সিটবেল্ট না পরে ল্যাঙ্কেশায়ারের সড়কে ৪২ বছরের এক ব্যক্তি গাড়ি চালানোর কারণে তাকে জরিমানা করা হয়েছে। তবে, ঋষি সুনাককে কত টাকা জরিমানা দিতে হয়েছে তা জানা যায়নি।

দেশটির আইন অনুযায়ী, গাড়িতে থাকাকালে সিটবেল্ট না বাঁধলে ১০০ পাউন্ড জরিমানা করা হয়। তবে, অভিযোগ আদালতে গেলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

এর আগে, গত ১৯ জানুয়ারি সিটবেল্ট না পরে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে শেয়ার করেন ঋষি সুনাক। এরপরই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টির জন্য ক্ষমাও চান তিনি।

উল্লেখ্য, সরকারে থাকাকালীন ঋষি সুনাক এই নিয়ে দ্বিতীয়বার নির্দিষ্ট শাস্তির নোটিশ পেলেন।