হাড়কাঁপানো শীতে শ্রীমঙ্গলে জবুথবু অবস্থা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হাড়কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে চায়ের রাজধানী ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জনজীবন। শনিবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র এ শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

দিনমজুর সালাম মিয়া জানান, ঘন কুয়াশা ও তীব্র শীত সকাল থেকে। এরপর বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও শীত উপেক্ষা করেই পেটের তাগিদে কাজের সন্ধানে বের হতে হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে ঠান্ডা বাতাসও বইছে। শ্রীমঙ্গলে সকাল ৬টার দিকে তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: ‘বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগর –বাংগরা বাজার থানার কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা উপজেলার নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মুরাদনগরের কৃষক লীগের আহ্বায়ক জনাব কামাল খন্দকার সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য এমপি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন: কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সভাপতি জনাব ম.রুহুল আমিন, জনাব হিজবুল বাহার রানা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ। জনাব আলহাজ্ব মোঃ নাজির মিয়া কোষাধ্যক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। জনাব ডাঃ মোঃ মজিবুর রহমান মিয়াজী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। জনাব মোঃ আলফাজ উদ্দিন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। জনাব মোঃ মোশারফ হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। জনাব মোঃ সামিউল বাছির বিন শামি,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। জনাব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক,মুরাদনগর উপজেলার আওয়ামী লীগ। জনাব মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ন আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ। জনাব মোঃ সেলিম ভূইয়া, যুগ্ন আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ।

সম্মেলনের উদ্বোধন করেন জনাব পার্থ সারথী আহবায়ক,কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ।

মূত্রত্যাগ: ৩৭ হাজার ডলার জরিমানা এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লির একটি ফ্লাইটে মূত্রত্যাগের অভিযোগে ৩৭ হাজার ডলার জরিমানা করেছে দ্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। শুক্রবার এই সিদ্ধান্ত জানায় ডিজিসিএ।

গত ২০২২ সালের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার গায়ে শঙ্কর মিশ্র নামে এক সহযাত্রীর মূত্রত্যাগের অভিযোগ ওঠে। ওই ঘটনার দেড় মাস পর এই জরিমানা করা হলো। ডিজিসিএ তাদের নিজস্ব তদন্তে ওই এয়ারলাইন্সের গাফিলতি খুঁজে পেয়েছে এই মূত্রকাণ্ডে। এর জন্য এয়ার ইন্ডিয়াকে দায়ী করে ৩৭ হাজার ডলার জরিমানা করেছে ডিজিসিএ। পাশাপাশি বিমানের ভারপ্রাপ্ত চালককেও শাস্তি দিয়েছে ডিজিসিএ। বিমানচালককে ঘটনার জন্য এরই মধ্যে চার মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

ডিজিসিএ এর এক রিপোর্টে জানায়, বেসামরিক বিমান পরিবহনকারী ওই সংস্থা এই ইস্যুতে বেশ উদাসীন ছিল। গোটা ঘটনা নিয়ে একটি সম্পূর্ণ রিপোর্ট চেয়েছে ডিজিসিএ।

কুলাউড়ার বন্ধ রেলস্টেশন চালুর উদ্যোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ একযুগ ধরে দু’টিসহ মৌলভীবাজারের কুলাউড়ার বন্ধ থাকা রেলস্টেশনগুলো চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিলে এসব রেলস্টেশন চালু হতে পারে বলে জানা গেছে।

এগুলোর মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার টিলাগাঁও ও ভাটেরা স্টেশন ২০০৯ সাল থেকে বন্ধ। এদিকে লংলা স্টেশন সাত মাস ধরে বন্ধ রয়েছে।

গত ৩রা জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) মো. সিরাজ জান্নাত স্বাক্ষরিত চিঠিতে বন্ধ থাকা রেলস্টেশন চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন কুলাউড়া রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন। ওই চিঠিতে আরোও বলা হয়, বন্ধ স্টেশনগুলো চালুর জন্য এর মধ্যে রেলওয়েতে গার্ড, স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া কার্যক্রম শুরু হয়েছে, তাদের প্রশিক্ষণ চলছে।

উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন বলেন, সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ায় জনবলসংকট দেখিয়ে ২০০৯ সালে ভাটেরা ও টিলাগাঁও স্টেশনটি বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এদিকে লংলা রেলস্টেশনটিও লোকবল সংকটের কারণে এক দশক ধরে বেশ কয়েকবার বন্ধ থাকার পর সর্বশেষ সাত মাস ধরে বন্ধ রয়েছে। স্টেশনের অবকাঠামো সংস্কারকাজের প্রক্রিয়া শুরু করেছি। শীঘ্রই কার্যক্রম সম্পন্ন হলে রেলস্টেশন গুলো চালুর কথা জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রসূলগঞ্জে (পোস্ট অফিস পাড়া) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মুঠোফোনে বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কারা এই হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

১৪ বছরের সাজাপ্রাপ্ত ২০ বছর ধরে পলাতক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট এর অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। তাকে  প্রায় ২০ বছর পর গ্রেপ্তার করে র‌্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি দিবাগত রাতে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানার মামলা নং- ১৮(০৮) ২০০০, জিআর নং- ৭০৫/২০০০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭/২০০০ মূলে ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে সিরাজ (৪১)। বর্ণিত আসামী দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় ছদ্মবেশে বসবাস করে আসছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার (২০জানুয়ারী) ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে জানান।

বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ১৩৯৪

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ১২৩ জন। আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ৪২৫ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪০২ জন এবং মারা গেছেন ১৬৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ৩০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৬৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ৪১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ১১৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৮ জন এবং মারা গেছেন ৬১ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ১৫৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৪১ জন। এর মধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৪২ হাজার ১১৬ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৯৫৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে গুগলের মূল কোম্পানিট অ্যালফাবেট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মীদের কাছে এ সংক্রান্ত একটি মেমো পাঠিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়। এছাড়া অ্যামাজন, ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি ছাঁটাইয়ের কথা জানিয়েছে।

রয়টার্স বলছে, কর্মী বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারের দিকে ঝুঁকছে গুগল ও মাইক্রোসফট।

অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই একটি নোটে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারে প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে আমাদের সামনে বিশাল যে সুযোগ তৈরি হয়েছে, তাতে আমি খুব আত্মবিশ্বাসী।

ঢাবির রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী অফিসের টাকা রাখেন সিন্দুকে। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো নিয়োগ দেন জনবল, মর্জিমাফিক নির্ধারণ করেন বেতনও। পিছিয়ে নেই রেজিস্ট্রার। দুবছর আগে মৃত ব্যক্তিকে ভাইভা বোর্ডে আমন্ত্রণ জানিয়ে জন্ম দেন সমালোচনার।

শিক্ষার্থীরা বলছেন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের এমন কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

যেখানে সারা বিশ্বজুড়ে আধুনিক ব্যাংকিংয়ে চলছে লেনদেন। নিয়মানুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিসের লেনদেন ব্যাংকিং চ্যানেলে পরিচালনার বিধান থাকলেও ব্যতিক্রম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। ১৭ বছর ধরে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা বাহালুল হক চৌধুরী ব্যাংকের ধারেকাছেও যান না। আনুষঙ্গিক ব্যয় শেষে টাকা জমা রাখেন নিজের সিন্দুকে। আর কোনো বিজ্ঞপ্তি না দিয়েই নিয়ম বহির্ভূতভাবে ৫৩ জনকে নিয়োগ দিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। বেতন কাঠামো ঠিক করেছেন নিজের মর্জিমাফিক।

নাম প্রকাশ না করা শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, সিন্দুকে টাকা রাখার বিষয়ে তার বিরুদ্ধে অনেক নিউজ হয়েছে, কিন্তু ব্যবস্থা নেয়া হয়নি। সেই সঙ্গে অবৈধভাবে ৫৩ জনকে নিয়োগ দিয়েছেন, সেখানেও ব্যবস্থা নেয়া হয়নি।

সিন্দুকে টাকা রাখার বিষয়ে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এ যুগে সিন্দুকে টাকা রাখার বিষয়টি হাস্যকর। এখানে অনৈতিক লেনদেনের বিষয় থাকবে না, তা কি করে হয়?

আর দুই লাখ কেজি পুরাতন কাগজ সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি না করে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কম দামে বিক্রির অভিযোগ ওঠে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্বে। যা‌ নিয়ে হয়েছে লিখিত অভিযোগও। পরীক্ষা নিয়ন্ত্রকের এমন কাণ্ডে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়াও ৫৩তম সমাবর্তন বক্তাকে সম্বোধনের ক্ষেত্রে বাংলা- ইংরেজি তালগোল পাকিয়ে রেজিস্ট্রার বিদেশি অতিথির সামনে অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি করেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে দুই বছর আগে মারা যাওয়া বরেণ্য শিল্পী মুর্তজা বশীরকে ভাইভা বোর্ডে আমন্ত্রণ জানিয়ে জন্ম দিয়েছেন বিতর্কের। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন মুর্তজা বশীরের পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে অফিসে গিয়েও পাওয়া যায়নি পরীক্ষা নিয়ন্ত্রককে। অনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মবহির্ভূত জনবল নিয়োগ ও সিন্দুকে টাকা রাখাসহ পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এই অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলেও জানানো হয়।

দেশের ২৩ জেলায় থাকবে শৈত্যপ্রবাহ

দেশের ২৩ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আসতে আসতে বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দেশের ২৩ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। জেলাগুলো হলো ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী।

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সিলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ ছাড়া সর্বোচ্চ ২৯ ডিগ্রি সিলসিয়াস রেকর্ড করা হয়েছ টেকনাফে।