মন্দিরে চুরির মালামালসহ যুবক গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলার একটি কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনায় চোরাই মালামালসহ রনি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৭ ঘটিকার সময় গ্রামবাসীদের সহায়তায় গ্রামতলায় ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

এসময় তল্লাশি করে তার হেফাজতে থাকা মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল এবং তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রনি মিয়া গ্রামতলা কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্ৰামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদপুর।

বড়লেখা থানার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে গ্রামতলা গ্রামের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এবং মন্দিরের অফিস কক্ষের দরজা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করি চুরির ঘটনায় জড়িতদের। সোমবার রাতে আমাদের গোপন তথ্যে এবং গ্রামবাসীর সহায়তায় চুরির ঘটনার সাথে জড়িত রনি মিয়া নামে একজনকে গ্রেপ্তার করি। সে কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করত। জিজ্ঞাসাবাদে সে তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় বলে জানায়। আমরা তার ভাড়া বাসায় তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোরাই মালামাল উদ্ধার করে জব্দ করি।

ডোমারে মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রুপার ৬ মাসের কারাদণ্ড

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে নীলফামারীর ডোমারের ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

অভিযান চলাকালীন সময়ে ডোমারে মাদক সম্রাজ্ঞীখ্যাত সাহিদা বেগম রুপাকে(৩৯) মাদকসহ নিজবাড়ী কাজীপাড়ায় আটক করা হয়। ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমান আদালত বসিয়ে রুপাকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সড়ক দুর্ঘটনায় ছেলের পর মায়ের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় শিশু ফাহিদ গাজী (১০)। এ সময় তার মা স্কুল শিক্ষিকা আসমা বেগম চৌধুরী(৩০) সহ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেলেন আসমাও।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের আসনপুর গ্রামের বাসিন্দা বকুল গাজীর স্ত্রী আসমা ও তাঁদের একমাত্র সন্তান ফাহিদ। নিহত আসমা উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা এলাকায় একটি বেসরকারি সংস্থার পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আর ফাহিদ সদর ইউনিয়নের আসনপুর হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।

মুঠোফোনে যোগাযোগ করলে স্ত্রী-সন্তান হারানো বকুল গাজী হাউমাউ করে কেঁদে বলেন, ‘আমার সব শেষ হই গেল। সব হারাইলাইছি।’

বাবুল গাজীর প্রতিবেশী আবু সুফিয়ান সোমবার সন্ধ্যার পর যোগাযোগ করলে বলেন, এলাকায় বকুলের লোহার যন্ত্রপাতি ঝালাইয়ের একটি দোকান আছে। সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে তিনি শুধু বিলাপ করে চলেছেন। তাঁকে সান্তনা দেওয়ার ভাষা মিলছে না! সিলেটে নিহত আসমার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বাড়িতে দাফন করা হয়।

স্থানীয় ও কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, আসমার বাবার বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায়। কর্মস্থলও পাশাপাশি পড়েছে। ১২ জানুয়ারি সকালে তিনি ফাহিদকে বাবার বাড়িতে রেখে বিদ্যালয়ে যান। ছুটির পর বিকেলে সন্তানকে নিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্স করে বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়িতে আরও কয়েকজন যাত্রী ছিলেন। গাড়িটি কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বরযাত্রীবাহী একটি মাইক্রেবাস সেটিকে সজোরে ধাক্কা মেরে দ্রুত চলে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফাহিদ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আসমা, গাড়ির চালকসহ সাতজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসমা মারা যান। এদিকে দুর্ঘটনার পর আব্দুল মতলিব নামের আহত এক ব্যক্তির স্বজন বাদী হয়ে মাইক্রোবাসের অজ্ঞাতনামা চালককে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বলেন, মাইক্রোবাসের চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তাঁরা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন।

শাজাহানপুরে অর্ধশত চোরাই মোবাইলসহ আটক এক যুবক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গেলো সোমবার দুপুরে উপজেলার বড়পাথার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত সোহাগ বগুড়া শহরের চেলোপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, প্রথম ধাপের বিশ্ব ইমতেমায় আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্যান্ডের প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করে আছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৪৯টি মোবাইল ফোনসহ সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম শাজাহানপুর থানা কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ জানান, মোবাইলসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, তদন্ত ওসি আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ করেছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্কঃ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সাউমে ১২ ও ১৩ জানুয়ারি প্রায় ৫০ জন নারীকে অপহরণ করেছে জঙ্গিরা। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্স।

২০১৫ সালে প্রতিবেশী মালি থেকে বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়া বিদ্রোহের মধ্যে গণঅপহরণের ঘটনা এবারই প্রথম। যদিও পশ্চিমা দেশের নাগরিক ও স্থানীয়রা মাঝেমধ্যে জঙ্গিদের হাতে বন্দী হয়, তবে এর আগে দেশটিতে এত সংখ্যক নারীদের অপহরণ করা হয়নি। নাইজেরিয়ায় অবশ্য গণঅপহরণ চালায় পৃথক বোকো হারাম বিদ্রোহীরা।

অরিবিন্দা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লিকি গ্রামে ফল সংগ্রহের সময় এবং একই জেলার অন্য একটি স্থান থেকে ওই নারীদের ধরে নিয়ে যায় সশস্ত্র পুরুষরা।

সরকার এক বিবৃতিতে জানায়, এসব নিরপরাধ ভুক্তভোগীদের নিরাপদ ও সুস্থ খুঁজে পাওয়ার লক্ষ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশের মধ্যে বুরকিনা ফাসো একটি, যা আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত সহিংস বিদ্রোহের সঙ্গে লড়াই করছে। গত এক দশক ধরে বিশাল এলাকা দখল করেছে বিদ্রোহীরা।

জাতিসংঘের তথ্যমতে, সহেলজুড়ে হাজার হাজার মানুষ নিহত এবং ২ দশমিক ৭ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানে কৃষিকে প্রভাবিত করে খাদ্য সংকট বৃদ্ধিতে অবদান রেখেছে নিরাপত্তাহীনতা।

ভুক্তভোগী নারীদের স্বজনরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা আশপাশের ঝোপে খাবারের সন্ধান করেছিল। কারণ গ্রামটিতে তাদের পরিবারকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত খাদ্য ছিল না। তারা ফল, পাতা ও বীজ সংগ্রহ করছিল, যা পরে শিশুখাদ্য বানানো হতো।

সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীরা উত্তরাঞ্চলের কিছু অংশ অবরোধ করেছে। এতে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং আটকে পড়া মানুষের কাছে ত্রাণ সরবরাহ করাও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে।

বিজয় কি-বোর্ড ছাড়া স্মার্টফোন বাজারজাত নিষেধ

অনলাইন ডেস্কঃ বিজয় কি-বোর্ডের প্যাকেজ কিট (এপিকে) ছাড়া কোনো স্মার্টফোন বাজারজাত করার ছাড়পত্র দেবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংস্থা। গত শুক্রবার (১৩ জানুয়ারি) মোবাইলফোন আমদানিকারক ও উৎপাদনকারীদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সব স্মার্ট মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। বাজারজাতের আগে আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব স্মার্ট হ্যান্ডসেটে বিটিআরসি সরবরাহ করা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে তা কমিশনে প্রদর্শন করতে হবে। অন্যথায় কোনো স্মার্টফোন বাজারজাতকরণের অনাপত্তি দেওয়া হবে না। পত্র জারির তারিখ থেকে বর্ণিত নির্দেশনাটি কার্যকর করা হবে।

চিঠিতে আরও বলা হয়, একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি সংগ্রহ করতে বলা হয়েছে। বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে।

জাদুঘরে প্রদর্শিত হবে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি

অনলাইন ডেস্কঃ সাধারণ মানুষকে সরাসরি দেখানোর জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহৃত মার্সিডিজ বেঞ্জের একটি বুলেট প্রুফ গাড়ি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংযোজন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে গাড়িগুলো সংগ্রহ করেছে বলে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) বিজ্ঞান জাদুঘর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।

এতে বলা হয়, ব্যবহৃত এই গাড়িটি বিজ্ঞান জাদুঘরের শিল্পপ্রযুক্তি গ্যালারি সংলগ্ন লবিতে স্থাপন করা হয়েছে। এটির মূল্য প্রায় ছয় কোটি টাকা এবং ওজন প্রায় সাড়ে তিন মেট্রিক টন। গাড়িটি একটি প্ল্যাটফর্মে বসিয়ে তা দর্শকদের জন্য নান্দনিকভাবে প্রদর্শনী উপযোগী করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়ি জাদুঘরে প্রদর্শনীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাস রচনা করবে।

তিনি আরো বলেন, বুলেট প্রুফ গাড়িটি বৈজ্ঞানিক উদ্ভাবনের একটি অনুষঙ্গ। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কীভাবে এসব গাড়িতে সুরক্ষিত থাকেন, সে সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা প্রয়োজন।

জাতীয় বিজ্ঞান জাদুঘরের পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দীক বলেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি বিজ্ঞান জাদুঘরে আনা হয়েছে। সেটি সাধারণ মানুষের কাছে উপস্থাপনের কাজ চলছে। বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ এই গাড়িটি নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করবে। এখন থেকে দেশের যে কোনও নাগরিক এই গাড়িটি দেখতে পারবেন। এর মধ্য দিয়ে তারা বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্চ গাড়ি সম্পর্কে ধারণা নিতে পারবেন।

 

হজ প্যাকেজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ গত বছরের তুলনায় চলতি বছরের হজ ও ওমরাহ প্যাকেজের খরচ কমানো হয়েছে। ২০২২ সালের তুলনায়  ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. আমর বিন রেজা আল মাদ্দাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত তিন বছর করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে নির্দিষ্ট সংখ্যক মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার কোনো বাধা ও নিয়ম-কানুন থাকছে না। এরই মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হজ প্যাকেজের ৯০ শতাংশই বিক্রি হয়ে গেছে।

গত সপ্তাহে দেশটির সরকার জানিয়েছিল, সৌদি আরবের যেসব নাগরিক চলতি মৌসুমে হজ করতে চান তারা চাইলে তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন।

এদিকে, হজযাত্রীদের জন্য নতুন নিয়ম করছে সৌদি আরব। এ নিয়ম অনুযায়ী হজসংক্রান্ত যাবতীয় পরিষেবার ফি সম্পূর্ণভাবে পরিশোধের পরই বিদেশি যাত্রীদের হজ পালনের অনুমতি দেয়া হবে। তবে, সৌদির নাগরিকদের জন্য এ ক্ষেত্রে খানিকটা ছাড় দেয়া হয়েছে। নাগরিকদের একটি অংশ হজসংক্রান্ত বিভিন্ন পরিষেবার ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে কোন কোন নাগরিক এ সুবিধা পাবেন, তা নির্ধারণের জন্য লটারি করা হবে। সেখানে যেসব আবেদনকারীর নাম উঠবে, তারাই পাবেন এ সুবিধা।

সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা পর্যন্ত। মূলত হজকালীন আবাসন, যাতায়াত ও অন্যান্য বিভিন্ন সেবা বাবদ ধার্য করা হয়েছে এসব ফি।

উল্লেখ্য, প্রতি বছর ২৫ লাখ মানুষ সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করেন। কিন্তু করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে এ সংখ্যা ২০২০ সালে কয়েক হাজারে নামিয়ে নিয়ে আসা হয়। তবে, ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। আর গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন। ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা অত্যাবশ্যকীয় (ফরজ)।

এইচএসসি পাসে বন অধিদফতরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির খবরঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ৩২ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এসব কর্মী নেয়া হবে ময়মনসিংহ বন বিভাগে।

ফরেস্ট গার্ড (বন প্রহরী) পদে নেয়া হবে ২৯ জনকে। আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে। এই পদে বেতন স্কেল ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭) পর্যন্ত হবে।

অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন আরো তিন জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ পদে বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০) পর্যন্ত হবে।

যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়মঃ আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই- য়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি। আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। মৌখিক বা শারীরিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।

আবেদন ফিঃ অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে আর চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

দেশের হাসপাতালে ৫০ শতাংশ মৃত্যু কমে আসবেঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্কঃ ওয়ানস্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সার্ভিসের (ওসেক) মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে রোগী মৃত্যুর হার ৫০ শতাংশ কমে আসবে বলে আশা করছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা কেন্দ্র উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস হাসপাতালে রোগীদের সেবার মান নিশ্চিত করতে খুবই জরুরি। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা চালু করা হয়েছে। দেশের সব বড় হাসপাতালে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা হাসপাতালেও এই সেবা চালু করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ওসেক চালু হলে হাসপাতালগুলোতে ৫০ শতাংশ মৃত্যু কমে আসবে। ইমার্জেন্সিতেই অর্ধেক রোগী সুস্থ হয়ে উঠবে। এর ফলে ইনডোরে রোগীর চাপ কমবে। একই সঙ্গে বেশি মানুষ সেবা পাবে। স্বাস্থ্যসেবা মানুষের অধিকার। এজন্য সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ।