রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ খ্রিঃ বিষয়ক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম রবিবার (১৫ জানুয়ারি) সম্পন্ন হয়।

এ উপলক্ষে এদিন বিকালে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি প্রশিক্ষণ হলরুমে সমাপনি অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং কারিকুলাম ডিসমিনেশন স্কিম- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এ সময় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তৈয়ব আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার ওবাইদুল হক, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুহুল আমীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, প্রশিক্ষক গোলাম কবির, বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীবৃন্দ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৈয়ব আলী বলেন, ডিসেমিনেসন অব নিউ কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে শিক্ষকবৃন্দ তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান করবেন।

উপজেলার রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১ টি বিষয়ের উপর মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের মোট ৫৬৩ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। এবং এ প্রশিক্ষণে ৩৩ জন দক্ষ প্রশিক্ষক তাদের অর্জিত প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের মাঝে প্রদান করেন।

প্রসঙ্গত: ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন এ শিক্ষাক্রমের রূপরেখা বাস্তবায়ন প্রয়োগ হবে।

জেল কারারক্ষী প্রতারনায় মঈন উদ্দিন গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অভিনব কায়দায় প্রতারনার আদলে তার নাম তাজুল ইসলাম (৪২)। বাবার নাম মৃত কালা মিয়া ও মায়ের নাম ফিরোজা বেগম। অথচ ২২ বছর ধরে তিনি কারারক্ষীর চাকরিতে ছিলেন ‘মঈন উদ্দিন খান’ নামে। এমন একটি স্পর্শকাতর পদে তিনি ভুয়া পরিচয় দিয়ে ও তথ্য গোপন করে চাকরি নিয়েছিলেন। ঘটনাটি ২২ বছর পর জানতে পারে কারা কর্তৃপক্ষ। এদিকে তাজুল ইসলামও বিপদ আঁচ করতে পেরে কর্মস্থল থেকে ছুটি নিয়ে আত্মগোপন করেন। অবশেষে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার সদস্যরা প্রতারণার মাধ্যমে কারারক্ষীর চাকরি করা তাজুল ইসলামকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজার থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিন সেট কারারক্ষী ইউনিফর্ম, একটি জ্যাকেট, একটি রেইনকোট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়। গতকাল শুক্রবার কুমিল্লা নগরের শাকতলা র‍্যাব কোম্পানি দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানান।

তাজুল ইসলামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল গ্রামে। যে মঈন উদ্দিন খানের পরিচয়ে তাজুল প্রায় দুই যুগ সরকারি চাকরি করেছেন, সেই মঈন উদ্দিন খানের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামে। মঈনের বাবার নাম নুর উদ্দিন খান। আসলে কারারক্ষীর চাকরি পাওয়ার কথা ছিল এই মঈনেরই। ২০০১ সালে কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে মঈন ও তাজুল দুজনেই আবেদন করেছিলেন। তাজুল পরীক্ষায় অনুত্তীর্ণ হন। আর মঈন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে শারীরিক ফিটনেস, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। বলা হয়েছিল, যাঁরা চাকরিতে টিকবেন, তাঁদের নিয়োগপত্র স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। তাজুল তখন জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়ার পরিকল্পনা আঁটেন।

র‍্যাব অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাজুল তার দুই সহযোগীকে নিয়ে মঈনের বাড়িতে যান। তারা নিজেদের কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা বলে দাবি করেন। তাঁরা মঈনের কাছে, ১০ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিয়োগ হবে না বলে জানান। তখন মঈন বলেন, ঘুষ দিয়ে তিনি চাকরি করবেন না। তাজুল ও তার সহযোগীরা এরপর চলে আসেন।

পরে কুমিল্লার তাজুল ইসলাম হবিগঞ্জের মঈনের নাম ও ঠিকানা ব্যবহার করে কারারক্ষী পদে চাকরি নেন। ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতনপ্রাপ্তির জন্য এনআইডির দরকার হয়। তখন তাজুল কারারক্ষী পদে উত্তীর্ণ মঈন খানের নাম-ঠিকানা ব্যবহার করে একটি আইডি কার্ড তৈরি করেন। পরে ২০২০ সালে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, সিলেট বিভাগে ২০০ জন কারারক্ষী বেআইনিভাবে কাজ করছেন। সিলেটের ওই ২০০ জনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। তখন হবিগঞ্জের মাধবপুরে মঈন উদ্দিন খানের তথ্যও যাচাই করা হয়।

একপর্যায়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে একটি চিঠি দেন। এতে কারারক্ষী মঈন উদ্দন খান সেখানকার স্থায়ী বাসিন্দা কি না, তা জানতে চান। ইউপি চেয়ারম্যান জবাবে জানান, মঈন উদ্দিন খান কারারক্ষী নন। তিনি তাঁদের এলাকার ছেলে, ওষুধ ব্যবসায়ী।

কারা কর্তৃপক্ষের এসব তৎপরতা জানতে পেরে তাজুল ইসলাম ২০২১ সালের ১৫-২০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নেন। এর পর থেকে তিনি আর যোগদান করেননি।

এদিকে মঈন উদ্দিন খাঁন তার চাকুরি বঞ্চিত হওয়ার বিষয়টি জানতে পেরে গত বছরের ২৫ সেপ্টেম্বর তাকে চাকরি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। একপর্যায়ে চাকুরি না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। এরপর কারা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ২০২১ সালের ২০ নভেম্বরে প্রতারক তাজুল ইসলামকে তদন্ত কমিটি ডাকে। কিন্তু তদন্ত কমিটির সামনে হাজির হননি তাজুল। প্রতারণার আশ্রয় নিয়ে চাকুরি করার অভিযোগে গত ৪ আগস্ট সিলেটের জালালাবাদ থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। পরে কারা কর্তৃপক্ষ এ নিয়ে র‍্যাবের সহযোগিতা কামনা করে। ১২ জানুয়ারি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাজুলের অবস্থান শনাক্ত করে তাকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

এই জালিয়াতির বিষয়ে র‍্যাব দপ্তরে তাজুল ইসলামকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি। মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, তাজুল’কে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এর বিস্তারিত তুলে ধরবেন বলে জানান।

মুরাদনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে শীতবস্ত্র বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ৭শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

গত শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক নাঈম খাঁনের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাঈল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য মিয়া মাসুম, হাজী সাগর, রহিম পারভেজ প্রমুখ।

ঢাবিতে স্নাতক ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল শুরুর সুপারিশ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্রাজুয়েট’ (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে। প্রতিবছর ‘সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা’ নামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে এবার ‘আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম’ নামে হবে ভর্তি পরীক্ষা।  

চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডাররাও অংশ নিতে পারবেন।

ভর্তি পরীক্ষার জন্য সুপারিশকৃত তারিখগুলো হলো- ২৯ এপ্রিল চারুকলা ইউনিট, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ শিক্ষাবর্ষের মতো এবারও দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্থানীয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত  যুবকের নাম আব্দুল ওয়াহিদ (২২), সে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আজ রোববার দুপুর ১২টার দিকে টিলাগাঁও রেল স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলো যুবক ওয়াহিদ, এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এদিকে ঘটনাস্থলটি কুলাউড়া জিআরপি থানার আওয়তাধীন না হওয়ায় লাশ উদ্ধারে ব্যাপক বিলম্ব ঘটে। পরে শ্রীমঙ্গল জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নীলফামারীর ডোমারে ৫ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে পাঁচ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমারের চিকনমাটি সাহাপাড়া এলাকায় ঘটে।

জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক (৬০) রোববার (১৫ জানুয়ারী) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যান। স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজার জন্যে মরদেহ গোসল করাচ্ছেন। এমন সময় মৃত শাহিদ আলী প্রামানিকের শোকাহত স্ত্রী হাওয়া বেগম (৫৫) কান্নাকাটি অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া পড়েছে।

মৃত শাহিদ আলী প্রামানিকের মেয়ের জামাই দুলাল হোসেন জানান, আমার শ্বশুর শ্বাশুড়ির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবাইরে বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকায় তারা দুজনেই নিজ বাড়িতে থাকেন।

শনিবার সকাল ৭ টায় শাহিদ আলী ও দুপুর ১২ টায় হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর উভয়ের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা ও পরে দাফন কার্য সম্পাদন করা হবে।

আফ্রিকায় গির্জায় বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩৯ জন। গতকাল রোববার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উপসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা হামলায় সব তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয় বলে জানা গেছে।

বোমা হামলার পেছনে কঙ্গোর সবচেয়ে কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠী ‌’এডিএফ’ জড়িত বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। যদিও কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।

এদিকে, কঙ্গো সরকার ভয়াবহ এই বোমা হামলার নিন্দা জানিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ফুলবাড়ীতে ৫২কেজি গাঁজা ও ৫৩ বোতল ইস্কাফসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ৫২ কেজি গাঁজা ও ৫৩ বোতল ইস্কাফ মাদক সহ তিন মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামের জনৈক হেলাল উদ্দিনের বাড়ীর সামনের ভুট্টা ক্ষেত থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় উপজেলার নাওডাঙ্গা
ইউনিয়নের বারাইতারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি শহিদুল ইসলাম (৩৫) ও গজেরকুটি গ্রামের সুমন চন্দ্র (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অন্যদিকে রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মাদক কারবারি হামিদুল ইসলামের (৪৫) বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় হামিদুলের ঘরের ভিতর থেকে ৫৩ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশা
ইস্কাফ সিরাপ সহ তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

আশ্রয়ন প্রকল্পের আদলে সব্জি চাষে সাবলম্বী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আশ্রয়ন প্রকল্পে বসবাসরতদের নিজের কোনো স্থায়ী আবাসন ছিল না ছিল না কোন বসতভিটা। থাকতেন শ্বশুরবাড়িতে। তার দুরাবস্থা দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা সহয়তার হাত বাড়িয়ে দিয়ে ব্যবস্থা করে দেন তাকে বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে বাস্তুহারা মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রমের একটি ঘরের ব্যবস্থা করে দেন। এখন সেখানেই বসবাস। ঘর পেয়েই বসে থাকেননি। নিজেকে স্বাবলম্বী করতে ঘরের পাশেই পতিত জমিতে গড়ে তুলেছেন নানান জাতের সব্জি বাগান। পরিবারের চাহিদা মিটিয়ে সেই বাগানের সব্জি এখন বিক্রিও করছেন বাজারে। বলছিলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর আশ্রয়ণ প্রকল্পের নিয়াজ উদ্দিনের জীবন গাঁথা কিছু কথা।

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামের বাসিন্দা নিয়াজ উদ্দিন দীর্ঘদিন থেকে বসবাস করছেন শ^শুর বাড়ি বোয়ালী গ্রামে। স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে আর কতদিন! তাই স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর। গত ৬ মাস থেকেই স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করে আসছেন। পেশায় একজন কৃষক। অন্যের জমি বর্গাচাষে চাষ করেন। ঘর পাওয়ার পর ঘরের আশপাশে ও পাশের কিছু জমিতে গড়ে তুলেছেন সব্জি বাগান। নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে গড়ে তোলা বাগানে রয়েছে লাউ, ঝিঙ্গে,শিম, লালশাক, কাঁচামরিচ, শসা ও করলা ইত্যাদি। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করছেন নিয়াজ উদ্দিন। হচ্ছেন স্বাবলম্বী।

শুধু নিয়াজ উদ্দিনই না। এই আশ্রয়ণ প্রকল্পের ঘরে বিশাল শিমের চাষ করেছেন আরেক উপকারভোগী সায়াদ উদ্দিন। এ ছাড়া উত্তর শাহবাজপুরের করমপুর ও চাঁনপুর আশ্রয়ণ প্রকল্পের রাজিয়া বেগম, কোরবান আলী, সুহাদা আক্তার, আবদুল হাসিমসহ অনেক উপকারভোগীরা তাদের ঘরের পাশেই চাষ করছেন বিভিন্ন জাতের শাক-সবজি। এ ছাড়া গৃহপালিত হাঁস-মোরগ পালন করেও পাচ্ছেন অভাব অনটন ঘুচানোর জন্য সফলতা। তবে তাদের অভিযোগ শাক-সবজি উৎপাদনে কোনো সরকারি সহযোগিতা পাননি তারা।

নিয়াজ উদ্দিন বলেন, নিজের কোনো ঘরবাড়ি নেই। দীর্ঘদিন থেকে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতাম। আশ্রয়ণ প্রকল্পের ঘরে ওঠার পর ঘরের পাশের অল্প জমিতে বিভিন্ন জাতের সব্জি চাষ শুরু করি। আলহামদুলিল্লাহ, ভালোই ফলন হয়েছে। বিক্রিও বেশ ভালো হচ্ছে।

আরেক উপকারভোগী আবদুল হাসিম বলেন, নিজেদের কোনো ঘর ছিল না। শেখ হাসিনা ঘর দিয়েছেন। নিজের জমি হয়েছে। সেই ঘরের পাশে সব্জি চাষ শুরু করেছি।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরে অনেক উপকারভোগী শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং থাকবে। যেকোনো সহযোগিতার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব এমনটাই আশ্বস্ত করেন তিনি।

পিছিয়ে পড়া শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পাশে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চলমান প্রচন্ত শীত, ঘন কুয়াশা এবং মৃদু শৈত্য প্রবাহে কাবু  ঠাকুরগাঁও জেলার মানুষ। ঠিক এসময় সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব।

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় শহরের উড়াও পাড়ায় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শীতার্ত শতাধিক নারী-পুরুষদের কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব।

অনলাইন প্রসক্লাবে ক্লাবের সহ-সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, নাট্য ও বিনোদন বিষয়ক প্রযোজনা সংগঠন ‘সৃজন’ এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বার্ণসিনা প্রোডাকশনের নির্বাহী পরিচালক এন্টুনী ডেভিড নীল প্রমুখ।

এছাড়াও ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য সুমনা সাথী, মাসুদ রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় মানুষদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষদের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে মর্মে তিনি জানান।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শতাধিক অসহায় নারী-পুরুষ শীতবস্ত্র পেয়ে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।