হিজাব অন্তর্ভুক্ত করা হলো ব্রিটিশ এয়ারওয়েজের নারী কর্মীদের ইউনিফর্মে

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ এয়ারওয়েজ প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে। এতে নারী কর্মীদের ইউনিফর্মের সঙ্গে হিজাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পোশাককে সংস্থাটির তরফ থেকে এয়ারলাইনস ফার্স্ট হিসেবে বর্ণনা করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার। এই বছরের স্প্রিং থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তারা এসব পোশাক পরা শুরু করবেন।

এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, ইউনিফর্ম আমাদের ব্র্যান্ডকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তা আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং আধুনিক ব্রিটেনের সেরা প্রতিনিধিত্ব করবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্রিটিশ পরিষেবা সরবরাহে তা আমাদেরকে সাহায্য করবে।

২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনস কর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কিভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করেন।

বোয়াটেং বলেন, ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা বিমান সংস্থার সহকর্মীদের সঙ্গে কথা বলবে। এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা ও ক্ষমতাবান করবে। যেটা পরে তারা সগর্বে দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদেরকে দেখছে এবং ওদের কথা শুনছে।

জানা গেছে, এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করলে পুরোনো পোশাকগুলো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। এছাড়া খেলনা, ট্যাবলেট হোল্ডার এবং অন্যান্য আইটেম তৈরির কাজে পুনর্ব্যবহার করা হবে। কিছু ইউনিফর্ম এয়ারলাইন্সের জাদুঘরে প্রদর্শনের জন্যও রাখা হবে।

 

“৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী দল”

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের গণ-অবস্থান কর্মসূচির কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৫৪টি রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী দল।

আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। তারা ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বাঁচবে না। গণতন্ত্র হরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছাড়তে পারি না। দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে খেলা হবে। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে দায়মুক্তি দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাড. কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জি. আব্দুসু সবুর, উপ প্রচার বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম এবং কার্যনিবাহী সদস্য সানজিদা খানম।

এছাড়া, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহুল হক সাচ্চু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীও বক্তব্য রাখেন। আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগোলো বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ১০১তম অবস্থানে ওঠে এসেছে বাংলাদেশ। এর আগে এই অবস্থান ছিল ১০৪তম। সম্প্রতি বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, সেই তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি।

হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তান ১০৬তম ও আফগানিস্তান ১০৯তম, ভুটানের অবস্থান ৯০তম। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৬১তম অবস্থানে থাকা দেশটির নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

এ ছাড়া সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৮৫তম। দেশটির নাগরিকরা বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। একইসঙ্গে সূচকে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান ৯৯তম, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত লেবানন ও শ্রীলঙ্কা এবং সংঘাতে জর্জরিত সুদান যৌথভাবে ১০০তম অবস্থানে রয়েছে।

অন্যদিকে সূচকে গত বছরের মতো এবারও শীর্ষ অবস্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। এ ছাড় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন। এই দুই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

আর সূচকের একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। দেশটির অবস্থান ১০৯তম। এ ছাড়া ইরাক ১০৮তম, সিরিয়া ১০৭তম ও ইয়েমেন ১০৫তম অবস্থানে রয়েছে।

গেলো ১৮ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা নিয়ে র‍্যাংকিং প্রকাশ করে আসছে ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, সেই তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি।

ইজতেমায় গাড়ি পার্কিং ও বিমানবন্দরগামীদের জন্য যেসব নির্দেশনা

অনলাইন ডেস্কঃ করোনা মহামারির কারণে গত দু’বছর বন্ধ থাকার পর আগামী ১৩-১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০-২২ জানুয়ারি।

ইজতেমাকে ঘিরে রাজধানীর টঙ্গী ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখা যায়। এ সময় মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য কিছু স্থান নির্ধারণ করেছে। একই সঙ্গে বিমানবন্দরগামীদের জন্যও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যঃ খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহন নিম্নবর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করতে হবে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিংঃ উত্তরা ১৬ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবন। আর ১০, ১১ ও ৫ নম্বর ব্রিজের ঢালে।

সিলেট বিভাগ পার্কিংঃ উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের ঢাল হতে উলোদাহা মাঠ পর্যন্ত।

খুলনা বিভাগ পার্কিংঃ উত্তরার ১৭ এবং ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ)।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিংঃ প্রত্যাশা হাউজিং।

বরিশাল বিভাগ পার্কিংঃ ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগরী পার্কিংঃ ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

যানবাহন পার্কিংয়ের সময় চালক, হেলপারকে অবশ্যই গাড়িতে অবস্থান করতে হবে। মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়।

ডাইভারশন সংক্রান্ত তথ্যঃ আখেরি মোনাজাতের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে কয়েকটি পয়েন্টে ডাইভারশন হবে। এগুলো হলো- ধউর ব্রিজ, ১৮ নম্বর সেক্টর পঞ্চবটী ক্রসিং, পদ্মা ইউলুপ, ১২ নম্বর সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, প্রগতি সরণী (বিশ্বরোড), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব, মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং ও আশুলিয়া বাজার ক্রসিং।

আখেরি মোনাজাতের আগের রাত অর্থাৎ ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি রাত ২টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণী-গাবতলী হয়ে চলাচল করবে।

আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাসটার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব যানবাহন মহাখালী ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।

কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানগুলোকে হোটেল র্যাডিসন গ্যাপে ডাইভারশন করা হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।

১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আশুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কগুলো যানবাহন চলাচল বন্ধ থাকবে।

কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস এবং সিএনজিকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।

প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনগুলোকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।

১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব প্রকার যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে পুলিশ।

বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় একটি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, ২টি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে এবং একটি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য ভোর ৪টা হতে মোতায়েন থাকবে।

ট্রাফিক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্যঃ 

উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা): ০১৩২০-০৪৩৯৪০

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা): ০১৩২০-০৪৩৪১

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পূর্ব জোন): ০১৩২০-০৪৩৯৫২

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন): ০১৩২০-০৪৩৯৫৫

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা এয়ারপোর্ট জোন) : ০১৩২০-০৪৩৯৫৮

ট্রাফিক-উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন): ০১৩২০-০৪৩৯৭৩

টিআই (আব্দুল্লাহপুর): ০১৩২০-০৪৩৯৬৮

টিআই (কামার পাড়া): ০১৩২০-০৪৩৯৭১

টিআই (ধউর ব্রিজ): ০১৩২০-০৪৩৯৭০

টিআই (বিমানবন্দর): ০১৩২০-০৪৩৯৬২ ও

ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

এ ছাড়া পুলিশি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা পেতে ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ করেছে পুলিশ।

 

উদ্বোধনের দেখা নেই ফাটল দেখা দিলো কালভার্টে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি’র জফলার ছড়ার ওপর নবনির্মিত কালভার্টটি চলাচলেও শুরু হয়নি! উদ্বোধন করবেন তারপর ব্যবহার! এরি মধ্যে আগে থেকে চারপাশে ফাটল দেখা দিয়েছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর প্রকল্পের আওতায় কমলগঞ্জে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল ভায়া নোয়াগাঁও গ্রামের রাস্তার জফলার ছড়ার ওপর কালভার্ট নির্মাণ শুরু হয় বেশ কিছুদিন আগে। কালভাটটি নির্মাণে চূড়ান্ত ব্যয় হয় ৬৬ লাখ ৩৫ হাজার ৪৩৪ টাকা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কালভার্টটির কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। কিন্তু কাজ শেষ হলেও ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দিয়ে কাজ শেষ করে চলে যান। সম্প্রতি নতুন ভাবে দেখা যাচ্ছে কালভার্টটির চারপাশে ফাটল দেখা দিয়েছে।

এ দিকে ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দেওয়ায় কারনে চলাচলের জন্য শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। কালভার্টে মই লাগিয়ে কোমলমতি শিশুদের পারাপার হতে দেখা গেছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন কোন অপ্রতিকর ঘটনার মুখোমুখি ও দেখার মত শক্তি নেই আশপাশের সাধারণ মানুষের অভিযোগ।

বাসিন্দারা আরও জানান, কালভার্টের কাজটি একদম নিম্নমানের করা হয়েছে। এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে, ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। আমরা পুনরায় কালভার্ট নির্মাণের দাবি জানাচ্ছি।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, কালভার্ট নির্মাণকালীন সময়ে নিম্নমানের কাজের বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কর্ণপাত করা হয়নি।

এ বিষয়ে কালভার্টের ঠিকাদার মেসার্স জাফর আহমেদ স্বত্বাধিকারী গিলমান আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কালভার্টটি এখনও ঠিকাদার আমাদের হস্তান্তর করেননি। কালভার্টের কোনো সমস্যা দেখা দিলে এর দ্বায়ভার ঠিকাদারকে বহন করতে হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, এ বিষয়ে কেউ জানায়নি। এখন জানতে পারলাম যখন তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে দেশের যেসব এলাকায়

আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে আরো জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন সারাদেশে তাপমাত্রা বাড়বে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ডকরা হয়নি। এ সময়ে দেশে সর্বোচ্চ ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ফেনীতে এবং সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে।

টেকনাফে বিজিবির অভিযানে সাড়ে ৫ কোটি টাকার বেশী মূল্যের মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সম্মানঘাটস্থ নাফ নদীর তীরে ১ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নাফ নদীর হ্নীলা পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে চালানটি উদ্ধার করা হয়।

আজ বুধবার (১১ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধীনে হ্নীলা বিওপির সীমান্ত সুরক্ষা টহলকালে বিআরএম ১৩ এবং ১৪-এর মাঝ বরাবর চাম্পারঘাট এলাকা-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাফ নদীর পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশকালে একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। তারা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি পুঁটলা উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত পোটলার ভেতর  ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৫ কোটি ৬৭ হাজার টাকা।

তিনি আরো বলেন, এ চালান উদ্ধারে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

 

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘মনের বন্ধু’ অ্যাপ উন্মোচন

অনলাইন ডেস্কঃ গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মনের বন্ধু অ্যাপ উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মন যা চায় তাই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা চেতনাকে উন্নত করতে হবে। যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তিনি আরো বলেন, মানসিক অসুস্থতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। মনের বন্ধুর বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। এই অ্যাপ মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, মনের বন্ধু অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে।

অনুষ্ঠানে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, মনের বন্ধু একটি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র। সব ধরনের মানসিক, সামাজিক, পারিবারিক সমস্যা, সংকোচ ও দ্বিধায় মানসিক সেবা দিয়ে থাকে – মনের বন্ধু। ২০১৬ সাল থেকে আমাদের প্রশিক্ষিত অভিজ্ঞ মনোবিদেরা সব ধরনের গোপনীয়তা বজায় রেখে সেবা দেন। মনের বন্ধু ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুক পাতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, অভিনেত্রী অপি করিম, তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেনসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, চিরকুট ব্যান্ডের সুমি ও অভিনেত্রী অপি করিম।

প্রসঙ্গত, অনুষ্ঠানের উপস্থিত সকলকে মেডিটেশন করানোর মাধ্যমে ব্যতিক্রম ভাবে আয়োজন শুরু হয়।

 

আগামী এপ্রিল মাসে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আগামী এপ্রিল মাসে জাপান সফরে যেতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক (স্পিচ রাইটার) এম নজরুল ইসলাম।

এম নজরুল ইসলাম বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।

সূত্র : বাসস।

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ যাত্রী।

আজ বুধবার (১১ জানুয়ারী) সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫), সংগ্রাম আলীর শিশু মেয়ে জান্নাতি (১)। বাকি নিহত-আহতদের নাম এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।