স্কয়ার টেক্সটাইলসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির খবরঃ স্কয়ার টেক্সটাইলস ডিভিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ এক্সিকিউটিভ

পদের সংখ্যাঃ নির্ধারিত না

আবেদনের যোগ্যতাঃ – অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক পাস করতে হবে।

                                         – সিএমএ আংশিক সম্পন্ন হতে হবে।

                                         – প্রার্থীদের ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

– প্রার্থীর বয়সসীমা ২-৩ বছরের মধ্যে হতে হবে।

– চূড়ান্ত নিয়োগের পর ময়মনসিংহে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাঃ মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই-লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখঃ ১৬ জানুয়ারি পর্যন্ত।

আদালত প্রাঙ্গণে আসামীর মাথা ফাটিয়ে পুলিশের খাছায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাইদুল ইসলাম মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছেন আসামী ফারুক আহমদকে। পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামীর ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বড়লেখা থানার ওসিকে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটেছে।

আদালত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের সাইদুল ইসলাম জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ আলাউদ্দিন, আজিজুর রহমান, জুবের আহমদ, রাজু আহমদ, ফারুক আহমদ প্রমুখকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আজ মঙ্গলবার ধার্য তারিখে বাদি-বিবাদী বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা দরখাস্ত জমা দিয়ে আদালত প্রাঙ্গণে মামলার ডাক আসা পর্যন্ত অপেক্ষাকালিন পাশের হোটেলের সম্মুখে দাঁড়িয়ে চা পান করছিলেন আসামী ফারুক আহমদ। এসময় বাদী সাইদুল ইসলাম স্বাক্ষীদের নিয়ে মামলা মিমাংসার চাপপ্রয়োগ করেন। এতে ফারুক আহমদ নাকোচ করায় হাতের কাপ কেড়ে নিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে তার রক্তাক্ত জখম হয়। ফারুক আহমদকে বাঁচাতে গিয়ে অপর আসামী তার ভাই আলাউদ্দিন বাদী সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় আদালত পুলিশ বাদী সাইদুল ইসলাম ও আসামী আলাউদ্দিনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

আদালত পুলিশের জিআরও পিযুষ কান্তি দাস জানান, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় বিজ্ঞ আদালত থানার ওসি’কে আটক সাইদুল ইসলাম ও আলাউদ্দিনের বিরুদ্ধে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও বন্যায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও বন্যায় কমপক্ষে ১৪ জন নিহত। গত সোমবার (১০ জানুয়ারি) ঝড়ের ফলে সৃষ্ট বন্যার পানিতে ৫ বছরের এক শিশু ভেসে যায়। সাত ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় ডুবুরিরা। মন্টেসিটো থেকে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, ভেসে যাওয়া ছেলেটির মা ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় উপকূলের শহর পাসো রোবলসের কাছে একটি ট্রাক চালাচ্ছিলেন। তারা বন্যার পানিতে আটকা পড়লে পথচারীরা মাকে ট্রাক থেকে টেনে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু ছেলেটি গাড়ি থেকে পড়ে ভেসে যায়। উদ্ধারকারীরা ছেলেটির কেবল একটি জুতা খুঁজে পেতে সক্ষম হয়েছে। তবে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সান লুইস ওবিস্পো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র টনি সিপোলা।

পুরো ক্যালিফোর্নিয়া রাজ্যে মুষলধারে বৃষ্টি, বাতাস এবং কাদামাটি বিপর্যয় ডেকে এনেছে। মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে, সম্পদের ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

এদিকে, জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (এনডব্লিউএস) গত মে মাসের মতো ক্যালিফোর্নিয়ার কিছু অংশে পুনরায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা জারি করেন। সামনে খারাপ সময় রয়েছে বলে তিনি মনে করছেন।

 

রাণীশংকৈলে আ.লীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলা আ.লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন রাত ৮ টায় পৌরশহরের আওয়ামী লীগ অফিসে এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।

সভাপতি ছাড়াও সভায় বক্তব্য দেন- আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ নেত্রী রহিমা বেগম প্রমুখ।

এছাড়াও স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসার উপর বিস্তারিত তথ্য ও ইতিহাস তুলে ধরেন। এইসাথে তারা বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো সুসংগঠিত করে সমস্ত বাধা ও ষড়যন্ত্র প্রতিহত  করার আহবান জানান।

মুরাদনগরে নারী ছিনতাইকারী চক্রসহ আটক ৫, গাজাঁ ও ইয়াবা উদ্ধার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ অভিনব সব কৌশলে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সক্রিয় সংঘবদ্ধ কিছু ছিনতাইকারী চক্র। এর মধ্যে একটি চক্র ছিনতাই করে শুধু ব্যাকিং আওয়ারে। শুধুমাত্র ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয় চক্রটি। পরে গায়ের উপর বমিসহ বিভিন্ন নাপাক ময়লা দিয়ে পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ।

মুরাদনগর থানা পুলিশের হাতে ধরা পড়া এ চক্রের ৩ নারী সদস্য থেকে পুলিশ পেয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অপর দিকে পৃথক পৃথক অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজা ও ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ইসলামি ব্যাংকের নিচ থেকে ওই তিন নারী ছিনতাইকারী, সকালে জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রাম এলাকায় একটি সিএনজি থেকে গাজাঁ ও দুপুরে কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রাম থেকে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃত নারী ছিনতাইকারী হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শহীদনগর এলাকার আতাউর রহমান ড্রাইভারের স্ত্রী আলেয়া বেগম (২৫), দাউদকান্দি থানার গৌরীপুর (পশ্চিম, ভাসমান অবস্থান) এলাকার রাসেলের স্ত্রী নুপুর তাসলিমা (৩২), তিতাস থানার রাশেদ মিয়ার মেয়ে বৈশাখী লিমা (১৯)।

মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার মুরাদনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ডালিম (৩৮) ও একই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আক্তার হোসেন (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ হইতে দশ হাজার টাকা উত্তোলন করেন এক নারী। পরে ওই নারী কাচাঁবাজারের দিকে যাওয়ার পথে ইসলামি ব্যাংকের নিছে পৌছলে ৩জন নারী জলা সৃষ্টি করে এবং এবং হাতের বাজারের ব্যাগে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়। তাৎখনিক টাকার মালিক নারিটি ওই ছিনতাইকারীদের জড়িয়ে ধরে। পরে পুলিশ এসে ওই ৩ নারী ছিনতাইকারীদের গ্রেফতার করে।

অপর দিকে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই ওমর ফারুক ও মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের উত্তর পাড়া বেড়িবাধ রাস্তায় মুরাদনগর হইতে বাখরাবাদ গামী একটি সিএনজি গাড়ীকে থামানোর জন্য সিগনাল দিলে সিএনজি গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া শামীম মিয়ার চায়ের দোকানের সামনে সিএনজি গাড়িটি ফেলিয়া অজ্ঞাত চালক সহ আরো ১ জন পালাইয়া যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাজাঁ উদ্ধার করে। একই দিন দুপুরে কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুরাদনগর টু রামচন্দ্রপুরগামী পাকা রাস্তার উপর থেকে ডালিম (৩৮) ও আক্তার হোসেন (৩১) কে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত ৩ নারী ছিনতাইকারীদের বিরুদ্ধে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

অগ্নিকান্ডে সতর্ক করবে ‘স্মার্ট লাইফ সেইভার’

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আগুন লাগার আগে সতর্কবার্তা দিবে ‘স্মার্ট লাইফ সেইভার’। অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটার আগেই মুঠোফোনে পৌঁছে যাবে ক্ষুদে বার্তা আর সাথে ফোন কল। স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এতে কমে যাবে দুর্ঘটনার আশঙ্কা ও ক্ষয়ক্ষতির মাত্রা।

নতুন এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ। এখন তার পরিকল্পনা এই প্রযুক্তিকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া। একাডেমিক পড়াশুনার পাশাপাশি মাহফুজের বিগত ছয় মাস ধরে এই প্রযুক্তি তৈরিতে ব্যয় করেছেন। তার উদ্ভাবন করা এই প্রযুক্তির উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো। যাতে প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

মাহফুজ জানান, এই মেশিনটি মূলত কক্ষের তাপমাত্রার রেকর্ড করতে পারে। সাধারণ বাসা বা অফিসে আগুন ধরে যায় কিংবা নির্দিষ্ট মাত্রার ওপরে গ্যাসের উপস্থিতি থাকলে তাহলে কক্ষের তাপমাত্রা বেড়ে যাবে। সেই সময় তাপমাত্রা পরখ করে ‘স্মার্ট লাইফ সেইভার’ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ বাসার বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেবে। বেজে উঠবে ইমারজেন্সি সাইরেন। এমনকি ফায়ার বল ফ্লোরে পড়বে। এর সঙ্গে সঙ্গেই কর্তপক্ষকে সতর্ক করার জন্য ইমারজেন্সি কল যাবে এবং কী সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে তা জানানোর জন্য এসএমএস যাবে। যার ফলে বাসার কিংবা অফিসের বাইরে থেকেও দুর্ঘটনা সম্পর্কে জানতে পারবেন সুবিধাভোগী ব্যবহারকারীরা।
ইচ্ছায় বা অনিচ্ছায় যদি দুর্ঘটনা চলাকালীন সময়ে নির্দিষ্ট পাসওয়ার্ড টাইপ করার মাধ্যমেও বিদ্যুৎ প্রবাহ পুনরায় চালু করা যাবে না। বিদ্যুৎ প্রবাহ পুনরায় চালু করার জন্য স্মার্ট লাইফ সেইভার দুর্ঘটনা হয়েছে কি না অথবা দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা আছে কিনা তা যাচাই করবে। যদি এখানে দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই তবেই বিদ্যুৎ প্রবাহ চালু করার অনুমতি দেবে যন্ত্রটি। তখন নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে পুনরায় বিদ্যুৎ প্রবাহ চালু হবে।
এছাড়াও স্মার্ট লাইফ সেইভার ইমারজেন্সি মুহূর্তে মেইন সুইচ অফ করার মতো সুযোগ না থাকে তাহলে নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে সম্পূর্ণ বাসার বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা যাবে। দুর্ঘটনা ঘটলে স্বাভাবিক মানুষ যে কাজগুলো করতেন সেই কাজগুলো সিস্টেমে নিজ দায়িত্ব থেকেই করবে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। এই প্রযুক্তিটিতে আরডুইনো, জাম্পার ক্যাবল, জিএসএম মডিউল, বিভিন্ন সেনন্সসহ ইত্যাদি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আমি দেখেছি আমাদের দেশর অগ্নিকাণ্ডের দুর্ঘটনাগুলো ক্ষতির সংখ্যা খুব বেশি হয়। তাই অগ্নিকাণ্ড দুর্ঘটনা আগাম বার্তা মানুষকে দিতে আমি এই প্রযুক্তি উদ্ভাবনের কাজে নামি। এটি যদি বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয় তাহলে তিন রুমের ডিভাইসের মূল্য আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হতে পারে। কল এবং ম্যাসেজ আসার জন্য প্রতি মাসে খরচ পড়বে ১০ টাকা। আমি মনে করি স্মার্ট লাইফ সেইভার ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনার ভয়াবহতা ৯০ শতাংশ কমে আসবে।
তিনি বলেন, এটিকে আপডেট করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কোনো সেন্সর কাজ না করলে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম জানানো, ব্লুটুথ এর সাহায্যে কানেক্ট হয়ে অ্যাপের মাধ্যমে গ্যাস লেভেল, টেম্পারেচার ও পাসওয়ার্ড ইত্যাদি ইউজারের চাহিদা অনুযায়ী সেট করা, দুর্ঘটনার সময় স্বয়ংক্রিয়ভাবে গ্যাস লাইন বন্ধ করতে পারার ফিচারগুলো নিয়ে কাজ করছি। আশাকরি সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান এস. এম. আবুল ফাত্তাহ তুহিন বলেন, আমদের ছাত্র আব্দুল্লাহ আল মাহফুজ একেবারেই নতুন একটি ডিবাইস সম্বলিত প্রযুক্তি উদ্ভাবন করেছে। সে নিজের আগ্রহ থেকেই তার মেধার বিকাশ দিয়ে এটি তৈরি করেছে। যদি তার এই প্রযুক্তিটিকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় তাহলে নতুন একটি আশার দিক দেখবে দেশবাসী। তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি আমলে নিয়ে যথাযত প্রয়োগের মাধ্যমে মেধার প্রতিফলন বিকশিত হবে।

সংলাপ করে কোন লাভ হবেনা :

অবশেষে রাজনীতির খেলায় হেরে গেল বি এন পি। অনেক চেষ্টা করে দলের কর্মীদের উজ্জীবিত করে রাস্তায় নামাতে পেরেছিল। কিন্তু নেতৃত্বের ভুলে তা আবার পূর্বাবস্থায় ফিরে গেছে। এখন কর্মীরা নেতৃত্ব মানছেনা। নেতারাও অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সদ্য পদত্যগী নেতারাও দল ছেড়ে নির্বাচ করতে মাঠে নেমে পড়েছে। কেন্দ্রীয় নেতারা অনেকে প্রকাশ্যেই তারেকের বিরুদ্ধে কথা বলছে। এমন দল আর নেতৃত্ব নিয়ে আর যাই হউক আন্দোলন সফল হবেনা। কোন দাবী আদায় করা সম্ভব হবেনা। এমন উপলব্দি থেকেই জনগন যেমন বি এন পি’র পক্ষে নেই, দলের নেতা কর্মীরাও আর নেতৃত্বের উপর ভরসা রাখতে পারছেনা।

দ্বিতীয় কথা, সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠলেও দেশে যে অভাবনিয় উন্নয়ন হয়েছে সে কথা সব মানুষই স্বীকার করে। কিন্তু বি এন পি নেতারা এই উন্নয়ন আর উন্নতির কথা অবলিলায় অস্বীকার করে চলেছে। দেশের জনগন দেখে এক আর বি এন পি নেতারা বলে আরেক। এই বৈপরীত্য শিশুকেও অবাক করে। তার চেয়েও বড় কথাটি হল বি এন পি জনস্বার্থে একটি দাবীও প্রতিষ্ঠিত করতে পারেনি। তাদের একটাই দাবী ” দেশে গনতনন্ত্র নেই”। গনতন্ত্র না থাকলে বি এন পি নেতারা অবিরাম মিথ্যাচার করে চলেছেন কি ভাবে? একটি বিষয়ে দলটি তাদের আন্দোলন অব্যাহত রেখেছে ” নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে”। কিন্তু এই দাবী প্রতিষ্ঠিত করতেও সংবিধান বদল করা প্রয়োজন। তা কেবল জাতীয় সংসদেই সম্ভব। কিন্তু সংসদে এই বিলটি পাশ করাতে যে পরিমান ভোট দরকার বি এন পি’র তা নেই। সরকার কেন তাহলে বি এন পি’কে গ্রাহ্য করবে? যে তত্বাবধায়ক সরকারে দাবী বি এন পি উত্থাপন করেছে তার রূপরেখাটিও জনগনের সামনে তুলে ধরতে পারেনি। নির্বাচনে বিজয়ী হলে বি এন পি সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তার উত্তরটি অজানা। কোন ভরসায় জনগন বি এন পি’কে ভোট দিয়ে নির্বাচিত করবে?

সরকারের মেয়াদ পূর্ন হতে আর মাত্র ১১ মাস বাকী। দল গোছানোর জন্য সময়টি যথেষ্ঠ নয়। তাই নেতারা নির্বাচনে আগ্রহী নয় (তারা জানে ভরাডুবি হবে)। কিন্তু তারেক নির্বাচনে যেতে চায় (কারন তার টাকা দরকার। নমিনেশন বানিজ্য করে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিবে)। এমন দল নিয়ে নির্বাচনে গেলে ফলাফল কি হবে তা সকলেরই জানা। নেতারা (যারা তারেকের মত বিদেশে যেতে পারেনি) নির্বাচনের পরে রাজনীতিতে টিকে থাকতে চায়। তারা নির্বাচনে যেতে রাজী হবে শুধুমাত্র তাদের বিজয় নিশ্চিত হলে। সংলাপ বা আলোচনা করে কোনই লাভ হবেনা।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

শীতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে হোমমেড প্যাক

লাইফস্টাইল ডেস্কঃ শীতকালে ত্বকের উজ্জ্বলতা কমতে থাকে ও ত্বক শুকিয়ে যায়। কারো কারো ত্বক রুক্ষ হয়ে যায়। আর তাই এ সময়ে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। বছরের অন্যান্য সময়ের মতো শীতকালেও যেন ত্বক থাকে উজ্জ্বল ও ঝলমলে। বাজারে বিভিন্ন রং ফর্সাকারী প্যাক কিনতে পাওয়া যায় । তবে ঘরে তৈরী প্যাকের ব্যবহারই  ত্বকের জন্য সবচেয়ে নিরাপদ।

চলুন তাহলে শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে জেনে নিই কিছু প্রয়োজনীয় হোমমেড প্যাকঃ 

চন্দন ও মূলতানি মাটির প্যাকঃ চন্দনের প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আর মুলতানি মাটি ত্বক পরিষ্কারের জন্য বেশ কার্যকরী। এই ২ টি উপকরণ একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট এর মতো রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মধু ও শশার প্যাকঃ শশা পেস্ট করে ১ টেবিল চামচ মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগান। ২০মিনিট পর পানি দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ত্বকের কালো দাগ দূর করে ত্বককে করবে আরো সজীব ও লাবন্যময় ।

টমেটোর প্যাকঃ টমেটো ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে ত্বকের টানটান ভাব ফিরিয়ে আনার জন্য বেশ উপকারী। টমেটোর রসের সাথে টক দই ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পরে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন। এতে করে ত্বকের তেলতেলে ভাব থাকবে না, সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

পাকা কলা, পেঁপে ও ময়দার প্যাকঃ পাকা কলা, পাক পেঁপে ও ময়দা একসাথে মিশিয়ে প্যাক তৈরী করে মুখে লাগিয়ে রাখুন । ১৫-২০ মিনিট লাগিয়ে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কাঁচা হলুদের প্যাকঃ ত্বক ফর্সা করার জন্য সেই আদিকাল থেকেই কাচাঁ হলুদের ব্যবহার চলে আসছে । কাঁচা হলুদের সাথে দুধ মিশিয়ে ত্বকে লাগানোর পরে ২৫-৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন আর পান ফর্সা ও লাবন্যময় ত্বক ।

এছাড়া, রাতে ঘুমানোর আগে মুখের জন্য ভালো মানের নাইট ক্রীম ও বডিতে ময়েশ্চারাইজার সমৃদ্ধ লোশন লাগান । ত্বকের শুষ্ক ভাব কমে ত্বক হবে নরম ও কোমল।

 

মেহেরপুর ও নওগাঁয় বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে বিল

শিক্ষা ডেস্কঃ মেহেরপুর ও নওগাঁয় নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে আলাদা দুটি বিল তোলা হয়েছে। মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন এই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ এবং ‘মুজিবনগর বিশ্ববিদ্যায়, মেহেরপুর বিল-২০২৩’ আলাদাভাবে জাতীয় সংসদে তোলেন। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিল দুটিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ-১৯৭৩-এর বিধানাবলি পরিপালন করতে হবে। রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। আচার্য নির্ধারিত শর্তে স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করবেন। কোনো ব্যক্তি অন্য কোনোভাবেই উপাচার্য হিসেবে দুই মেয়াদের বেশি সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হবেন না। আচার্য যেকোনো সময় উপাচার্যের নিয়োগ বাতিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলিও নির্ধারণ করে দেয়া হয়েছে বিলে। সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো বেতনভোগী শিক্ষক ও কর্মচারী সংসদ সদস্য বা স্থানীয় সরকারের কোনো পদে নির্বাচিত হতে প্রার্থী হতে চাইলে ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দেবেন। 

এদিকে শিক্ষামন্ত্রী বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্বে করোনায় আরও ১১০৯ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৬২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ১৩৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৫০ হাজার। আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২৫৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন ২৪৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৪৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৮২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২ জন এবং মারা গেছেন ৪৭ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৫ জন এবং মৃত্যু হয়েছে ১১৫ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ২৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ২৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৩৮৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ১৭ হাজার ৪২৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।