ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভে শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় জড়িত সন্দেহে দেশটির শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগ। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) পুলিশের এক সাবেক কমান্ডারকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া জননিরাপত্তা বিভাগের প্রাক্তন এক কর্মকর্তার বিরুদ্ধে দাঙ্গায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ব্রাজিলের অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্রাসিলিয়ার সাবেক জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেস-সহ ও অন্যান্যরাও রয়েছেন। তবে দাঙ্গায় কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন টরেস। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর মন্ত্রিসভায় বিচার বিভাগের দায়িত্বে ছিলেন টরেস।
এদিকে দেশটির গণমাধ্যম জানায়, পুলিশের এক সাবেক কমান্ডারকেও আটক করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্সি ভবন ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাহিনীর আরেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বিবিসি আরো জানিয়েছে, দাঙ্গার পরে গ্রেফতার হওয়া প্রায় ১৫শ জনকে পুলিশ একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার করা ব্যক্তিদের মধ্যে প্রায় ৬শ জনকে পৃথক জায়গায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার জন্য পুলিশ কর্মকর্তাদের পাঁচ দিন সময় দেয়া হয়েছে। ব্রাসিলিয়ার এ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

উল্লেখ্য, গত রোববার (৮ জানুয়ারি) ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে দেশটির কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্সি ভবনের সামনে বিক্ষোভ করে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বলসোনারোর কয়েক হাজার সমর্থক। এদিন ব্যাপক তাণ্ডব চালায় তারা। একপর্যায়ে কংগ্রেস ভবনের ছাদে উঠে যায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

১০ দফা দাবিতে সারাদেশে আজ বিএনপির গণ অবস্থান চলছে

অনলাইন ডেস্কঃ সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ সারাদেশে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এই দাবিতে সমর্থন দেয়া অন্য রাজনৈতিক দলগুলোও আন্দোলনের অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করবে বলে বলছেন নেতারা।

আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করবে দলগুলো।

বিএনপি জানায়, গত ১০ ডিসেম্বর ঢাকায় শেষ বিভাগীয় সমাবেশে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি তুলে ধরেছিল তারা। সেই দাবিতে গত ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল কর্মসূচি থেকে ১১ জানুয়ারি সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি।ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা। এরপর গণঅবস্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে । দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।

সড়ক অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টি না করার শর্তে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে গণ–অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে, ঢাকার গণ-অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক ব্যবস্থা নিয়েছে। রাজধানীতে প্রবেশমুখে গতকাল মঙ্গলবার পুলিশের তল্লাশিচৌকি ছিল। বিরোধীদের এই কর্মসূচিকে ঘিরে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজধানীতে ‘সতর্ক পাহারায়’ থাকবে বলে জানিয়েছে দলটি।

 

খা খা করছে জমি, পানির অভাবে বোরো চাষে বাঁধা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মনু নদীর সেচ প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার প্রায় পনেরো গ্রামের কৃষক পানির অভাবে বোরো চাষের আবাদে চরম রকমের বাঁধা। এতে কৃষি নিয়ে চরম অনিশ্চয়তায় হয়ে পড়েছেন তারা। গত রোববার (৮ জানুয়ারি)  মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে সেচ খালে পানি সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি নেতৃবৃন্দ।

তাদের দাবি কৃষি আবাদের সময় দ্রুত চলে যাচ্ছে, হালি চারারও বয়স বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত সেচের জন্য খালে পানি সরবরাহ হচ্ছে না। চাষাবাদের ভরা মৌসুমেও পানি না পাওয়াতে কৃষকরা দুশ্চিন্তায় আছেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, জেলা সদস্য খচরু চৌধুরী, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আহমদ, জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীসহ এলাকার ২০-২৫ জন কৃষক।

হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজন আহমদ বলেন, এখন প্রতিটি দিনই কৃষকের জন্য গুরুত্বপূর্ণ। হালি চারার বয়স বাড়ার কারণে ফসলের পরিমাণ কমে যাবে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষকের স্বার্থে বোরো চাষ নিশ্চিত করতে দ্রুত পানি সরবরাহের কোনো বিকল্প নেই।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, প্রকল্পের সেচ খালগুলোতে পানি প্রবাহে কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা সেগুলো অপসারণে টিম নিয়ে কাজ করছি। আমি প্রতিদিনই একাধিকবার সাইটগুলো পরিদর্শন করছি। আশা করি এক সপ্তাহের ভেতরে আমরা পুরোপুরি পানি সরবরাহ করতে পারব। এতে করে পানির জন্য চাষাবাদে সমস্যার অবসান ঘটবে।

বাংলাদেশ সীমান্তে ভারতীয় বন্য হাতির তান্ডব

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের  রাজীবপুর  উপজেলার সদর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামে গত দুই রাত ধরে ভারতীয় বন্য হাতির তান্ডব চলছে। হাতির তান্ডবে স্থানীয় কৃষকদের কয়েক বিঘা জমির ভূট্টা ও সরিষা খেতসহ পানি সেচের শ্যালো ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও রবিবার দিবাগত রাতে হাতির পাল স্থানীয় এক বাসিন্দার বসতবাড়ির ক্ষতি সাধন করেছে বলে জানা গেছে। হাতির তান্ডবে কয়েকটি গ্রামের কৃষক ও বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে।

উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়া, পূর্ব জালছিড়া পাড়া ও বালিয়ামারী সীমান্তে গত দুই রাত ধরে বুনো হাতির তান্ডব চালিয়ে আবারও ভারতীয় সীমান্তে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, গত শনি ও রবিবার (৭ ও ৮ জানুয়ারি) গভীর রাতে  রাজীবপুর ও রৌমারী  উপজেলার সীমান্ত এলাকার আর্ন্তজাতিক মেইন পিলার ১০৭২ এর পাশ দিয়ে বন্য হাতির পাল ব্যাপক এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্তের কৃষকদের জমির আবাদ তছনছ করে।

পূর্ব জালচিড়া পাড়া গ্রামের কৃষক শফিউর রহমান শফি জানান, গত রবিবার রাত ৩টার দিকে আন্তর্জাতিক পিলার ১০৭২ এর দক্ষিণ দিকে বর্ডার হাটের পাশ দিয়ে ৩০/৩৫ টি হাতি ভারতের কালাইয়ের চর সীমান্ত দিয়ে  বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী ব্যাপারী  পাড়া গ্রামের সামনে দিয়ে ঢুকে মিয়া পাড়া ও জালচিড়া পাড়া সীমান্তের প্রায় ৫ একর জমির ভুট্ট্রা,সরিষা ও গমের জমি লন্ডভন্ড করে। সাথে ৩ টি শ‌্যা‌লো মে‌শিন দুমরে মুচড়ে দিয়েছে।

বালিয়ামারী  গ্রামের কৃষক আব্দুল আজিজ দেওয়ানী জানান, হাতির পাল তার সরিষার জমি এবং স্যালো মেশিনসহ অন্তত ৫ টি শ্যালোমেশিন  ভাংচুর করেছে। সাথে তার জমির আশেপাশের প্রায় ৫ বিঘা জমির ভুট্রা,সারিষা, ধানের বীজতলা,সবজি বাগান ও গমের খেত পদদলিত করে ক্ষতি সাধন করেছে।

রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভারতীয় হাতির পাল বাংলাদেশের কৃষকদের অনেক ফসলের ক্ষতি করেছে। সেচ যন্ত্রও ভেঙে ফেলেছে। আমি বালিয়ামারী বিজিবি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানিয়েছি। এছাড়াও উপজেলা প্রশাসনকে এ বিষয়টি জানানো হয়েছে।

ইয়াবা ট্যাবলেটসহ এক নারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর (৯ জানুয়ারি) মধ্যরাতে রাজনগর থানাধীন পৈতুরা এলাকা থেকে ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুলসুম বেগম (৪০) নামে একজন নারীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, আজ দিবাগত রাত অনুমান ২টায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে।

পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করে।

পরে আটককৃত কুলসুমের দেখানো মতে তার বসতঘরে তল্লাশি করে ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

আটককৃত কুলসুম বেগম এবং পলাতক তঞ্জব আলিকে আসামি করে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কুলসুম বেগমকে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি তঞ্জব আলিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফুলবাড়ীতে শীতবস্ত্র, বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলো ১৫ বিজিবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শীতার্ত ও দুস্থ জনসাধারনের মাঝে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ জনসাধারনের মাঝে পাঁচ শতাধিক কম্বল ও ছয় শতাধিক চিকিৎসা বঞ্চিত নারী পুরুষ ও শিশুর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি, সহকারী পরিচালক মিজানুর রহমান, বেসামরিক মেডিক্যাল অফিসার ডাঃ নির্মলেন্দু সাঁজোয়াল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু, বিজিবি’র সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি জানান, লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে ফুলবাড়ী সীমান্ত এলাকায় শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক কম্বল, ছয় শতাধিক দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ করা হয়েছে। সীমান্তবর্তী দুস্থ জনসাধারণের সুখে দুঃখে বিজিবি সবসময় পাশে থাকবে।

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী’কে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই নারীর স্বজনদের করা মামলা দায়েরের পর কয়েছ আহমদ (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কয়েছের বাড়ি উপজেলার সাগরনাল ইউপি দক্ষিণ বড়ডহর গ্রামের বাসিন্দা। এর আগে গতকাল দুপুরে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে একই উপজেলার গোয়ালবাড়ী ইউপির যোগীমোড়া গ্রামের বাসিন্দা রইছ আলীর মেয়ে রীমা আক্তারের (১৯) সঙ্গে পার্শ্ববর্তী সাগরনাল ইউপির দক্ষিণ বড়ডহরের বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে কয়েছ আহমেদের দাম্পত্য জীবন শুরু হয়। পেশায় কয়েছ চট্টগ্রামে ট্রাক চালক। বিয়ের পর কয়েছ ও তাঁর পরিবারের সদস্যরা ট্রাক কেনার জন্য যৌতুক হিসেবে রীমার কাছে একাধিকবার টাকা দাবি করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন রীমা। এ কারণে তাঁর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

এজাহারের সূত্রে আরও বলা হয়েছে, স্বামী কয়েছ প্রায়ই রীমাকে বলতেন, তিনি তাঁকে বিয়ে করে ঠকেছেন। রীমা মারা গেলে দ্বিতীয় বিয়ে করবেন। অনেক টাকা যৌতুক পাবেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকেও রীমা মোবাইল ফোনে কান্না কাটি করে নির্যাতনের কথা স্বজনদের জানান। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েছের ছোট ভাই জাবেদ মোবাইলে রীমা আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বজনদের খবর দেন। পরে রীমার স্বজনদের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের আড়ার সঙ্গে রীমার লাশ ঝুলতে দেখেন স্বজনরা। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লাশ উদ্ধারের পর কয়েছ’কে আটক করে পুলিশ।  রাত সাড়ে ১১টার দিকে রীমার মা সারি বেগম (৪১) বাদী হয়ে কয়েছ ও তাঁর বাবা আব্দুল কাদিরকে (৬০) আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেন। যৌতুকের দাবিতে তাঁরা নির্যাতনসহ রীমাকে আত্মহত্যায় প্ররোচনায় মানসিক নির্যাতন চালান বলে এজাহারে উল্লেখ করা হয়।

জুড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসীন তালুকদার আজ মঙ্গলবার দুপুরে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত গৃহবধূর শরীরে, গলায় ফাঁসের চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। আটক কয়েছ’কে রীমার মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী’কে নির্যাতনের বিষয়টি তিনি স্বীকার করেছেন। তাঁকে মৌলভীবাজারে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কয়েছের বাবা পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নেত্রকোণায় হতদরিদ্র পরিবার ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “সংকটে, শিক্ষায়, মানবতার” এই শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় হতদরিদ্র পরিবার ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নিজেদের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ (১০ জানুয়ারি)  দুপুরে ফেইসবুক ভিত্তিক ‘স্বদেশপ্রেমগ্রুপ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে উপজেলার বিদ্যাবল্লভ বাজারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, উপদেষ্টা বিল্লাল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরে আলম তালুকদার, সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।

পরে দুই শতাধিক হতদরিদ্র পরিবার ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুই যাত্রীর মারামারি

অনলাইন ডেস্কঃ বাস, লঞ্চ ও ট্রেনসহ বিভিন্ন পরিবহনে যাত্রীদের মারামারির কথা শোনা যায়। তবে এবার মারামারির ঘটনা ঘটেছে মাঝ আকাশে উড়োজাহাজের একটি ফ্লাইটে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এবং নিউজ১৮ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে মারামারি হয়েছে। যে দৃশ্যটির ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শার্টবিহীন এক যুবককে একই ফ্লাইটের সামনের সারিতে বসা অপর এক যাত্রীর সঙ্গে মারামারি করতে দেখা গেছে। শার্টবিহীন যুবকটি আসন বা অন্য কোনো বিষয়ে বেশ বিরক্ত হয়ে অন্য যাত্রীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তবে প্রথমে তাকে ওই যাত্রীর কাছ থেকে কিছু একটা টেনে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তিনি তা করতে ব্যর্থ সামনে বসে থাকা যাত্রীর ওপর চড়াও হন।

একপর্যায়ে তিনি ওই যাত্রীকে ঘুসি দেওয়ার চেষ্টা করেন। এরপরই ফ্লাইটের অন্যান্য যাত্রীরা সংঘর্ষ থামাতে ছুটে আসেন। তবে ভিডিওতে সামনে বসা যাত্রীর চেহারা দেখা যায়নি। অন্য সহযাত্রীরা ওই দুই যাত্রীর মারামারিতে হস্তক্ষেপ করেন এবং কান্নারত শার্টবিহীন ওই যুবকটিকে থামিয়ে মারামারিতে বাধা সৃষ্টি করেন।

যুবকটিকে এখনও শনাক্ত করা যায়নি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে এ ঘটনার তারিখ, ফ্লাইটের তথ্য ও মারামারির পেছনের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, বিতাঙ্কো বিশ্বাস নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন।

শ্রীমঙ্গলে ১কেজি গাঁজাসহ আটক ১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারী) বিকেলে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ গাঙপাড় গ্রামের মৃত নাবালক মিয়া গাজীর ছেলে মো.অলি মিয়া (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও এএসআই জামাল মিয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে একটি দল উপজেলা শহরের অদূরে লালবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার  বলেন,  আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।