বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু : জামিন পেলেন বান্ধবী বুশরা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা। আজ রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান।

আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। এদিন ফারদিনের বাবা আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে, ৫ জানুয়ারি একই আদালতে বুশরার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বুশরার জামিনের বিষয়ে আদেশের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেছিলেন।

ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে বুশরাসহ অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন ফারদিনের বাবা। এরপর গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজবাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে বুশরাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ময়নাতদন্তের পর চিকিৎসকরা হত্যার কথা বললেও বিভিন্ন নাটকীয়তার পর পুলিশ ও র‌্যাব জানায়, ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন।

কুলাউড়ায় ১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১৬ বোতল ফেন্সিডিল সহ খায়রুল মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিন, এএসআই রোমান মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাও গ্রামের পাইকপাড়া টু নছিরগঞ্জ রোডের জনৈক সফরু লন্ডনীর বাড়ির সামনে থেকে খায়রুল’কে আটক করতে সক্ষম হন।

আটককৃতের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত খায়রুল কুলাউড়া উপজেলার  মানগাও গ্রামের মৃত আঃ খালিকের ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে শনিবার (৭ জানুয়ারী) বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।

স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ রোববার (৮ জানুয়ারি) মধ্যরাতে এই হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। স্বঘোষিত এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

অন্যদিকে বিজয় অর্জন না করা পর্যন্ত প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। খবর রয়টার্স।

টানা প্রায় সাড়ে ১০ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময়ে ইউক্রেন কোনো যুদ্ধবিরতি দেখেনি, এমনকি বড়দিনের উৎসবের সময়েও না। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিক ভাবেই গত বৃহস্পতিবার ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন।

পুতিন সেনাদের নির্দেশ দেন, তারা যেন ৬ ও ৭ জানুয়ারি ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকেন। মূলত রাশিয়া ও ইউক্রেনে বসবাসরত অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারেন সেটি নিশ্চিত করতেই এ যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

তবে, ইউক্রেন এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে কৌশলগত চক্রান্ত বলেও আখ্যায়িত করেন। এছাড়া যুদ্ধবিরতি সত্ত্বেও সম্মুখ সমরে গোলাবর্ষণ অব্যাহত ছিল।

এদিকে রয়টার্স বলছে, স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়ার হামলায় খারকিভের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৫০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। হামলা ও প্রাণহানির খবরটি মস্কোতে মধ্যরাতের কয়েক মিনিট পরই সামনে আসে।

অন্যদিকে বিজয় অর্জন না করা পর্যন্ত প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। খবর রয়টার্সের।

টানা প্রায় সাড়ে ১০ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময়ে ইউক্রেন কোনো যুদ্ধবিরতি দেখেনি, এমনকি বড়দিনের উৎসবের সময়েও না। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিক ভাবেই গত বৃহস্পতিবার ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তিনি সেনাদের নির্দেশ দেন, তারা যেন ৬ ও ৭ জানুয়ারি ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকেন। মূলত রাশিয়া ও ইউক্রেনে বসবাসরত অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারেন সেটি নিশ্চিত করতেই এ যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

তবে ইউক্রেন এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে। এমনকি ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তকে কৌশলগত চক্রান্ত বলেও আখ্যায়িত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া যুদ্ধবিরতি সত্ত্বেও সম্মুখ সমরে গোলাবর্ষণ অব্যাহত ছিল।

রয়টার্স বলছে, স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়ার হামলায় খারকিভের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৫০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। হামলা ও প্রাণহানির খবরটি মস্কোতে মধ্যরাতের কয়েক মিনিট পরই সামনে আসে।

স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে স্কুল ছাত্রী রুমা মুন্ডা (১৬) নামে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রুমা মুণ্ডা ওই গ্রামের কালি চরন মুণ্ডার মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে খাবার শেষ করে রুমা তার মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। পরবর্তীতে মধ্যরাতে রুমার মা রুপামনি মুণ্ডা তার মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পশ্চিম পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে ঘরের লোকজনেরা রুমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, রুমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নেত্রকোণায় বিজিবির কম্বল বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় দুঃস্থ শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় জেলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম জাকারিয়া, সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদসহ আরো অনেকে।

রাণীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কমিটির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোকবুল হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে দায়িত্বপ্রাপ্ত কমিটির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণের সভাপতিত্বে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত সকল সদস্যদের সমঝতার মাধ্যমে ইয়াকুব আলীকে সভাপতি এবং মোকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ঠ্য একটি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়৷

নব গঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে কুশমত আলী ও আব্দুল মান্নান, সহ-সম্পাদক পদে প্রধান শিক্ষক রমজান আলী ও ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে সরকারী শিক্ষক আজিজার রহমান নির্বাচিত হয়েছেন।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইয়াকুব আলী,কুশমত আলী, আব্দুল মান্নান, রমজান আলী, সলেমান আলী, ধরনী কান্ত রায় প্রমুখ।

এছাড়াও সহকারী শিক্ষক কামরুজ্জামান, মুন্নি আকতার ,আবুল কালামসহ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৭ জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে দু’পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার বিকাল ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলপথ সংলগ্ন কিছু জমি নিয়ে সাবু মিয়া ও সামছুদ্দীন আহমদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার শামছুদ্দীন ও তার ভাইয়েরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমি দখলে আসেন। এ সময় টিনের তৈরি ঘর ভেঙ্গে ফেলা হচ্ছে বলে সাবু মিয়া স্থানীয়দের দেখার অনুরোধ জানান। সেখানে ঘর দেখতে যাওয়ার পর অবস্থানরত মসুদ মিয়া ও শামছুদ্দীন আহমদ লোহার রড দিয়ে সবুজ মিয়াকে মারতে চাইলে বাঁধা দিতে যাওয়ায় আতিকুর রহমান ও মিজানুর রহমান উপর আঘাত করে।

এরপর আতিকুর রহমানকে রক্তাক্ত দেখে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অন্যান্যরা এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান আহমদ (২৫), আতিকুর রহমান বকুল (৫৩), মিজানুর রহমান (৬০), সাবু মিয়া (৩৫), মসুদ মিয়া (৪৮), জাহিদ মিয়া (৫২), শামছুদ্দীন আহমদ (৪৩) আহত হন।

আহতদের মধ্যে সোহান আহমদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যান্যরা মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি এসআই সোহেল রানা ও এএসআই এনামুল হক সরেজমিন ঘুরে আসেন। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের আগে চিকিৎসা প্রদানের কথা বলা হয়েছে। থানায় মামলা দেয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন  ১। সুখদেব খোকা এবং ২। মোঃ মোরছালিন নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি।

গতকাল শুক্রবার (৬ জানুয়ারি)  রাতে এএসআই মুক্তার মিয়াসহ শ্রীমঙ্গল থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ভাড়াউড়া চা বাগান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

আসামিদ্বয় শ্রীমঙ্গল থানার ২০১৭ সালের একটি মামলায় ১ বছর ১ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানা পুলিশের ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটক হবার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের আজ শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন আজ

আজ শনিবার (৭ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে দুই দিনের সফরের শেষ দিনে টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২৭টি উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে- বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত দুটি ঘাটলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, পাটগাতি ভূমি অফিস, টুঙ্গিপাড়া পৌর মার্কেট, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, জেলা প্রসাশন স্কুল অ্যান্ড কলেজ ভবন, সোনাখালির জোড়াসেতু, রাধাকান্ত উচ্চবিদ্যালয়, দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদরাসা, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতী ইউনিয়ন ভূমি অফিস, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। এ ছাড়া গোপালগঞ্জ সদরের স্বাধীনতা নামে জেলা পরিষদের ডাকবাংলো এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বেশ কয়েকটি গার্ডার ব্রিজও রয়েছে। এ ছাড়াও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আর প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাকি ৯টি প্রকল্প শিক্ষা ও গণপূর্ত বিভাগ।

উল্লেখ্য, আজ শনিবার বিকাল সাড়ে ৪টার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

মৌলভীবাজারে ৮টি ইটভাটায় অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৮টি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গ করে ইটভাটা পরিচালনার দায়ে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা-৭ এর আলোকে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিপূরণ আরোপসহ জরিমানা আদায় করা হয়ঃ-

(১) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানে অবস্থিত মেসার্স রূপসী ব্রিক্স,সাং: মুবারকপুর;-৫০ হাজার টাকা জরিমানা।

(২) মেসার্স তিতাস ব্রিক্স,গ্রাম:গাজীপুর, কুলাউড়া,মৌলভীবাজার;-৫০ হাজার টাকা।

(৩) মেসার্স শাপলা ব্রিক ফিল্ড,গ্রাম:দক্ষিণ ভোয়াই,পোস্ট:রংগীরকুল,কুলাউড়া,মৌলভীবাজার;-৫০ হাজার টাকা।

(৪) মেসার্স কলিম উল্লাহ ব্রিক্‌স,লহরাজপুর, কুলাউড়া,মৌলভীবাজার;- ৫০ হাজার টাকা।

(৫) মেসার্স রাজ ব্রিক্স,সাং-পৃথিমপাশা,পো: কর্মধা,উপজেলা-কুলাউড়া,মৌলভীবাজার;-৫০ হাজার টাকা।

(৬) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের বাড়ইগাঁও গ্রামের মেসার্স উস্তোয়ার ব্রিকস লিমিটেড’কে ৫০ হাজার টাকা।

(৭) কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের কটারকোনার মেসার্স মনু ব্রিকস’কে

৫০ হাজার টাকা।

(৮) মেঘনা ব্রিকস (এমআর ব্রিক কোং লি), গ্রাম: বেলাগাঁও,পোস্ট:কুলাউড়া, মৌলভীবাজার;- ৫০ হাজার টাকা।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর নির্দেশে মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম স্বাক্ষরিত ৮টি ব্রিকস ফিল্ডকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গের অপরাধে সর্বমোট চার (৪) লক্ষ টাকা জরিমানা করা হয়।