লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে নববর্ষের প্রথম বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি প্রায় ১০৫ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী গাড়ি চালক রায়ফুল।

আবুধাবিতে অনুষ্ঠিত লটারিতে ২৪৭ সিরিজের এ যাবতকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন আল আইনের বাসিন্দা মোহাম্মদ রায়ফুল। ২০২২ সালের ১০ ডিসেম্বর টিকিটটি (টিকিট নম্বর ০৪৩৬৭৮) কিনেছিলেন তিনি।

আয়োজকরা শুরুতে ফোনে একাধিক বার প্রচেষ্টার পরেও ৩৯ বছর বয়সী এই বিজয়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কারণ, ওই সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন।

সৌভাগ্যবশত একপর্যায়ে আল আইনের এই বাসিন্দার কাছে তার জ্যাকপট জেতার খবরটি পৌঁছাতে সক্ষম হন আয়োজকরা।

আল আইনের একটি কোম্পানিতে পিকআপ ভ্যানচালক হিসেবে কাজ করেন রায়ফুল। গত ৯ বছর ধরে টিকিট কিনছেন তিনি। তার বিজয়ী হওয়ার টিকিটটি ২০ জন বন্ধু মিলে অনলাইন থেকে কেনা হয়েছিল। এখন তারা সবাই এই পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন।

রায়ফুল বলেন, আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি জিতেছি। আমি খুব উত্তেজিত ও আনন্দিত।

টাকাটা কীভাবে খরচ করবেন জানতে চাইলে রায়ফুল জানান, তিনি এখনও এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। ওই রাতে বিজয়ী হওয়ার একটি কল পাবেন বলে আশা করেননি তিনি।

২৩ মিলিয়ন দিরহাম পুরস্কারের পরবর্তী ড্র আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া এক মিলিয়ন দিরহামের দ্বিতীয় পুরস্কার, এক লাখ দিরহামের তৃতীয় পুরস্কার এবং ৫০ হাজার দিরহামের চতুর্থ পুরস্কারের পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

‘বিগ টিকেট মিলিয়নিয়ার’-এর টিকিটের মূল্য ৫০০ দিরহাম। তবে দুটি টিকিট কিনলে বিনামূল্যে আরেকটি টিকিট দেওয়া হবে।

দাম কমায় লেবু ব্যবসায়ীরা সংকটে!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দাম কমে যাওয়ায় সংকটে পড়েছেন মৌলভীবাজারের লেবু ব্যবসায়ীরা। শীতকালে এমনিতেই লেবুর উৎপাদন কিছুটা কম হয়। এর মধ্যে চাহিদা ও দাম কমায় বড় ক্ষতির মুখে পড়েছেন এখানকার প্রায় দুই হাজার লেবু বাগানের মালিক। বাজারে দাম কমায় শ্রমিক ও পরিবহন খরচও উঠছে না অনেক সময়। দেশের বিভিন্ন এলাকায় নতুন লেবু বাগান গড়ে তোলা ও লেবুর উৎপাদন বাড়ায় মৌলভীবাজারের লেবু ব্যবসায় ধস নেমেছে বলে ধারণা খাতসংশ্লিষ্টদের।

শ্রীমঙ্গলের লেবুর আড়ত ও ব্যবসায়ীরা জানান, এখানকার সবচেয়ে বড় লেবু পাইকারি বাজার শ্রীমঙ্গলে। এ বাজার থেকে প্রতি বছর এই মৌসুমে দিনে ছয় থেকে আট লাখ লেবু বিক্রি হতো। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এসব লেবু কিনে নিয়ে যেতেন। দামও ছিল ভালো। কিন্তু এবার বিক্রি কমে নেমেছে ৩ থেকে ৪ লাখে। দামও কমেছে প্রায় অর্ধেক। গত বছর এই সময়ে প্রতিটি লেবুর পাইকারি দাম ছিল ২-৪ টাকা কিন্তু চলতি বছরের এ সময়ে দাম ৫০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে।

লেবু ব্যবসায়ী সমিতির তথ্যমতে, মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল লাগোয়া হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাটের পাহাড়ি এলাকায় দুই হাজার লেবুবাগান রয়েছে। এসব বাগানের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের আড়ত থেকেই এসব বাগানের লেবু দেশের বিভিন্ন স্থানে যায়। শ্রীমঙ্গলে লেবু সমিতির আওতাধীন ২২টি গুদাম ছাড়াও ছোট-বড় অনেক ব্যবসায়ীর নিজস্ব গুদাম রয়েছে।

ব্যবসায়ীরা জানান, এ বছর প্রথম দিকে বিরূপ আবহাওয়ায় লেবুবাগানের কিছু ক্ষতি হলেও পরিমিত বৃষ্টিপাতের কারণে ফলন ভালোই হয়েছে। একসময় সেপ্টেম্বরেই লেবুর মৌসুম শেষ হয়ে যেত কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির প্রয়োগ ও উচ্চফলনশীল চারা রোপণের কারণে সারা বছরই লেবু উৎপাদন হচ্ছে।

তাদের অভিযোগ, বিভিন্নভাবে সীমান্ত দিয়ে ভারত থেকে লেবু দেশের বাজারে প্রবেশ করায় স্থানীয় বাজারে দাম কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাছাড়া বর্তমানে চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে লেবু চাষের ফলে শ্রীমঙ্গলের লেবু বাজারে ধস নেমেছে বলে ধারণা ব্যবসায়ীদের। এজন্য ক্ষতির মুখে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা।

শ্রীমঙ্গলের একটি লেবু বাগানের মালিক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান চৌধুরী শিপলু জানান, করোনাকালে লেবুর বাড়তি চাহিদা থাকায় বাগান মালিকরা অনেক লাভ করেছেন। এজন্য অনেকে নতুন করে আবাদ বৃদ্ধি করেছেন, কিন্তু বর্তমানে বাজারে দাম এতই কমেছে, লেবু বিক্রি করে এখন যে অর্থ পাওয়া যায়, তা দিয়ে শ্রমিকের মজুরি এবং আড়তে পৌঁছতে গাড়ি ভাড়া দিয়ে আর কিছু থাকে না। ফসল নষ্ট হবে এজন্য বাজারে বিক্রির জন্য পাঠাই। নয় তো কেউই বাজারে ফসল নিয়ে যেত না। অনেক চাষী গাছ থেকে লেবু লাঠি দিয়ে নিচে ফেলে দিচ্ছেন বলে জানান তিনি।

শ্রীমঙ্গলের শিবিরবাড়ী খাস এলাকার লেবুচাষী লিটন মিয়া জানান, বাগান থেকে এক গাড়ি (২ হাজার পিস) লেবু পাড়তে মজুরি দিতে হয় ৭৫০ টাকা। বাজারে পৌঁছাতে গাড়ি ভাড়া ১ হাজার ২০০ টাকা মিলে মোট খরচ হয় ১ হাজার ৭৫০ টাকা। এ ফসল বাজারে ১ হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকায় বিক্রি করতে হয়। একদিন ২০০ টাকা উদ্বৃত্ত থাকলে পরের দিন খরচের টাকাই মেলে না।

লেবুচাষী সামছুল হক জানান, এ বছর তিনি ৩০ একর জমিতে লেবু চাষ করেছেন। কিন্তু লেবু বিক্রি করে শ্রমিক ও উৎপাদন খরচ মিলছে না। কৃষি বিভাগ থেকেও কোনো ধরনের সহায়তা মিলছে না। এ অবস্থায় চাষীরা লেবু চাষে উৎসাহ হারাতে পারেন।

শ্রীমঙ্গলের লেবু ঘরের পরিচালক আশুতোষ চক্রবর্তী জানান, লেবুর বাজারে এ বছর বড় পরিবর্তন এসেছে। দেশের বিভিন্ন এলাকায় ফসলটির চাষ বেড়েছে। আগে প্রায় সারা দেশে লেবুর চাহিদা পূরণ করত শ্রীমঙ্গলের বাজার এখন সেটা পরিবর্তন হয়েছে। শ্রীমঙ্গলের লেবু না গেলেও দেশের চাহিদা পূরণ হবে অন্যান্য এলাকার লেবু দিয়ে। এটা দাম কমার অন্যতম কারণ।

শ্রীমঙ্গল আড়ৎ ব্যবসায়ী সমিতি সভাপতি মো. জসিম উদ্দিন জানান, গত বছরের তুলনায় এবার লেবুর দাম কমেছে তিন গুণ। এজন্য চাষীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি লেবু ব্যবসার সঙ্গে জড়িতরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, মৌলভীবাজারে এ বছর ১ হাজার ৫২০ হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে। জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ সাত উপজেলা এবং হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাটের পাহাড়-টিলার মাটি আবহাওয়া লেবু চাষের জন্য খুবই উপযোগী। এসব এলাকায় কাগজি, চায়না, জারা, পাতি ও কাটা লেবু বাণিজ্যিকভাবে উৎপাদন হয়। সবচেয়ে বেশি হয় শ্রীমঙ্গলে।

মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, কৃষককে তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। বাজার দর ওঠানামা করা স্বাভাবিক প্রক্রিয়া তবে চাষীরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

ফের সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সোমবার (২ জানুয়ারি) বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি চিঠি দেয় গ্রামীণফোনকে। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ আমাদের হাতে এসেছে।

এদিকে গ্রামীণফোন দাবি করেছে তারা সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) বাড়াতে করণীয় সব করেছে। সবশেষ নিলামে তরঙ্গ (স্পেক্ট্রাম) কিনে তা নেটওয়ার্কে সংযোজন, নতুন নতুন টাওয়ার নির্মাণ, টাওয়ারগুলো অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে সংযুক্ত করা হচ্ছে। এর ফলে গ্রামীণফোনের সেবার মান বেড়েছে। সেবার মান বেড়েছে কি না, তা পরীক্ষা করার জন্য গ্রামীণফোন চিঠি দিয়েছিল বিটিআরসিকে। পরীক্ষা-নিরীক্ষার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে, গত রোববার (১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে।এখন সিম বিক্রি করতে পারবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সেবার মান খারাপের অভিযোগ তুলে বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সাংবাদিকদের জানিয়েছিলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা  চায়ের রাজধানী নামে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (৩রা জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮. ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছেন, শাহনাজ সুলতানা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ।

এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। এছাড়া, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত ছিল। সারাদেশে রাতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আরও বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে নিশ্চিত করে জানান তিনি।

৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় পুলিশের অভিযানে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে রোববার (১ জানুয়ারী) এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, এএসআই, মোঃ রুমান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ৪নং জয়চন্ডি ইউপির অন্তর্গত ক্লিভডন চা বাগানস্থ দূর্গা মন্দিরের সামনে থেকে মাদক ব্যবসায়ী কোকিল তাষা(৩৮) কে গ্রেপ্তার করে। কুলাউড়ার জয়চন্ডি ইউপির ক্লিভডন চা বাগান পাট্টা লাইন মৃত নকুল তাষার সন্তান কোকিল তাষা।

গ্রেপ্তার পূর্বক আসামীর হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারি কোকিল তাষার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০২, ০১/০১/২০২৩ ধারা: ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন মাদক ব্যবসাযী আসামির সাথে থাকা ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আজ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২ জানুয়ারি) সাড়ম্বরে জাতীয় সমবায় দিবস পালিত হয়।  এ উপলক্ষে এদিন সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইএসডিও’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

আরো বক্তব্য  রাখেন- সহ-শিক্ষা অফিসার সীমান্ত বসাক, তথ্য অফিসার হালেমা বেগম, মৌলানা সামসউদ্দিন, মৌলানা আসলামউদ্দিন, ষড়জ শিল্পীগোষ্ঠী সভাপতি সহ-অধ্যাপক রেজাউল ইসলাম, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম, সেবাগ্রহীতা তোফাজ্জল হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, শিক্ষক, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন উপকারভোগীকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

চুরি ডাকাতি ছিনতাই মাদক মামলার আসামি, ফের ইয়াবাসহ গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাও (ভারাভীম) গ্রামের কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ফের ইয়াবাসহ পুলিশের খাঁচায় বন্দী হয়েছে।

গত (শনিবার) কালিয়ারগাঁও (ভারাভীম) গ্রামের নতুন বাজার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে দুধর্ষ ওই অপরাধীকে ১৬ পিছ ইয়াবাসহ মৌলভীবাজার মডেল থানা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম ও সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈদ হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফের আটক করেন। আটকের সময় তাঁর দেহ তল্লাশি করে পুলিশ ওই ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট পায় বলে জানিয়েছে।

জানা যায়, চুরি আর মাদক যেন তাঁর একমাত্র নেশায় ও পেশায় পরিণত হয়েছে। এর আগেও একাধিকবার চুরির অভিযোগে থানা পুলিশের হাতে আটক হয়েছে নুরুল। তবে কারাগার থেকে জামিনে বের হয়ে ফের জড়িয়ে পড়ে পূর্বের পুরাতন পেশায়।

পুলিশ সূত্রে জানিয়েছে নুরুল ইসলাম ২ টি চুরি মামলার পরোয়ানাভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি চুরি এবং চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আটক নুরুল ইসলাম ওই এলাকার আব্দুল বশির এর ছেলে।

মডেল থানার সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম জানান, আটককৃত নুরুল ইসলাম মাদক ছাড়াও গাড়ি ও মোটরসাইকেল চুরির একাধিক ঘটনায় জড়িত।

নেত্রকোণায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায়” এই স্লোগানে নেত্রকোণায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সজল, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,জেলা মহিলা আওয়ালীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনসহ আরো অনেকে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে। মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তিবান্ধব জনগোষ্ঠিই স্মার্ট বাংলাদেশ গড়ার নেপথ্যে কাজ করবে।

প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘ডিপিডিসি’র স্মার্ট গ্রীড-এর পাইলট প্রকল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ প্রযুক্তি নির্ভর হতে সময় নেয়। তাদেরকে উদ্বুদ্ধ করে আধুনিক করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশাল এলাকা দ্রুত আধুনিকায়নের আওতায় আনা উচিত। বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় করে সমন্বিতভাবে প্রযুক্তিবান্ধব পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক। এ সময় তিনি ‘ম্মার্ট গ্রীড’ নীতিমালা তৈরীর উপর গুরুত্বারোপ করেন।

পাইলট প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ ও প্রসার, ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ও পাওয়ার সিস্টেম স্মার্ট গ্রীড প্রবর্তন হবে। সমন্বিত স্মার্ট গ্রীডে থাকবে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা সমূহ (Integrated Comunication Systems), এ্যাডভান্স সেন্সিং উইথ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Advanced Sensing with AI), এ্যাডভান্স মিটারিং অবকাঠামো (AMI), পরিমাপ অবকাঠামো (Measurement Infrasturcture), সিদ্ধান্ত গ্রহনে সহায়তা (Comprehensive decision support), সিস্টেম ব্যবহারে সহায়তা (Easy to use System Interfaces)। প্রাথমিকভাবে সাতমসজিদ রোড, লালমাটিয়া, আসাদগেট ও জীগাতলায় এই সুযোগ থাকবে। পর্যায়ক্রমে এর ব্যাপ্তী বাড়ানো হবে।

NKSOFT Corporation, USA-এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত জন চৌধুরী স্মার্ট গ্রীড কীভাবে কাজ করবে-তার উপর একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. বিকাশ দেওয়ান-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে গ্লোবাল ব্র্যান্ড কমিউনিকেশন, ইউএসএ-এর পরিচালক ফারজানা ইয়াসমিন আশা, ইউরোপীয়ান ইউনিয়নের মিনিস্টার কন্সুলার এন্ড হেড অব কো-অপারেশন মাওরিজো ক্যাইন (Maurizio Cian) বক্তব্য রাখেন।

ফুলবাড়ীতে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় পল্লীবিদ্যুৎ ফুলবাড়ী জোনাল অফিসের আয়োজনে চন্দ্রখানা খামারের বাজার এলাকার সাব পাওয়ার স্টেশন চত্বরে ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) মহিতুল ইসলাম।

এ সময় নির্বাহী প্রকৌশলী সাহাব উদ্দিন মাহমুদ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, গ্রাহক সমিতির সভাপতি জেষ্ঠ প্রভাষক জাইদুল হক,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান লিটু, সাংবাদিক অলিউর রহমান নয়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, গ্রাহক হাফিজুর রহমান বক্তব্য রাখেন।