কমলগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন আব্দুস শহীদ এমপি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব প্রমুখ।

বই বিতরণ উৎসবে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসবের শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়। এতে ক্ষুদে শিক্ষার্থীদের নতুন বই হাতে পেয়ে অনেক আনন্দিত।

৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিকে অনলাইনে বদলি আবেদন চলবে

শিক্ষা ডেস্কঃ প্রাথমিকে সহকারী শিক্ষকদের একই উপজেলায় দ্বিতীয় ধাপের অনলাইনে বদলি আবেদন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। গতকাল সোমবার (২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হয়। একই উপজেলায় দ্বিতীয় দফা অনলাইন বদলি আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত মানতে হবে। এ ক্ষেত্রে আগামীকাল (৩ জানুয়ারি) থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলায় বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে।

অনলাইন বদলি আবেদনে নিম্নলিখিত শর্ত মানতে হবে- শিক্ষকরা ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকায় রাখবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করতে পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারি করা সবশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী’ আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে কাজটি করবেন। পরে পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।

মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হলেন নরমা লুসিয়া পিনা

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন নরমা লুসিয়া পিনা। দেশটির বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি।

বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথগ্রহণ করে নরমা লুসিয়া পিনা জানিয়েছেন, অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারলো।

যদিও দেশের প্রেসিডেন্ট নরমাকে সমর্থন করেননি। তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচারব্যবস্থার প্রধানে চেয়ারে   দেখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ৬-৫ ভোটে ১১ সদস্য়ের বিচারব্যবস্থা নরমাকে এই পদে বসিয়েছে।

নরমার এই জায়গায় পৌঁছানো খুব সহজ হয়নি। বহু লড়াই করতে হয়েছে তাকে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, ১৯৮০ সালে একটি অ্যাকাডেমিক পেপারে তিনি অন্যের লেখা বসিয়ে দিয়েছিলেন। যদিও এখনও তা প্রমাণ হয়নি। ওই বিতর্ক তার পদ ছিনিয়ে নিতে পারেনি।

মেক্সিকোর বিচার ব্যবস্থাবিষয়ক বিশেষজ্ঞদের ভাষ্য, নরমা অত্যন্ত বিচক্ষণ বিচারপতি। তিনি যে আসন পেয়েছেন, তা তার প্রাপ্য ছিল। তবে দেশের প্রেসিডেন্ট তাকে না চাওয়ায় পরবর্তী সময়ে তাদের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

জাতীয় ডেস্কঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

কানাডায় বিদেশিদের বাড়ি কেনা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় বিদেশিদের কাছে বাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আবাসন সংকটের মুখে পড়া কানাডার নাগরিকদের অধিকার সুরক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কানাডার আবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিরা দুই বছরের জন্য শুধু শহরের বাড়িগুলো কিনতে পারবেন না। তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বাংলাদেশসহ অনেক দেশের নাগরিক কানাডায় দ্বিতীয় বসতি গড়ে তুলছেন অনেক বছর ধরেই। এই উদ্যোগে এবার লাগাম টানল ট্রুডোর সরকার।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ডা. এনায়েত হোসেন

স্বাস্থ্য ডেস্কঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন। গতকাল রোববার (১ জানুয়ারি) সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী চার বছরের জন্য তাকে ভাইস-চ্যান্সেলর হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১ (১) অনুসারে অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনকে তার পিআরএল স্থগিতপূর্বক নিম্নবর্ণিত শর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

(১) ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ০৪ (চার) বছর।

(২) ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার পূর্বের পদের (গ্রেড-১) বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

(৩) তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

(৪) ভাইস-চ্যান্সেলর ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।

(৫) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত

শিক্ষা ডেস্কঃ বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয়গুলো হলো— প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। গতকাল রোববার (১ জানুয়ারি) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা যায়, আগামী ছয় মাসের মধ্যে এই চারটি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

তবে ইউজিসির বেঁধে দেওয়া ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ায় ৯টি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য আরও তিন থেকে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদেরকে সব ধরনের কার্যক্রম স্থায়ী ক্যাাম্পাসে স্থানান্তর করতে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হবে।

এ বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, অনুমোদন পাওয়ার ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত না হওয়া ১৫টি বিশ্ববিদ্যালয়কে সব ধরনের কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি কেনাসহ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং সব কার্যক্রম নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেনি। তাই এ বছর থেকে তাদের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। তবে তারা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে উদ্যোগ নিলে পরবর্তীতে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাসে যেতে যাদের বিদ্যুৎ সংযোগসহ ইউটিলিটি সমস্যা রয়েছে তাদের তিন মাস এবং যাদের স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণাধীন তাদের ছয় মাস পর্যন্ত সময় দেওয়া হবে। যারা তিন মাস সময় পেয়েছে তাদের বিষয়ে আগামী ৩১ মার্চ এবং যারা ছয় মাস সময় পেয়েছে তাদের বিষয়ে আগামী ৩০ জুন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারলে তাদেরও নতুন শিক্ষার্থী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২২ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৯ হাজার ৯৫১

জাতীয় ডেস্কঃ ২০২২ সালে সারাদেশে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। আহত ১২ হাজার ৩৫৬ জন। আজ সোমবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছেন।

সংস্থাটি জানায়, একই সময়ে রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন এবং নৌপথে ৩৫৭ জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ১০৮৫৮ জন নিহত হয়েছেন।

২০২১ সালের চেয়ে ২০২২ সালে সড়ক দুর্ঘটনা ১৯ দশমিক ৮৯ শতাংশ ও প্রাণহানি ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

নিহতদের মধ্যে ১১৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬ জন বীর মুক্তিযোদ্ধা, ২৪ জন সাংবাদিক, ৭০৩ জন নারী, ৫৮৮ জন শিশু, ৬৬৬ জন শিক্ষার্থী, ১১৭ জন শিক্ষক, দুই হাজার ৩৮৩ জন চালক, ৪২১ জন পরিবহন শ্রমিক, ২৭ জন প্রকৌশলী, ৯ জন আইনজীবী, ১৩৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ৩১ জন চিকিৎসক রয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

চলতি বছর অর্থমন্দায় ভুগবে বিশ্বের এক-তৃতীয়াংশ অঞ্চল

অনলাইন ডেস্কঃ চলতি বছর অর্থমন্দায় ভুগবে বিশ্বের এক-তৃতীয়াংশ অঞ্চল। গতকাল রোববার (১ জানুয়ারি) আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এই সতর্কবার্তা দিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম সিবিএস চ্যানেলের অনুষ্ঠান ‘ফেস দি ন্যাশন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, গেলো বছর যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের অর্থনীতি ধীরগতির হয়ে পড়ার ফলে ২০২৩ সাল বিশ্ববাসীর জন্য কঠিন হবে।

তিনি আরও বলেন, যেসব দেশে মন্দা হবে না, তারাও অনুভব করবে চরম অর্থনৈতিক সংকটের ধাক্কা।

জর্জিয়েভার পূর্বাভাস, চলতি বছরের শুরুটা চীনের জন্য কষ্টকর হবে। কারণ জিরো কোভিড পলিসি প্রত্যাহারের কারণে দেশটিতে বাড়ছে করোনার বিস্তার। অন্যান্য দেশ থেকে জারি করা হচ্ছে সতর্কতা-বিধিনিষেধ। যা স্পষ্টভাবে বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে। আর এর ফলে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ভুগবেন।

আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মৌলভীবাজারের জুড়ীতে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলার ফুলতলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাজ উদ্দিন (২৬) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

তাজ উদ্দিনের বাড়ি ফুলতলা ইউনিয়নে। পুলিশ ও মামলার এজাহার সূত্রের বরাতে জানা গেছে, তাজ উদ্দিনের সঙ্গে বছরখানেক আগে স্থানীয় এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। ওই ছাত্রীর পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর সাত-আট মাস আগে অন্যত্র বিয়ে করেন তাজ। তবে গত ২৩ ডিসেম্বর কলেজে যাওয়ার সময় তিনি ওই ছাত্রীর পথ রোধ করেন। এ সময় তিনি পালিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। ছাত্রী সেই প্রস্তাব ঘৃনা ভড়ে প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি ২৫ ডিসেম্বরের মধ্যে প্রস্তাবে রাজি না হলে ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও দেন। পরে ছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের এই ঘটনাটি জানান।

স্বজনেরা এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে বিচারপ্রার্থী হন। এদিকে ২৬ ডিসেম্বর ছাত্রীর নামে ভুয়া আইডি খুলে তাঁর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালান। এ ব্যাপারে তাঁর বাবা বাদী হয়ে শনিবার সকালে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাজ উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরপর বিকেল পাঁচটার দিকে উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন রাত পৌনে নয়টার দিকে যোগাযোগ করলে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।