গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩ উদীয়মান নেতা ক্যাটাগরিতে নির্বাচিত সাদরুল আহমেদ খাঁন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ সালের জন্য উদীয়মান নেতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খাঁন। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল লতিফ খাঁন এর সুযোগ্য সন্তান।

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট-এ প্রোফাইল প্রকাশের পর সাদরুল আহমেদ খান বলেন, ‘যখন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টে আমার ইনিশিয়েটিভ জমা দেই উনারা আমার প্রোফাইলটি পৃথিবীর বিভিন্ন দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের সাথে আমার প্রোফাইল প্রতিযোগিতায় নেন। জুরি বোর্ড কঠোর বিচার বিবেচনা করে আমাকে উদীয়মান রাজনৈতিক নেতা হিসেবে বিজয়ী ঘোষণা করেন। যখন ইমেইল পেলাম, তখন আমি অবাক হয়েছিলাম যে, উনারা আমার কাজ সম্পর্কে এতটা গুরুত্ব রাখেন! আমি খুব গর্বিত বোধ করছি যে, আন্তর্জাতিক একটা ফোরামে নিজের এবং দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ ২০২৩ দুবাইতে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থেকে আমি আমার পুরস্কার গ্রহণ করবো ও বিশ্বের কাছে আবারও আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবো।’

এই অ্যাওয়ার্ডে নির্বাচিত হওয়া প্রসঙ্গে সাদরুল বলেন, ‘বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি শেখ হাসিনা সব সময় বলেন তৃণমূল কর্মীই আওয়ামী লীগের প্রাণ, আওয়ামী লীগের সক্রিয় সদস্য হয়ে আমার নিজ এলাকা কুলাউড়া উপজেলার তৃণমূল পর্যায়ে মানুষের মানোন্নয়নের গুরুত্ব আরোপ করি। আমার সামরিক বাহিনীর প্রশিক্ষণ আর জাতীয় সংসদে কাজের অভিজ্ঞতা থেকে এলাকার তৃণমূল পর্যায়ে নিজের সাধ্যমতো কাজ চালিয়ে যাই, তবে চেস্টা করেছি কাজের ধারাবাহিকতা বজায় রাখার। আর এই কাজের জন্যই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছি। আমার কাজের জন্য এটা অবশ্যই একটা স্বীকৃতি, তবে সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ছায়াতলে কাজ করতে পারায়। আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান (এমপি) আমার সব উদ্যোগে নিজ মতামত দিয়েছেন, কিছু কিছু বিষয়ে সভাপতির সম্মতিও নিয়েছেন। সব মিলিয়ে এটা ছিল একটা টিম ওয়ার্ক, তাই আমার এই প্রাপ্তিটা সকলের।’

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের অন্যতম বিবেচ্য ছিল ডিজিটাল ইনিশিয়েটিভ,এ প্রসঙ্গে সাদরুল আহমেদ খান জানান, ’মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। কুলাউড়া উপজেলায় আমরা এ পর্যন্ত ৫৮ টি রোড শো আয়োজন করেছি। এই শো’তে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ভিডিও চিত্র ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামের হাট বাজারে, মাদ্রাসা-মন্দির প্রাঙ্গণে আমরা প্রদর্শনী অব্যাহত রেখেছি। এর মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষেরা সঠিক তথ্য পাচ্ছেন।’

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সাদরুল আহমেদ খান সম্পর্কে বলেছে, ‘তিনি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, তৃণমূলের উন্নয়ন নিয়ে গবেষণা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এক জোরদার কণ্ঠ। সাদরুল এবং তাঁর দল মিলে এলাকার তৃণমূল মানুষের হৃদয়ে স্থান করে নেয়ার নেশায় রত থাকেন। প্রত্যন্ত এলাকার নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মপ্রাণ মানুষদের জীবন মান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেন।’ সাদরুল আহমেদ’কে মনোনীত করার জন্য জুরী বোর্ড যেসব কর্মকান্ড গুলোকে নজরে রেখেছে,

সেগুলো হলো;-

১। ২১ শে ফেব্রুয়ারী কুলাউড়া ১০ কিঃ মিঃ দৌঁড় প্রতিযোগিতা ২০২২ আয়োজন ।

২। ৮ মার্চ শরীফপুর ইউনিয়নে নারী দিবস সম্মাননা ২০২২ আয়োজন ।

৩। ২৬ মার্চ চাতলাপুর চা বাগানে স্বাধীনতা দিবস ব্লাড ক্যাম্প ২০২২।

৪। ১৮ মার্চ শিশু দিবসে রাউৎগাঁও ইউনিয়নে শিশু দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ আয়োজন।

৫। ভূক্শিমইল ইউনিয়ন হাকালুকি সাঁতার প্রতিযোগিতা ২০২২ আয়োজন ।

৬। বিভিন্ন ইউনিয়নে ঈদে ইফতার বিতরণ, ঈদের কাপড় বিতরণ। পূজায় বিভিন্ন মান্ডব ও বড় দিনে গীর্জাসমূহ পরিদর্শন।

৭। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুলাউড়া উপজেলাব্যাপী নিমগাছ রোপন।

৮। সীতাকুণ্ড ট্রাজেডিতে কর্মধা ইউনিয়নের নিহত অলিউরের পরিবারকে সহায়তা।

৯। কুলাউড়া উপজেলার বন্যা দুর্গত ইউনিয়ন সমূহে বন্যার্থ মানুষের জন্য ত্রাণ বিতরণ।

১০। কুলাউড়ার বন্যার্ত আশ্রয় কেন্দ্র সমূহে শুকনো খাবার বিতরণ, রুটি তৈরী ও বিতরণ।

১১। কুলাউড়ার বন্যার্ত আশ্রয় কেন্দ্রে নারী স্বাস্থ্য উপকরণ ও শিশু খাদ্য বিতরণ।

১২। বন্যা পরবর্তী সময়ে বন্যার্ত ইউনিয়ন সমূহে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ।

১৩। শোকার্ত আগস্ট মাসের ৫ তারিখ থেকে ক্যাপ্টেন শেখ কামালের ডিজিটাল প্রদর্শনী।

১৪। আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে কুলাউড়া উপজেলার হাট বাজারে  ৫৮ টি রোডশো।

১৫। কুলাউড়া উপজেলার সকল ইউনিয়নে শীতকালীন শাক-সবজীর বীজ বিতরণ।

১৬। ৬ ও ৭ ডিসেম্বর কুলাউড়া উপজেলার শত্রুমুক্ত দিবস উপলক্ষে সবকয়টি ইউনিয়নে একযোগে পতাকা উত্তোলন,সব ইউনিয়নে উন্মুক্ত দৌড়ের মাধ্যমে  বিজয় র‍্যালী,মুক্তিযোদ্ধা সম্মাননার আয়োজন।

১৭। ১৬ ডিসেম্বর কুলাউড়া উপজেলার চা-বাগান সমূহে শিশু সমাবেশ আয়োজন।

পরিশেষে স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান বলেন,‘এখন অনুভব করছি,দলের ও দেশের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এ ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখতে আশা করি আমি ও আমার টিমের সবাই একসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে তৃণমূলের উন্নয়নের জন্য দ্বিগুন উদ্যোমে কাজ চালিয়ে যাব।’

মেক্সিকোতে বাস উল্টে শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত আরও ৪৭ জন। দেশটির প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী রাজ্য নায়ারিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ জানায়, নিহতরা সবাই নায়ারিত রাজ্যের লিও শহরের বাসিন্দা। তারা বাস ভাড়া করে দলবেঁধে সমুদ্র উপকূলে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকোয় ছুটির মৌসুমে বাস ভাড়া করে দলবল নিয়ে সমুদ্র তীরে সময় কাটানো খুবই সাধারণ বিষয়।

বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণ শেষে ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

অনলাইন ডেস্কঃ বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণ শেষে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

এর আগে, থার্টি ফাস্ট নাইট উদযাপনে উড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে পড়ায় ২ ঘণ্টা ১০ মিনিট চলাচল বন্ধ ছিল।

ডিএমটিসিএল’র প্রকৌশলী মাহফুজুর রহমান সকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিষ্কার না করা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

তিনি বলেছিলেন, রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ( ১ জানুয়ারী ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধন করেন তিনি।  

দ্বিতীয় বারের মতো পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলা। এতে বাংলাদেশ ছাড়াও আরও ১০ দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর সাপ্তাহিক বন্ধের দিন খোলা থাকবে রাত ১০টা অবধি।

মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্নীতি করতে আসিনি; দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। বাবা-মা পরিবার হারিয়ে এদেশে দুর্নীতি করতে ফিরে আসিনি। সব হারিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এসেছি। ২১ বছর পর ক্ষমতায় আসার পর আমাদের সরকারের একটি নীতিমালা ছিল ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা সেটাই করেছি।’

এর আগে, শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বাণিজ্যমেলার উদ্বোধন করবেন।

তিনি বলেন, মেলায় যাতায়াতে যাতে কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্য গত বছরের মতো শাটল সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত প্রাথমিকভাবে ৭০টি বিআরটিসি বাস চলাচল করবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

বাসের ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলা চলাকালীন বাসগুলো চলাচল করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন মেলা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

মেলায় প্রবেশ মূল্যের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাপ্ত বয়স্কদের জন্য মেলার প্রবেশ মূল্য ৪০ টাকা, আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। তবে মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

এবারের বাণিজ্য মেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাভের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয় না। গত বছরও এ মেলায় ২০০ কোটি টাকা মূল্যের পণ্য রফতানির স্পট অর্ডার পাওয়া গেছে। স্থায়ী এক্সিবিশন সেন্টার একটু দূরে হলেও মেলায় অংশ নেয়া ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ মেলার মাধ্যমে আমরা আমাদের তৈরি পণ্য দেশি-বিদেশি সবার কাছে তুলে ধরার সুযোগ পাই। ক্রেতারাও  দেশি-বিদেশি পণ্যের মধ্যে তুলনা করার সুযোগ পান, এতে করে পণ্যের মানও উন্নত হয়। বাংলাদেশের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরাই এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য।’

চীন থেকে আসা একজনের ওমিক্রন ‘বিএফ-সেভেন’ শনাক্ত

স্বাস্থ্য ডেস্কঃ চীন থেকে আসা করোনা আক্রান্ত ৪ চীনা নাগরিকের মধ্যে একজন ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট ‘বিএফ-সেভেন’-এ সংক্রমিত বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক তাহমীনা শিরীন জানিয়েছেন, বাকিরা বাংলাদেশে ইতিমধ্যে সংক্রমিত ওমিক্রনের এক্সবিবি-ওয়ান’ ধরনে আক্রান্ত।

এর আগে, গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমন তথ্য জানান। মঙ্গলবার চীন থেকে আসা একটি ফ্লাইটের একশ’ পাঁচ যাত্রীর মধ্যে ৪ চীনা নাগরিকের এন্টিজেন টেস্টে করোনা শনাক্ত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

আইইডিসিআর তাদের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠায়। তাদের মহাখালীতে কোভিড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চীন থেকে আসা ওই ফ্লাইটের বাকী আরোহীরাও আইসোলেশনে রয়েছেন।

শাহাব উদ্দিন এমপি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোয়াব কতৃক আয়োজিত মৌলভীবাজারের বড়লেখায পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এম.পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোঃশাহাব উদ্দীন এম.পি মন্ত্রী পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোঃতাজ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গির হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাওলাদার আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃআব্দুল আহাদ, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দীন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের কৃতি ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী জিবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ইউনিয়ন চেয়ারম্যান ও কোয়াব সভাপতি ছালেহ আহমদ জুয়েল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোয়াব সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশা। উক্ত টুর্নামেন্টে মোট ২০টি (বিশ) দলের অংশ গ্রহনে টুর্নামেন্ট পরিচালিত হবে।

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে

শিক্ষা ডেস্কঃ ২০০৯ সালে থেকে বন্ধ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ১৩ বছর পর অনুষ্ঠিত হল। দীর্ঘসময় পর অনুষ্ঠিত এই পরীক্ষার ফল আগামী ফেব্রুয়ারিতে প্রকাশিত হতে পারে। শুক্রবার (৩০ ডিসেম্বর) পরীক্ষা শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

এবারের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ৫ লাখ শিক্ষার্থী। এবার ৮২ হাজারের বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

মোহাম্মদ নজরুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেব্রুয়ারিতে এই পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা আছে। বুকলেটে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান- এই চারটি বিষয়ে ২৫ নম্বর করে ১০০ নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়েছে শিক্ষার্থীদের।

এ বছর ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

উল্লেখ্য, করোনার প্রভাবে গত ২ বছর পিইসি পরীক্ষা হয়নি। এই পরীক্ষা তুলে দেওয়ার পর চলতি বছর থেকে আবারও বৃত্তি পরীক্ষা শুরু হলো।

জামায়েত নেতা ডিবির জালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ওই জামায়াত নেতার নাম মো. আনোয়ার হোসেন মোর্শেদ চৌধুরী (৩৫)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা রয়েছে বলে সদর মডেল থানা সূত্রের বরাতে জানা গেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে শহরের কোর্ট রোডস্থ সাকুরা মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তাকে শুক্রবার (৩০ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা রয়েছে বলে জানান ওসি মোঃ ইয়াসিনুল হক।

ভারতে বাস-টয়োটা ফরচুন গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটে যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে টয়োটা ফরচুন গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে গুজরাটের নবসারী জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির তথ্যমতে, বাসটি একটি অনুষ্ঠান শেষে যাত্রী নিয়ে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ বলছে, বাসের চালক দুর্ঘটনার আগ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এই দুর্ঘটনা ঘটে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শারিরিক প্রতিবন্ধী যুবক ১০ দিন ধরে নিখোঁজ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারিরিক ও বুদ্ধি  প্রতিবন্ধী যুবক সবুজ চন্দ্র রায় (২৬)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১০ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের সন্ধান না পাওয়ায় চরম উৎকন্ঠায় রয়েছে পরিবারটি। নিখোঁজ ওই প্রতিবন্ধী যুবকের সন্ধান পেতে পুলিশসহ সকলের সহযোগিতা চেয়েছে পরিবারটি।

গত ২২ ডিসেম্বর বিকাল ৪ টার পর থেকে ওই শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার ৬ দিন পর সন্ধান চেয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জিডি নং ১৩৯৯।

জিডি সূত্রে জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের অমূল্য চন্দ্র রায়ের ছেলে শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সবুজ চন্দ্র রায়। গত ২২ ডিসেম্বর বিকাল থেকে তিনি নিখোঁজ হন। তাকে খুজতে নিকট আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজা-খুঁজি করার পরেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে নিখোঁজ প্রতিবন্ধী যবকের কাকা (চাচা) অমূল্য চন্দ্র রায় ২৭ ডিসেম্বর দুপুরে ভাতিজার সন্ধান চেয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অমূল্য চন্দ্র রায় জানান, আমার ভাতিজা আজ ১০ দিন ধরে নিখোঁজ। তার সন্ধান পেতে নানা জায়গায় হন্য হয়ে ঘুরছি। ভাতিজা নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা ছেলের শোকে পাগল প্রায়। তার সন্ধান পেতে পুলিশসহ সবার সহযোগিতা চান।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ ওই প্রতিবন্ধী যুবককে দ্রুত খুঁজে পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।