শ্রীমঙ্গলে পুলিশের জালে ইয়াবা কারবারি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার জালালিয়া সড়ক থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেল (২৯) কে আটক করেন।

আটকের পর সোহেলের শরীর তল্লাসী করে তাঁর কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তা জব্দ করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইয়াবা ট্যাবলেটসাহ আটক পিচ্চি সোহেল শ্রীমঙ্গলের পৌর এলাকার জালালিয়া রোডের মৃত আনিছ রহমানের ছেলে। সে শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একজন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে শ্রীমঙ্গল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে হাজির করলে, আদালত কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি

অনলাইন ডেস্কঃ চলতি বছরের মতো এমন টালমাটাল অর্থনৈতিক অবস্থার মুখোমুখি কয়েক দশকেও হয়নি বিশ্ব। বাঘা বাঘা অর্থনীতির দেশগুলো মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, জিডিপি ও পুঁজিবাজার সামলাতে গিয়ে বড় রকমের ধাক্কা খেয়েছে। 

চলতি বছর ইউরোপের ধনী দেশগুলোর মূল্যস্ফীতি ঠেকেছে দুই অঙ্কের ঘরে। পুঁজিবাজারে বিনিয়োগ হারিয়েছে ১৫ শতাংশ। জ্বালানি সংকটে তেল-গ্যাসের দাম হয়েছে আকাশছোঁয়া।

সম্প্রতি ইকনোমিকস তাদের এক জরিপে চলতি বছরে এত সমস্যার মধ্যেও যেসব দেশ তুলণামূলকভাবে ভালো করেছে তাদের একটি তালিকা প্রকাশ করেছে। মূলত জিডিপি, মূল্যস্ফীতির হার, অভ্যন্তরীণ দেনা ও পুঁজিবাজারের হালচালের ওপরে ভিত্তি করে এ তালিকাটি প্রস্তুত করেছে বার্তাসংস্থা ইকনোমিকস।
ইকনোমিকসের তালিকায় সবার ওপরে আছে গ্রীসের নাম। এরপর রয়েছে স্পেন, পর্তুগাল ও ইসরাইলের মতো দেশের নাম। জিডিপির হিসেবে সবচেয়ে এগিয়ে আছে নরওয়ে ও তুরস্ক। মূলত জ্বালানি তেলের উচ্চমূল্যে বিশ্ব যখন দিশেহারা, তখন সেই জ্বালানি তেল থেকেই লাভ তুলেছে নরওয়ে। অন্যদিকে রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা থাকায় লাভটা হয়েছে তুরস্কের। চলতি বছর রাশিয়ার সঙ্গে চুটিয়ে ব্যবসা করেছে দেশটি।

মূল্যস্ফীতির হিসেবে সবচেয়ে ভালো অবস্থানে আছে সুইজারল্যান্ড। বিশ্ব যেখানে দুই অঙ্কের মূল্যস্ফীতির হার সামাল দিতে ব্যতিব্যস্ত, সেখানে চলতি বছর সুইজারল্যান্ডের মূল্যস্ফীতি ছিল মাত্র ৩ শতাংশ। মূলত ইউরোপের দেশগুলো রুশ জ্বালানি নিয়ে চলতি বছর মারাত্মক রকমের ভোগান্তির শিকার হয়েছে। তবে সুইজারল্যান্ডের জ্বালানিখাত রুশ নির্ভর ছিল না। দেশটির তেলের জোগান আসতো স্পেন থেকে ও গ্যাস সরবরাহ করেছে আলজেরিয়া থেকে।

চলতি বছর লাটভিয়ার মূল্যস্ফীতির হার ছিল ২০ শতাংশ- যা এ বছরে ইউরোপে সর্বোচ্চ। অন্যদিকে ইতালির মূল্যস্ফীতিও ১১ শতাংশ পর্যন্ত পৌঁছেছে যা শঙ্কাজনক। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ক’দিন আগেও ৪২ বছরের রেকর্ড ভাঙলেও বর্তমানে দেশটি শঙ্কামুক্ত। এছাড়া জাপানের মূল্যস্ফীতিও ক’দিনের মধ্যেই শঙ্কামুক্ত অবস্থায় নেমে আসবে এমনটাই বলছেন অর্থনীতিবিদরা।
পুঁজিবাজারের দিক দিয়ে চলতি বছর সবচেয়ে খারাপ সময় কাটিয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটিতে শেয়ারের দাম কমেছে ২০ শতাংশ পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও সুইডেনের পুঁজিবাজারের অবস্থায়ও চলতি বছরে যাচ্ছেতাই। তবে নরওয়ে ও ব্রিটেন কিছুটা সুবিধাজনক জায়গায় আছে পুঁজিবাজারে- এমনটাই বলছে ইকনোমিকস।

প্রসঙ্গত, ২০২২ কোনোভাবে কেটে গেলেও কেমন যাবে ২০২৩ এমনটাই প্রশ্ন প্রতিটি দেশে দেশে। এ অবস্থায় পশ্চিমা অর্থনীতিবিদরা বলছেন, ২০২৩ কেমন যাবে তা নির্ভর করে পুতিনের সঙ্গে আগামী বছর পশ্চিমাদের সম্পর্কের ওপরে। মূলত জ্বালানি সমস্যা কাটানো গেলেই ২০২৩ সালের অর্থনীতি নিয়ে অনেকটা নিশ্চিত থাকা যায়- এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।   

স্বপ্নের মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা

অনলাইন ডেস্কঃ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো দেশের প্রথম মেট্রোরেল। বহুল প্রতীক্ষার পর মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথমদিনের মতো মেট্রোরেলের বাণিজ্যিকযাত্রা শুরু হয়।

সকাল ৮টা ১৫ মিনিটে সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল প্রথমবারের মতো উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশের মাটিতে প্রথমবার মেট্রোরেলে চড়ার স্বপ্ন পূরণ করলেন সাধারণ যাত্রীরা।

এর আগে সকাল ৮টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল। আজ ভোর থেকেই উত্তরা নর্থ স্টেশন ও আগারগাঁও স্টেশনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই অনেকে ছুটে আসেন স্টেশনে।

মিরপুরের বাসিন্দা হৃদয় বলেন বলেন, দীর্ঘদিন ধরে মেট্রোরেলের কাজ চলায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে সুদিন এসেছে। প্রথম দিনই মেট্রোরেল চড়তে এসেছি। সত্যিই খুব আনন্দ লাগছে। এখন থেকে আমাদের যাতায়াতে আর কোনো সমস্যা হবে না।

এক নারী যাত্রী বলেন, এর আগে বিদেশে বহুবার মেট্রোরেলে চড়েছি। তবে নিজ দেশে মেট্রোরেলে চড়ার আনন্দটাই আলাদা। আমার বাচ্চারাও মেট্রোরেলে চড়ে খুব আনন্দিত।

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার ৫ টাকা হিসাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তর নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়ণের এক নতুন অধ্যায় সূচিত হলো বাংলাদেশে।

 

ডোমারে চিলাহাটিতে স্ত্রীকে গলা কেটে হত্যা করল, স্বামী পলাতক

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় তিন সন্তানের জননী রেনু আক্তার(২৮) নামের এক গৃহবধুর জবাই করা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় নিজ ঘরের বিছানার উপর হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেনু আক্তার একই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। তবে রেনু আক্তারের বাবার দাবী তার মেয়েকে তার জামাই জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ বুলুকে খুঁজে পায় নাই।

রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, মঙ্গলবার রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোন ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলে, তোমাকে আসতে হতে না, আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে তখন মেরে ফেলেছেন। কিংবা মেরে ফেলবেন। তাই আমাকে সেখানে যেতে দেন নাই।

রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, প্রায় ৯ হতে ১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সাথে তার মেয়ের সাথে বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসি হিসাবে চাকরী করতো। সে অসুস্থ হয়ে যাওয়ায় সৈয়দপুর হতে চিলাহাটিতে নিয়ে আসি।

তিনি বলেন, আমার জামাই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবী করছে তার জামাই তার মেয়েকে হত্যা করেছে। তার জামাইকে আমরা খুঁজে পাইনি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামের কচাকাটায় গাঁজা গাছসহ পিতা-পুত্র আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে পিতা ও পুত্রকে পুলিশ আটক করেছে।

২৬ ডিসেম্বর বিকালে কচাকাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানার কালিগঞ্জ ইউনিয়নের নামারচর গ্রামের নিজ বাড়ী থেকে ১০.৪ কেজি ওজনের একটি গাঁজার গাছ সহ ওই দুজনকে আটক করেন।

আটকৃতরা হলেন, কালিগঞ্জের নামারচর এলাকার মৃত আঃ মালেকের ছেলে মাহাবুর রহমান (৪৮) এবং মাহাবুরের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।
কচাকাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

মুরাদনগরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় দেশের ঐত্যিবাহী গণমাধ্য দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলায় কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন প্রধান অতিথির বক্তবের শুরুতে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করায় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ রাষ্ট্রে জন্মের পেছনে এক একটি অন্দোলনে পেছনে দৈনিক ইত্তেফাক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। নান চড়াই-উৎরাই ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্র পরিণত হয়েছে।

দৈনিক ইত্তেফাকের মুরাদনগর সংবাদদাতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও ধামঘর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ আবুল খায়ের, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, দৈনিক কুমিল্লার কথার স্টাফ রির্পোটার আহশান হাব্বি শামিম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি জালাল উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক ভোরের চেতনার স্টাফ রির্পেটার দুলাল আহম্মেদ, দৈনিক দেশরূপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, দি ডেইলি প্রেজেন্ট টাইম্ এর কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক কালজয়ীর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ইউনুস মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন প্রমূখ।

ফুলবাড়ীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা চাষ, ভাল ফলনের আশা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবছর সরিষার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। হলুদে হলুদে ছেঁয়ে গেছে চারদিক। যেদিকে দুচোখ যায় সেদিকেই শুধু হলুদ ফুলের সমারোহ। আর আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনেরও আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, চলতি বছর উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। জাত গুলোর মধ্যে বারি-৯, ১৪, ১৭, ১৮ বিনা-৪, ৯, ১১, টরি-৭ এবং কাজলী উল্লেখযোগ্য। অনুকুল আবহাওয়া,সময়মত বীজ সার সরবরাহ এবং কৃষি বিভাগের উপযুক্ত পরামর্শ ও দিকনির্দেশনার কারনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। ইতিমধ্যেই ক্ষেত গুলোতে দানা আসতে শুরু করেছে।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের সরিষা চাষী আব্দুস ছাত্তার, আলী হোসেন, সফিকুল ইসলাম জানান, দেরীতে শীত শুরু হওয়ায় অন্যান্য বছরের চেয়ে এবছর সরিষা ক্ষেতের লক্ষণ মোটামুটি ভাল এবং রোগবালাইও তেমন একটা নাই। আবহাওয়া অপরিবর্তিত থাকলে ভাল ফলনের আশা করছি আমরা।

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, এ বছর উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। যা কাঙ্খিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদেরকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি সরিষায় লাভের মুখ দেখবেন কৃষকরা।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বালু তোলার দায়ে জরিমানা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মঙ্গলবার ২৭ ডিসেম্বর দুপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গাড়ির মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার কাঠালডাঙ্গী বাজার সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিসট্রেট এ কে এম শরিফুল হক। এইসময় কয়েকটি গাড়ি পালিয়ে যায় এবং বালু বোঝায় একটি গাড়িসহ একজনকে আটক করা হয়।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম শরীফুল হক বলেন, কাঠালডাঙ্গীবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি লংঘনের দায়ে ওই বালুর গাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে ঘটনাস্থলে বালু ভর্তি ট্রাক জব্দ করে পরে মুচলেকা গ্রহণ ও জরিমানা আদায়পূর্বক তাকে ছেড়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে মর্মে ইউএনও জানান।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় জনসাধারনের মাঝে জনসচেতনামূলক বক্তব্য ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার অর্ন্তগত দোনা, সোলামবাড়িয়া এবং পাতাবাড়িয়া তৎসংলগ্ন এলাকায় দুপুর ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে ১৬৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

আজ (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান সাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/ চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড।

এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনিফার বিনতে ইয়াসিন, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও নিবার্হী কর্মকর্তা বিসিজিএস সোনার বাংলা লেফটেন্যান্ট ইকবাল হোসেন, (এক্স), বিএন সহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশান শরণখোলায় লেফটেন্যান্ট ইকবাল হোসেন, (এক্স), বিএন কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্ম বার্ষিকী পালিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তার সমাধিতে পুষ্প্যমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, কুড়িগ্রাম পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।

পরে সরকারি কলেজ চত্বরের বটতলায় সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহবায়ক শ্যামল ভৌমিক, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ এর আহবায়ক ইউসুফ আলমগীর, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, কবি সাম্য রাইয়ান প্রমূখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সৈয়দ হকের সমাধিকে ঘিরে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবী জানান। কমপ্লেক্স টি তৈরি হলে কুড়িগ্রামের সাহিত্য সংস্কৃতি আরো বিকশিত হবে। সেই সাথে কবি সৈয়দ হকের সাহিত্য সম্পর্কে নতুন প্রজন্ম আরো জানতে পারবে।

মেলায় বিভিন্ন সাহিত্য সংগঠনের স্টল সহ মেলা মঞ্চে দিনব্যাপী কবির লেখা গান, কবিতা পরিবেশিত হয়।

উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্ম হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর (১২ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ) ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর বুধবার (১২ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ) চ্যানেল আই টেলিভিশনের তেজগাঁও চত্বরে সকাল ১০টায় প্রথম দফা জানাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুপুর ২টায় দ্বিতীয় দফা জানাজা এবং অপরাহ্নে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তৃতীয় দফা জানাজা শেষে তার মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে সমাহিত করা হয়।