নীলফামারীর উত্তরা ইপিজেড কারখানায় পরচুলা চুরির দায়ে কারাগারে নারীকর্মী

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন কোম্পানির পরচুলা চুরির মামলায় সুমি আক্তার নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাতজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে মামলাটি করে কারখানা কর্তৃপক্ষ। পরে গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশ।

সুমি আক্তার দিনাজপুর খানাসামা পাকের হাট টঙ্গুয়া বাজার এলাকার আজিজার রহমানের মেয়ে। তিনি এভারগ্রীন কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এভারগ্রিন কোম্পানির পরচুলা কারখানায় কাজ করতেন সুমি আক্তার। কাজ করার সুযোগে সেখানে কাজ করা আরও কয়েকজন মিলে প্রতিনিয়ত পরচুলা চুরি করতেন তিনি। সোমবার (২৬ ডিসেম্বর) প্রায় তিন লাখ টাকা মূল্যের পরচুলা চুরি করে হেলমেটের নিচে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় সুমি আক্তারকে হাতেনাতে ধরে ফেলে কারখানা কর্তৃপক্ষ। পরে থানায় মামলা দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে এভারগ্রিন কোম্পানির সহকারী ব্যবস্থাপক (হিউম্যান ম্যানেজমেন্ট) জাহাঙ্গীর আলম হলেন, কোম্পানিতে কর্মরত কয়েকজন মিলে প্রতিনিয়ত পরচুলা চুরি করতেন সুমি আক্তার। সোমবার তাকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক শামীম উদ্দিন বলেন,পরচুলা চুরির দায়ে সুমি আক্তার নামে একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় আরও একজনসহ অজ্ঞাত কয়েকজনের নাম রয়েছে। তদন্ত ও অনান্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলমান আছে।

মৌলভীবাজারে ছুটিতে পর্যটনখাতে আয় ৫কোটি; বাইক্কা বিল বন্ধ ঘোষণা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি ছুটিতে প্রায় ৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন এসব এলাকায়। ফলে জেলার পর্যটনখাতে পাঁচ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা। পরিবেশ সংরক্ষণের কথা চিন্তা করে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে অন্যতম পর্যটন কেন্দ্র বাইক্কা বিল টানা ৯ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসন।

খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে রোববার ছুটি থাকায় টানা ৩ দিনের ছুটি মেলায় সারাদেশের সব পর্যটন এলাকার মতো চায়ের রাজ্য মৌলভীবাজারেও পর্যটকের ঢল নেমেছিল।

পাঁচ তারকা হোটেল, রিসোর্টসহ শতাধিক হোটেল-রিসোর্টে ছিল পর্যটকের উপচেপড়া ভিড়। শ্রীমঙ্গলের চা-বাগান, কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হরিণছড়া গলফ মাঠ, পরিযায়ী পাখির বাইক্কা বিল, হাইল হাওর, বধ্যভূমি একাত্তরসহ সব দর্শনীয় স্থানগুলোতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে।

এছাড়াও বিভিন্ন এলাকা থেকে পিকনিকে বাস ভাড়া নিয়ে ডে ট্যুরে আসা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আগমনে মুখর হয়ে ওঠে পুরো জেলা জুড়ে। রাজধানী ঢাকা থেকে খুব কাছের এবং নিরিবিলি পরিবেশে অবকাশ যাপনের জন্য মৈলভীবাজারের শ্রীমঙ্গল অতুলনীয় স্থান পর্যটকদের। স্থানীয় হোটেল মালিকেরা জানান এবারের পুরো শীত মৌসুমেই পর্যটকের আগমনের প্রত্যাশা রয়েছে অনেক বেশি।

জেলার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জেলায় পর্যটকের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, বর্ষীজোড়া ইকো পার্ক, মুরইছড়া ইকো পার্ক রয়েছে। এর মধ্যে শুধু লাউয়াছড়া উদ্যান থেকে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩ দিনে ২ লাখ ৬৯ হাজার ৪০৪ টাকা রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে বিদেশি পর্যটক নারী-পুরুষ, শিশুসহ ছিলেন ২২ জন। দেশি পর্যটক ছয় হাজার ৪১৯ জন ছিলেন। ছোট-বড় যানবাহন ছিল ৩৪৭টি।

তিন দিনে মৌলভীবাজার জেলায় প্রায় ৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। শুক্র, শনি ও রোববার সবক’টি হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং ছিল। পর্যটকের থাকা-খাওয়া, পরিবহন, হকারসহ কেনাকাটা সবমিলিয়ে পাঁচ কোটি টাকা আয় হয়েছে। বিশেষ করে পুরো শ্রীমঙ্গল উপজেলায় পাঁচ তারকা মানের রিসোর্টসহ সবাই ভালো ব্যবসা করেছে। ধারণা ছিল অন্তত ২০ কোটি টাকা আয় হবে। একই দৃশ্য পর্যটকরা বার বার দেখতে চান না। সেজন্য নতুনত্ব সৃষ্টি করা জরুরি বলে মনে করেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমদ। পর্যটকদের ভোগান্তি কমাতে মাধবপুর লেকের রাস্তা এবং শ্রীমঙ্গল ডলুবাড়ি হয়ে নূরজাহান চা-বাগানের সড়কটি প্রশস্ত করন ও রাস্তার মেরামতের জন্য জোর দাবি জানান তিনি।

শ্রীমঙ্গলের উপজেলায় হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। বিপুল সংখ্যক দর্শনার্থী নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন বাইক্কা বিলে। শীতকালে এই বিলে অসংখ্য অতিথি পাখি নামে। সড়ক মেরামতসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিল সকল দর্শনার্থীর জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত এই স্থান এড়িয়ে চলার জন্য পর্যটকদের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মুরাদনগর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ওই কমিটি ঘোষণা করেন।

দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, সরেজমিনের কুমিল্লা ব্যুরো প্রধান শারফিন শাহ এবং দৈনিক কুমিল্লার কথার স্টাফ রিপোর্টার আহসান হাবীব শামীমকে সদস্য করা হয়। আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

আহমদ হোসেন পুনরায় সাংগঠনিক সম্পাদক হওয়ায় পূর্বধলায় আনন্দ মিছিল

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ একনাগাড়ে পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নেত্রকোণার কৃতি সন্তান জননেতা আহমদ হোসেনকে নির্বাচিত করায় নেত্রকোণার পূর্বধলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে পূর্বধলা শহীদ মিনার হতে মাঠ থেকে উপজেলার দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এ সময় সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন, ছাত্রলীগের সাবেক ৩ বারের সভাপতি আবুল কালাম তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জারিয়া ইউনিয়ন পরিষদের আমিনুল ইসলাম নান্টু, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানুয়ার হোসেন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা ও গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ সকল দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তার বিচক্ষণ নেতৃত্বের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সুসংগঠিত। দেশরত্ন শেখ হাসিনা যোগ্য নেতাদের দায়িত্ব দিয়েই দলকে শক্তিশালী করেছেন। পূর্বধলার কৃতিসন্তান জননেতা আহমদ হোসেনকে পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়ায় নেত্রকোণার মানুষ অত্যন্ত গর্বিত ও উচ্ছ্বসিত।

১ কেজি গাঁজা, দেশীয় মদসহ মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গত সোমবার (২৬ ডিসেম্বর) কুলাউড়ায় ১ কেজি গাঁজা ও ১৬০ লিটার মদসহ প্রেমসুক্ষিয়া রবিদাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কুলাউড়া থানার আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত তিলকপুর চা বাগান হতে মাদক ব্যবসায়ী প্রেমসুক্ষিয়া রবি দাসকে (৪৫) আটক করে। পরে পুলিশ প্রেমসুক্ষিয়া রবি দাসের বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ড্রামে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১কেজি গাঁজা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে যৌতুক বিহীন ২৪ জোড়া গণবিয়ে অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক মিশন চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের ২৪ জোড়া বর ও কনের যৌতুক বিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। 

প্রতি বছর বড়দিনের উদযাপনের পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার ২৭ ডিসেম্বর এ গণবিয়ের আয়োজন করা হয়। এতে করে খ্রীষ্টানদের মতে, তাদের সাকামেন্ট সম্পন্ন হল বলে চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে।

 রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী দাস জানান, খ্রীষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকুরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় গণবিয়ের। ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন গ্রাম হতে ছেলে মেয়েরা তাদের অভিভাবকদের নিয়ে এখানে সমবেত হন এবং আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহ কাজ সম্পাদন করা হয়। বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। পরে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে পর্দপণ হওয়া নব দম্পতিদের সুখ সমৃদ্ধি লাভার জন্য প্রার্থনা করা হয়।

২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা যখন

শিক্ষা ডেস্কঃ ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা হওয়ার কথা রয়েছে জুনে। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তপন কুমার সরকার বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ জন্য ৩ ঘণ্টা সময় থাকবে।

তিনি আরও বলেন, এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা।

আফগানিস্তানে নারীদের ওপর তালিবান নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নারী ও মেয়েদের লক্ষ্য করে তালেবানের জারি করা নিষেধাজ্ঞা নীতির নিন্দা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ বলেছে, নারী শিক্ষার ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা ‘গভীরভাবে উদ্বেগজনক’।

এ ছাড়া নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে আফগানিস্তানে নারীদের সব ক্ষেত্রে সমান এবং অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন নিষেধাজ্ঞাগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নারীদের ওপর দেয়া নিষেধাজ্ঞা অযৌক্তিক এবং স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তিনি আরও লিখেছেন, নারীদের বাদ দেয়ার অর্থ হচ্ছে আফগান জনগণ অপরিসীম দুর্ভোগে পড়তে যাচ্ছে।

 মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান আফগান নারীদের ভয়াবহ এই পরিণতির তীব্র নিন্দাও জানিয়েছেন। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, কোনো দেশই তার অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারে না। নারী এবং মেয়েদের ওপর এই দুর্বোধ্য বিধিনিষেধ কেবল সব আফগানের দুর্ভোগ বাড়িয়ে তুলবে না, বরং আফগানিস্তানের সীমানার বাইরেও ঝুঁকি তৈরি করবে বলে আমি আশঙ্কা করছি।’

তালেবানের এসব নীতি আফগান সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ভলকার তুর্ক বলেছেন, ‘আমি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে সব নারী ও মেয়েদের অধিকারের প্রতি সম্মান এবং সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানাচ্ছি। যাতে তাদের ‘দেখা যায়, শোনা যায় এবং দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সব ক্ষেত্রে অংশগ্রহণ ও অবদান রাখতে পারে।’
 
এদিকে নারীদের জন্যে কাজ করা নিষিদ্ধের পর ৫টি এনজিও আফগানিস্তানে সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন বলেছে যে নারী কর্মী ছাড়া তাদের কাজ চালিয়ে যেতে পারবে না। এদিকে গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে অংশ নেওয়া পাঁচ নারীকে গ্রেফতার করেছে তালেবান সরকার। এ ছাড়া তিন সাংবাদিককেও গ্রেফতার করা হয়।
 
উল্লেখ্য, গত বছর আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে নেয়ার পর থেকে তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার সীমিত করেছে। তবে শাসন ক্ষমতা নেয়ার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল ১৯৯০ দশকের শাসনামলের চেয়ে নমনীয় হবেন।

 

খুব সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরুর মাংসের শুঁটকি

লাইফস্টাইল ডেস্কঃ গরুর মাংসে রয়েছে অনেক পুষ্টি উপাদান। অনেকে গরুর মাংসের শুঁটকি খেতে পছন্দ করেন। আজ আমরা জানবো কীভাবে বাসায় খুব সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরুর মাংসের শুঁটকি রান্না করা যায়। তবে অনেকে আছে, গরুর মাংস খেতে খুব ভয় পায়। যাদের কোলেস্টেরল আছে, কার্ডিয়াক পেশেন্ট, তারা চাইলে এ খাবারটি মাঝেমধ্যে খেতে পারে। গরুর মাংস খুব বেশি খাওয়া ভালো নয়। আট-দশ দিনে এক-দুবার খাওয়া যেতে পারে। আর এ প্রসেসে যদি খাওয়া হয়, তাহলে ৮০ ভাগ ফ্যাট থাকবে না।

চলুন আমরা জেনে নিই বাসায় সহজে গরুর মাংসের শুঁটকি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে- 

উপকরণঃ গরুর মাংসের শুঁটকি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, রসুন কুচি, গরম মসলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ,  তেজপাতা, এলাচ, পরিমাণমতো তেল এবং পরিমাণমতো পানি।

প্রস্তুত প্রণালিঃ প্রথমে সসপ্যানে তেল দিন। এতে এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি ও রসুন কুচি দিয়ে হালকা করে ভাজুন। বাটিতে রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও পানি দিয়ে গুলিয়ে ফ্রাইপ্যানে ঢেলে দিন। এতে গরুর মাংসের শুঁটকি ও গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

কষানো হয়ে গেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিচিঙ্গা কুচি, পানি ও লবণ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ কুচি ও মিশ্রিত গরম মসলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের শুঁটকি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

 

জাপানে তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর সিএনএন।

গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত শুরু হয়। পরে দেশটির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তুষারপাতের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারী তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বড়দিনের সপ্তাহে সোমবার সকাল পর্যন্ত এই তুষারপাতে ১৭ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৯৩-এ পৌঁছেছে। আহত ও নিহতদের মধ্যে অনেকেই ছাদ থেকে বরফ সরানোর সময় পড়ে গিয়েছিলেন। আবার অনেকে ছাদ থেকে পিছলে যাওয়া বরফের ঘন স্তূপের নিচে চাপা পড়েছিলেন।

ব্যাপক তুষারপাতে জাপানের উত্তরের প্রধান দ্বীপে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়েছে। আর তাই ক্রিসমাসের সকালে প্রায় ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। যদিও জাপানের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের বলছে, দিনের পরবর্তী সময়ে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে। উত্তর-পূর্ব জাপানের অনেক অংশে মৌসুমের তিনগুণ বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।