ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু মুসা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল  ইউপি সদস্য আবু মুসা। গত ২৩ ডিসেম্বর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন।

জানা গেছে, উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্য গত ২৩ ডিসেম্বর মক্কা গমন করেন। এ অবস্থায় গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় আবু মুসাকে আগামী ২৫ দিনের জন্য ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু মুসা বলেন,  আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বাইক পিকআপ সংঘর্ষে যুবক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সজল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কবলে পরা নিহত সজল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি’র লংগুরপার গ্রামের ফল ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার বিকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওমএজি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নেকমরদ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়; চরম ভোগান্তিতে ব্যাবসায়ী ও ক্রেতারা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সবচেয়ে বড় নেকমরদ পশুর হাটে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে ব্যাবসায়ী ও সাধারণ ক্রেতারা।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এসব তথ্যচিত্র পাওয়া গেছে।

হাটে গরু প্রতি ২৪০ টাকা ও ছাগল প্রতি ১২০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে নিজ ক্ষমতার দাপটে, হাটে জড়িত সংশ্লিষ্ঠ লোকদের দিয়ে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা টোল আদায় করাচ্ছে।

হাটে আসা গরু ব্যবসায়ী পীরগঞ্জ জসাইপাড়া গ্রামের  আনিসুর, প্রায়াগপুর গ্রামের চক্রমোহন, করিয়া কলমদ্বা গ্রামের রশিদুল ও হরিপুর উপজেলার ভেটনা গ্রামের মোবারকসহ দুই ব্যাবসায়ী ও দুই সাধারণ ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা আদায় করায় আমরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি।  আজকে আমারা দুই জন ব্যাবসাী ১০ টি গরু ক্রয় করেছি, এতে ২৭০ টাকা করে বেশি হলে ২৭০০  টাকা আমাদের কাছে বেশি আদায় করা হয়েছে।

তারা আরো বলেন, এভাবে প্রতিহাটে ৫ থেকে ৬ শত গরু এবং ৩ থেকে ৪ শত ছাগলে তারা লক্ষ লক্ষ টাকা বেশি টোল আদায় করচ্ছে। এতে প্রচন্ড ক্ষতির শিকার হচ্ছে এসব ব্যাবসায়ী ও সাধারণ ক্রেতারা। আমরা এর সঠিক বিচার চাই।

অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে গরুর রশিদ লেখক মো. সইদুল বলেন, হাট ইজারাদার আমাদের যত টাকা নিতে বলেছে, আমরা তাই নিচ্ছি । তাছাড়া আমরা কমিশনে কাজ করি আমাদের দোষ কি?

এ ব্যাপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের সাথে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে, তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অফিসিয়াল কাজে রংপুরে এসেছি,  তবে হাট কর্তৃপক্ষ অতিরিক্ত টোল আদায় করে থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি দেখতেছি ।

প্রসঙ্গতঃ গত ১৮ ডিসেম্বর রবিবারে একই হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার জন্য হাটে গেলে, হাট ইজারাদার সাংবাদিকদের সাথে চরম খারাপ ব্যাবহার আচরণ করেন।

ফ্যাসিষ্ট সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ: নাসের রহমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ নেতৃবৃন্দদের মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে গণমিছিল বের হয়। গনমিছিলটির নেতৃত্ব ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। পরে গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার টাউন ঈদগাহে সমাবেশে মিলিত হয় নেতৃবৃন্দরা।

জেলা বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। আরো বক্তব্য রাখেন জেলা বিএনিপর সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, আজকের এই বিশাল গণমিছিল দেশের জনগনকে দেখাচ্ছে, এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে শান্তিপূর্ণভাবে লালকার্ড দেখাচ্ছে। বিশ্বর কোন ফ্যাসিস্ট সরকারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে যায় না। সামনের দিনে আমাদের আন্দোলন আরো জোরদার ও বেগমান হবে। আরো বহু কর্মসূচি আসবে কেন্দ্র থেকে। আমরা সকলেই শহীদ জিয়ার সৈনিক। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দদের মুক্তি ও ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সকল অংঙ্গ সংগঠন, সকল উপজেলা ও ওয়ার্ডকে আরো কঠিন কর্মসূচির জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি নেতা হয়েছেন পদ পেয়েছেন, এটার প্রমাণ দেয়ার জন্য এখন পরীক্ষা দিতে হবে। এখন এই পরীক্ষার সময়। তাই আগামী সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। আজকের এই কর্মসূচিতে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বদরুল আলম, আশিক মোশাররফ, মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ঈমানী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম, জাসাসের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা মহিলা দলের নেত্রী সুফিয়া সুলেমান কলি, শ্যামলী সূত্রধর, আমেনা বেগম ডলি, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপুসহ শ্রীমঙ্গল, বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দদের উপস্থিতিতে হাজারো মানুষের ঢল নামে।

ফুলবাড়ীতে খড়ের ভিতর ২৬ কেজি গাঁজা, গ্রেফতার-১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর মধ্যে বিশেষ কায়দায় গাঁজা রেখে খড়ের আটি দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় ভ্যানচালকবেশী এক মাদক চোরাকারবারিকে ২৬ কেজি গাঁজা সহ ফুলবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চান্দের বাজার এলাকায় ওই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারির নাম ইসাহাক আলী (৫৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আগামীকাল সকালে  আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

কুড়িগ্রামে বাসের ধাক্কায় নিহত-২, আহত -৫

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাসের ধাক্কায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার মো. আব্দুল হান্নান (৪৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী আব্দুস সামাদ, সদরের পলাশবাড়ী এলাকার আনিছুর রহমান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্বপন, রংপুরের কাউনিয়া উপজেলার মিজানুর রহমান ও উলিপুর উপজেলার সাতদরগা এলাকার ওবায়দুল হক। এদের মধ্যে আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস আজ সকালে ত্রিমোহনী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সেই সঙ্গে বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে পড়ে। এ সময় অটোরিকশার চালক লাফিয়ে নিজের জীবন বাঁচান। তবে অটোরিকশার আরোহী আব্দুল হান্নান ও সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দিলে বাসের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানিয়েছেন, দুজনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

সকল ধর্মের মানুষের সমান অধিকার: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার। জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন তাই সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করছে তাই সকলে সমানভাবে উন্নতি করছে।

শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন, ২০২২ উদ্‌যাপন উপলক্ষে বড়লেখা উপজেলাধীন ৪৭টি গীর্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২৩.৫০০ মেট্রিক টন জি.আর চাল বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
উপস্থিত খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী বলেন, যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তাজউদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ তথ্য সূত্রে।

ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় হেলপার নিহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ফুলবাড়ী- ধরলা সেতু গামী সড়কের গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম শরিফুল ইসলাম (১৫)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ফুলবাড়ী এলাকায় গ্রাহকের বাড়ীতে বালু দিয়ে খালি ট্রাক্টর নিয়ে আবারও বালু আনতে যাচ্ছিলেন হেলপার শরিফুল। এসময় দ্রুতগতিতে থাকা ট্রাক্টরটির চালক আকর্ষ্মিক ভাবে ব্রেক কষলে ট্রাক্টর থেকে ছিটকে চাকার নিচে পড়ে হেলপার শরিফুল। তার শরীরের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার ওসি(তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পান গাছ কাটার প্রতিবাদ করায় খাসিয়া যুবক হাসপাতালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পান গাছ কাটার প্রতিবাদ করায় এক খাসিয়া যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নুনছড়া পানপুঞ্জিতে এ ঘটনা ঘটে।

আহত লাকমন নিয়ালাং বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকমন নিয়ালাং বৃহস্পতিবার সকালে নিজের পানজুমে যাচ্ছিলেন। সে সময় তিনি দেখেন নলডরি এলাকার বাসিন্দা আব্দুল করিম আরও দু’জনকে সঙ্গে নিয়ে লাকমনের পান গাছ কাটছিলেন। লাকমন এর প্রতিবাদ করায় আব্দুল করিম দা দিয়ে তাকে কোপ দেন এবং আব্দুল করিমের দুই সঙ্গী লাকমনকে কাঠ দিয়ে এলোপাতাড়ি পেটায়।

পরে স্থানীয়রা এসে লাকমনকে আহতাবস্থায় উদ্ধার করে এবং স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান।

লাকমন নিয়ালাং বলেন, ‘আব্দুল করিম ও তার লোকজন অনেকদিন আগে থেকেই পান গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ আমার সামনে পড়ায়, আমি প্রতিবাদ করছিলাম। উল্টো তারা আমার ওপর হামলা করল।’

নুনছড়া পানপুঞ্জির হেডম্যান ববরিন তংপেয়ার বলেন, ‘টিলা ভূমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে পুঞ্জির পরিবারগুলো। দুর্বৃত্তরা তাদের পান গাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করলে হামলাও করা হচ্ছে।’

কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং গনমাধ্যমকে বলেন, ‘আমার ধারণা জুম দখল করার জন্যই দুর্বৃত্তরা পান গাছগুলো কাটছে, হামলা করছে।’

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক রতন কুমার দেবনাথ গনমাধ্যমকে বলেন,  ‘হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়ক ফাদার যোসেফ গমেজ ডেইলি স্টারকে বলেন, ‘পুঞ্জিবাসীসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ভূমির অধিকার, মানবাধিকার সবকিছু দেখার দায়িত্ব সরকারের। নুনছড়ায় যেভাবে হামলা করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন।’

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ ৪ চোরাকারবারি গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, ইস্কাফ  ইয়াবা ও হিরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার ২২ ডিসেম্বর দুপুরে পুলিশ গ্রেফতারকৃত ওই ৪ মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ন গ্রামের কুখ্যাত মাদক কারবারি কোবেদ আলী (৪২) ও আশরাফুল (১৯) এর বাড়ীতে অভিযান চালান। এ সময় তাদের বসতবাড়ির গোয়াল ঘরে গরুর পানি খাওয়া চারির ভেতর থেকে ১১৪ বোতল ইস্কাফ ও ২১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার।

এদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আন্ধারীঝার এলাকা থেকে ওয়ারেন্ট ভূক্ত আসামী ও কুখ্যাত মাদক কারবারি রুবেল হোসেন (২৮) কে ১৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার করে।

অন্যদিকে একই দিনে কুড়িগ্রাম সদর থানার পুলিশ পৌর এলাকা থেকে কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী পাঠানপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মঞ্জুর হোসেন পিন্টু (২৫)কে ০৩.১০  গ্রাম হিরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।