বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

 শিক্ষা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত হবে। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর আগে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হয়নি। এতে দেখা যায়, স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি শূন্য পদ এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি শূন্য পদ রয়েছে।

http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, সবশেষ ২০২১ সালের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে শূন্য পদ ছিল ৫৪ হাজার ৩০৪ টি। ওই বিজ্ঞপ্তির আওতায় ফল প্রকাশ হয় গত বছরের ১৫ জুলাই। সেখান থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।

 

রাণীশংকৈলে ঋণ দিতে না চাওয়ায় নারী এনজিও কর্মি মারপিটের শিকার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই (ঘুঘুডারা) গ্রামে বে-সরকারি সংস্থা ইএসডিও’র এক নারী কর্মিকে ঋণ না দিতে চাওয়ায় মারপিট করার খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২১ ডিসেম্বর) উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামে দিপা আকতার নামে ওই এনজিও কর্মি ঋন গ্রহীতাদের মাঝে সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে যায়।

এসময়  সন্ধারই (ঘুঘুডারা) গ্রামের নিমাই ও তার বাড়ির লোকজন এনজিও কর্মি দিপাকে বেধরক মারপিট করে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং সংস্থার অন্যান্য কর্মিরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে নিমাই চন্দ্র বলেন, আমার পরিশোধ হওয়া ঋণের পর পুনরায় ঋণ দিতে চেয়েছিল। কিন্তু পরবর্তি সেই ঋণ দিতে টালবাহানা করে। এজন্য ওই কর্মিকে আমরা বলি কেন ঋণ দিতে চাইয়ে দিবেন না তা জিজ্ঞাসাবাদ করি। এ সময় কথা-কাটির এক পর্যায়ে ধস্তাধস্তি ও টানা হেচরার ঘটনা ঘটেছে ।

রাণীশংকৈল উপজেলা ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের কো-অর্ডিনেটর খায়রুল আলম বলেন, আমাদের এক কর্মির সাথে মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বিষয়টি নিরসন করে দেয়ার কথা বলেছে।

ভারতে স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে ১৫ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে একটি স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে ১৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সকালে মণিপুরের নোনে জেলায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বাসটিতে শিক্ষার্থী-কর্মকর্তা মিলিয়ে অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ১৫ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ১৮’র এক প্রতিবেদনে বলা হয়, ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস শিক্ষাসফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় বাসটি পাহাড়ের ঢালু খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ইম্ফলের মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাসচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এ ছাড়া রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাপম রঞ্জন সিং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বিজয় মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও এ বিজয় দিবস উপলক্ষে রেলীর মধ্যে দিয়ে শুরু হলো তিন দিনের বিজয় মেলা ও লোকজ উৎসবের। মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামের ছোট বড় পাঁচশতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি গ্রামের মেঠোপথ ধরে পুরো গ্রাম প্রদক্ষিণ করে। ২০ ডিসেম্বর সকাল থেকে এ উৎসব চলবে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।

বালিগাও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান ছিলেন দানু মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান নাচ গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এ এক জীবন্ত প্রতিচ্ছবি এ উৎসব।

আয়োজনে রয়েছে -বিজয় র‌্যালী, গ্রামীন বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পথনাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টরী-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা আলোচনাসভা।

টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার প্রধান ইলন মাস্ক বলেছেন, উত্তরসূরি পাওয়া গেলে টুইটারের সিইও পদ থেকে তিনি সরে দাঁড়াবেন। টুইটার ব্যবহারকারীদের মতামতের আপাত প্রতিক্রিয়ায় মাস্ক আজ বুধবার (২১ ডিসেম্বর) এ ঘোষণা দেন। 

ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না বলে সোমবার ভোটের মাধ্যমে এর ব্যবহারকারীরা জানিয়ে দিয়েছেন। এর আগে টুইটার ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক। এরপর সোমবার এক টুইট পোস্টে তিনি জানতে চান, সিইওর পদ থেকে তাঁর সরে দাঁড়ানো উচিত কিনা। ওই সময় এই ঘোষণাও দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা মেনে নেবেন তিনি।

ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ ভোট পড়েছে ওই জরিপে। এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারীর রায় হলো, সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এই পদেই থাকুন।

এ প্রেক্ষিতে টুইট করে তিনি বলেছেন, ‘সিইও পদে চাকরি নেয়ার মতো যথেষ্ট ‘বোকা’ কাউকে পেলেই সরে দাঁড়াব। তারপর আমি শুধু সফটওয়্যার আর সার্ভার টিমের দেখাশোনা করব।’

গত ২৭ অক্টোবর ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পরই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। মালিকানা নেয়ার পরই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিদায় করেছেন। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সেরও প্রধান। সম্প্রতি তিনি টুইটার তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনেছেন।

এদিকে বিশ্লেষকরা বলছেন, টুইটারের দায়িত্ব নেয়ার পর টেসলার শেয়ার মূল্য এক তৃতীয়াংশ কমে গেছে। টেসলা বোর্ড এ কারণে টুইটার ছেড়ে দিতে ইলন মাস্ককে চাপ দিচ্ছে।

 

সহকারীদের মেরে পা ভেঙ্গে দেয়ার হুমকি দিলেন প্রধান শিক্ষকের লোকজন, থানায় অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পুর্ব রামরামসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক বহিরাগত লোকজন দিয়ে সহকারী শিক্ষকদের হেনস্তা,গালিগালাজ এবং বিদ্যালয়ে আসলে মেরে পা ভেঙ্গে দেয়ার হুমকি প্রদানের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার বিকালে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছমির উদ্দিন শিক্ষকদের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, কিছু দিন আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগম স্বাক্ষর জালিয়াতির মামলায় হাজতবাস করেন। হাজতবাস করার কারনে কতৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে সহকারী শিক্ষক ছমির উদ্দিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেন। এমতবস্থায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলে অফিসের নির্দেশনা ও ঘোষিত  তফসিল অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসে জমা দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছমির উদ্দিন। এর কিছুদিন পর সাময়িক বরখাস্ত তুলে নেয়া হলে গত ৮ ডিসেম্বর প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগম বিদ্যালয়ে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছমির উদ্দিন কর্তৃক গঠনকরা কমিটি পছন্দ না হওয়ায় প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগম যোগদান করার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছমির উদ্দিন সহ অপর দুই সহকারী শিক্ষক তুলশী রানী ও সুমনা সরকারের উপর দোষারোপ করে গালিগালাজ, হুমকি ধামকি অব্যাহত রাখেন।

গত ২০ ডিসেম্বর সকালে সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে যথারীতি পাঠদান শুরু করলে প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগম আবারও তাদের উদ্দেশ্য করে গালাগাল করতে থাকেন। শিক্ষকরা প্রতিবাদ করলে খাদিজা বেগম মোবাইল করে তার স্বামীকে লোকজন নিয়ে স্কুলে আসতে বলেন। কিছুক্ষনের মধ্যে প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগমের স্বামী আইয়ুব আলী ১০/১২ জন লোক নিয়ে এসে সহকারী শিক্ষকদের উপর চড়াও হন। প্রাণভয়ে সহকারী শিক্ষকরা একটি কক্ষে আশ্রয় নিলে বহিরাগত লোকজন ওই কক্ষের দরজা জানালায় লাথি মেরে ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রধান শিক্ষককের স্বামী সহ বহিরাগতরা “আগামীকাল বিদ্যালয়ে আসলে মেরে পা ভেঙ্গে দেয়া হবে ” এই হুমকি দিয়ে চলে যায়।

সহকারী শিক্ষক তুলশী রানী ও সুমনা সরকার বলেন, প্রধান শিক্ষক সন্ত্রাসী লোক দিয়ে বিদ্যালয় আসা যাওয়ার পথে কিংবা বিদ্যালয় চলাকালীন আবারও আমাদের উপর হামলা করতে পারে। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সহকারী শিক্ষক ছমির উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার স্যারকে মৌখিকভাবে জানালে তিনি থানায় ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়ায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগম বলেন,  বিদ্যালয়ের অভিভাবকরা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমার স্বামী বা আমি কিছুই করিনি।

উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর বলেন, ঘটনা শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাটে বর্নাঢ্য আয়োজনে বিজিবি দিবস পালিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিজিবি দিবস পালিত হয়েছে। ২০ ডিসেম্বর দুপুরে লালমনিরহাট বিজিবি ব্যাটলিয়ন হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, বিজিবি পরিবারের সদস্য সহ সহস্রাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠানে লালমনিরহাট মিলিটারি ফার্ম এর অধিনায়ক কর্নেল  হারুন অর রশিদ, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, সহকারী পরিচালক মিজানুর রহমান, পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুব সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন চিজ

লাইফস্টাইল ডেস্কঃ মুরগির মাংস ও চিজ দুটোই স্বাস্থ্যসম্মত। প্রায় সবার বাড়িতে ফ্রিজে মুরগির মাংস থাকে। চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় মুখরোচক সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন চিজ রান্না করবেন। 

 চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগবে- 

উপকরণঃ মুরগির মাংস, চিজ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো পিউরি, কাঁচামরিচ বাটা, সয়া সস, টেস্টিং সল্ট, স্বাদমতো লবণ, পরিমাণমতো ঘি, ধনেপাতা কুচি।

প্রস্তুত প্রণালিঃ প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিয়ে এতে লবণ, রসুন বাটা, সয়া সস ও টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে এতে ঘি, মসলায় মাখানো চিকেন দিয়ে ভেজে নামিয়ে নিন। গরম তেলে পেঁয়াজ কুচি দিন। এতে রসুন বাটা, ভাজা মুরগির মাংস, টমেটো পিউরি, কাঁচামরিচ বাটা, পানি, সয়া সস, টেস্টিং সল্ট, চিজ ও লবণ দিয়ে রান্না করুন।

সবশেষে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন চিজ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফুলতলা ইউপি নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপি পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন। ১১ ডিসেম্বর প্রতীক পেয়ে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও লিফলেটে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। অনেক প্রার্থী মাইক যোগে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের প্রচারণার মাইক ইউনিয়নের মূল বাজার ফুলতলা বাজারে একাধিক বার চক্কর দিতে থাকে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। অতীতে ভুলের ক্ষমা চেয়ে নতুন ভাবে ভোট চাচ্ছেন দ্বারস্থ হচ্ছেন দ্বারে দ্বারে। কে কী করবেন তার প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক। তিনি ইতোপূর্বে ৫ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান। এ ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে ১১ জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের নিকট জীবনবৃত্তান্ত জমা দেন। তবে মাসুক আহমদ মাসুককেই প্রার্থী হিসেবে বেছে নেয় দলটি। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন- ৫ বার নির্বাচিত হয়ে ২৬ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ইউনিয়নে কোন চুরি, ডাকাতি, রাহাজানি নেই। আমার ইউনিয়নের মানুষ বাড়ীর উঠোনে গরু রেখে শান্তিতে ঘুমায়। মানুষ এটাই চাই এবং এ জন্য মানুষ আবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফয়াজ আলীর পুত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলীম শেলু ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। দ্রুততম সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন, উপযুক্ত ব্যক্তিকে ভাতার আওতাধীন করা, ব্রীজ, কালভার্ট, রাস্তা নির্মাণ, গ্রাম আদালতে বিচার কার্য দ্রুত নিস্পত্তি করা এবং নাগরিক সেবায় আমূল পরিবর্তনের মধ্য দিয়ে একটি ডিজিটাল ইউনিয়ন বিনির্মাণের লক্ষ্যে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এ তরুণ প্রার্থী। পিতার তুমুল জনপ্রিয়তা ও নিজের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পাড়ি দিবেন বলে আশাবাদী।

অপর প্রার্থী সাবেক দুই বারের নির্বাচিত ইউপি সদস্য মোস্তফা মিয়া। জাতীয় পার্টির এই নেতা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ইতোপূর্বে এক বার চেয়ারম্যান পদে নির্বাচন করলেও তেমন সাড়া জাগাতে পারেননি ভোটারদের। তবে এবার তিনি রয়েছেন আলোচনার শীর্ষে। করোনাকালে কর্মহীন হয়ে পড়াদের আর্থিক সহযোগিতা দিয়ে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেছেন। সে হিসেবে জয়ের ব্যাপারে তিনি নির্ভার। নিজের পরিবারে স্বচ্ছলতার কারনে পিছু টান না থাকায় নির্বাচিত হয়ে সরকার প্রদত্ত সকল সুবিধা তিনি জনগণের কাছে পেঁছে দিতে চান।

ফুলতলা ইউনিয়নের তথ্য সূত্র বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারের সাথে কথা বলে জানা যায়- চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত আব্দুল আলীম শেলু ও মোস্তফা মিয়া সমান তালে বেশ এগিয়ে রয়েছেন। সে হিসেবে অনেকটা বেকায়দায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাসুক আহমদ। তিনটি চা বাগান অধ্যুষিত ও আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত এ ইউনিয়নে বিগত ৫ বছর চেয়ারম্যান থাকা কালে মাসুক আহমদ এর কাছে আওয়ামী ঘারাণার লোকজন ছিলেন অবহেলিত। বিএনপি দলীয় দুই মেম্বারের উপর ইউনিয়নের সকল দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তিনি এলাকায় না থেকে উপজেলা শহরের বাসায় থাকেন। লোকজন তাঁকে পায় না। কোন কাগজে দস্তখতের জন্য সেবা গ্রহীতাকে ৩-৫ শত টাকা খরচ করে জুড়ীতে গিয়ে দস্তখত আনতে হতো। এ রকম বিস্তর অভিযোগ তাঁর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী পরিবারসহ ইউনিয়নবাসীর। ফুলতলা চা বাগানের মধ্য দিয়ে নিজ স্বার্থে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চা শ্রমিকদের সাথে তার বিরোধ দীর্ঘদিনের। এরকম নানা কারনে তার জনপ্রিয়তা তলানিতে থাকলেও দিন দিন কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

পিতা মরহুম ফয়াজ আলী চেয়ারম্যানের তুমুল জনপ্রিয়তা আঁকড়ে ধরেছে তাঁর পুত্র আব্দুল আলীম শেলুকে। সাবেক চেয়ারম্যান ফয়াজ আলীর প্রশংসায় পঞ্চমুখ ফুলতলা ইউনিয়নবাসী। নিন্দুকেরাও তাঁর প্রশংসা করেন। জনপ্রিয় পিতার অনুসারীদের অনুরোধে প্রবাস ছেড়ে এসে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আব্দুল আলীম শেলু। ভোটের রেস-এ তাঁর ঘোড়া বেশ এগিয়ে রয়েছে বলে প্রতীয়মান।

দুই বার ইউপি সদস্য থাকাবস্থায় ওয়ার্ডবাসীকে সেবা দিয়েছেন মোস্তফা মিয়া। সেবার পরিধী ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত করতে চান তিনি। করোনার দুঃসময়ে কর্মহীন চা শ্রমিকসহ বস্তিবাসীর পাশে তিনি দাড়িয়ে ছিলেন। অর্থ ও খাদ্য সহ বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা দিয়েছেন বলে মানুষের মুখে শোনা যায়। এবং এ কারনে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। আনারস প্রতীকে তিনি শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত আঞ্চলিকতার অপরাজনীতির শিকারে পিছিয়ে পড়তে পারেন। এ ক্ষেত্রে ঘোড়ার গতি আরো বেড়ে যেতে পারে।

ফুলতলার সাধারণ ভোটারের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্বাচনী ফলাফল রদবদলের আশংকা করছেন ভোটারগণ। নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায় ভোটাররা। সর্বোপরী ভোটারের মুখে মুখে একটি কথাই ফিরছে ‘টাকা’। জয়-পরাজয়ে ব্যাপক ভূমিকা রাখে টাকা। টাকার বদৌলতে শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে যে কেহ বাজিমাত করতে পারেন। তার প্রতিফলন ঘটাতে পারে একমাত্র ভোটারগন।

কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য মনোনীত কাজী আবুল খায়ের চেয়ারম্যান এবং মোঃ জাকির হোসেন চেয়ারম্যান

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের নবগঠিত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ ৩ বারের চেয়ারম্যান কাজী আবুল খায়ের। আরেক বিদ্যোৎসাহী সদস্য হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি,কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।

এক প্রতিক্রিয়ায় এই দুই বিদ্যোৎসাহী সদস্য বলেন, যেহেতু আমরা এই কলেজের ছাত্র এবং সাবেক ভিপি ছিলাম, তাই এ কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে সর্বদা কাজ করব। তারা কলেজ গভর্নিং বডির সভাপতিসহ সকল সদস্য , শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সকলের সহযোগীতা কামনা করেছেন।

২০ ডিসেম্বর কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির কমিটিতে এই দুই সাবেক ছাত্র নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। এদিকে কাজী আবুল খায়ের চেয়ারম্যান এবং মোঃ জাকির হোসেন চেয়ারম্যান কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।