আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর দেয়া এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী । এই ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

এই ঘোষণায় আনুষ্ঠানিক শিক্ষায় নারীদের প্রবেশাধিকারকে আরও সীমাবদ্ধ করা হল। এর আগে নারীদেরকে বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় থেকে বাদ দেয়া হয়। কাবুল ইউনিভার্সিটির এক ছাত্রী জানান, খবরটি শোনার পর থেকে তিনি কাঁদছেন।

তিন মাস আগে আফগানিস্তানজুড়ে হাজার হাজার মেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল। তবে তারা যে বিষয়গুলিতে পড়াশোনা করতে পারে তার ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পশুচিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি এবং কৃষিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সাংবাদিকতায় পড়াশোনাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল।

গত বছর তালেবানরা ক্ষমতা দখলের পর বিশ্ববিদ্যালয়গুলোতে লিঙ্গভিত্তিক আলাদা শ্রেণীকক্ষ এবং প্রবেশপথ চালু করা হয়। নারী শিক্ষার্থীদের শুধুমাত্র নারী অধ্যাপক বা বয়স্ক পুরুষদের মাধ্যমে পাঠদানের নিয়ম করা হয়।

সর্বশেষ নিষেধাজ্ঞার পর একজন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, তিনি মনে করেন তালেবানরা নারী ও তাদের ক্ষমতাকে ভয় পায়।

গত কয়েক দশক ধরে আফগানিস্তানের অর্থনীতি মূলত বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। কিন্তু তালেবানরা মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের অনুমতি তুলে নেয়ার পর থেকে দাতা সংস্থাগুলি আংশিক বা কিছু ক্ষেত্রে সম্পূর্ণভাবে-শিক্ষা খাতে সাহায্য দেয়া বন্ধ করেছে৷ অনেক শিক্ষক যারা রয়ে গেছেন তারা মাসের পর মাস বেতন পাচ্ছেন না।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ-রাষ্ট্রদূত রবার্ট উড তালেবানের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

বিশ্বে করোনায় সংক্রমণ বেড়েছে প্রায় আড়াই লাখ ও প্রাণহানি প্রায় দেড় শতাধিক

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩০২। আগের দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় আড়াই লাখ ও প্রাণহানি বেড়েছে প্রায় দেড় শতাধিক। আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন ২৩১ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ২১৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৩০৮ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৩০ জনের এং আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২১২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৫৬ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৫৭ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৬২৬ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১৮ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৮২ জন এবং মারা গেছেন ৩৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৯৭৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭৫ হাজার ৩৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা

শিক্ষা ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নতুন নেতৃত্ব ঘোষণা করেন।

সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে শেখ ওয়ালী আসিফ ইনানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। তিনি ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সেসময় নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় বহু বাড়ি, রাস্তা ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রশান্ত উপকূলীয় স্থানীয় সময় ভোররাত আড়াইটায় ভূমিকম্পটি হয়, এরপর প্রায় ৮০টি পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সান ফ্রান্সিসকো শহর থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে হামবোল্ট কাউন্টির উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। হামবোল্ট কাউন্টি রেডউড গাছের বন, স্থানীয় সিফুড, কাঠ শিল্প ও দুগ্ধ খামারের জন্য ব্যাপকভাবে পরিচিত।

অঞ্চলটি এখানে হওয়া তুলনামূলকভাবে ঘন ঘন ভূমিকম্পের জন্যও পরিচিত। তবে সম্প্রতি যেসব ভূমিকম্প হয়েছে সেগুলোর তুলনায় এবারেরটি বেশি ধ্বংসাত্মক ছিল।

ক্যালিফোর্নিয়ার বন ও দাবানল সুরক্ষা বিভাগ (ক্যালফায়ার) জানিয়েছে, ভূমিকম্পের সময় একটি কাঠামোতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিভিয়ে ফেলা হয়, কম্পনের ফলে আরও দুটি ভবন ধসে পড়ে।

হামবোল্ট কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, আহতদের মধ্যে একজন শিশু ও একজন বৃদ্ধ আছেন।

প্রসঙ্গত, জনপ্রিয় পর্যটন গন্তব্য ফার্নডেল শহরে যাওয়ার পথে ঈল নদীর ওপরের একটি সেতুতে বড় ধরনের কয়েকটি ফাটল ধরা পড়ার পর পুলিশ সেতুটি বন্ধ করে দেয়।

করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু

স্বাস্থ্য ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর।

তিনি বলেন, টিকার অ্যান্টিবডি বেশি দিন থাকে না। এ জন্যই সরকার চতুর্থ ডোজ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। চার কোটি মানুষ চতুর্থ ডোজ টিকা নেওয়ার উপযোগী। আপাতত আমরা পাঁচটি ক্যাটাগরিতে এ টিকা দিচ্ছি। এ ক্ষেত্রে আমাদের মানুষ আছে ৮০ লাখ।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন। যাদের তৃতীয় ডোজ নেওয়ার চার মাস হয়েছে, তারাই চতুর্থ ডোজ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক জানান, সারাদেশের প্রতিটি কেন্দ্রে অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজ প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো করোনা টিকার প্রয়োগ শুরু হয়। একই বছরের এপ্রিলে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এরপর চলতি বছরের ১৯ জুলাই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন। এ ছাড়া সাড়ে ১২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছেন ছয় কোটির বেশি মানুষ।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ ৪টি অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ ৪টি অভিযোগ আনার সুপারিশ করেছে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটি।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন তার সমর্থকরা। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় কিছু রিপাবলিক সমর্থক। ওই হামলার পেছনে ট্রাম্পের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগে বিচার করার সুপারিশ করেছেন তারা। অভিযোগগুলো হলো: বিদ্রোহকে প্ররোচিত ও সাহায্য করা, অফিসিয়াল কার্যক্রমে বাধা, প্রতারণার ষড়যন্ত্র এবং মিথ্যা বক্তব্য দেওয়ার ষড়যন্ত্র।

কংগ্রেসের তদন্ত কমিটির সুপারিশের বিরুদ্ধে এক বিবৃতিতে এটিকে ক্যাঙ্গারু আদালত হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

কুড়িগ্রামের রাজারহাটে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ট্রলির চাপায় রাশেদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার সোলাগাড়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদ ওই এলাকার আখের আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসে রাশেদ। এ সময় একটি ইটবোঝাই ট্রলি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রলিসহ চালককে আটক করেছে।

খবর পেয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলির চালক বিপ্লবকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ওসি আবদুল্লাহিল জামান জানান, শিশুটির পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের স্থানীয় শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতা ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মৌলভীবাজারে হতাহতের ঘটনা ঘটে। আজকের এই দিনে মঙ্গলবার ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার স্থানীয় শহীদ দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকালে পৌরসভার শহীদ মিনারের পাশে শহীদ বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়।

এসময় জেলা পুলিশের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দগন।

১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন।

পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে চারিপাশ মৃত্যু পুড়ি সৃষ্টি হয়।পরে শহীদদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়। এরপর থেকে প্রতিবছর মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর এই দিনটিকে স্থানীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

শাজাহানপুরে আগাম আলুর বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের আগাম জাতের আলু উত্তোলনের ধুম পড়েছে । এই আলুর ফলন কম হলেও দাম ভালো থাকে। তাই প্রতিবছর ভালো দাম পাওয়ার আশায় চাষিরা আগাম জাতের আলু রোপণ করেন। কিন্তু এবার আলুর ফলন গত মৌসুমের চেয়ে ভালো হলেও দাম নিয়ে হতাশায় রয়েছেন চাষিরা। চাষাবাদে খরচ বৃদ্ধি পেলেও মাঠে কিংবা হাটে মিলছে না কাঙ্খিত মূল্য।

২০ জানুয়ারি সকালে সরজমিনে ঘুরে পাইকারী আলু বাজারে বিক্রি করতে আসা চাষিরা জানান, আজকের বাজারে প্রতি মণ ক্যারেজ আলু ৫০০থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর রুমানা,পাকরি  আলু ৮০০ থেকে ৯০০টাকা মণ। আলুর দাম দিনদিন নেমেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে চাষিদের লোকসানে পড়তে হবে।

গ্রামের আলু চাষি  বাবুল আক্তার বলেন, ৪৫ শতক জমিতে আগাম জাতের রুমানা  আলু চাষ করেছে। ১৪০০ টাকা মণে আলু বিক্রি শুরু হলেও এখন ৮০০ টাকা মণে নেমে এসেছে।দিন যত যাচ্ছে আলুর দাম কমছে। এভাবে দর পতন হলে ব্যপক লোকসানে পড়তে হবে।

আলুর পাইকারি ক্রেতা আরিফুর হোসেন বলেন, বাজারে এখন আগাম জাতের আলু উঠতে শুরু করেছে। এসব আলু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মোকামে সরবরাহ করা হচ্ছে। এক সপ্তাহ পরে আলুর দাম বাড়তেও পারে। আবার কমতেও পারে।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

শিক্ষা ডেস্কঃ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে সরকার। আগামী ৩০ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা নেওয়া হবে।গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকালে এই পরীক্ষার আয়োজন করা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

এর আগে, ঢাকায় ৩০ ডিসেম্বর ও উপজেলা পর্যায়ে আগামী ২৯ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

প্রথমে প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশ নিতে পারবে।