ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় রেজানুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবক ঠাকুরগাঁওয়ে অ্যারিস্টো ফার্মাসিটিক্যালস ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ছিলেন।

গত রবিবার (১৮ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বোর্ড অফিস নামক স্থানের তিমু ফিলিং স্টেশনের কাছে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন।

নিহত রেজওয়ান হোসেন নওগাঁ জেলায় ধামুরহাট থানার ভাতকুন্ডু গ্রামের আমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, কাজ সেরে রেজোয়ান ঠাকুরগাঁও ফিরছিলেন। তিয়াস তিমু ফিলিং স্টেশনের কাছে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের নিচে মোটরসাইকেল নিয়ে ঢুকে যান তিনি। এতে বাসচাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় সেনাসহ ৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর অঞ্চলের মিরানশাহ জেলায় আত্মঘাতী বোমা হামলায় এক সেনা সদস্য ও দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। খবর ডেইলি ডনের।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) ওয়াজিরিস্তান প্রদেশে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও একজন বেসামরিক নিহত এবং আরও ৯ জন বেসামরিক আহত হয়েছিল।

মৌলভীবাজার স্থানীয়ভাবে শহীদ দিবস উদযাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বিশেষ তাৎপর্য বহন করে ২০ ডিসেম্বর। মৌলভীবাজারবাসীর কাছে একটি বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধার হতাহতের ঘটনা ঘটে। তাই এ দিবসটি স্থানীয়ভাবে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,এমপি, জেলা প্রশাসক মো.মীর নাহিদ আহ্সান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।

জানা যায়, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজার ও ১৬ ডিসেম্বর সারা দেশ মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা হেড কোয়ার্টারে এসে আশ্রয় নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এখানে কিছুদিন বিশ্রামের পর নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। কিন্তু সেই সুযোগ আর কারও হয়নি। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর এই দিনে দুপুর বেলা আকষ্মিক বিদ্যালয় ভবনে মাইন বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। মাইন বিস্ফোরণে ক্যাম্পে থাকা মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। এসময় অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে শহীদ হন।

পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়।

এরপর থেকেই মৌলভীবাজার বাসী ২০ ডিসেম্বর স্বাধীনতার সেই সময় থেকে স্থানীয় ভাবে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

কিয়েভে নতুন করে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে।

একইসঙ্গে প্রশাসন বিমান সতর্কতার বিষয়ে জনগণকে মনোযোগী হওয়ার কথাও বলেছে।

সামরিক প্রশাসন টেলিগ্রাম পোস্টে বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। এ মুহূর্তে কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান যান ভূপাতিত করা হয়েছে।

প্রশাসন আরও বলছে, রুশ বাহিনী ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ হামলা চালিয়ে রাজধানীকে তছনছ করা হচ্ছে।

নগরীর বেসামরিক প্রশাসন রাত ১টা ৫৬ মিনিটে (২৩৫৬ জিএমটি) প্রথম বিমান সতর্কতা জারি করে যা তিন ঘন্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় ভোর ৫টা ২৪ মিনিটে(০৩২৪ জিএমটি)।

মৌলভীবাজার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল রোববার (১৮ই ডিসেম্বর)  মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মৌলভীবাজারের কৃতি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। রোববারে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।

সংবর্ধীতদের মধ্যে হলেন মৌলভীবাজারের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, এআইজি(অবঃ) বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা সুধেন্দ্র ভট্টাচার্য (পুলিশ পরিদর্শক (নিঃ)অবঃ), বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলেমান খান (সশস্ত্র পুলিশ পরিদর্শক (অবঃ), বীর মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন নাথ (পুলিশ পরিদর্শক (অবঃ নিরস্ত্র), বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ (এস আই (অবঃ) নিরস্ত্র),বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কুমার দে, বীর মুক্তিযোদ্ধা নীলমনি চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা বলরাম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মখন রুদ্র পাল, বীর মুক্তিযোদ্ধা চুনী লাল দেব প্রমূখ।

সংবর্ধীত প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বজলুল করিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌলভীবাজার জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  তিনি বলেন বাংলাদেশের প্রতিটি জেলায় বীর মুক্তিযোদ্ধাদের এরূপ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের আমন্ত্রণ করা হলে বাংলাদেশের নতুন প্রজন্মের  মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি পাবে।

মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহসিন বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের বর্তমান প্রজন্মের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ তথা মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশের জনগণ আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ মৌলভীবাজারের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে ফের লটারি

শিক্ষা ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি ২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে শূন্য আসনে ফের লটারির নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ডিজিটাল লটারি কার্যক্রমে অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনে ১০০ টাকা মূল্যের ফরম বিতরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সময় কমিটির প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক।

এর আগে, ডিজিটাল লটারির মাধ্যমে ১২ ও ১৩ ডিসেম্বর ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এবারের লটারিতে সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি।

কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টো নগরীতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কানাডার স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।

ইয়র্ক আঞ্চলিক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন সাংবাদিকদের বলেন, একটি আবাসিক ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থার সাথে গুলি বিনিময়ের পরে সন্দেহভাজন ব্যক্তিও মারা যায়।

তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির গুলিতে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে মনে হচ্ছে।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি। ঘটনার পরপরই পুরো ভবনটি খালি করেছিলো। তবে পুলিশের অভিযান শেষে কয়েক ঘন্টার মধ্যে বাসিন্দাদের তাদের বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন ম্যাকসুইন ।

উল্লেখ্য, কানাডায় এই ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে তার স্থান ধরে রেখেছে।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা ও দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ বন্ধে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সে এর সহযোগিতায় রবিবার (১৮ ডিসেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড ও নতুনবাজারের বিভিন্ন মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

গত ৬ ডিসেম্বর সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার ৯ টি মশলার মিলের মালিকের উপস্থিতিতে মিল মালিকদের করণীয় প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সভায় মিল মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা নিম্ন মানের মশলার সাথে আর রং মিশ্রণ করবেন না। কিন্তু আজ ১৮ ডিসেম্বর গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের তদারকি অভিযান পরিচালিত হয়।

উক্ত তদারকি অভিযানে মশলার সাথে রং মিশানোর প্রমাণ পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে নতুন বাজারে অবস্থিত সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও নতুনবাজারে অবস্থিত নিউ জননী ষ্টোরের মালিক সুরমা মশলার মিলের কর্মচারীকে দিয়ে রং ও চালের গুঁড়া মিশিয়ে মশলার গুণগত মান নষ্ট করেন। পরবর্তীতে নিউ জননী ষ্টোরে রং মিশ্রিত মশলা পাওয়া যায় এবং তারা অপরাধ স্বীকার করেন। উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জরিমানার পাশাপাশি উক্ত দুইটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আজকের তদারকি অভিযানে উক্ত প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে ব্যবসায়ী কার্যক্রম সাময়িক বন্ধ ষোষণা করা হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন, মৌলভীবাজার কার্যালয়ে ৭ কার্য দিবসের মধ্যে উপস্থিত থেকে লিখিত জবাবের মাধ্যমে তাদের উক্ত অপরাধের কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চুড়ান্ত বন্ধ কেন করা হবে না মর্মে লিখিত আকারে উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

পাকিস্তানে পুলিশ স্টেশনে অতর্কিত হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: আজ রোববার (১৮ ডিসেম্বর) ভোরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) লাক্কি মারওয়াতের বুর্গি থানায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দেশটির অন্তত ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ জানান, মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে এবং ভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট জঙ্গিদের সঙ্গে লড়াই করে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যেই থানায় হামলার ঘটনা ঘটেছে তা একটি দূরবর্তী এলাকায় অবস্থিত এবং লাক্কি শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে এবং ভবনে ঢোকার চেষ্টা করে। এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটির নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) এই হামলার জন্য সন্দেহ করছে।

রোববার স্থানীয় সময় সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা বান্নু সৈয়দ আশফাক আনোয়ার, জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে কেপির মুখ্যমন্ত্রী মাহমুদ খান হামলার নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি পুলিশের মহাপরিদর্শকের কাছে ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।  সেইসঙ্গে আহত পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এ হামলার নিন্দা করেছেন। শহীদ পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। কেপিতে সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি সন্ত্রাসীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবৈধভাবে বালু উত্তোলনে মৌলভীবাজার টু শমসেরনগর সেতু ধসে যান চলাচল বন্ধ

মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট সেতুর অ্যাপ্রোচের ধলাই নদীর পাড়ের মাটি ধসে গেছে। 

ড্রেজার মেশিন দিয়ে চৈত্রঘাট সেতুর পাশ থেকে অপরিকল্পিত ভাবে ধলাই নদীর বালু উত্তোলনে মৌলভীবাজার টু শমসেরনগর সড়ক চৈত্রঘাট সেতুর ধসে যান চলাচল বন্ধ।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট সেতুর অ্যাপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। ভারী যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপিও বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে চৈত্রঘাট সেতুর পাশ থেকে ধলাই নদীর বালু অবৈধ ভাবে উত্তোলন করা হয়। অধিক বালু উত্তোলনের ফলেই নদী পাড়ের মাটি ধসে গেছে। শুধু সেতুই নয়, নদীর পাড়ের প্রায় ১ কি: মি: জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন বলেন, ‘সেতুটি অনেক পুরোনো। তবে হঠাৎ করে মাটি ধসে যাওয়ার কারণ জানা যায়নি। আগামী তিন চার দিনের মধ্যে অ্যাপ্রোচ মেরামত করা হবে। এ ছাড়া এখানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।