ফুলবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার ১১ ডিসেম্বর বিকালে বাজার থেকে বাড়ী ফেরার পথে একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত ওই শিক্ষকের নাম মাওলানা নুরবক্ত মিয়া (৭৫)। তিনি নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভী শিক্ষক এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, আমার বাবা রবিবার (১১ ডিসেম্বর) বিকালে বকুলতলা বাজার থেকে বাড়ী ফিরছিলেন। ফেরার পথে না পশ্চিম ফুলমতি গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুল্যা (৩০) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সেদিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দশটার দিকে তিনি মারা যান।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যথাযথ মর্যাদায় রায়পু‌রে বিজয় দিবস পালন

‌মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ প্র‌তিবছর সারা দে‌শে যথাযথ মর্যাদায় ১৬ ডি‌সেম্বর মহান বিজয় দিব‌স পালন করা হয়। সারা দে‌শের ন্যায় লক্ষ্মীপু‌রের রায়পু‌রে পা‌লিত হ‌য়ে‌ছে বিজয় দিবস। সূর্যদ‌য়ের সা‌থে সা‌থে রায়পুর উপ‌জেলা প্রশাসন, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক সংগঠন এবং শিক্ষা প্র‌তিষ্ঠান থে‌কে শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধাঞ্জলী জানা‌নো হয়। রায়পুর সাংবা‌দিক ইউ‌নিয়ন মহান বিজয় দিব‌সে সকল শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধাঞ্জলী জানায়।

‌বিজয়ের দি‌নে রায়পু‌রে শহীদ মু‌ক্তি‌যোদ্ধা‌দের স্মর‌ণে শ্রদ্ধার্ঘ বেদীর ভি‌ত্তিপ্রস্থর স্থাপন ক‌রেন লক্ষ্মীপুর ২ রায়পু‌রের এম‌পি এড‌ভো‌কেট নুর উ‌দ্দিন চৌধুরী নয়ন।

বিজয় দিবস উপল‌ক্ষে ‌রায়পুর সরকা‌রি মা‌র্চ্চেন্টস স্কু‌লের প্রাঙ্গ‌নে রায়পু‌রের বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষার্থীরা কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠা‌নে অংশগ্রহন ক‌রে। এসময় বিজ‌য়ী শিক্ষার্থীদের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

‌বিজয় দিবসে রায়পুর মা‌র্চ্চেন্টস একা‌ডেমীর প্রাঙ্গ‌নে রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র অঞ্জন দা‌শের সভাপ‌তি‌ত্বে বীর মু‌ক্তি‌যোদ্ধা পরিবারবর্গের প্র‌তি সংবর্ধনা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় প্রধান অ‌তি‌থি হ‌য়ে বক্তব্য রা‌খেন লক্ষ্মীপুর ২ রায়পুর আস‌নের সংসদ সদস্য এড‌ভো‌কেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মামুনুর র‌শিদ, পৌর মেয়র গিয়াস উ‌দ্দিন রু‌বেল ভাট,কাজি জাম‌শেদ ক‌বির ব‌কি‌বিল্লাহ,স‌বেক পৌর মেয়র ইসমাইল হো‌সেন খোকন সহ অন্যান্য ব্য‌ক্তিবর্গ।

এ সময় বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের নিহত প‌রিবা‌রের মৃত ব্য‌ক্তির ৬ পরিবারের হা‌তে এম‌পি নুরউ‌দ্দিন চৌধুরী নয়ন এর ব্য‌ক্তিগত পক্ষ থে‌কে আ‌র্থিক সহায়তা প্রদান করা হয় এবং বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ডিবির জালে বিদেশি মদসহ আটক ২ ভারতীয় নাগরিক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শুক্রবার (১৬ ডিসেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পুটিয়াছড়া চা বাগান থেকে ৩৭ বোতল ভারতীয় মদসহ ২জনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তিদ্বয় শামীম আহমদ (৪৫), ও  জামান আহমেদ (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে ডিবি তার গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের পুটিয়াছড়া চা বাগানের শামীম নামের একজন ব্যক্তি ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মদের বোতল তার বাড়িতে বিক্রির জন্য মজুদ রেখেছে। এই তথ্যের ভিত্তিতে ১৬ ডিসেম্বর মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল পুটিয়াছড়া চা বাগানের শামীম আহমদের বাড়িতে অভিযান পরিচালনা করে। তার বাড়ি চারিদিকে ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তা বন্দী অবস্থায় বিভিন্ন ব্র‍্যান্ডের ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়।

আটককৃত শামীমকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার চাচাতো ভাই জামান আহমেদের কাছেও কিছু ভারতীয় মদের বোতল রয়েছে। শামীমের কথামতো জামান আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের শোকেজ থেকে বস্তাবন্দি ১০ বোতল বিভিন্ন ব্র‍্যান্ডের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয় এবং সেখান থেকে জামানকে আটক করা হয়।

আটককৃত দুই’জনের কাছ থেকে সর্বমোট ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ হাজার ৫০০ টাকা হবে বলেও জানান।

আটককৃত ব্যক্তিদের’কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারতীয় নাগরিক ও সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে চোরাই পথে নিয়মিতভাবে ভারতীয় মদ সরবরাহ করে শ্রীমঙ্গল এবং আশেপাশের এলাকাগুলোতে বিক্রি করে। এই ঘটনায় নিকটস্থ থানায শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোণার আটপাড়ায় বিনামুল্যে শিশু সার্জারি সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় বিনামুল্যে শিশু সার্জারি সেবা ক্যাম্প ও জনসচেতনতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রভাত ঢাকা জেলা এর সহযোগিতায় মারকাযুল মিজবাহ ওয়াত তারবিয়াহ মাদ্রাসায় দূর্গাশ্রম, অভয়পাশা, আটপাড়া, নেত্রকোণা এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে শিশু সাজারী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত ডাক্তার মোঃ সামিউল হাসানসহ ৬ জন অভিজ্ঞ ডাক্তার ও ৭ জন সহকারী।

অন্যন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক মোঃ হুমায়ুন, প্রধান শিক্ষক দূর্গাশ্রম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, প্রতিষ্ঠানের জমিদাতা মোঃ তাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে ডাক্তাররা সকাল থেকে সন্ধ্যা ০ থেকে ২৮ বছর পর্যন্ত বয়সী ৩০০জন রোগি দেখেন।

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এ উপলক্ষে এদিন সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় সাবেক দুই সংসদ সদস্য,  উপজেলা চেয়ারম্যান, ইউএনও, আ.লীগ সভিপতি, পৌরমেয়র, দুই ভাইসচেয়ার ও ওসিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সকাল ৯ টায় ডিগ্রি কলেজ মাঠে পুলিশ, আনসার ও ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে। পরে একিই মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,  আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস সোহেল রানা ও শেফালি বেগম, এসিল্যান্ড ইন্দ্রজিত সাহা, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ জাকির হোসেন।

আরও বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক,  পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ার ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিদেশী চন্দ্র রায় ও আবুল হোসেন প্রমুখ।

এছাড়াও কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহঃ অধ্যাপক প্রশান্ত বসাক ও উপ সহঃ কৃষি অফিসার সাদেকুল ইসলাম। বিকেলে একই মাঠে প্রীতি ফুলবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবম শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর এক ছাত্রী সাফিয়া আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউপির নাঈম মিয়ার কলোনীতে এ ঘটনাটি ঘটে।

সাফিয়া আক্তার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে । সাফিয়া মোস্তফাপুর বড় দুই বোনসহ ভাড়া বাসায় এক সাথে বসবাস করতো।

মৌলভীবাজার মডেল থানার এসআই মো: মাহবুবুর রহমান জানান, রাতে রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

পদের নামঃ ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা ও দলবদ্ধভাবে কাজের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থলঃ সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতনঃ আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে দিনব্যাপী সংগীত, নৃত্য ও মৃ-দঙ্গ নৃত্য প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমী পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ।

মণিপুরী ললিতকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা বাবুসেনা সিংহ, বীরমুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহ, বীরমুক্তিযোদ্ধা বীরেশ্বর কুমার সিংহ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, সুজিতা সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন, শিক্ষক রানা রঞ্জন সিংহ প্রমূখ।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ।

আলোচনাসভায় বক্তারা মহান মুক্তিযোদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং মুক্তিযোদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।

এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

সকাল সাড়ে আটটায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

পরে জাতীয় সংগীত পরিবেশন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ভিডিপি, স্কাউটস,গার্লস গাইড,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

সকাল সাড়ে নয়টায় ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, ওসি মাহমুদ উন নবী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মনোয়ার হোসেন, সম্পাদক মনজুরুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা নুরননবী, মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা শমছের আলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা হিরামন বর্মণ প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী,জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রথিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী সীমান্তে বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র কম্বল বিতরণ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শীতার্ত ও দুস্থ জনসাধারনের মাঝে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার শিমুলবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদগাহ মাঠে দুস্থ জনসাধারনের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল আহসান, শিমুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল জব্বার, নায়েক বেলাল হোসেন, মেডিকেল সহকারী ফরহাদ হোসেন ও সৈনিক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।