সাজাপ্রাপ্ত এক আসামী’কে গ্রেপ্তার করেছে পুলিশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত  আসামি মোঃ শাহাবুদ্দিন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে এসআই  অনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন।

থানা সূত্রে জানা গেছে, মামলা নং জিআর ১৯৭/১৬ (বিয়ানীবাজার)  এর ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমলগঞ্জের বালিগাঁও এর বাসিন্দা মতি মিয়ার ছেলে মোঃ শাহাবুদ্দিন।

এ বিষয়ে জানতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় ৩ বছর সাজাপ্রাপ্ত এক আসামী’কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

মালয়েশিয়ায় ভূমিধসে ১৯ জন নিহত, নিখোঁজ ১৪ জন

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১৪ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ফার্মহাউসে ক্যাম্পিং করতে গিয়েছিলেন একদল পর্যটক। ঘটনাস্থলের পাশে পাহাড়ে থেকে মাটি ধসে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা করছেন।

এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিহতদের প্রতি সমবেদনা এবং নিখোঁজদের বেঁচে থাকার জন্য দোয়া করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চেও কুয়ালালামপুরের একটি শহরতলীতে ভূমিধসে চার জনের মৃত্যু হয়।

মার্কিন রাষ্ট্রদূতের আচরণে ঢাবি শিক্ষক সমিতির উদ্বেগ

শিক্ষা ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মানবাধিকারের দোহাই দিয়ে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থ-সিদ্ধির সহায়ক ভূমিকায় অবতীর্ণ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যেভাবে মানবাধিকারের দোহাই দিয়ে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থ-সিদ্ধির সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তা উদ্বেগজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনে ও সমাজের সকল শ্রেণি-গোষ্ঠীর মানুষের মানবাধিকার রক্ষায় সরকারকে সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপি সমর্থিত ‘মায়ের ডাক’ নামক একটি সংগঠনের অহ্বানে ২০১৩ সালে একজন বিশেষ ব্যক্তির নিখোঁজ হওয়ার অভিযোগ শুনতে ঢাকা শহরের একটি বাড়িতে উপস্থিত হন। একই সময়ে খবর পেয়ে ‘মায়ের কান্না’ নামের সংগঠনের কর্মীরা তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তাকে অবহিত করার জন্য একটি স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। এ বিষয়ে তিনি কর্ণপাত করেননি।

এতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকরা যেভাবে বক্তব্য রাখছেন ও অংশগ্রহণ করছেন তা দৃষ্টিকটু ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। পরিতাপের বিষয় হলো পশ্চিমা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে আমাদের বিভিন্ন সময়ে মানবাধিকারের কথা বলে। অথচ তারাই শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্বঘোষিত খুনি ও একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে।

ঢাবি শিক্ষক সমিতি যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার উল্লেখ করে শিক্ষক সমিতি বলেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষকসহ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যার ঘটনা ৭১ এর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন সামরিক শাসনামলে হত্যা ও গুমের যে ঘটনা ঘটেছিল আমরা সেসব বিষয়েও মার্কিন রাষ্ট্রদূতসহ যারা আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার দাবি করেন তাদের সুস্পষ্ট বক্তব্য দাবি করছি।

ভারতের বিহারে বিষাক্ত মদ্যপানে প্রাণ গেল ৬৫ জনের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারের সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই জেলার চাপড়া এলাকায় বিষাক্ত মদ্যপানে অনেকেই বমি শুরু করেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান। বাকিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এদিকে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যুর হয়েছে। নিহত পরিবারের সদস্যরাও একই কথা বলছেন। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবৈধ মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাই বেআইনি মদ্যপানে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

বাঞ্ছারামপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর  উপজেলার মানবতার তরী রক্তদান ও একটি গ্রাম একটি পরিবার সংগঠনের যৌথ উদ্যোগে ভুরভুরিয়া, একরামপুর, গঙ্গানগর শীতার্ত, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর  সকাল ১১ ঘটিকার টার সময় ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের সেচ্ছাসেবীদের মাধ্যমে  ৩৫০ টি ঘরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ এ.কে মাহবুবুল হক (অবঃ) ও রাবেয়া-গফুর জনকল্যাণ সংস্হার সাংগঠনিক সম্পাদক মো.আরিফুল ইসলাম মাসুম এর পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক প্রধান, ফরদাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবলীগের লীগের সভাপতি ডাঃ মাসুদ, দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডা. এ. কে. মাহবুবুল হক ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান জালাল আহমেদকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সন্মানোনা ক্রেস্ট প্রধান করা হয়।
এতে অত্র গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ, বাঞ্ছারামপুর, হোমনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মানবতার তরী রক্তদান ও একটি গ্রাম একটি পরিবার সংগঠনের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবতার তরী রক্ত সংগঠন ও একটি গ্রাম একটি পরিবারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, প্রতি বছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানুষের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এছাড়া মানবিক কাজ করার জন্য বেশি টাকার প্রয়োজন হয়না শুধু মাত্র একটি ভালো মন মাসিকতার দরকার। সংগঠনের সংখ্যা না বাড়িয়ে ডোনারের সংখ্যা বৃদ্ধি করে মানবতার তরে কাজ করে যেতে হবে। ভালো কাজ বলতে শুধু শীত বস্ত্র বিতরণ নয় কাউকে একটা ভালো পরামর্শ দেওয়া ও ভালো কাজের একটি অংশ বলে জানান।

জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যের বিদায়ী সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজী মোঃ জামিল উদ্দিনের প্রবাস গমন উপলক্ষে জুড়ী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে জুড়ী অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অবদান রাখায়, প্রবাসগমন উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান জুড়ী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দাতা ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক খোলা চিঠি জুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জায়েদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের সময় জুড়ী ও বড়লেখা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও প্রভাত টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম তামিম প্রমূখ।

বিদায়ী সংবর্ধনায় প্রবাসী এ তরুণ সমাজসেবক বলেন, আমি কোন রাজনীতি করিনি। তবে রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি না হয়ে ও মনের ইচ্ছা থাকলে অসহায়-সুবিধা বঞ্চিত সমাজের পাশে দাঁড়ানো সম্ভব। আপনারা আমাকে অতীতের ন্যায় ভবিষ্যতে ও সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ যখনই ডাকবেন আমাকে পাবেন আপনাদের পাশে আছি। সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে পারলে নিজেকে আনন্দিত মনে করি বলে উক্তি করেন।

আজ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের দিন

জাতীয় ডেস্ক: আজ ১৬ই ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস। বাঙালি জাতির নতুন সূর্যোদয়ের দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে ৫৫ হাজার বর্গমাইলের বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম প্রতিষ্ঠিত হওয়ার দিন। বিজয়ের গৌরবের- বাঁধভাঙ্গা আনন্দের দিনই ১৬ ডিসেম্বর। ২০২১ সালের আজকের দিনে বিজয়ের ৫০ বছর পূর্ণ হল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিলো এ বিজয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে ৯ মাস স্বশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

৭১ সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। শ্রদ্ধার সাথে তারা শহিদের উদ্দেশে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠের ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিদেশি কূটনীতিকবৃন্দ, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিনটি সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহকে জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদক দল বাদ্য বাজাবেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে।

বিজয় দিবস উপলক্ষ্যে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

ডাক বিভাগ স্মারক ডাক টিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে এবং এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, শিশু বিকাশ কেন্দ্রসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সকল শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।

এদিন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক প্রামাণ্যচিত্র ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আজ থেকে থেকে দু’দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মুজিববর্ষ উদযাাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ আয়োজন করেছে।

অনুষ্ঠানমালার ১ম দিন আজ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায় এবং অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় থাকবে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শপথগ্রহণ শেষে আলোচনা পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। সম্মানীয় অতিথির বক্তব্য রাখবেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী।

এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সম্মানীয় অতিথিকে“মুজিব চিরন্তন” শ্রদ্ধাস্মারক প্রদান করবেন হবে বলে জানিয়েছেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী।

 

বিজয় দিবসে আ.লীগের কর্মসূচি:

মহান বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্য রয়েছে : সূর্যোদয় ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে,বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপি সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। ৮ টায় ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

সকাল ১১ টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বিকাল সাড়ে ৪ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পরিচালনায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। সারাদেশে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মী জনগণকে সাথে নিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

১৮ ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা। কেন্দ্রিয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় শোভাযাত্রা আয়োজন।

আরব আমিরাতের পর গোল্ডেন ভিসা চালু করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পর এবার গোল্ডেন ভিসা চালু করেছে ওমান। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনের ভিসা পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। খবর আলজাজিরার।

প্রসঙ্গত, গত ২০১৯ সালে বিত্তবান ও বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ বিদেশিদের আকৃষ্ট করতে সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা চালু করে। আরব আমিরাতের এ ফর্মুলায় কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান একই ধরনের ভিসা চালু করে।দেশটির গোল্ডেন ভিসা এরই মধ্যে অসংখ্য প্রবাসী বাংলাদেশি পেয়েছেন। এছাড়া অনেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমান দুই দেশেরই গোল্ডেন ভিসা পেয়েছেন। গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে তারা দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ করেছেন। অনেকে জায়গাজমি কিনে বসবাস করছেন।

গোল্ডেন ভিসা কারা পায় এবং কী সুবিধা মেলে?

সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে ইস্যু করা ভিসার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের মেধাবীরা বসবাস, চাকরি ও অধ্যয়ন করার সুযোগ পান। সামনে শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন খাতের মেধাবী পেশাজীবীরা এর আওতায় আসবেন। দুই মিলিয়ন দিরহামের প্রপার্টি কিনলে বা সমপরিমাণ অর্থ সেখানকার ব্যাংকে রাখলেই এ ভিসার জন্য আবেদন করা যায়। ভিসাটি ১০ বছরের বৈধ ও নবায়নযোগ্য। এটি পেলে ছয় মাসের মধ্যে একাধিকবার সে দেশে যাওয়া যায়। রেসিডেন্ট পারমিটও ইস্যু করা হয়। ভিসাধারী ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা সেখানে থাকতে পারবেন। তবে ভিসার জন্য ব্যক্তিকে কমপক্ষে স্নাতক পাস আর তার মাসিক বেতন কমপক্ষে ৩০ হাজার দিরহাম হতে হবে। খেলা, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি, উদ্ভাবন, আইনসহ কয়েকটি ক্ষেত্রের মেধাবীরা আবেদন করতে পারেন। তাদের ক্ষেত্রে শুধু মেধা যাচাই করবে সেখানকার কর্তৃপক্ষ।

বিষাক্ত মদপানে ভারতে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।

স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক জনক সিং এ মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যমকে জনক সিং আরো বলেন, রাজ্যে প্রায়ই বিষাক্ত মদ খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর জন্য বিহারের রাজ্য সরকারকেই দায়ী করা হবে। কারণ, মূখ্যমন্ত্রী নিতীশ বলেছিলেন, এমন কোনো ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আদতে কিছুই হচ্ছে না।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: এবারের মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস (রানা) এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।’