আগামীকাল মহান বিজয় দিবস

আজকের দিন পেরোলেই মহান বিজয় দিবস। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ড আজ স্বাধীন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দীর্ঘ একমাস ধোয়ামোছা শেষে শ্রদ্ধা গ্রহণের অপেক্ষায় এখন গর্বের স্মৃতির মিনার। প্রায় পৌনে এক লাখ লাল ফুল আর সবুজ গাছের সমন্বয়ে স্মৃতিসৌধকে সাজানো হয়েছে জাতীয় পতাকার ঢঙে। ৫২তম বিজয়ের দিনটিকে আলাদা করে রাঙাতে জাতির গৌরবের সৌধে রঙতুলি দিয়ে শেষ মুহূর্তের আঁচড় দিচ্ছেন শিল্পীরা।

পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ১ ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ পরির্শক (তদন্ত) হুমায়ূন কবীর এর নেতৃত্ত্বে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে এএসআই (নিরস্ত্র) সান্টু চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর- ৬৩/১৭ (ফেঞ্চুগঞ্জ) থানার ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার পশ্চিমখাস এলাকায় ইউনুস আলীর ছেলে মমিন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই বিষয়ে নিশ্চিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ডাকাত মমিনকে গ্রেপ্তার করা হয়েছে ও আসামী মমিনকে বিকেলের দিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শাজাহানপুরে কোল্ডস্টোরেজে আলু মজুত, ব্যবসায়ী ও কৃষকদের মাথায় হাত!

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে কোল্ডস্টোরেজে আলু রাখা ব্যবসায়ী ও কৃষকদের মাথায় হাত পড়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)ঢাকা- রংপুর  মহাসড়কের আশে  পাশের মাঝিড়াতে  অবস্থিত হিমাগরে ঘুরে দেখা গেছে আলুর দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন হিমাগারে আলু মজুত করে রাখা কৃষক ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ১১ থেকে ১৩টাকা, আর খুচরা সর্বোচ্চ ২৫টাকা দরে। গত বছর পাইকারি বিক্রি হয়েছিলো ২৫টাকা কেজি দরে। অন্যান্য বছর অক্টোবর ও নভেম্বর মাসের শুরু থেকে হিমাগারে মজুত করা আলু বাজারে বিক্রি করে কৃষক ও ব্যবসায়ীরা বেশ লাভবান হতেন। কিন্তু চলতি বছর আলুর পরিবহন ও হিমাগরে রাখার খরচ পড়েছে কেজি প্রতি ২০টাকার উপরে।

এ বছর চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হওয়ায় ও সংরক্ষণ করায় আলুর বাজার পড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বীরগ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান  জানান, চলতি বছর কাটি লাল জাতের আলু ৫৫ কেজির ২০০০ হাজার বস্তা আলু কোল্ডস্টোরেজে রেখেছেন। তাতে ৫৫ কেজির প্রতি বস্তা আলু হিমাগারের ভাড়াসহ রাখতে খরচ হয়েছে ১২৬৫ টাকা। বর্তমান বাজারে বিক্রি করতে পারছেন ৬০৫ টাকা। প্রতি ৫৫ কেজির বস্তায় লোকসান হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা।

বাজারে আলুর দাম না থাকায় প্রত্যেকেই এখন মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন।

জুড়ীতে ৮ রোহিঙ্গাসহ আটক ৯

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত ঘেঁষা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান।

তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে।

আটককৃতরা জানান, তারা দালালের মাধ্যমে ভারতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে ভারতীয় বিএসএফ বাহিনী তাদের আটক করে ক্যাম্পে নিয়ে অনেক অত্যাচার করে পরে বাংলাদেশে পুলব্যাক করেছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমাদের গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট আছে। ভোর রাতে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। আমার ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি সদস্যরা শিশুসহ ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশী নাগরিককে গোয়ালবাড়ি সীমান্ত থেকে আটক করে থানার হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ডায়াবেটিক হাসপাতাল বন্ধে বিশেষ মহলের চক্রান্তের বিরুদ্ধে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি মেজর(অবঃ) আব্দুস ছালাম, মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক শফি খান প্রমূখ।

বক্তারা বলেন, দরিদ্র পীড়িত এ জেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ২০০৬ সালে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে। এরপর থেকে গঠনতান্ত্রিকভাবে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে এই হাসপাতালে প্রায় ১৮ হাজার রেজিস্ট্রেশনকৃত ডায়াবেটিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র অনুসরণ না করে নিজের খেয়াল খুশি মতো নতুন কমিটি করার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে তিনি  হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট বর্তমান কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নতুন কমিটিকে কেন সুযোগ দেয়া যাবে না তার জবাব চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন । ঘটনাটি জানাজানির পর স্থানীয় লোকজন এটিকে হাসপাতাল বন্ধের গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এর তীব্র নিন্দা জানান।

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মেজর(অবঃ) আব্দুস ছালাম জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। ওই  কমিটির মাধ্যমে বর্তমানে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সংসদ সদস্য যে রিট করেছেন তার কপি আমরা পেয়েছি।  গঠনতন্ত্র অনুযায়ী হাইকোর্টে কারন দর্শানোর জবাব দেয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য যে কমিটির বিরুদ্ধে রিট করেছেন সেই কমিটি গঠনের নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে হেরে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত অব্যাহত রেখেছেন তিনি। তিনি এ জেলার মানুষের স্বার্থে এসব চক্রান্ত বন্ধের দাবি জানান।

মানববন্ধনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা সেবা নেয়া রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ৯ টায় উপজেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ৭১ চিরঞ্জীব চত্বরে গিয়ে শেষ হয়। পরে ৭১ চিরঞ্জীব’র স্মৃতিস্পটে  বঙ্গবন্ধুসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে সম্মান জানানোসহ এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মি এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অনেকে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ বুদ্ধিজীবী উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে এদিন সন্ধ্যায় পৌরশহরের চৌরাস্তা মৌড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবী উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ.লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আ.লীগ  সহ সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, শহীদ বুদ্ধিজীবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল রানা, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা মো. মেনন, বুদ্ধিজীবী উদযাপন পরিষদের সদস্য প্রভাষক আলমগীর হোসেন, বীর মুক্তি যোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা সহকারী আধ্যাপক প্রশান্ত বসাক।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ ডিসেম্বরে দেশীয় আলবদর, আলশামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বিভিন্ন শ্রেণি পেশার বাঙালি বুদ্ধিজীবীদের নিহত হবার কথা তুলে ধরেন। এবং ’৭১-এ পরাজিত শক্তির উত্তরসূরিরা এখন ‘নব্য রাজাকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়ে বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানছে। তাই তাদের রুখে দিতে সকলকে সজাগ থাকার আহবান জানান।

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও শিক্ষার্থী আল মোমিন জাকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল বাশার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্ল্যা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, প্রবাসী ও অভিবাবক মো. সাহেদ আহমদ নুর প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, বিভিন্ন পর্যায়ের গনমাধ্যম কর্মী প্রমুখ।

সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দরা পুরস্কৃতদের পুরস্কার তুলে দেন।

পরে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ছানি ইমাম মাও. শাহেদ আহমদ।

টিসিবির পণ্য বাজারজাতে ডিলারশীপ কালো তালিকায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) বিভিন্ন পণ্য কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে এক পরিবেশকের (ডিলার) লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার লাইসেন্স বাতিলের জন্য উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় ওই পরিবেশকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়ায় থানায় মামলাও হয়েছে।

অভিযুক্ত পরিবেশকের নাম আশরাফ উদ্দীন ওরফে চিনু। তিনি কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় বসবাস করেন। সেখানে ‘আশরাফ ট্রেডার্স’ নামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি টিসিবির পণ্য বিক্রি করেন।

উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানার পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ৮ ডিসেম্বর বিকেলে ওই প্রতিষ্ঠানে টিসিবির বরাদ্দ হওয়া চিনি ও ডালের মোড়ক খুলে আলাদা বস্তায় ভরা হচ্ছিল। এ ছাড়া সয়াবিন তেলের বোতলে ‘টিসিবি’ লেখা লেবেল মুছে ফেলা হচ্ছিল। কালোবাজারে বিক্রির জন্য এ কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ সেখানে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে এ অবৈধ কাজে জড়িত লোকজন দ্রুত পালিয়ে যায়।

পরে সেখান থেকে ৫৫৪ লিটার তেল, ৭৯২ কেজি ডাল, ৪২১ কেজি চিনি ও ২০০ কেজি চাল জব্দ করা হয়। এ ব্যাপারে ওই দিনেই কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে টিসিবি’র পরিবেশক আশরাফ উদ্দীনসহ অজ্ঞাতনামা আরও এক-দু’জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে এসআই পরিমল চন্দ্র দাস বলেন, আসামিরা পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় জড়িত পরিবেশক আশরাফ উদ্দীনের লাইসেন্স বাতিলের জন্য তাঁরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় টিসিবি’র ডিলার আশরাফ উদ্দীনের দোকানে বিভিন্ন পণ্যের বস্তা ও বোতলে লাগানো টিসিবি’র স্টিকার খুলে রাখা অবস্থায় সরেজমিনে গিয়ে পাওয়া যায়।

এ বিষয়ে টিসিবি’র মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ইসমাইল মজুমদার বলেন, আশরাফ উদ্দীনকে সর্বশেষ গত ২৬ নভেম্বর ১ হাজার ৪৩০টি ফ্যামিলি কার্ডের বিপরীতে ১ হাজার ৪৩০ কেজি চিনি, ২ হাজার ৮৬০ লিটার তেল ও ২ হাজার ৮৬০ কেজি ডাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের চিঠি পেলে ওই পরিবেশকের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ফুলবাড়ীতে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে উপজেলা চত্বরে দু’দিন ব্যাপি এ মেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে প্রধান অতিথি, সভাপতি সহ উপস্থিত সকলেই মেলার স্টলগুলো পরির্দশন করেন।

রৌমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রধান শিক্ষকের নামে অপপ্রচার

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণির কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আজেবাজে লিখে অপপ্রচার করে সম্মানহানির চেষ্টা করছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, আবু হোরায়রা একজন নরম মনের মানুষ। তিনি একজন মানুষ গড়ার কারিগর। করোনায় দুর্দিনেও প্রধান শিক্ষক আবু হোরায়রাকে উপজেলা বাসীর পাশে থাকতে দেখা গেছে এমনটাই বলছেন এলাকাবাসী। তিনি রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে স্কুলটি উন্নয়ন হয়েছে।

স্কুল শিক্ষক আবুল হাশেম বলেন, প্রধান শিক্ষক আবু হোরায়রার সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। আবু স্যার লোক হিসাবে সহজ সরল।

স্কুল ছাত্র সুমন, আলমগীর, মামুন বলেন, আবু  স্যার খুব ভালো মানুষ। ইদানিং আবু স্যার সম্পর্কে ডাহা মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আবু হোরায়রা বলেন, একটা কথা আছে আল্লাহ যাকে ইজ্জত দেন, তাকে কেউ বেইজ্জত করতে পারে না। তেমনি আমার সম্মান ও ইজ্জত আল্লাহ ছাড়া কেউ চেষ্টা করলেও পারবে না ইনশাআল্লাহ। তবে যে বা যারা আমার নামে প্রতিহিংসা মূলক অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।