মৌলভীবাজার পুলিশ মেধাবৃত্তি পেল ৪ শিক্ষার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ দুপুরে দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের এই বৃত্তি প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ এবং সনদপত্র তুলে দেন।

এসময় জেলা পুলিশ সুপার বলেন, “শুধু এই পরীক্ষার ফলাফলই সব নয়। ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ১। পুলিশ পরিদর্শক মোঃ মাহফুজ আলমের মেয়ে সারাফ নাওয়ার, ২। পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেনের মেয়ে সানজানা আক্তার সায়মা, ৩। উপ-পুলিশ পরিদর্শক আবু নাঈম মিয়ার মেয়ে নাহিদা আক্তার এবং ৪। উপ-পুলিশ পরিদর্শক সেলিম হোসেন ভূঁইয়ার ছেলে সালমান সাদিক লিখন।
এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির লটারির ফল জানবেন যেভাবে

শিক্ষা ডেস্কঃ আজ সোমবার (১২ ডিসেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় এই ভর্তির লটারি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে।

একই স্থানে আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ৩টায় বেসরকারি মাধ্যমিকের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে। এ ছাড়া GSA space RESULT space USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

এবারের লটারিতে আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী। আর বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন মাত্র ৪১ শতাংশ আসনে।

উল্লেখ্য, মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয় ১৬ নভেম্বর, চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি।

মঙ্গলবার নয়াপল্টন থেকে গণমিছিল শুরু করবে বিএনপি

রাজনীতি ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশেও গণমিছিল করবে দলটি। 

আজ সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ৭ ডিসেম্বর পুলিশ ও আওয়ামী লীগ নজিরবিহীন বর্বরতা চালিয়েছে বিএনপি কার্যালয়ে। ফাইলপত্র, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট, সব অঙ্গসংগঠনের অফিস ভাঙচুর, জিয়াউর রহমানের ম্যুরাল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে সরকার। জনগণ রায় দিয়েছে দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। জনগণ সরকারকে আর চায় না।

তিনি আরো বলেন, বিএনপির ১০ দফাকে সমর্থন করে যারা যুগপৎ আন্দোলন করবে তারাও কর্মসূচি দিয়েছে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর দুপুর ২টায় নয়াপল্টন অফিসের সামনে থেকে গণমিছিল করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ থেকে বিএনপি ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশস্থল হিসেবে নয়াপল্টনের নাম ঘোষণা করে। তবে পুলিশ তাদেরকে অনুমতি দেয় সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে না গিয়ে নয়াপল্টনেই জড়ো হওয়ার ঘোষণার পর বুধবার পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। পরে দলীয় কার্যালয়ে চলে অভিযান। গ্রেপ্তার হয় কয়েক শ নেতা-কর্মী। সংঘর্ষের দিন সহিংসতার ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে।

স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১২ ডিসেম্বর) ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস-২০২২’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে; ফলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১২ ডিসেম্বর ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস-২০২২’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত পৃথিবী গড়ি : সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত এবং এর চিকিৎসা ব্যবস্থাপনা ও টিকা কার্যক্রম বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপের কারণেই সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সকলে মেডিকেল শিক্ষা, চিকিৎসা, সেবাদান ও গবেষণা কার্যক্রমে আরও গতিশীল ও উন্নতকরণের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবে বলে আমি আশা করি।’

প্রধানমন্ত্রী ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

 

হাজীপুর ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটির অপসারণের সুপারিশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০ নং  হাজীপুর ইউপি’র বিতর্কিত বর্তমান ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে ইউপি চেয়ারম্যান’কে অপসারণের সুপারিশও করা হয়েছে বলে নির্ভরযোগ্য তথ্যে জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের (স্মারক নং- ০৫.৪৬.৫৮০০.০১২.২৭.০০২.২২-৫৬৩) গত ২৮ নভেম্বর উপ-পরিচালক মল্লিকা দে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এর অনুলিপি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরেও প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ওই পত্র এবং হাজীপুর ইউনিয়নবাসীর সূত্রের বরাত দিয়ে জানা যায়; সরকারি সম্পদ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, নির্বাচিত সদস্যদের সাথে খারাপ আচরণ, ক্ষমতার অপব্যাবহার ও অন্যান্য সুনির্দিষ্ট অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে চলতি বছরে ১৬ আগস্ট এক সভার আয়োজন করেন।

এ বিষয়ে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুলসহ অন্যান্য ওয়ার্ডের ৭ জন সদস্য। ওই সভায় তার অপকর্ম ও অনৈতিক আচরণের প্রতিবাদে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে ২৮ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বর্তমান মেম্বারগণ চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট ১১টি অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাছাড়া তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, সিলেট বিভাগীয় কমিশনার ও সরকারের উর্দ্ধতন বিভাগেও অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহিরা’কে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরেজমিন তদন্ত করে চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত কর্মকর্তা ওই প্রতিবেদনে চেয়ারম্যান ওয়াদুদ বখস’কে অপসারণের সুপারিশও করেছেন। তাছাড়া ওই পত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০১০ এর ৩৪ এর বিধিমতে তাকে আত্মপক্ষ সমর্থনের লক্ষ্যে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদান করতেও বলা হয়।

জানা গিয়েছে, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখস গত বছর (২০২১)-এর ২৮ নভেম্বর প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতা গ্রহণ করেই অনেকটা বেপরোয়া হয়ে ওঠেন। তিনি নিজের মনগড়া ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন। ইউপি সদস্যদের সাথে সমন্বয় না করেই নিজের ইচ্ছেমত জন্মনিবন্ধনের অতিরিক্ত ফি আদায়, আদায়কৃত ফি’র টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের পকেটে রেখে খরচ করা, ইউপি সদস্যদের সাথে অশালীন ও অশুভনীয় কথাবার্তা, সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচরণ, তার নির্দেশে সামাজিক বনায়নের গাছ কর্তন, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে ইউনিয়নের সাধারণ লোকজনের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ফলে তার প্রতি ১০ নং হাজীপুর ইউনিয়নের সাধারণ মানুষের অনেকটা নাভিশ্বাস উঠে। মাত্র ১ বছরের মাথায় তার বিরুদ্ধে আনীত এসব অনিয়ম ও দুর্নীতির খবর সত্যতাও মিলে একটু দেরি হলেও তা পাওয়া যায়।

ইউনিয়ন পরিষদ সূত্রের বরাত দিয়ে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর তিনি মনগড়া নাগরিক সনদ, জন্মসনদ ও ট্রেড লাইসেন্সেসহ সকল সনদে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত চার থেকে পাঁচশ টাকা নির্ধারণ করেন। এসব ফি’র টাকা তিনি কোন রশিদ ছাড়া নিজ হাতে গ্রহণ করতেন। তার কাছে টাকা না দিলে কোন সনদে তিনি স্বাক্ষর দিতেন না।

স্থানীয়রা আরো জানান, এসব অপকর্ম ইউনিয়নের নাগরিকদের হয়রানি, ৭ ইউপি সদস্যদের সাথে অসাদাচরণের প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে গত ২১ সেপ্টেম্বর হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের খবর পেয়ে তিনি আরো ক্ষেপে যান ও সেবা গ্রহীতারা ইউনিয়ন পরিষদে গেলে তাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। প্রকাশ্যে তাদের গালি-গালাজ করেন। একপর্যায়ে স্থানীয় পীরেরবাজারে চেয়ারম্যান অনুসারীরা ২৭ সেপ্টেম্বর এক প্রতিবাদ সভার আয়োজন করলে সেই সভায় চেয়ারম্যান ওয়াদুদ বখস তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৌলভীবাজার সদর আসনের এমপি, জেলা প্রশাসক ও কুলাউড়ার ইউএনওকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার বিরুদ্ধে তখন সমালোচনার ঝড় ওঠে।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহত ৭ জন

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান ও পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, পাকিস্তানের বাহিনী সীমান্তের আফগানিস্তান অংশে নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধের দাবি জানালে সংঘর্ষ শুরু হয়। এতে ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আফগানিস্তানের সীমান্ত বাহিনী চামান সীমান্ত ক্রসিংয়ে কামান ও মর্টারসহ ভারী অস্ত্রে নিয়ে নির্বিচারে হামলা চালায়। চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।

আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের বাহিনী সীমান্তের আফগানিস্তান অংশে নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধের দাবি জানালে সংঘর্ষ শুরু হয়।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, গুটিতে এক আফগান সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

কান্দাহার প্রদেশের আফগান কর্মকর্তা নূর আহমেদ এ ঘটনার পর জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দস্যুতা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে দস্যুতা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়, এসআই নিয়াজ মাহমুদ, এএসআই পরিমল চন্দ্র শীল, এএসআই শিথিল ঘোষসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ১৯৭/১৬ (বিয়ানীবাজার) দস্যুতা মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন, মোঃ আজাদ মিয়া, মোঃ জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে গ্রেপ্তারকৃত দুই আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবির জালে ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার সযয় কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় আসামির বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই  শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে আটক করে।

পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিছ এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। আজ রোববার (১১ ডিসেম্বর) আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জ্বালানি তেলের দামে বড় পতন ঘটলো বিশ্ববাজারে

অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দামে বড় পতন ঘটলো বিশ্ববাজারে। গত এক সপ্তাহে জ্বালানি তেলের দামে এ বড় পতন হয়েছে। এতে  অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০ শতাংশের ওপরে কমে গেছে।পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামেও বড় পতন হয়েছে। এতে এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে চলে এসেছে জ্বালানি তেল।

গত সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭৯ দশমিক ৯৭ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার এক পর্যায়ে তা বেড়ে ৮২ দশমিক ৩৩ ডলারে উঠে যায়। এরপর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ধারাবাহিকভাবে দাম কমতে কমতে সপ্তাহ শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৭১ দশমিক শূন্য ২ ডলার।

অপরিশোধিত জ্বালানি তেলের এ দরপতন শুরু হয় এ বছরের জুন থেকে। জুনের ৮ তারিখের পর থেকে ধারাবাহিকভাবে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গত ৮ জুন প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ১১৭ টাকা ১৫ পয়সা। সে হিসাবে ছয় মাসের ব্যবধানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম কমেছে ৪৬ দশমিক ১৩ ডলার বা ৩৯ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে গত এক সপ্তাহেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১১ দশমিক ২০ শতাংশ। আর এক মাসের ব্যবধানে কমেছে ১৭ দশমিক শূন্য ৯ শতাংশ।

পাশাপাশি সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। আর মাসের ব্যবধানে কমেছে ১৬ দশমিক ৭১ শতাংশ। এতে বর্তমানে প্রতি ব্যারেরল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৭০ ডলার। গত বছরের ২৪ ডিসেম্বরের পর ব্রন্ট ক্রুড অয়েলের এত কম দাম আর দেখা যায়নি। চলতি বছরের ৮ জুনের পর থেকে ব্রেন্ট ক্রুড অয়েলও দরপতনের মধ্যে রয়েছে। ৮ জুন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১২০ দশমিক ৮৯ ডলারে ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে এ জ্বালানি তেলের দাম। এতে ছয় মাসের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে ৪৪ দশমিক ১৯ ডলার।

মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২২ইং উপলক্ষে “দুর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, মৌলভীবাজার অফিসের সম্মুখস্থ প্রাঙ্গন থেকে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে র‌্যালী বের হয়।

র‌্যালীতে উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। এ সময় অন্যান্যদের মধ্যে উপিস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও যুব ফোরামের সাধারণ সম্পাদক এম.এ সামাদ এর সঞ্চালনায় র‌্যালী শেষে চৌমোহনী চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ডাঃ আব্দুল আহাদ, মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়া, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক দুরুদ আহমদ, শেখ ফয়েজ আলী, মির্জা মোঃ জামান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডঃ বিল্লাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: শরীফ আহমদ, যুব ফোরামের সহ-সভাপতি ইকবাল হোসেন পাবেল, ছাত্র ফোরামের সদস্য সচিব আবু তালেব চৌধুরী, আহবায়ক বিকাশ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পপি চৌধুরী, যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ুম সুলতান, সাংবাদিক রিপন আহমদ, মনজুরুল আলম, মেধাবী ছাত্র মোঃ সিফন মিয়া, সাংবাদিক শাহ মোঃ ফজলুর রহমান, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, কবি পলাশ দেব নাথ, শান্তা বেগম, মজনু খান, সাংবাদিক কাজী মোঃ রায়হান, সোহেল হাকিম, বিজয় শাহসহ জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন।

বক্তারা উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে দেশে অনেকাংশে দুর্নীতি কমবে সংশ্লিষ্ট ফোরোমের শ্লোগানকে সমর্থন জানিয়ে বলেন- দুর্ণীতি ও নৈরাজ্য বন্ধে অবিলম্বে ন্যায়পাল বাস্তবায়ন করলে এসব অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে। দেশে আইনের শ্বাসন প্রতিষ্টিত হবে।

উল্লেখ্য- ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মসূচীতে দলমত নির্বিশেষে স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহন করছে। জনগনের ন্যায্য দাবী আদায়ে আন্দোলন করছে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান