বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগপত্রে যা লিখলেন

রাজনীতি ডেস্ক: বিএনপির পাঁচ সংসদ সদস্য (এমপি) আজ রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে সশরীরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলটির আরও দুজন সংসদ সদস্য সশরীরে না আসায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে তা সাংবাদিকদের পড়ে শোনান সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

এমপি রুমিন ফারহানা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। বর্তমান সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর দমন-পীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা এবং মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ, সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এই সংসদের সদস্যপদ ত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি এবং দলীয় সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায়, সুস্থ শরীরে, স্থির মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচণায় গভীরভাবে চিন্তা ও বিবেচনার পর অদ্য ১০ ডিসেম্বর, ২০২২ তারিখে সংসদ থেকে যার যার আসন থেকে পদত্যাগ করলাম।’

এ দিন সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এ ছাড়া দেশে বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন রুমিন ফারহানা।

তবে, সশরীরে না আসায় হারুন অর রশিদ এবং আবদুস সাত্তারের পদত্যাগপত্র গ্রহণ হয়নি। পরে তারা সশরীরে এসে পদত্যাগপত্র জমা দেবেন।

নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ পালিত

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “মানবাধিকার সবার জন্য সর্বত্র সমানভাবে” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায়  আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে এডাব নেত্রকোণা জেলা শাখার আয়োজনে অধ্যাপক ননী গোপালের সভাপতিত্বে সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নির্বাহী পরিচালক এস.এম মজিবুর রহমান, সাংবাদিক শ্যামলেন্দ পাল, এ্যাডভোকেট নজরুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা, সন্জুর রহমান, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সেরার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

মৌলভীবাজারে পতিত জমি চাষের আওতায় আসছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রবিশস্য ও বোরো মৌসুমে পতিত জমি চাষের আওতায় আনার কার্যক্রম চলছে মৌলভীবাজারের কমলগঞ্জে। সেই সঙ্গে এক ফসলি জমিকে দ্বিফসলি ও তিন ফসলি জমিতে রূপান্তরের কাজও করে যাচ্ছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার কৃষকরা জানান, পতিত জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন তাঁরা। কয়েক বছর ধরে এই কার্যক্রম চলছে। পর্যাপ্ত সেচের ব্যবস্থা এবং সরকারি প্রণোদনা অব্যাহত থাকলে আরও বেশি পরিমাণ পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব। এ ছাড়া এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করে সবজি ও বিভিন্ন জাতের ধান চাষ করছেন তাঁরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৭-১৮ মৌসুমে উপজেলায় বোরো ধান চাষ করা হয়েছে ৩ হাজার ৯৪০ হেক্টর, সরিষা ৮৫ হেক্টর, সবজি ১ হাজার ৩২০ হেক্টর এবং আলু ৪৯০ হেক্টর জমিতে। যা পাঁচ বছরের ব্যবধানে ২০২১-২২ মৌসুমে ৫৭০ হেক্টর বাড়ায় এবার বোরো ধানের চাষ হয়েছে ৪ হাজার ৫১০ হেক্টর জমিতে। একই সঙ্গে এবার আগের চেয়ে ৩০ হেক্টর বেশি জমিতে সরিষা, ২৬০ হেক্টর বাড়তি জমিতে বিভিন্ন ফসল এবং ৩৫ হেক্টর বেশি জমিতে আলু চাষ করা হয়েছে। পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর সেচের ব্যবস্থা বাড়ানো হচ্ছে।

উপজেলার বিভিন্ন গ্রামের তথ্যনুসারে জানা গেছে, কয়েক বছর ধরে এখানকার কৃষকরা সবজি ও বোরো ধানের প্রতি ঝুঁকছেন। তাঁরা বিভিন্ন এলাকার পতিত জমিতে সরিষা, আলু, শাকসবজি চাষ করছেন। এ ছাড়া বোরো ধানের বীজতলার জন্য পতিত জলাশয় ব্যবহার করছেন।

উপজেলার কৃষক শামসুল মিয়া বলেন, ‘তিন বছর ধরে এক একর জলাশয়ে বর্ষা মৌসুমে মাছের সঙ্গে ধান আর শুস্ক মৌসুমে সবজি চাষ করছি। অথচ এ জমিগুলো কয়েক বছর আগেও পতিত ছিল।’ একই উপজেলার কৃষক জহুর মিয়া জানান, নিজের জমিতে একসময় শুধু আমন ধান চাষ করতেন। এর পরেও পরিবারে খাদ্য ঘাটতি থাকত। পরে একই জমিতে তিন বছর ধরে আউশ, আমন ও বোরো ধান চাষ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, ‘কয়েক বছর ধরে এ উপজেলায় অনেক পতিত জমি চাষের আওতায় এসেছে। পর্যাপ্ত সেচ থাকলে আরও পতিত জমি চাষের আওতায় আসবে। কৃষকরা এসব জমিতে সরিষাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। যথাযথ সেচ ও কৃষি প্রণোদনার ব্যবস্থা করা হলে দেশের খাদ্যভারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এই কার্যক্রম।’

ফুলবাড়ীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সারা দেশে বিএনপি’র জ্বালাও পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র, বোমাবাজি এবং সাজাপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দিয়ে দেশ পরিচালনার হুমকির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

শনিবার দুপুর ১২ টায় কাচারীমাঠ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল খালেক বসুনিয়া, মৎসজীবিলীগ সভাপতি আতাউর রহমান রতন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন প্রমূখ।

কুলাউড়ায় ৫ মোটরসাইকেল উদ্ধার,৩ চোর গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃবিভাগীয় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারসহ চোরাই ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার কুলাউড়া থানা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

গ্রেপ্তারকৃত ৩ আসামি হলো রাসেল আহমদ (২৮), জুনেদ আহমদ (২৩) ও জাহাঙ্গীর মিয়া (৩০)।

উদ্ধার হওয়া মোটরসাইকেল ও মোটরসাইকেল খোলার যন্ত্রাংশ

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাম্প্রতিক সময়ে কুলাউড়া ও অন্যান্য উপজেলা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে কুলাউড়ার মাগুরা এলাকা থেকে সাংবাদিক সঞ্জয় দেবনাথের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মনির হোসেন, এসআই শাহ আলম, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মো. নাজমুল হোসেন ও তপন দেবসহ পুলিশের একটি দল চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে।

তিনি জানান, অভিযানকালে প্রথমে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ মোটরসাইকেল চোর কমলগঞ্জ উপজেলার বাসিন্দা জাহাঙ্গীরকে কুলাউড়া পৌরসভাধীন কাছুরকাপন এলাকা থেকে মোটরসাইকেলের তালা ভাঙার যন্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ও বিভাগীয় মোটরসাইকেল চোর রাসেলকে কমলগঞ্জ থানার কালেঙ্গা গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে ১টি মোটরসাইকেলের খোলা বডিসহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রাম থেকে চোরাই মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা জুনেদকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে ১টি চোরাই পালসার মোটরসাইকেল ও মোটরসাইকেল খোলার যন্ত্রাংশ উদ্ধারসহ জব্দ করা হয়।

তিনি আরও জানান, জাহাঙ্গীর, রাসেল ও জুনেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে আন্তঃবিভাগীয় চোর চক্রের সক্রিয় সদস্য সামাদের নিজ বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পানিয়াগাঁ গ্রামে অভিযান চালালে পুলিশের উপস্থিতিতে সে সটকে পড়ে। এ সময় তার বাড়ি থেকে ১টি চোরাই সুজুকি মোটরসাইকেল ও ১টি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে আরও ১টি ডিসকোভার মোটরসাইকেলও উদ্ধার করে জব্দ করা হয়।

মোটরসাইকেল চোর চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

যুক্তরাজ্যের আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের দ্বীপরাষ্ট্র জার্সির আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে সেন্ট হেলিয়ারের পিয়ার রোডের অবস্থিত একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। খবর বিবিসি।

জার্সির পুলিশপ্রধান রবিন স্মিথ সাংবাদিকদের বলেন, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর পিয়ার রোডের একটি বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনতলা ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

স্মিথ আরো বলেন, আমরা প্রায় ১২ জন বাসিন্দাকে খুঁজছি, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ সংখ্যা ওঠানামা করতে পারে।

জার্সির মুখ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর, জরুরি কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং ভবনের বাস্তুচ্যুত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

ফুলবাড়ীতে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে চলছে অবৈধ ইটভাটা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিয়মনীতির তোয়াক্কা না করে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে ছয়টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ইট পোড়ানোর লাইসেন্স, ফায়ার সার্ভিসের সার্টিফিকেট এমনকি ভ্যাট-আয়কর প্রদানের কাগজপত্র ছাড়াই আবাদী জমি,জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে রাত-দিন ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকরা। ফলে ভাটার বিষাক্ত ছাঁই, কালো ধোঁয়ায় ফলন হ্রাসের আশংকার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের বিস্তীর্ন কৃষি জমিতে মেসার্স ডব্লিউএএইচ ব্রিকস ফিল্ড, এবি ব্রিকস, মেসার্স এমএসএইচ ব্রিকস, বড়ভিটা ইউনিয়নের নওদাবশ এলাকায় সাইফুর রহমান সরকারী কলেজের পাশে মেসার্স এএমবি ব্রিকস ফিল্ড, ফুলবাড়ী সদর ইউনিয়নের খামারের বাজার এলাকায় মেসার্স কেএমবি ব্রিকস ফিল্ড এবং শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় মেসার্স জেএমএস ব্রিকস ফিল্ড নামের ছয়টি ইটভাটা গড়ে উঠেছে।

এসকল ইটভাটার একটিরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ইট পোড়ানোর লাইসেন্স, ফায়ার সার্ভিসের সার্টিফিকেট, ভ্যাট-আয়কর প্রদানের কাগজপত্র কিছুই নাই। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চালাচ্ছেন ইট পোড়ানোর কাজ। ভাটার আয়তন দুই একরের মধ্যে সীমাবদ্ধ রাখার নিয়ম থাকলেও বিস্তৃত এলাকা দখলে নিয়েছেন তারা। ভরাট করেছেন পানি নিষ্কাষনের পথ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ায় সরকারী নিময়নীতির তোয়াক্কা করছেন না ইটভাটার মালিকরা।

স্থানীয় শফিকুল ইসলাম (৩৫), উমর আলী (৫৫), মজিদুল ইসলাম (৩০) জানান, ভাটার মালিকরা জমি ভাড়া নিয়ে ইট পোড়ানোর কাজ করছেন। এসব ইটভাটার কালো ধোঁয়ায় আশপাশের জমিতে বোরো এবং আমন আবাদের ফলন কমে গেছে। ধরতি কমে গেছে সুপারী, আম, কাঠাল, নারিকেল সহ বিভিন্ন ফলের। তারা ইট পরিবহনের সুবিধার্থে সেতুর মুখ বন্ধ করে উঁচু রাস্তা তৈরী করায় বর্ষা মৌসুমে প্রতিবছর এসব এলাকার শতশত বিঘা আমন ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে মেসার্স ডব্লিউএএইচ ব্রিকস ফিল্ডের স্বত্তাধিকারী মোশারফ হোসেন জানান, জেলার কোন ভাটারই পরিবেশ অধিদপ্তর সহ আনুসাঙ্গিক কাগজপত্র নাই। মালিক সমিতির লোকজনসহ ডিসি অফিসে কথা বলেছি। তারা ভাটা চালনোর মৌখিক অনুমতি দিয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, গত ৮ ডিসেম্বর তিনটি ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। তারা উপযুক্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাদেরকে আগামী ২২/১২/২০২২ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছে। এর মধ্যে কাগজ দেখাতে না পারলে অবৈধ ইটভাটা গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

করোনায় বুস্টার ডোজের আওতায় প্রায় সাড়ে ৬ কোটি মানুষ

স্বাস্থ্য ডেস্কঃ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ৪২ লাখ ৬১ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৫৮ জন। আজ রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৫ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৮১ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার ৪৯২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৮৪৮ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ছয় কোটি ৪২ লাখ ৬১ হাজার ৯১৪ জন।

২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৯৭ হাজার ৫৩৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৩২৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ২৪২ শিক্ষার্থী। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৬৮৯ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

এদিকে, এখন পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৮০০টি। এছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৪২১ শিশুকে।

অন্যদিকে, এখন পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৫ লাখ ৭৭ হাজার ১৮০ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ১৪ হাজার ৭৭০ জন।

নেত্রকোণায় পালিত হয়েছে হানাাদার মুক্ত দিবস

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ৯ ডিসেম্বর নেত্রকোণা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রজন্ম চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন তালুকদারসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক হলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত হয় তিন বীর মুক্তিযোদ্ধা। হানাদার মুক্ত হয় নেত্রকোণা।

আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হযেছে। আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৭ ডিসেম্বর থেকে বিতরণ করা হবে প্রবেশপত্র।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে। আর ১৯ ডিসেম্বর প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষে ২১ ডিসেম্বর মধ্যে পঞ্চম শ্রেণির ফল প্রকাশ করতে হবে।

পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। ৪০ শতাংশ প্রশ্ন থাকবে লিখিত। আর ৬০ শতাংশ প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতির। প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। অন্যরা এ সুযোগ পাবে না।

উল্লেখ্য, বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান এই চার বিষয়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী এবং লিখিত দুই ধরনের প্রশ্নই থাকবে।