অবৈধভাবে টিলা কাটায় ইউপি সদস্যসহ দু’জনকে লাখ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে সোনাই নদীর তীরবর্তী এলাকার একটি টিলা থেকে মাটি কেটে পরিবহনের দায়ে এক ইউপি সদস্যসহ দু’জনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউপি’র হলদিয়ারপার এলাকায় এই অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউপির মেম্বার ট্রাক্টর মালিক জামাল উদ্দিন ও বড়লেখা উপজেলার খবিরা গ্রামের বাসিন্দা ট্রাক্টর মালিক শহিদ আহমেদ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউপি’র হলদিয়ারপার গ্রামের সোনাই নদীর তীরবর্তী একটি টিলা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে-এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি টিলা কাটার প্রমাণ পান এবং দুটি ট্রাক্টর জব্দ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর মালিক ইউপি মেম্বার জামাল উদ্দিন ও শহিদ আহমেদ’কে ১ লাখ টাকা করে দু’জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে (৭ ডিসেম্বর) বুধবার বিকেলে বলেন, পরিবেশ রক্ষায় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

শিক্ষা ডেস্কঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শুরু হচ্ছে। অনলাইনে তিন ধাপে ভর্তির আবেদন চলবে ২৬শে জানুয়ারি পর্যন্ত। জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে আবেদন গ্রহণ ও মেধাতালিকা প্রকাশ করা হবে। তালিকাভুক্তদের নির্ধারিত সময়ে ভর্তির জন্য ৩২৮ টাকা দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি; ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

বিভিন্ন বোর্ড সূত্রে জানা গেছে, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। প্রথম ধাপের আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করতে হবে ৯ ও ১০ জানুয়ারি। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি এবং ফলাফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। ২২ থেকে ২৬ জানুয়ারির মধ্যে প্রাপ্ত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ ফেব্রুয়ারি শুরু হবে ক্লাস।

এবারও একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা। নির্ধারিত ফি-এর বাইরে অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

গত বছরের মতো এবার ফলাফলের ভিত্তিতেই কলেজ পাবেন ভর্তিচ্ছুরা। তবে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ এবারও অনলাইন পদ্ধতির বাইরে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।

 

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে , তবে কমেছে শনাক্ত

স্বাস্থ্য ডেস্কঃ বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ২৫ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে সাত শতাধিক। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, বুধবার ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৭৯৪ জন। এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ২৪৮ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ৫১ হাজার ৫৮১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২১১ জন।

একইসময়ে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ২৫৫ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৫০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৯৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৫৪ জন।

এছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন এবং মারা গেছেন ৫৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ২৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়ছে, রাশিয়া আগেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে নাঃ পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়ছে। তবে, রাশিয়া আগে ব্যবহার করবে না পরমাণু অস্ত্র। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) মানবাধিকার কাউন্সিলের সদস্যদের সাথে আলোচনায় এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

বার্ষিক আলোচনা সভায় মস্কো থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পুতিন। দাবি করেন, নিজেদের সুরক্ষার প্রয়োজনে সংরক্ষিত আছে তার দেশের পরমাণু অস্ত্র। বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক পরমাণু অস্ত্রের ভাণ্ডার আছে রাশিয়ার, এমন কথাও জানান।

রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামলা হলেই কেবল উপযুক্ত জবাব দেয়া হবে। রুশ-ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলেও সতর্ক করেন।

ভ্লাদিমির পুতিন বলেন, পরমাণু যুদ্ধের হুমকি আসলেই বাড়ছে। এটা লুকানোর কিছু নেই। এক্ষেত্রে বলতে পারি, যেকোনো পরিস্থিতিতে আগে পরমাণু হামলা চালাবে না রাশিয়া। কৌশলগতভাবে আমাদের অবস্থান হলো, নিজেদের সুরক্ষায় প্রস্তুত থাকা। আমরা উন্মাদ নই। পরমাণু অস্ত্র কী, সে বিষয়ে ভালো করেই জানা আছে।

রাণীশংকৈলে দিনব্যাপি ইএসডিও’র যুব সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৭ ডিসেম্বর) কিশোর-কিশোরী ক্লাব সদস্যদের নিয়ে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা ইউএসডিও এর আয়োজন করে। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে নটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ছেলেদের ও মেয়েদের ভলিবল চূড়ান্ত খেলার উদ্বোধন করেন রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক তাজুল ইসলাম।

এসময় ইএসডিও কর্মকর্তা, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন আ’লীগ সভাপতি সইদুল হক। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।

দুপুর আড়াইটায় সমাপনি অনুষ্ঠিত হয়। ইএসডিও’র প্রতিষ্ঠাতা-নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, এডুকো বাংলাদেশ’র জেন্ডার স্পেশালিষ্ট সাদিয়া করিম।

আলোচনা পর্বে অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে যুব চ্যাম্পিয়ন সম্মাননা দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থাপনা করেন সেজুতি টুডু ও রাসেল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইএসডিও’র ম্যানেজার খায়রুল ইসলাম ও কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

ডোমারে ইউপি সদস্যকে মারপিটের মামলায় সাবেক জেলা পরিষদের সদস্য গ্রেপ্তার

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারের জোড়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেককে ইউপি ভবনের ভিতরে মারপিটের মামলায় নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

মঙ্গলবার (৬ডিসেম্বর) ভোররাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অবস্থিত সাজুর নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সাজু ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। উক্ত ঘটনায় গত সোমবার রাতে ইউপি সদস্য আব্দুল খালেক বাদী হয়ে সাজুকে প্রধান আসামী করে ৪জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, সদ্য গত হওয়া জেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান সাজু সদস্য পদে নির্বাচনে দাড়ালে তার পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা চালাতে বলে সে। আমরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা না চালালে সাজু আমাদের ইউপির সকল সদস্যদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। এরই জেরে গত সোমবার(৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আমি ইউপি ভবনে প্রবেশ করলে সাজু ও তার লোকজন ইউপি ভবনে গিয়ে আমাকে মারধর ও আমার প্যান্টের ভিতর থাকা জমি রেজিষ্ট্রির জন্য রাখা টাকা চুরি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ইউপি চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু ইউপি সদস্য খালেককে ইউপি ভবনের ভিতর মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ ডিসেম্বর থানায় মামলা করা হয়েছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদ উন নবী মামলা ও মামলার প্রধান আসামী সাবেক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আাদালতে প্রেরণ করা হয়েছে।

রাজা তৃতীয় চার্লসের ওপর ডিম নিক্ষেপ করায় যুবক আটক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের লুটন টাউন হল পরিদর্শনের সময় রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম ছুড়ে মারার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তারা ২০ বছর বয়সী ওই ব্যক্তিকে ছোটখাটো এই হামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

চার্লস যখন লন্ডন থেকে ৪৬ কিলোমিটার উত্তরে লুটনের টাউন হলের বাইরে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করছিলেন, তখন তার দিকে ডিমটি নিক্ষেপ করা হয়। এরপর নিরাপত্তারক্ষীরা রাজাকে অন্যত্র সরিয়ে নিয়ে যান এবং পরে তিনি জনসাধারণের সঙ্গে করমর্দন করেন।

সেপ্টেম্বরে মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হয়ে ব্যাপকভাবে ব্রিটেনে ভ্রমণ করেছেন চার্লস। মঙ্গলবার তার লুটনের একটি ট্রানজিট স্টেশন এবং একটি শিখ উপাসনালয়, একটি গুরুদুয়ারাসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করার কথা ছিল৷

উল্লেখ্য, গত মাসে উত্তর ইংল্যান্ডের ইয়র্ক সফরের সময় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার ওপর ডিম ছুড়ে মারার পরে ২৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান ওই ব্যক্তি।

তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়া থানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ৩য় বারের মতো ভালো দক্ষতা ও যোগ্যতার পুরস্কার স্বরূপ কুলাউড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।

পুরস্কার হিসেবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, কুলাউড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ সহ সদস্যগন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

নাকফুল-অতঃপর!

কলমে-মোঃ আবু শামা (শ্যামা)

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আমাদের এই গল্প! 

যে কান্নার শব্দ মানুষের কর্ণকুহরে স্পর্শ করে নাহ! হয়তো নিরীহ পশুপাখির হৃদয় ভেঙে দেয়! সেই কান্নাই চেয়েছি, তাই কেঁদে চলেছি! সন্ধ্যা ঘনিয়ে চলছে জোনাকির আলোর রাজত্ব, কিন্তু আমার হৃদয়ে চলছে বিষাদের যন্ত্রণা, তা যে কতটা, সে আর্তনাদ পৃথিবীর কোন কলমে প্রকাশ করার জন্য সৃষ্টি হয়েছে কিনা জানা নেই, হয়তো কক্ষনও সৃষ্টি হবে নাহ। সৃষ্টিকর্তা এই ক্ষমতা কাউকে দেবে নাহ বৈকি!
অনেকদিন পর চলনবিলের মেঠোপথে হাঁটছি অন্ধকারে আমার পা দুটা ঠিক দেখতে পারছি নাহ, কিন্তু পা যে ঠিকঠাক চলছে নাহ তা টের পাচ্ছি, পা দুটো ধরে আসছে, জগৎ এর সকল বোঝা বুঝি আমার দুই পায়ে বেঁধে দেওয়া হয়েছে। গ্রামের এক সরল, অতিসাধারণ এক কিশোরী মেয়ে তার নিস্পাপ চোখের অশ্রু দিয়ে আমার পথ এমন করে পিচ্ছিল কাদা মেখে, আমার সারা জীবনের সমস্ত গাঁথুনি ভেঙে কাদা মাটিতে পতিত করবে তা ভাবনাতেই ছিলো নাহ। আমার সারাজীবনের সঙ্গী জেদি আর একরোখা মনোভাব, আর হার না মানা কঠিন ইস্পাত মন কে পরাজিত করার মোক্ষম প্রতিরচনা করার জন্য এই সন্ধ্যা বেলা বেছে নিবে, আর আমাকে পরাজিত করার দারপ্রান্তে পৌঁছে দিবে!
আমার চল্লিশ বছরের জীবনের সব হিসাব নিকাশ এলোমেলো করেই কি জয়ই হচ্ছে জয়া! আমবশ্যার রাতে চাঁদের কথা শুনেছি কল্পকাহিনীতে কিন্তু নিজের চোখে দেখবো ভাবিনি! জয়া তার কোমল পায়ে শিশির ভেজা দূর্বাঘাস মারিয়ে শীতের আগমনী সন্ধ্যায় আমার শরীরে কি উষ্ণতার অনুভূতির ছোঁয়া দিয়ে সামনে এসে-আসসালামু আলাইকুম, কেমন আছেন! এই যে শুনছেন কিছু বলুন, আপনি কি এখনও আমার উপর বিরক্ত হয়ে আছেন? আচ্ছা বলুন তো, বিরক্তই যদি হবেন তবে কেন আমার অনুরোধ রাখতে ঢাকা থেকে ছুটে আসলেন, আমার কথা রাখার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আর আমার পরিবারের সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি।
কিছু বলবেন নাহ, তবে কি আপনি আমাকে এভাবে কষ্ট দিতে এসেছেন, আচ্ছা ঠিক আছে আমাকে কি শাস্তি দিবেন দিন, মাথা পেতে নেব! এই সাহেব, এই যে ইঞ্জিনিয়ার সাব! জয়া আমাকে হাত দিয়ে হালকা ধাক্কা দিলো।
আমি জয়ার হাতের স্পর্শে নিজের চেতনা ফিরে পেলাম। শুধু বললাম, হ্যাঁ বলো জয়া, কেন ডেকেছিলে? জয়া বললো, শুধু ডেকেছি বলেই কি বিরক্ত হয়ে এসেছেন, মন থেকে কি একটুও আসেনি। জয়ার কথায় কি বলবো, কোন কিছু খুঁজে পাচ্ছি নাহ, ঠাঁই দাঁড়িয়ে আছি।
শুধু জয়া একটা বিষয় জানতে চাইলো, তার পরিবার আর আমার পরিবারের সবাই মিলে আমাদের বিয়ের কথা ফাইনাল করেছিলো, কিন্তু কেন আপনি সব ভেস্তে দিলেন, কেন, আমি কি খুব কুৎসিত চেহারা মানুষ! মানছি আমি আপনার মত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি মাত্র স্কুলে পড়ি কিন্তু এমনও তো হতে পারে আমিও একদিন আপনার মত বিশ্ববিদ্যালয়ে পড়বো আর আপনার চেয়ে অনেক বড় আর যোগ্যতা সম্পন্ন মানুষ হবো!
এত কিসের অহংকার আপনার যে মাটিতে পা পড়ে না! মনে রাখবেন যে যোগ্যতার জন্য আজ আমাকে অবঙ্গা আর অবহেলা করে দুরে ঠেলে দিচ্ছেন, সেই যোগ্যতা আপনাকে খুরে খুরে খাবে। আমার ছোট্ট মনে আপনাকে সবগুলো জায়গা দিয়েছিলাম, যেদিন আপনার ছবি প্রথম দেখেছিলাম, আপনাকে দেখতে একটু বেশি বয়স্ক মনে হলেও, আপনার মুখে একটা মায়ার ছাপ স্পষ্ট করে দেখেছিলাম, আর এই মায়া আজ আমার জীবনের কাল হলো।
একটা উত্তর দিবেন কি? কাউকে মায়া করা কি পাপ? আপনার মায়ায় পরে কি আমি অপরাধ করেছি, তবে শাস্তি দিন, আপনার পায়ে পড়ি। আমাকে শাস্তি দিন আমাকে শাস্তি দিন সাহেব, শাস্তি দিন।
জয়া কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়লো, আমি হতোভম্ম হয়ে বললাম জয়া কি করছো, ছাড়ো আমার পা ছাড়ো, জয়া আরও শক্ত করে আমার দুই পা জড়িয়ে ধরে বললো ছাড়বো না জীবন গেলেও ছাড়বো নাহ। আমি তোমার পায়ের নিচে একটু আশ্রয় চাই সাহেব, আমাকে একটু আশ্রয় দাও, আমি কোন অধিকার চাই না। আমি শুধু তোমার দাসী হয়ে থাকবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো নাহ, শুধু মাত্র দাসী হয়ে তোমার কাছে থাকতে চাই। একটু আশ্রয় দাও, দয়া করো!
আমি জয়া কে দুই হাতে শক্ত করে ধরে বললাম, উঠো জয়া, উঠো এভাবে নয়, এমন করে না পাগলী মেয়ে! আমার কথা শুন বলছি, একবার আমার দিকে তাকাও, আমি মাটিতে হাঁটু গেড়ে বসে বললাম, জয়া একবার আমার চোখের দিকে তাকাও, একবার আমার চোখ দেখে মনটা বইয়ের পাতার মত পড়ে নাও, আমার ভেতর টা যে তোমার কথাই বলে, শুধু ভুল বুঝো না লক্ষীটি।
তুমি যে ভাবে বলতে পারছো, আমি যে সেভাবে প্রকাশ করতে পারি নাহ।
জয়া এবার অভিমানের সুরে উঠে দাঁড়িয়ে বললো, কেন পারো নাহ সাহেব, আমাকে বলো, আমি সব ঠিক করে নেব। আমাকে বলবে নাহ, আমাকে বিশ্বাস করো নাহ।
আচমকা বুকে ঝাপিয়ে পড়ে জয়া বলছে, এই যে তোমার বুকে থেকে হাজার টা কথা শুনতে পাচ্ছি, কেন? কিভাবে তোমার বুকে হাজারটা ব্যথা বুকে চাপা দিয়ে রেখেছো সাহেব। আমাকে তার কিছু ভাগ দাও, ভালোবাসা নাই দিলে অন্তত কিছু কষ্টের ভাগ দাও তোমার দাসী কে, কি দেবে নাহ!
আমি জয়া কে বুকে আলতো করে জড়িয়ে বললাম, জয়া, আমার পাগলী টা কি এবার শান্ত হবে, জয়া বলছে আর একটু থাকি তোমার বুকে, আমি অনেক শান্তি পাচ্ছি যে! জয়া লক্ষী সোনা আমার, এবার যে যেতে হবে রাত হয়ে আসছে।
জয়া বলছে আর একটু থাকি নাহ সোনা, আর যদি না আসো, হয়তো এই এটুকুই তোমার বুক থেকে শেষ আদর পাওয়া।
জয়া কে বললাম এতক্ষণে এই বুঝলে রে পাগলী, কথা দিলাম তো, তুমি ডাকলে আবার আসবো, তুমি ডাকলে কি আমি না এসে পারবো বলো তো জয়িতা।
জয়া এবার চোখ মুছতে মুছতে ঠোঁটে মূদু হাসিতে মেখে বললো, সত্যি তো আসবে সাহেব, আমি যেভাবে চাইবো সেভাবে আসবে! আমি মাথা নেড়ে সম্মতি দিলম- হুম! আমি দুহাতে জয়ার কপোল স্পর্শ করে, বললাম আমার প্রতি আস্থা রাখো জয়িতা, তোমার পবিত্র মুখটা আমাকে তোমার কাছেই টেনে নিয়ে আসবে, মনে রেখো।
জয়া বললো ঠিক আছে, তাহলে তোমার বুক পকেট থেকে বেলীফুলের মালা টা আমার খোঁপায় পড়িয়ে দাও আর ডায়মন্ডের নাক ফুলটা ফেরত নিয়ে যাও।
আমি অবাক হয়ে বললাম কি করে জানলে জয়া, আমি তোমার জন্য এগুলো নিয়ে এসেছি, জয়া বললো দেখো সাহেব মেয়েরা অনেক কিছু বুঝতে পারে।
আমি বললাম, বেলীফুলের মালা খোঁপায় পড়িয়ে দিব আর ডায়মন্ডের নাকফুলটা নিয়ে যাবো কেন বলো তো! জয়া আমার নাক টিপে বলছে আরে বুদ্দু, আমি জানি বেলীফুলের মালা টা তোমার নিজের বাগানের গাছ থেকে নিজের হাতে মালাটা গেঁথেছো।
আমি বেলীফুলের মালা খোঁপায় পড়ে তোমার হাতের স্পর্শ নেব। আর তোমার ডায়মন্ডের নাকফুল টা যদি নেই তো তুমি আমার কাছে আর কোন দিন ফিরে আসবো নাহ। তোমার মা তো আমাকে ছেলের বউ করে নেবার জন্যই ডায়মন্ডের নাকফুলটা কিনেছে, জানি তুমি মায়ের বাধ্যানুগত সন্তান তোমার মায়ের হাতে কেনা নাকফুলটাই এক সময় বোঝা হয়ে যাবে আর তোমার মাকে দিয়ে আমাকে নাকফুল পড়িয়ে আমাকে স্ব সন্মানে তোমার ঘরে তুলে নেব।
আর আমি এটাও জানি তোমার মনের মধ্যে কি চলে সবসময়ই তোমার মার জন্য -*কেউ যদি তোমার মার দাসী হয় তো তুমি তার দাস হয়ে যাবে!* এমনটাই ভেবেছো সাহেব। সত্যি টা বলনা সাহেব- আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম।
জয়া বললো-তাহলে শুন, আমি তোমার মায়ের দাসী হবো ঠিকই কিন্তু তোমার আমার দাস হতে হবে নাহ, আমিই বরং তোমার দাসী হয়ে থাকবো সারাজীবন। শুধু একবার বিশ্বাস করো, আমি তোমার আস্থার প্রতিদান দিব ইনশাআল্লাহ।
হাঁটতে হাঁটতে বুকটা খুব ব্যথা করছে, হঠাৎ মাটিতে বসে পড়লাম, এক হাতে বুকের বাম পাশটায় চেপে ধরে আছি, অনুভব করলাম বুক পকেটে একটা অতিরিক্ত কাগজ। কাগজটা বেড় করে পড়তেই বুকের সব ব্যথা দুর হয়ে প্রশান্তিতে মনটা ভরে গেলো।
জয়া লিখেছে- আমাকে যদি নাই ভালোবাসতে, অনুরোধের ঢেঁকি গিলে ঢাকা থেকে ছুটে আসতে পারতে না আমার কাছে সথা, তোমার সথী তোমার অপেক্ষায় রয়েছে, একদিন তোমার মায়ের হাতে কেনা ডায়মন্ডের নাকফুল টা আমাকে পড়িয়ে তোমার ঘরে তুলে নেবে, যে বিশ্বাসে আজ এসেছিলে সেই বিশ্বাসে তোমার পথ চেয়ে রইলাম, অপেক্ষায়-তোমার জয়া!
আমার ছেঁড়া কলিজা কতবার সুই সুতা দিয়ে শিলাই দিবে কিশোরী। যতবার শিলাই দিবে ততবারই তো সুঁইয়ের ডগা, খঞ্জরের ডগার আঘাৎ হয়ে ফিরে আসে, সইতে হবে! তা কি বুঝতে পারো কিশোরী। আর তাতে কতবার আঁচলে মুখ লুকিয়ে অশ্রুতে বুক ভিজিবে যাবে। তাতে যে আমি ভেসে যাই তোমার অশ্রু জলের শ্রোতে। তার চেয়ে কি ভালো নাহ-আমাদের পথই আলাদা হোক! ক্ষতি কি! পালালেও যে আত্মা খুঁজে নেয় পতিত জমিনে, চাষাবাদ করবে বলে শক্ত হাতে হৃদয়ের উষ্ণতায়। এমন উষ্ণতার অনুভব করে ক’জন, খুঁজিবার তরে মন পোড়ে বেদনায়।
অথবা থাকনা অবহেলায় সে উষ্ণতা, কোথাও কারো কাছে। বিরহের দহনে পুড়ে মিছে ভেবে জল্পনা, আমি না হয় পাথরের কাছে কান্না চেয়ে নেব! মরুর উষ্ণতায়! সেই ভালো তাতে কার কি আসে যায়! ক্ষতি কি চলুক নাহ জগতের মিছে মায়া! আমি আকাশের মালিক কে বিচার দেব নাহ। আমি তো নই অসহায় তোমরা যা ভাবো, আমি তো তেমন নই! হয়তো বা তার চেয়েও বেশি!
অথবা শুধুই যাতনার নীল রঙের পাখি! বেয়ে চলি নীরব ঘাতকের বহুরূপী সোনালী লতা! আমি নাহয় কাশফুলের কাছে দুঃখ চেয়ে নেব! সে যে বহুরূপী হতে পারে নাহ। তারও ইচ্ছে করে অনেক রঙে রঙ্গিন হতে, শুভ্র সুন্দর রঙে তার জীবন শুরু আর শেষও হয় তাতেই, এটাই তার বড় দুঃখ!

চলবে…………………………………………………………………………………………………………………………………..

[বি: দ্র:আমি কাল্পনিক মানুষ, চরিত্র তৈরি করা আমার নেশার মত- পল্লীবালা, পদ্মবতী, মায়া, বেলী, রোজ, মিতা, মনা, জান্নাতি পাপিয়া, সু-চয়নিকা, আর কিশোরী! প্রত্যেকটি শব্দ (চরিত্র) আমার কলিজা ফেটে ক্ষতবিক্ষত করে এক একটি রক্তের কণার সৃষ্টি! যা আমার সন্তানতুল্য! কিন্তু বাস্তব জীবনে কোন কিশোরী নিজেই চরিত্র সৃষ্টি করবে, যাকে জয়া বলে ডাকবো ভাবনা তে ছিল নাহ, তাই মধ্যে রাতের অন্ধকার আকাশে তাকিয়ে আছি শেষ টা তে কি অপেক্ষা করছে আমরা কেউ জানি নাহ- আগামীর ঘটনা গুলো কি ঘটবে তাতে ২য় পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ!]

বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন)-কে ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠন নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা জেলা কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠন নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল হাসান সুমন,সহ-সভাপতি প্রণব রায় রাজু, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইমন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সদস্য মোঃ আবু হানিফ উজ্জ্বলসহ জেলা শাখার সাংবাদিকবৃন্দ।