রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কিনবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কিনবে পাকিস্তান। দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের কাছে ছাড়মূল্যে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। খবর দ্য ডনের।

জ্বালানি তেল ও গ্যাসসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন মুসাদিক মালিক। ফিরে এসে গত সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া সফরে গিয়ে আমরা প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়েছি। রাশিয়া ছাড়মূল্যে অপরিশোধিত তেল দিতে রাজি হয়েছে। তারা কম দামে আমাদের পেট্রল ও ডিজেলও দেবে।

রাশিয়া থেকে পাকিস্তান যে কম দামে জ্বালানি তেল কেনার কথা ভাবছে তা অবশ্য মাসখানেক আগেই জানিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী ইশাক দার। সে সময় তিনি ভারতের প্রসঙ্গ তুলে বলেছিলেন, ইসলামাদেরও মস্কোর কাছ থেকে এই সুযোগ নেওয়ার অধিকার রয়েছে।

এদিকে পাকিস্তানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে রাশিয়া আগ্রহী বলে সংবাদ সম্মেলনে জানান মুসাদিক মালিক। তিনি বলেছেন, এ লক্ষ্যে দুটি পাইপলাইন প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর একটি হলো ‘পাকিস্তান স্ট্রিম’।

এ ছাড়া রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে দেশটির কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন শীতে গ্যাসের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এ ছাড়া তেলসহ বিভিন্ন জ্বালানির আমদানি মূল্য পরিশোধ করতে গিয়ে ইসলামাবাদের অবস্থা নাকাল। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল পেলে তা পাকিস্তানের বেহাল অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

লোহাগাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ এর শুভ  উদ্বোধন

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ  উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার মুুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী  প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুুহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, নাজির বজলুর রহমান,পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুুহাম্মদ ইদ্রিস, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, ভূমি অফিসের নয়ন দাশ।

এছাড়াও উপজেলা জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপির সচিবগণ, ডিজিটাল সেন্টারের সকল পরিচালকগণ, অন্যানারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে অর্থদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার (৬ ডিসেম্বর) কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজার, উত্তরবাজার ও মৌলভীবাজার রোডসহ বিভিন্ন এলাকার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বন্ধে ও ন্যায্য দামে ঔষধ বিক্রি নিশ্চিতকরণের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করা, ঔষধের প্যাকেটের গায়ের দাম কেটে নিজের নির্ধারিত দাম লেখা, অতিরিক্ত দামে ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুলাউড়া উপজেলা শহরের দক্ষিণবাজারের মেসার্স দি কুলাউড়া ফার্মেসীকে ৪ হাজার টাকা ও রাম গোপাল ফার্মেসীকে ৬ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জেলা সহকারী পরিচালক মো: আল-আমিন জানান ঔষধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান চলমান থাকবে। এই অভিযানে র‌্যাব-৯ এর সদস্যরা সহযোগিতা করে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

নিবন্ধিত চিকিৎসক অনিবন্ধিত কেন্দ্রে চিকিৎসা দিলে শাস্তির আওতায় আনা হবে

স্বাস্থ্য ডেস্কঃ নিবন্ধিত চিকিৎসক অনিবন্ধিত কেন্দ্রে চিকিৎসা দিলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. আহমেদুল কবির জানান, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। তিনি আরো বলেন, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নম্বর প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসককে চিকিৎসা দেয়ার আগে ওই প্রতিষ্ঠান নিবন্ধিত কি না, তা দেখে নিতে হবে।

সংবাদ সম্মেলনে ষাটোর্ধ্ব, ফ্রন্টলাইনার এবং গর্ভবতী অর্থাৎ বেশি ঝু্ঁকিতে যারা রয়েছেন, তাদের সেকেন্ড বুস্টার অর্থাৎ করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে বলে জানান ডা. আহমেদুল কবির।আগামী ২০ ডিসেম্বর থেকে সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ ৭টি সেন্টারে পরীক্ষামূলকভাবে এই টিকা দেয়া হবে বলে জানান তিনি।

তিনি জানান, এই সেকেন্ড বুস্টার ডোজ হবে ফাইজারের টিকা। যাদের মেসেজ দেয়া হবে, শুধু তারাই এই টিকা পাবেন। পর্যবেক্ষণের পর ১ জানুয়ারি থেকে সারা দেশে সেকেন্ড বুস্টার ডোজ দেয়া হবে। তবে এই টিকা শুধু যারা বেশি ঝুঁকিতে আছেন তাদেরই দেয়া হবে।

আহমেদুল কবির বলেন, প্রতিটি কেন্দ্রে প্রাথমিকভাবে ১০০ জন করে টিকা পাবেন। তৃতীয় ডোজ দেয়ার চার মাস পূর্ণ হলেই এ ডোজ দেয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

ফুটবল খেলাকে কেন্দ্র করে জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শিক্ষা ডেস্কঃ ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আফম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের মধ্যকার চ্যান্সেলর কাপ ফুটবল টুনার্মেন্টের প্রথম পর্বের খেলা চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, দুই হলের মধ্যকার খেলা চলাকালীন কামালউদ্দিন হল একটি গোল দিলে রেফারি ফাউলের সংকেত দিলে তারা বিবাদে জড়িয়ে পড়ে৷ খেলার মাঠে সংঘর্ষের ঘটনার পর বিবাদমান দুই হলের শিক্ষার্থীরা হলে ফেরার পথে সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্পাসের বটতলায় অবস্থান নেয়।

এ সময় বটতলার মূল সড়কের কামাল উদ্দিন হল সংলগ্ন এলাকার দোকান ভাঙচুর করে ভাসানী হলের ছাত্ররা৷ এ সময় অন্তত ৭/৮ টি দোকান ভাঙচুর করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল বিনিময় হয়। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।

জাবি চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার শামসুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ৩০ জন আহত হয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিকালে খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানতে পেরেছি। আমরা ঘটনার শুরু থেকেই দুই গ্রুপের সঙ্গে কথা বলছি। মীমাংসার চেষ্টা করছি। সর্বশেষ তারা হলে ফিরে গিয়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত।

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, আমরা শিক্ষার্থীদের শান্ত করেছি। সবাইকে নিয়ে বসে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা নিবো।

জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, খেলার মাঠ থেকে এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টির ওপর নজর রাখছি।

আফগানিস্তানে একটি গাড়িতে বিস্ফোরণে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ৭জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেন, আজ সকাল ৭টার দিকে বালখের একটি বাসে বিস্ফোরণ ঘটে, যাতে হাইরাতনের তেলের কর্মচারীরা ছিল। এতে অন্তত ৭জন নিহত এবং ৬ জন আহত হয়।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসের কর্মচারীরা কাদের জন্য কাজ করত, তাও স্পষ্ট নয়।  তবে ওয়াজেরি বলেন, পুলিশ তদন্ত করছে এবং দুষ্কৃতকারীকে খুঁজছে।

উল্লেখ্য, আফগানিস্তানের বালখ প্রদেশে উজবেকিস্তান সীমান্তের নিকটবর্তী হাইরাতান শহরে দেশটির প্রধান স্থলবন্দরগুলোর মধ্যে একটি রয়েছে। এর সঙ্গে মধ্য এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।

শ্রীমঙ্গল হানাদার ‘মুক্ত দিবস’ পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে শ্রীমঙ্গলের আকাশে স্বাধীনতার পতাকা তুলে ধরেন শ্রীমঙ্গলের বীর মুক্তিযুদ্ধারা।

দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারদের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা সংসদ এর উপজেলা শাখার সভাপতি আলী রাজিব মাহমুদ মিঠুন, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা ছমরু মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মো:এনাম হোসেন চৌধুরী (মামুন), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, শ্রম বিষয়ক সম্পাদক কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

কাতার বিশ্বকাপ: ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা

বিনোদন ডেস্ক: কাতারে চলছে বিশ্বকাপ উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে দীপিকার বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা। আন্তর্জাতিক মঞ্চে বহু বার ভারতের মুখ উজ্জ্বল করেছেন দীপিকা পাড়ুকোন। তারই ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে যাচ্ছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার তাঁকে দেখা যাবে কাতার ফুটবল বিশ্বকাপের মঞ্চে! ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকার কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের। সূত্র বলছে, সম্ভবত ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি : ইনস্টাগ্রাম থেকে

কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তার আগে কাতার উড়ে যাবেন দীপিকা। আর ফাইনালের দিন ভরা স্টেডিয়ামের মাঝে বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হবে তাঁর হাত ধরে। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

এর আগে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অফ বিউটি’র তরফে সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই অনন্য কীর্তির অধিকারী হয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের ফাইনালে থাকার খবর সত্যি হলে তা হবে বড় প্রাপ্তি।

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সম্মেলনস্থল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় আছেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আড়াই শতাধিক আবেদন জমা পড়েছে। এদের মধ্য থেকেই নির্ধারণ হবে পরবর্তী নেতৃত্ব।

ছাত্রলীগের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ চার বছর পর শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম এ জাতীয় সম্মেলন। গত ৩০ নভেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ফরম সংগ্রহ এবং জমা দেওয়া শুরু হয়। যা ৩ ডিসেম্বর শেষ হয়েছে। সংগঠনের দুই শীর্ষ পদের জন্য ২৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। সভাপতি পদে ৯৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এ পদে আসেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) কার্যক্রমের উদ্বোধন করেছেন। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন।

ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সুমিতোমো করপোরেশন গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি হায়োডো। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

এদিকে, এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি সম্পূর্ণরুপে চালু হলে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণ করবে এবং এটি প্রাথমিকভাবে এক লাখেরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। জাপানের জন্য নিবেদিত একটি ইজেড (অর্থনৈতিক অঞ্চল) প্রতিষ্ঠার ভিশন ২০১৪ সালে শুরু হয়েছিল, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ২০১৬ সালে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেয়। পরে ২০১৯ সালে জাপানের সুমিতোমো কর্পোরেশন বিএসইজেড বিকাশের জন্য বেজা-এর সাথে চুক্তি করে।

অন্যদিকে, সিঙ্গার-এর মতো স্বনামধন্য সংস্থাগুলো ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চলে তাদের অবকাঠামো নির্মাণ শুরু করেছে এবং জার্মান সংস্থা রুডলফের সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আর আজ আরও দুই জাপানি বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে আরও ৩০টি জাপানি ফার্ম এবং বিভিন্ন দেশের ১০টি ফার্ম ওই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সিঙ্গার ৭৯ মিলিয়ন ডলার প্রাথমিক বিনিয়োগ করবে, অন্যদিকে রাসায়নিক কোম্পানি রুডলফ ৭ মিলিয়ন ডলার প্রাথমিক বিনিয়োগ করবে।

এছাড়া, জাপানি অর্থনৈতিক অঞ্চল-২ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং চীনা বিনিয়োগকারীদের জন্য নিবেদিত আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং চট্টগ্রামের মীরসরাইয়ে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) অনুরোধ করেছে সরকার।

উল্লেখ্য, দেশব্যাপী ৫টি অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ১৭৭ জন বিনিয়োগকারী ৮,১৬,৫৪১ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২২,১৭৩.১৭৭ মিলিয়ন ডলারের সামগ্রিক বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। এই ৫টি অর্থনৈতিক অঞ্চল হল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন), জামালপুর অর্থনৈতিক অঞ্চল, সাবরাং ট্যুরিজম পার্ক, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা) এবং শ্রীহট্টো অর্থনৈতিক অঞ্চল। এ ছাড়া, প্রায় ৩৫,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইতিমধ্যে প্রায় ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।