বিশ্বমঞ্চে ব্রাজিলের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্কঃ বিশ্বমঞ্চে বরাবরই হট ফেভারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরুর বুকে প্রথম ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপে শেষ ষোলোতে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। সেই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে সেলেসাওরা। বিশ্ব ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল এখন ব্রাজিল।

নক-আউটের ম্যাচে নামার আগে ব্রাজিল ও জার্মানি নামের পাশে সমান-সমান ম্যাচ খেলার খেতাব ছিল। কিন্তু কোরিয়ার সঙ্গে ম্যাচ মাঠে গড়াতেই সেই রেকর্ড নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের চলতি আসর শুরুর আগে ব্রাজিল ও জার্মানি সমান ১০৯টি করে ম্যাচ খেলেছিল। আর বিশ্বমঞ্চে গ্রুপ পর্বে সমান ম্যাচ খেলায় যৌথভাবেই শীর্ষে ছিল দল দুটি। কিন্তু শেষ ষোলোর পর সেলেসাওদের খেলা ম্যাচের সংখ্যা দাঁড়ায় ১১৩। এতেই শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

এদিকে, দুইয়ে থাকা জার্মানির ম্যাচের সংখ্যা ১১২। এ ছাড়া তিনে রয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনা, তাদের ম্যাচ সংখ্যা ৮৫। চার ও পাঁচে থাকা ইতালি ও ফ্রান্সের ম্যাচ সংখ্যা ৮৩ ও ৭০।

এইচএসসিতে প্রায় ৭ লাখ আসন বেশি আছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ কী কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না, তা খতিয়ে দেখে ভালো ফলাফল অর্জনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে বলেও জানান তিনি।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। সকলেই সিট পাবে। শিক্ষার্থীরা ভুল পথে যাচ্ছে কি না সে বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানো উচিত।

মন্ত্রী বলেন, আমাদের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছেন। আমরা সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খিলার ভুষুরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশাচালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান (২২), একই উপজেলার ভরনীখণ্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম (৩০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন খিলার ভুষুরিয়া এলাকার টুগুরিয়া রেল ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হন আর দুজন। তবে হাসপাতালে আরও একজন নিহত হয়েছেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে যাত্রীসহ রেল ক্রসিং করছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও ২ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও ১ জন নিহত হন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

বাংলাদেশে যক্ষ্মা চিকিৎসায় সাফল্যের হার ৯৭ শতাংশ

স্বাস্থ্য ডেস্কঃ বাংলাদেশে যক্ষ্মা চিকিৎসায় সাফল্যের হার ৯৭ শতাংশ। তারপরও প্রায় ১৫ শতাংশ যক্ষ্মা রোগী শনাক্ত করা সম্ভব হয় না। প্রতি বছর প্রায় তিন লাখ ৬০ হাজার মানুষ যক্ষ্মায় নতুন করে আক্রান্ত হন। উন্নত ও বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা থাকা সত্ত্বেও জনসচেতনতার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণে এই বিপুল সংখ্যক রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে বলে মনে করেন বক্তারা।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘যক্ষ্মা এবং কোভিড-১৯ সম্পর্কিত অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন বক্তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. খুরশীদ আলম।

দেশে প্রতিদিন যক্ষ্মায় আক্রান্ত অন্তত ৯৭৮ জনের মধ্যে ১৬ জনের ওষুধ প্রতিরোধী (এমডিআর) যক্ষ্মায় আক্রান্ত। এই পরিস্থিতিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার, জনসচেতনতা সৃষ্টিতে আরও অগ্রাধিকার দেওয়া জরুরি।

সভায় বক্তব্য রাখেন, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) সহকারী পরিচালক আফজালুর রহমান, ব্র্যাকের সংক্রামক রোগ কর্মসূচির প্রধান ডা. শায়লা ইসলামসহ অনেকে।

সভায় ব্র্যাক, আইসিডিডিআরবি, পার্টনারস ইন হেলথ ইন ডেভলপমেন্ট (পিএইচডি), এআরকে ফাউন্ডেশন, খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস), নাটাব, বিজিএমইএ, পায়াকট বাংলাদেশসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মকর্তাসহ মোট ৫০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বগুড়ার শেরপুরে বাসচাপায় নিহত ৩, আহত ৫

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির (নসিমন) যাত্রী একটি বেসরকারি কোম্পানির বিপণন ব্যবস্থাপকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী।

নিহতরা হলেন আল আমিন (৩২) ও  গোপাল সরকার (২৮)। তারা দুজনই ভটভটি চালক। এঘটনায় নাজমুল (২৪) ও নাঈম (২৭) নামের আরও দুইজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে (নসিমন) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী প্রাণ কোম্পানির বিপণন ব্যবস্থাপক শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকার (৩২) ও অজ্ঞাত পরিচয়ের দুইজন ব্যক্তি নিহত হন। সেইসঙ্গে আহত হন আরও পাঁচজন ব্যক্তি। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, শ্যামলী পরিবনের বাসটি (ঢাকা মেঃ বঃ ১৪-৪৮৪৭) আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায় তাদেরকে আটক করা যায়নি।  আইনি প্রক্রিয়া শেষে মরদহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২ লক্ষ প্রবাসীর তালিকা সংগ্রহ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২ লক্ষ প্রবাসীর তালিকা সংগ্রহ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের ২ লাখ ৫ হাজার ২৪ জন প্রবাসীর তালিকা প্রস্তুত করা হয়েছে। যাদেরকে অভিবাদন জানিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহ প্রদান করে আধাসরকারি পত্র ও ক্ষুদে বার্তা প্রেরণ করবে মৌলভীবাজার জেলা প্রশাসন।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের ভূমিকা অপরিসীম। বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশের ১ কোটি ৩০ লাখেরও অধিক বাংলদেশি কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে প্রেরণ করে থাকেন। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক কর্মসংস্থান এক দিকে দেশের বেকারত্ব হ্রাস করে, অন্যদিকে প্রবাসীদের প্রেরিত মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশের আমদানি ব্যয় মেটানো, দারিদ্র্য বিমোচনসহ দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মৌলভীবাজারের ২০০৫ সন থেকে চলতি বছর পর্যন্ত ২ লাখ ৫ হাজার ২৪ জন প্রবাসীর তালিকা করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে উৎসাহিত করে হুন্ডি বা অবৈধ পথে যেন তারা টাকা না পাঠান সেই বিষয়ে অনুরোধ করা হবে।

তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুন, দেশ গড়ায় মত কাজে মূল্যবান অবদান রাখুন এবং আপনার প্রিয়জনকে, পরিবারকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন। ২০৪১ সনের মধ্যে পরিপূর্ণ অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতো রেমিট্যান্স যোদ্ধার অবদান জাতি সব সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

জেলা প্রশাসন সূত্রে আরোও জানা যায়, মৌলভীবাজার জেলার ২০০৫ সন থেকে ২০২২ পর্যন্ত মোট ২ লাখ ৫ হাজার ২৪ জন লোকের বৈদেশিক কর্মংস্থান হয়েছে। যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বছর জেলা প্রশাসন ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। তাই ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৩ সন পর্যন্ত এক মাসব্যাপী মৌলভীবাজার জেলার অভিবাসীদের অভিবাদন জানিয়ে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহ প্রদান করে আধাসরকারি পত্র ও ক্ষুদে বার্তা প্রেরণ করা হবে।

এজন‍্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোর ইউএনও, ইউপি চেয়ারম্যানসহ সকলকে সম্পৃক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের ঠিকানা সংগ্রহ করে বাড়ি গিয়ে হোয়াটসঅ্যাপ, ইমেইলসহ প্রয়োজনীয় তথ‍্য নিয়ে কাজ শুরু করা হয়েছে।

প্রেস কনফারেন্সে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার প্রমুখ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কাদার নিচে বাস চাপা পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে এ খবর পাওয়া গেছে। গত রোববার (৪ ডিসেম্বর) ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রিসারালডা প্রদেশের পুয়েলবো রিকোয় এ ঘটনা ঘটে। সে সময় কাদাপানির নিচে চাপা পড়ে একটি বাস।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোমবার (৫ ডিসেম্বর) এক টুইটার বার্তায় বলেন, ভূমিধসের ঘটনাটি ছিল মর্মান্তিক। ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ নয়জনকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে তিনটি শিশুও রয়েছে।’

ভূমিধসের ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, আরও বড় ধরণের ক্ষতি হতে পারত কিন্তু বাস চালকের বুদ্ধিমত্তায় ক্ষতি কমই হয়েছে।

চুরি যাওয়া সকল মোটরসাইকেল অচিরে উদ্ধারের আশ্বাস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গনমাধ্যম মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে থানা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়ে কুলাউড়া উপজেলার গণমাধ্যম কর্মী ছাড়া ও বিভিন্ন মাধ্যমের গনমাধ্যম কর্মী ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মো. আব্দুছ ছালেক মতবিনিময়কালে বলেন সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা উল্লেখ করে জানান, কুলাউড়ার বাইরের কিছু চিহ্নিত দাগী চোর স্থানীয়দের সহযোগীদের সহায়তায় এ চুরির কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১ জনকে আটকসহ কাগজপত্র বিহীন ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেল গুলো অচিরেই উদ্ধার হবে বলে মতবিনিময় কালে তিনি আশ্বস্ত করেন।

তিনি বলেন, চুরি-ডাকাতি রোধে প্রতিদিন দিনেরাতে পুলিশের পৃথক পৃথক পেট্রল পার্টি কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক জব্দসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান প্রত্যেক মূহুর্তে চলমান রয়েছে। তিনি আরও বলেন, শহরের অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধ ও যানজট নিরসন কল্পে পুলিশ মাইকিং করে ২/১ দিনের মধ্যে কাজ শুরু করবে।

এছাড়াও কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের বিভিন্ন সঠিক তথ্য দিয়ে পুলিশ’কে সহযোগিতার আহ্বান জানান ওসি।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন- থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, এসআই এনামুল হক, আব্দুর রহিম জিবান, মনির হোসেন প্রমুখ।

সকলের সহযোগীতায় হতে পারে সুন্দর একটি শহর, আমাদের সহযোগিতা করুন,আমরা সব সময় আপনাদের বন্ধু হয়ে পাশে আছি সারাক্ষণ।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

“সুরতরী সেরা” শিল্পী প্রতিযোগিতা-২২ অনুষ্ঠান সম্পূর্ণ

চট্টগ্রামের ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের “সুরতরী সেরা” নামে শিল্পী প্রতিযোগিতা-২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক মিলনায়তনে  আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুর-সম্রাট মশিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সসাসের প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান আহমেদ,সসাসের সাবেক নির্বাহী পরিচালক এ্যাডঃ আবু নাছের এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক, জাহাংগীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান মু.আতিক উল্লাহ।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান সেজে ভাতা আত্মসাৎকারী আবারও নির্বাচনে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা আত্মসাতের মামলায় জেল খাটা মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও  জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুল আলম রওশন  আবারও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‌ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ার পর আত্মসাতের  অর্থ ফেরত চেয়ে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ মহসিন রেজা তাঁকে চিঠি ইস্যু করেন। ভাতা আত্মসাৎকারী সেই রওশন আগামী ২৯ ডিসেম্বর ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ‌

তদন্তে এর আগে রওশনের বিরুদ্ধে মৃত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের প্রমান পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন প্রদান করেন। এরপর  তিনি আত্নসাতের মামলায় কারাভোগ করেছেন। এ মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছিলেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত কাগজ জাল জালিয়াতি করে মাহবুব আলম রওশন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও  ভাতা আত্মসাৎ করে আসছেন। অভিযোগের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত  প্রতিবেদন আমলে নিয়ে মাহবুবুল আলম রওশন এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।

জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মরহুম বীরমুক্তিযোদ্ধা শফিক মিয়ার ভুয়া সন্তান সেজে জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মাহবুবুল আলম রওশন ভাতা উত্তোলন করে আসছিলেন।

এ ঘটনায় কালেঙ্গা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া বাদী হয়ে বিগত ২৯-০৩-২০২১ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার (মামলা নং- সি.আর-৩৮/২০২১ (জুড়ী) দায়ের করেন।

এরপর থেকেই প্রকৃত মুক্তিযুদ্ধার সন্তান মোঃ কামাল মিয়াকে মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার হুমকি ধমকি অব্যাহত রাখেন। ৭ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়ার স্ত্রী আজিরুন বেগম।

আজিরুন বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা সন্তান দাবীদার মাহবুবুল আলম রওশন একজন প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তার বীর মুক্তিযুদ্ধা স্বামী দুই পুত্র ও চার কন্যা সন্তানকে রেখে ২০০৬ সালের ১১ ডিসেম্বর  কালেঙ্গা গ্রামে মৃত্যুবরণ করেন। ২০০৭ সালের জুলাই মাস হতে নিয়মিত স্বামীর উত্তরাধীকারী সূত্রে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছিলেন।

পরবর্তীতে দীর্ঘদিন ভাতা বন্ধ থাকার পর তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারেন যে, তার স্বামীর ভূয়া সন্তান সেজে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন সাংবাদিক মাহবুবুল আলম রওশন।

আজিরুন বেগম জানান, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর রওশন জালিয়াতি করে আমাদের মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ করেছে। গত দুই মাস ধরে আমরা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছি।  রওশনের কাছ থেকে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার হলে আমরা বকেয়া মুক্তিযোদ্ধা ভাতা পাবো বলে ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মাহবুবুল আলম  রওশন একাধিক গনমাধ্যমকে বলেন, আমি হাইকোর্টে বিষয়টি নিয়ে একটি রিট করেছি। ‌

জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মাহবুবুল আলম রওশন আমাকে জানিয়েছে এ বিষয়ে সে হাইকোর্টে রিট করেছে। চূড়ান্ত রায়ের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।