ফুলবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্নহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে এক যুবক আত্নহত্যা করেছেন। ওই যুবকের নাম আসাদুল হক (৩০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে এ নিয়ে মনোমালিন্য হওয়ায় বাপের বাড়ী চলে যান স্ত্রী। অনেক চেষ্টা করলেও ফিরে আসেননি স্ত্রী। তাই অভিমান করে সোমবার দুপুরে ঘরে রাখা কীটনাশক পান করেন আসাদুল । এক পর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন বিকাল ৩ টার দিকে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার এসআই এবং নাওডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশ অফিসার একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করায় ইরানে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল রোববার (৪ ডিসেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর আল আরাবিয়া।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ইসরায়েলকে ‘গোয়েন্দা সহযোগিতার’ পাশাপাশি অপহরণেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। গত মে মাসে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার ইরানের সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে।

ইরানে এমন এক সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হলো যখন হিজাব ইস্যুতে মাহশা আমিনি মৃত্যু নিয়ে দীর্ঘ দুই মাস ধরে টানা বিক্ষোভ চলছে।

এ বিক্ষোভের জন্য দেশটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ এবং যুক্তরাজ্য, ইসরায়েল ও কুর্দিস গ্রুপকে দায়ী করেছে।

এদিকে, চার জনের মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি দেশের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ, অপহরণে জড়িত থাকা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অন্য আরও তিনজনকে ৫ থেকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে।

উল্লেখ্য, ইরান এবং ইসরায়েল ঘোরতর আঞ্চলিক শত্রুদেশ। দেশ দুটি বহুদিন ধরেই একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত।

 

মনু নদের প্রকল্পে দূর্নীতির দায়ে প্রকৌশলী বদলি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানকে বদলি করা হয়েছে। মৌলভীবাজারের মনু নদের প্রকল্পে এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাকে বদলী করে ঢাকা ডিজাইন সার্কেলে পদায়ন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পানি উন্নয়ন বোর্ড তদন্তের পর তার বিরুদ্ধে এই আদেশ জারি হয়।

রোববার (৪ ডিসেম্বর) গণমাধ্যমের নিকট এই তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব সৈয়দ মাহবুবুল হক।

পানি উন্নয়ন বোর্ড সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত ১লা ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব সৈয়দ মাহবুবুল হকের স্বাক্ষরিত আদেশে আরো উল্লেখ আছে আগামী ৫ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় তাৎক্ষণিক অব্যাহতিপ্রাপ্ত হবেন। বাপাউবো এর মহাপরিচালকের অনুমতিক্রমে এই আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, মনু নদের ভাঙন হতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প অনুমোদনের পর ২০২০ সালের ৪ঠা নভেম্বর নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ আক্তারুজ্জামান।

একনেক থেকে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৯৬ কোটি টাকা। এরপর কাজ শুরু হলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে তদন্ত করে দুর্নীতি দমন কমিশন ও পানি উন্নয়ন বোর্ড।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে তিনজনের মৃত্যু, অনেকে আটকা

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে ও কাদামাটিতে প্রায় ২০ জন আটকা পড়েছে। গতকাল রোববার ( ৫ডিসেম্বর ) একটি রাস্তার ওপর এ ভূমিধস হয় বলে জানায় কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

খবরে বলা হয়, কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনায় একটি বাস ও মটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটার বার্তায় লিখেছেন, ‘ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। এতে তিনজন প্রাণ হারিয়েছে এবং এখনো প্রায় ২০ জন আটকাবস্থায় রয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।’

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে এক কন্যা শিশু রয়েছে। তার বয়স প্রায় সাত বছর।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিমত্তায় ভূমিধসের ঘটনায় আরো বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।

আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ‘ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পিছনে সরে আসে এবং এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।’

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিল।

সরকার জানায়, আগস্টে শুরু হওয়া এই বর্ষা মৌসুম কলম্বিয়ার ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে।

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ নারী চোরাকারবারি আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ১০ কেজিসহ পুর্বের ৭টি মাদক মামলার আসামি কুখ্যাত এক নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। আটক নারীর নাম হেলেনা বেগম (৫৪)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মোরশেদ আলমের স্ত্রী।

জানা গেছে, গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে বালারহাট টু-গোরকমন্ডল সড়কে একটি অটো রিকসা তল্লাশি করে ফুলবাড়ী থানার পুলিশ। এসময় ১০ কেজি গাঁজা মোবাইল ফোন ও নগদ টাকাসহ হাতেনাতে এক ওই নারী মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসেন তারা।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৭টি মাদক মামলা রয়েছে।

নেত্রকোণায় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ পালিত হয়েছে। ৫ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপ-পরিচালক ডিএই মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, প্রধান বিজ্ঞানিক কর্মকর্তা নেত্রকোণা নীলিমা আক্তার কোহিনুর, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠন নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ আরো অনেকে।

গুজব ছড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করছে একটি মহলঃ প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন ‘গুজব ছড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করছে একটি মহল’। তিনি বলেন, দেশ যখন শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু মানুষ তা পছন্দ করছে না। আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২-এর গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, অন্যথায় স্বাধীনতার চেতনা ধরে রাখা যেত না। জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত রেখে এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করা নিয়ে নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। তখনও অনেকে মুচকি হেসেছিল। আজকে ডিজিটাল বাংলাদেশ সারাবিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। আজ গ্রামে বসে ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করে ডলার আয় করে। এই সুযোগটা আমরা করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের সকলের বিরুদ্ধে পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের অর্থে পদ্মা সেতু করব। তখন অনেকে বলেছে এটা কখনও সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে যখন আলোচনা করেছি তারা বলেছে, এটা সম্ভব না। অসম্ভবকে সম্ভব করা এটাই বাঙালির চরিত্র। এটা আমরা করতে পারব, আমরা করেছি।

মশার উৎপাত থেকে রক্ষা পাচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রীও

স্বাস্থ্য ডেস্কঃ মশার উৎপাত থেকে রক্ষা পাচ্ছেন না খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। অথচ থাকেন ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারায়। আজ সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের কথাটা জানিয়েছেন তিনি নিজেই।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেপাল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এরপর সাংবাদিকদের এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারায় থাকি, এখানেও অনেক মশা। আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজের বাড়ি নিজেকেই পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, গ্রামে কিন্তু এত মশা নেই। সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা কম। এটা ঢাকা শহরেই বেশি। সিটি করপোরেশন বেশি নজরদারি করলে আশা করি কমে আসবে। যদিও তারা চেষ্টা করছে, স্প্রে করছে। তবে যে পরিমাণে দেয়ার কথা সে পরিমাণ হয়তো দেয়া সম্ভব হয়নি।

মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু রোগের পাশাপাশি মৃত্যুহারও বেড়ে গিয়েছিল। আশপাশের দেশগুলোতেও একই অবস্থা। এখন পর্যন্ত ৫৮ হাজার রোগী আমরা পেয়েছি৷ এর মধ্যে ৩৬ হাজার রোগী ঢাকা সিটি করপোরেশনের মধ্যে। এখানে ড্রেনেজ সিস্টেম বেশি, পানিও জমে থাকে বেশি। এসব জায়গায় স্প্রে করা প্রয়োজন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে সবাই চিকিৎসা পেয়েছেন বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। সময়মতো আরও কার্যকর কীটনাশক ব্যবহার করা গেলে ডেঙ্গুর প্রকোপ আরও কমানো যেত। আগে এক হাজার রোগী প্রতিদিন আসতো। এখন ৪শ করে ভর্তি হচ্ছে। মৃত্যুহারও কমেছে।

দেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন করা হচ্ছে; আর সেটা শিগগিরই মন্ত্রিসভার অনুমোদন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রে আইনে কঠোর শাস্তির বিধান রাখা রয়েছে। দোষীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর শাস্তির বিধান আছে। চিকিৎসকদের সুরক্ষার বিষয়টিও আইনে গুরুত্বের সঙ্গে রয়েছে।

করোনার টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃতীয় ডোজের পর এবার করোনার চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৬০ বছরের বেশি বৃদ্ধদের চতুর্থ ডোজ করোনার টিকা দেয়া হবে। আগ্রহী ব্যক্তিরা যেকোনো সময় এ টিকা নিতে পারবেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে দুই শতাংশ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজরে জ্বালানি তেলের দাম বেড়েছে দুই শতাংশ। ওপেক প্লাস তাদের উৎপাদন লক্ষমাত্রা একই রকম রাখছে। তাছাড়া রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। অন্যদিকে চীনে করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এ কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, চীনে করোনার লকডাউন শিথিল করায় তেলের চাহিদা বেড়েছে। তারপরও চীনের নীতি নিয়ে এখনও অনেক বিভ্রান্ত রয়েছে।

আজ সোমবার (৫ সোমবার) সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্টবা শূন্য দশমিক আট শতাংশ বেড়ে ৮৬ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারকদের সংস্থা ওপেক প্লাস চলতি বছরের অক্টোবরে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের ঘোষণা দেয়। তারা এখনও এই নীতিতে অটল অর্থাৎ উৎপাদন বাড়াবে না।

বিশ্লেষকরা জানিয়েছে, ওপেক প্লাস যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাশিত ছিল। কারণ, তারা রাশিয়ার তেলের ওপর পশ্চিমাদের পদক্ষেপের নজর রাখছিল। ওপেক উৎপাদন একই রকম রাখলেও বাজারে তারা একটা ভারসাম্য রাখবে।

উড ম্যাকেঞ্জির ভাইস প্রেসিডেন্ট অ্যান-লুইস হিটল বলেছেন, রুশ তেলের বিকল্প হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের তেলের সন্ধান করতে হবে।

এদিকে, পশ্চিমাদের বেঁধে দেওয়া তেলের দাম মানতে নারাজ রাশিয়া। শুধু তাই নয়, কীভাবে এর জবাব দেওয়া যায় তার বিকল্প খুঁজছে মস্কো। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্কও করেছে ক্রেমলিন।

পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধের রসদ জোগাতে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া। সেকারণে বেধে দেওয়া দরে এবার তেল কিনবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর)ইইউ দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

কুলাউড়া “মুক্ত দিবসে” লতিফ খাঁন ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ধারাবাহিক উন্নয়ন, বিভেদ নয় বন্ধন। মহান মুক্তিযুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রয়েছে ঐতিহাসিক গৌরবময় ভূমিকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুলাউড়ায় পাক-হানাদার মুক্ত হয়। দীর্ঘ নয় মাস পাকিস্তানী ও তাদের দোসরদের অমানবিক হত্যা, জুলুম, রাহাজানি, নির্যাতন সহ্য করে বাঙালিরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরে পায়। পাকিস্তানী শাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি বিদ্রোহীদের দীপ্ত শিখা সেদিন জ্বলে উঠেছিল।

কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-এট আমর্স, জাতীয় সংসদ-স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খানের উদ্যোগে আব্দুল লতিফ খাঁন ফাউন্ডেশনের আয়োজনে ৬ ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবসে কুলাউড়া উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় পতাকা উত্তোলন ও উন্মুক্ত দৌড় আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে উন্মুক্ত দৌড়ের জন্য রানাররা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।
কুলাউড়া মুক্ত দিবস স্মরণীয় করতে এবং তরুণ প্রজন্মের কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও সঠিক তথ্য পৌঁছে দিতে এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান।
তিনি আরও জানান,উক্ত আয়োজনকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে রানারদের জন্য তৈরি করা হয়েছে ‘স্পেশাল টি-শার্ট।’ যেগুলো সকল রানাররা পরিধান করে আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি পূরণের সাফল্য উল্লেখিত বিশেষ লিফলেট বিতরণ করবেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা ও জনসাধারণ-তরুণ-যুবকদের মধ্যে দেশভক্তি প্রেম জাগ্রত করা ও স্বাধীন সোনার বাংলা থেকে দেশ বিরোধী অরাজকতা রোধে সচেতনতা সৃষ্টি করা। ৬ ডিসেম্বর কুলাউড়ায় মুক্ত দিবস উপলক্ষ্যে উন্মুক্ত দৌড়ের স্লোগান হচ্ছে ‘ধারাবাহিক উন্নয়ন, বিভেদ নয় বন্ধন।’
আয়োজক আব্দুল লতিফ খাঁন ফাউন্ডেশন থেকে জানা যায়, এই আয়োজনটি দুটি পর্যায়ে উদযাপন করা হবে। ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় একযোগে পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিজয় র‍্যালি ও উন্মুক্ত দৌড় শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অনুষ্ঠিত হবে। এবং সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য,সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস ও স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান।
পরদিন ৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে কাদিপুর, ভূকশিমইল, জয়চণ্ডী, কুলাউড়া সদর,কর্মধা, পৃথিমপাশা ও রাউৎগাঁও ইউনিয়নে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।
সাদরুল আহমেদ খান কুলাউড়া মুক্ত দিবসের আয়োজন সম্পর্কে বলেন,৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার কুলাউড়ার সকল ইউনিয়নে একযোগে পতাকা উঠবে। সব রানার নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা স্কুলে, যেখানে সম্ভব একসাথে জড়ো হয়ে বিজয় পতাকা উঠাবেন।
এছাড়া আমি শরীফপুর ইউনিয়ন থেকে ৬ ডিসেম্বর সকাল ৯ টায় বিজয় র‍্যালীর উন্মুক্ত দৌড় শুরু করবো। নির্দিষ্ট সময় মতো উপজেলার সকল ইউনিয়ন প্রদক্ষিণ করবো, রানাররা নিজ নিজ ইউনিয়নে আমার সাথে দৌড়ে অংশ নিবেন ও সাথে বিশেষ লিফলেট বিতরণ চলবে। আমি খুবই আশাবাদী ‘আব্দুল  লতিফ খাঁন ফাউন্ডেশন’-এর উদ্যোগে এইবার কুলাউড়া মুক্ত দিবস পালনের জন্য আমাদের এই ছোট্ট পদক্ষেপ সফল ও সার্থক হবে।
১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিজয় র‍্যালি ও উন্মুক্ত দৌড়ের তারিখ:-সময়সূচি-
০৬ ডিসেম্বর ২০২২ইং প্রথম পর্যায়ে:
শরীফপুর ইউনিয়নঃ- সকাল ৯:০০ থেকে ১০:৩০।
হাজিপুর ইউনিয়নঃ- সকাল ১০:৩০ থেকে ১১:০০।
টিলাগাঁও ইউনিয়নঃ- দুপুর ১২:০০ থেকে ১:৩০।
ব্রাহ্মণ বাজার ইউনিয়নঃ- দুপুর ১:৩০ থেকে ৩:০০।
বরমচাল ইউনিয়নঃ- ৩:০০ থেকে ৪:০০।
ভাটেরা ইউনিয়নঃ- ৪:৩০ থেকে ৬:০০।
৭ ডিসেম্বর ২০২২ইং দ্বিতীয় পযার্য়ে:-
কাদিপুর ইউনিয়নঃ- সকাল ৮:০০ থেকে ৯:৩০।
ভুকশিমইল ইউনিয়নঃ- সকাল ৯:৩০ থেকে ১০:৩০।
জয়চন্ডী ইউনিয়নঃ- সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:০০।
কুলাউড়া ইউনিয়নঃ- দুপুর ১২:০০ থেকে ১:৩০।
কর্মধা ইউনিয়নঃ- দুপুর ১:৩০ থেকে ৩:০০।
পৃথিমপাশা ইউনিয়নঃ- দুপুর ৩:০০ থেকে বিকাল ৪:৩০।
রাউৎগাঁও ইউনিয়নঃ- বিকাল ৪:৩০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত।