ওমরা পালনে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিময় চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে। খবর সৌদি গেজেট। 

যুক্তরাজ্য, তিউনেশিয়া, কুয়েত, বাংলাদেশ এবং মালয়েশিয়ার নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করেছে সৌদি।

মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, ওমরা পালন করা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে তারা আসছেন সেসব বন্দরে ওমরা পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ওমরা পালনকারীদের ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। 

আজ রোববার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় মিলিটারির নবীন অফিসারদের উদ্দেশ্যে- প্রধানমন্ত্রী বলেন, আজকের নবীন অফিসাররাই হবে ২০৪১ এর সৈনিক। যারা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। দুর্যোগ-দুর্বিপাক সবক্ষেত্রেই সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন সেনাবাহিনীকে আধুনিকায়ন করার পদক্ষেপ নেওয়া হয়। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়। জাতির পিতাই বলেছেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’ আমরা তা মেনে চলছি। সেভাবে আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে আমাদের সুবর্ণজয়ন্তী ২০২১ সাল পালন করেছি। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছি।

সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। বিকেল ৩টায় দলীয় জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।

 

রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করলেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করার মাধ্যমে দেশটির নাগরিত্ব গ্রহণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এর মধ্যদিয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। তিনি গত ২০১৩ সাল থেকে রাশিয়ায় অবস্থান করছেন। রাশিয়া তাকে আমেরিকার হাত থেকে রক্ষা করে এসেছে। রাশিয়ায় আশ্রয় নেয়ার পরই রুশ নাগরিকত্বের আবেদন করেন স্নোডেন ও তার স্ত্রী। খবর-আরটি।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন

রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, ৩৯ বছর বয়স্ক স্নোডেনের আইনজীবী আনাতলি কুচেরেনা তার পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্নোডেনের রুশ নাগরিকত্বের আবেদনে সই করেছিলেন। কুচেরেনা জানান, যেহেতু স্নোডেন এখন রাশিয়ার নাগরিক, সে কারণে তাকে আর কোনো দেশের কাছে হস্তান্তর করা যাবে না।

এদিকে স্নোডেন রুশ নাগরিকত্ব পেয়ে অত্যন্ত খুশি। কুচেরেনা জানিয়েছেন, স্নোডেন রুশ ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। তিনি এখন সম্পূর্ণভাবে রুশ নাগরিক। স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলসও রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তারা দুই জনই দেশটির অজ্ঞাত এক স্থানে বাস করেন। তাদের এক ছেলে রয়েছে, যারা রাশিয়ায় জন্মেছে।

উল্লেখ্য, ২০১৩ সালে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ’র গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন স্নোডেন। এরপর তিনি প্রথমে হংকয়ে আশ্রয় নিলেও পরে রাশিয়ার কাছে আশ্রয় চান। মস্কো তার আবেদনে সাড়া দিলে তিনি রাশিয়ায় চলে যান। আমেরিকা তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে বহু চেষ্টা করেছে। এবার রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার পর স্নোডেনকে শাস্তি দেয়া অনেকটা অসম্ভব হয়ে গেলো যুক্তরাষ্ট্রের জন্য। ‍আর রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে সে সময়ই স্নোডেনকে নাগরিকত্ব দেয়া হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শুরু

অনলাইন ডেস্কঃ দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন। আজ শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়। 

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। আর সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার নেতারা, সলিমুল্লাহ মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ ১৮টি হল শাখার নেতাকর্মীসহ বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউটের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ সম্মেলন হয় গত ২০১৮ সালের ২৯ এপ্রিলে। পরে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। গত ২১ নভেম্বর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ সম্মেলনের তারিখ ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলারের ওপরে বেড়ে গেছে। সোনার পাশাপাশি বেড়েছে রুপা ও প্লাটিনামের দামে। এক সপ্তাহে রুপার দাম ৭ শতাংশের ওপরে বেড়েছে। আর প্লাটিনামের দাম বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ।

আন্তর্জাতিক বাজারের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৭৫৫ দশমিক ১১ ডলার। সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে সোনার দাম বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮০৩ দশমিক ৯৬ ডলারে উঠে যায়। তবে শেষ কার্যদিবসে দাম কিছুটা কমেছে। এতে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৭ দশমিক ৩৫ ডলার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ বা ৪২ দশমিক ২৪ ডলার। আর মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ১০ দশমিক ৩২ ডলার।

এদিকে, দেশের বাজারে সম্প্রতি দুই দফা সোনার দাম বাড়ানো হয়েছে। গত ১৩ ও ১৮ নভেম্বর এই দাম বাড়ানো হয়। এর মধ্যে সর্বশেষ ১৮ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫৭০ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা করা হয়েছে।

“হামলা হলে পাল্টা হামলা হবে কি না তা সময়ই বলে দেবে”

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। রাজপথ, জনপদ, শহর, গ্রাম, পাড়ামহল্লা সবখানেই সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে। হামলা হলে পাল্টা হামলা হবে কি না তা সময়ই বলে দেবে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান গতকালও ঢাকার এক ক্যাডারের সঙ্গে কনভারসেশন করেছেন। লন্ডন থেকে বলেছেন, তোমরা রাস্তা ছাড়বো না, শেখ হাসিনা পালানোর পথ খুঁজছে। তার এমপি-মন্ত্রীরাও পালানোর পথ খুঁজছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুসহ প্রমুখ।

এদিকে, সম্মেলনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সাড়ে ৫০০ পুলিশ সদস্য থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। তিনি বলেন, পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যরাও থাকবে। ইতোমধ্যে পুলিশ হেডকোয়াটার্স থেকে এপিবিএন সদস্যদের নিয়ে আসা হয়েছে। গোটা সম্মেলনস্থলকে সিসি ক্যামেরার আওয়তায় আনা হয়েছে। থাকবে ওয়াচ টাওয়ার।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ এপ্রিল সর্বশেষ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। অপর দিকে মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্তের নাম ঘোষণা করা হয়।

রাণীশংকৈলে কৃষক লীগের কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত বছরের মতো এবারও কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়ার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কৃষক লীগ। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এক কৃষকের ধান কেটে দেয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সহ-সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা। 

রাণীশংকৈল উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী ও সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়সহ কৃষকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মিরা উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর এলাকার কৃষক তফিজুল ইসলামের ক্ষেতের পাকা ধান কেটে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি সেলিনা জাহান লিটা বলেন, ”প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে কৃষকলীগ নেতাকর্মীরা সারাদেশে কৃষকের  ধান কেটে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদকের বার্তা পেয়ে রানীশংকৈল কৃষকলীগ এ উপজেলায় কৃষকের ধান কাটছে। এমন মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কৃষকলীগ নেতাকর্মীরা এলাকার কৃষকদের পাশে সবসময় থাকবেন আমি এ প্রত্যাশা করি।”

উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী বলেন,’আমাদের কৃষক বান্ধব সরকারের কৃষি ও কৃষকের প্রতি বিশেষ দৃষ্টি ও আন্তরিকতা রয়েছে। তাই আমরা কর্মসূচির ধারাবাহিকতায় এ উপজেলায় কৃষকের ধান কেটে দিচ্ছি। আমরা সব সময় কৃষকদের পাশে আছি।”

প্রসঙ্গতঃ এবছর এলাকায় আমন মৌসুমে কৃষকরা বিঘা প্রতি ধানের ২০ থেকে ২২ মন ফলন পেয়েছেন। এ ধান প্রতি মন ১১০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জনগণ ভোট বিহীন সরকার দেখতে চায় না: ডা. এজেডএম জাহিদ হোসেন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ একের পর এক নিত্য মূল্যর বৃদ্ধির কারণে আজ দিশেহারা। সরকারের অত্যাচার, জুলুম আর নির্যাতনে, খুন,গুমে মানুষ আজ জেগে উঠেছে। মানুষ এ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বাস ট্রাকসহ সকল যানবাহন বন্ধ করে দেওয়ার পরেও আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বিএনপির প্রতিটি বিভাগীয় গণসমাবেশে তাদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছে তারা আর এ অবৈধ ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ তার নিজের ভোটের অধিকারে সরকার নির্বাচিত করতে চায়। তারা খালেদা জিয়ার মুক্তি চায়। সাধারণ জনগণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আর সহ্য করতে পারছে না। ঘুম থেকে উঠে দেখে লিটার প্রতি ১২/১৪ টাকা তেলের দাম বেশি। কেজি প্রতি ১০/১২ টাকা চিনির দাম বেশি। যেন এটা মগের মুল্লুক। হীরক রাজ্যের দেশের চেয়েও খারাপ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বেঙ্গল কনভেনশন হলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের সন্তান সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, শ্রীমঙ্গল পৌরসভার পৌর মেয়র জেলা বিএনপি নেতা মো. মহসীন মিয়া মধু, সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, হেলু মিয়া, এমএ মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, ফয়সল আহমেদ, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা আইনজীবি ফোরামের সভাপতি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা ওলামা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হেকিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আকিদুর রহমান সোহান, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দীকি, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা কামাল আহমেদ জুনেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. জিতু মিয়া, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ প্রমূখ।

এছাড়াও এ বিশেষ সভায় জেলা বিএনপির উপদেষ্টা সিনিয়র আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুনীল কুমার দাশ সম্প্রতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে অতিথিরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বাঙ্গরা বাজার থানায় ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে বৃহস্পতিবার পহেলা ডিসেম্বর এসআই উমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০২নং আকুবপুর ইউনিয়নের গাজীপুর সাকিনস্থ গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানের সামনে গাজীপুর টু গাঙ্গের কোট যাওয়ার পাকা রাস্তার উপর থেকে মোঃ সবুজ ওরফে বুলেট (২৭) নামের একজন মাদক কারবারি দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত আসামী মোঃ সবুজ ওরফে বুলেট কুমিল্লা জেলা বাংগরা বাজার থানার ৩নং আন্দিকুট ইউনিয়নের মহসিন মেম্বারের বাড়ীর মৃত হানিফ মিয়ার ছেলে।

বাংগরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন আসামি সবুজের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

স্পেনকে সঙ্গে নিয়ে মাল্টি মিশন যুদ্ধজাহাজ নির্মাণ করবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ সমুদ্রসীমার প্রতিরক্ষায় এবার নিজেদের যুদ্ধজাহাজ তৈরি করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এ লক্ষ্যে স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে রিয়াদ। স্পেনকে সঙ্গে নিয়ে মাল্টি মিশন যুদ্ধজাহাজ নির্মাণ করবে সৌদি আরব।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের নৌ বাহিনীর জন্য স্পেনের সঙ্গে সৌদি আরব অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করতে যাচ্ছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে এসপিএ। এ লক্ষ্যে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার (৩০ নভেম্বর) স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন নাভান্তিয়া কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সৌদি প্রেস এজেন্সিরর প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য সৌদির রাজকীয় নৌবাহিনীর প্রস্তুতির মাত্রা বাড়ানোই স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকের লক্ষ্য।

চুক্তি অনুসারে, সৌদি আরবের উদ্দেশ্য এবং ভিশন-২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে নৌ জাহাজ নির্মাণ, যুদ্ধ ব্যবস্থার বিভিন্ন উপাদানের একীকরণ এবং জাহাজ রক্ষণাবেক্ষণের শতভাগ পর্যন্ত স্থানীয়করণ করবে স্প্যানিশ এই কোম্পানি।

প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালেদ টুইটারে বলেছেন, এই চুক্তি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সক্ষমতা জোরদার করার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশনের মধ্যেই ছিল। তিনি বলেন, এই সমঝোতা স্মারক আমাদের সামরিক শিল্পকে স্থানীয়করণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতায়ন ও শক্তিশালী করার জন্য আমাদের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশনেরই অংশ। এটি আমাদের দেশ এবং অঞ্চলের নিরাপত্তার সহায়ক হবে।

উল্লেখ্য, মাল্টি মিশন যুদ্ধজাহাজ বলতে মূলত প্রাণঘাতী ও অত্যন্ত কৌশলী রণতরীকে বোঝানো হয়ে থাকে। এই ধরনের যুদ্ধজাহাজ সমুদ্রতীরবর্তী ভূখণ্ড এবং উন্মুক্ত মহাসাগরে অপারেশন চালাতে সক্ষম।