বাঙালি স্বাদে চিকেন উইথ হোয়াইট গ্রেভি রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। তাই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি চাইলেই দারুণ সব রেসিপি তৈরি করতে পারেন। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে বাঙালি স্বাদে চিকেন উইথ হোয়াইট গ্রেভি রান্না করবেন। 

চলুন আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন উইথ হোয়াইট গ্রেভি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

উপকরণঃ চিকেন কিউব- দেড় কাপ, টক দই- আধা কাপ, কাঁচামরিচ বাটা- ১চা চামচ, দারুচিনি- ৩/৪ টুকরো, টুকরো- ৪/৫টুকরো, এলাচ- ৪/৫টি, আধা কাপ দুধ, সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম, ছয় টেবিল চামচ ঘি, এক কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ গরম মসলার গুঁড়ো, আধা চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, এক চা চামচ কাঠবাদাম বাটা।

প্রস্তুত প্রণালি: প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। ঘি গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। অন্য একটি পাত্রে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মসলার গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো, কাঠবাদাম বাটা ও মরিচ বাটা দিন। এবার ভাজা পেঁয়াজে সমস্ত মসলা, পানি ও টক দই দিয়ে গ্রেভি তৈরি করুন।

অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিন। তাতে চিকেন, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে হালকা ভেজে নিন। এবার তৈরি গ্রেভিতে পেঁয়াজ বেরেস্তা ও ভাজা চিকেন দিয়ে ১০ মিনিট দমে রাখুন। রান্না হয়ে গেলে দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইথ হোয়াইট গ্রেভি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

 

বিয়ে বাড়ীতে সংঘর্ষে কনের দাদী নিহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদী নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ বরপক্ষের ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনের দাদীর নাম তহুরন নেছা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলের হাট গ্রামের নূরজামাল হকের মেয়ে জেসমিন আক্তারের সাথে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টি ঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজ শেষে কনেকে সাজাতে গিয়ে বর পক্ষের দেওয়া গহনা নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় কনে পক্ষের কয়েক জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদী তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ:  প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা” এই স্লোগানকে সামনে রেখে, নেত্রকোণায় ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠনের নেত্রকোণা জেলা শাখার  সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ জেলার বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ।

পরে প্রতিবন্ধীদের মাঝে ৪ টি হুইল চেয়ার ১টি সাদাছড়ি ১টি কানের ডিভাইজ বিতরণ করা হয়।

অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে অভিযান

মৌলভীবাজারের জুড়ীতে নদীর গতিপথ রোধ করে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে অভিযান  চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান  আদালতের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত)  রতন কুমার অধিকারী।

শুক্রবার (২ নভেম্বর) সকালে অভিযানে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পাড় এলাকার কন্টিনালা রাবার ড্যামের চলমান নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কন্টিনালা রাবার ড্যাম সংলগ্ন নদীতে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ ধরার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়‌। এ সময় অবৈধ ভাবে নির্মিত বাঁধ মোবাইল কোর্টের মাধ্যমে অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী। এ সময়  অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১ টি ম্যাজিক জাল, ৭ হাজার মিটার কারেন্ট জালসহ বাঁশের তৈরি চাটাই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানসহ জুড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন অভিযানে।

উপজেলা মৎসজীবীলীগের সভাপতি শামসুল ইসলাম বলেন, মাছ নিধনকারী চক্রের মূল হোতা সোনাপুর গ্রামের মৃত ছায়েব আলির পুত্র রব মিয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান  বলেন, নদীতে কোন প্রকার বাঁধ দিয়ে মাছ ধরা এবং  মাছের স্বাভাবিক  চলাচলের বাঁধা প্রয়োগ করা আইন বিরোধী কাজ। নদী থেকে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আলাপকালে অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী বলেন, ভবিষ্যতে জনস্বার্থে এই ধরনের অভিযান সবসময় পরিচালিত হবে। এবং অবৈধভাবে মাছ নিধন শিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ধারালো রামদা দিয়ে নিজের স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে মোখলেসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বুধবার (৩০ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম (৪০) ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত  ঘাতক স্বামী মোখলেছুর রহমান পলাতক ছিলেন। পরে দিনাজপুর শহর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোখলেসুর রহমান (৪৫) ও সাহেরা বেগম (৪০ ) দম্পতি ২৫ বছর ধরে ঘর শ্বশুর বাড়ীতেই সংসার করছেন। তাদের দুই মেয়ের বিয়ে হয়েছে ও এক ছেলে রাজমিস্ত্রির কাজ করে। দীর্ঘদিন সংসার করলেও স্বামী স্ত্রীর মধ্যে সব সময় কলহ লেগেই থাকতো।

বুধবার (৩০ নভেম্বর) বাড়িতে স্বামী স্ত্রী দুজনই  ছিল। ঠুনকো কারনে দুপুর বেলা কথা কাটাকাটির করে এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে জবাই করে, ঘরে তালা মেরে পালিয়ে যায়। পরে রাত ৮ টার দিকে নিহতের ছেলে মো.শামীম কাজ শেষে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা ভেঙ্গে তার মাকে বিছানায় গলাকাটা অবস্থায় দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মা ফাতেমা বেগম বাদী হয়ে আসামি মুখলেসুর রহমানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শাহেরা বেগমের মা ফাতেমা বেগম বলেন, ‘আমার জামাই মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। আমি সারাদিন বাইরে ছিলাম। খবর শুনে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে সমসের আলী নামে (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এমন অভিযোগ মৃতের পরিবারের। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাদুবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসিরা জানান, গতকাল বুধবার ওই ইউনিয়নের সাদুবান্দা গ্রামের আব্দুর রহিম ও প্রতিপক্ষ সামসুলের সাথে জমি নিয়ে বিরোধ হয়। এ সময় আব্দুর রহিমের লোকজন সামসুলের লোকজনের উপড় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয় পরে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সামসুলদের কাউকে না পেয়ে ভোর রাতে তার চাচাতো ভাই সমসের আলীকে একা পেয়ে কুপিয়ে হত্যার পর তার বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত সমসের আলীর স্ত্রী বলেন, আমরা এক ঘরে ঘুমাচ্ছিলাম। রাত আনুমানিক প্রায় ৩ টার সময় কয়েকজন এসে জোর করে ঘরের দরজা ভেঙে ঘর থেকে আমার স্বামীকে বের করে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত সমসের আলীর ছেলে ফজিল জানান, আগের দিন আব্দুর রহিমের লোকজন আমাদের পিটিয়ে আহত করে আমরা হাসপাতালে ভর্তি থাকার কারণে তারা আমার বাবাকে একা পেয়ে বাবাকে হত্যা করে ফেলে রেখে তারা পালিয়েছে।

এ বিষয়ে দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানা জানান, গতকাল জমি নিয়ে বিরোধ হবে এমন ঘটনা জানতে পেরে সামসুলের ছেলে মকলেস থানায় বিষয়টি অবগত করেন। এসময় থানা পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয় লিখিত অভিযোগ প্রদানের জন্য। কিন্তু লিখিত অভিযোগ প্রদান সময়ের ব্যাপার জানালেও পুলিশ তাৎক্ষনিকভাবে সহযোগীতা না করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। পরে ভোর রাতে আবারও দূর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটায়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খয়রুল আনাম জানান, জমি বিরোধে বিষয়ে আমাকে কেউ ফোন করেনি। তারা ৯৯৯ এ ফোন করেছিল। সেখান থেকে জানানোর পর তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখানে অসহযোগীতার বিষয়টি সত্য নয় বলে  তিনি জানান।

সসাসের নতুন বছরের প্রকাশনার মোড়ক উন্মোচন

সাবিক ওমর সবুজ, নিজস্ব প্রতিবেদক: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নতুন বছরের প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সসাসের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, সসাসের সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সসাসের অর্থ-সম্পাদক তৌহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক মোশাররফ মুন্না, সংগীত পরিচালক রাশেদুল ইসলাম, নাট্য সম্পাদক নাজমুস সাকিব, আইটি ও প্রচার সম্পাদক মাহ্দী হাসান, প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান আহমেদ, তেলাওয়াত সম্পাদক ডি এম যুবায়ের ইসলাম, শিশু-কিশোর সম্পাদক জাকির হোসাইন, শিল্প সম্পাদক আবু-জার গিফারি, মিডিয়া সম্পাদক ইস্পাহানী সরকার, আবৃত্তি উপস্থাপনা সম্পাদক শাফায়াত খান, আইটি ও প্রচার সহকারি তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সুস্থ বিনোদন ও দেশীয় সংস্কৃতির বিকাশে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) নিরন্তর কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি নতুন বছরকে ঘিরে সসাসের এবারের দৃষ্টি নন্দন একেকটি প্রকাশনা সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে মুখপত্রের ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুস্থ সংস্কৃতি চর্চায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

নতুন প্রকাশনা সামগ্রীর মধ্যে রয়েছেঃ ক্যালেন্ডার, ডায়েরি, দেয়ালিকা, স্টিকার, কলম, দেয়াল ঘড়ি, গানের বই, চাবির রিং ইত্যাদি।

পুলিশের মবিলাইজেশন বার্ষিক মহড়ার উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের সোনাছড়া ডিভিশন মাঠে  মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এই মহড়ার উদ্বোধন করেন।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করে। জেলা পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণ সহ বিভিন্ন বিষয় পুলিশের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহড়ায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত মহড়ায় আরো উপস্থিত ছিলেন হাসান মোহাম্মদ নাসের রিকাবদার (অতিরিক্ত পুলিশ সুপার) (এডমিন এন্ড ফাইন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী প্রমূখ।

হামলার ভয়ে মামলা করেও হামলার শিকার!

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কোষাডাঙ্গী পাড়া গ্রামের যুবক সোহেল রানা (২৯) দুইবার হামলার শিকার হয়ে তৃতীয়বার হামলার ভয়ে আদালতের দ্বারস্থ হয়েও আবার বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

উপজেলার কোষাডাঙ্গী পাড়ার মৃত আইনুল হকের ছেলে রাসেল রানা অভিযোগ করে বলেন, তার চাচা এবং চাচাতো ভাইয়েরা জমিসংক্রান্ত বিষয়ে তার বাবা না থাকার সুযোগে দুবার তার উপর হামলা করে। তৃতীয়বার তার চাচা আব্দুল মালেক, চাচাতো ভাই সুজন আলী ও আওয়াল গত ২০ আগষ্ট আবারো তার উপর হামলার চেষ্টা করলে স্থানীয় লোকদের সহযোগিতায় বেঁচে যায়। এসময় তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

প্রাণ ভয়ে রাসেল ঠাকুরগাঁও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭/১১৭(সি) ধারার বিধান মতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তার উপর ক্রমাগত হামলার হুমকি আসতে থাকে।

আবারো ১ ডিসেম্বর আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে তারা আবার হামলা চালায়। এসময় তাদের হামলায় রাসেলের হাত কেটে যায় এবং পায়ে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। যাবার সময় তারা রাসেলের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় ও বাড়িতে ভাংচুর চালায়।

আহত অবস্থায় রাসেল পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমের কাছে গেলে তিনি আগে চিকিৎসা নিতে বলেন। পরে বিষয়টি তিনি দেখবেন বলে আস্বস্ত করেন। বর্তমানে রাসেল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,আমি আহত অবস্থায় তাকে দেখেছি। আগে চিকিৎসা নিয়ে পরে লিখিত অভিযোগ দিতে বলেছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো মর্মে তিনি জানান।

কাভার্ড ভ্যানের ভিতর ৩৩ কেজি গাঁজা, মোটরসাইকেলসহ মালিক গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানে করে ৩৩ কেজি গাঁজা পাচারের সময় পালসার মোটরসাইকেল সহ গাঁজার মালিক আটক হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।

শুক্রবার  ২ ডিসেম্বর ভোরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় এলাকায় ফুলবাড়ী টু-নাগেশ্বরী সড়ক এ অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ।

আটক মাদক কারবারীর নাম সিয়াম (২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, কাভার্ড ভ্যানে করে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৩ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ দেখে কাভার্ড ভ্যানের ড্রাইভারসহ কয়েকজন মাদক কারবারী পালিয়ে গেলেও তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা হয়েছে।

আটক মাদক কারবারীকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।