ইউপি নির্বাচনে জুড়ীতে ৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপি পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী ৩ জন হলেন- ফুলতলা ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মরহুম ফয়াজ আলীর পুত্র আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল আলীম, সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী, ফুলতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২২ মো: হাফিজুর রহমান-এর নিকট মনোনয়নপত্র জমা দেন ফুলতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় শতশত নেতাকর্মীসহ মিছিল সহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি আব্দুন নূর চেয়ারম্যান, রনজিত কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হবে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মুক্তিযোদ্ধা ভবনে পাঠাগার উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা ভবনের একটি কক্ষে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পাঠাগার উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যন শেফালি বেগম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আকতার, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তি যোদ্ধা হাবিবুর রহমান, বিদেশী চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক -সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় পাঠাগারটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, বঙ্গবন্ধুর জীবনাদর্শের বইসহ বিভিন্ন ধরণের জ্ঞান আরহণমূলক বই রাখা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ছিটকে পড়লো এইচএসসি শিক্ষার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নির্ধারিত তারিখে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দিয়েও পরীক্ষায় অংশ নিতে পারেনি এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম দিলশাত জাহান তুলি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তুলির পরিবারের অভিযোগ, মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও অবহেলায় এই ঘটনা ঘটেছে। তুলি বড়লেখা সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের ফারুক উদ্দিনের কন্যা সন্তান।

এদিকে বড়লেখা সরকারি কলেজের চরম খামখেয়ালিপনা ও অবহেলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে কলেজ কর্তৃপক্ষের ভুলে এইচএসসি’র ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২৩০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বিত উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে।

জানা গেছে, দিলশাত জাহান তুলি ২০২১ সালে বড়লেখা সরকারি কলেজ হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এ বছর অন্য সকল বিষয়ে ভালো নম্বর পেলেও জীববিজ্ঞানে তার ফলাফল খারাপ হয়। এর ফলে এবারের এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত তারিখে ফরমপূরণ ও টাকা জমা দেওয়ার পরও তার প্রবেশপত্র না পাওয়ায় তুলি পরীক্ষা দিতে পারেননি। গত ২৯ নভেম্বর তার জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষার দিন ধার্য ছিল। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা কেন্দ্রে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে। এমন ঘটনায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

তুলির চাচা মুমিন উদ্দিন বলেন, আমার ভাতিজি এক বিষয়ের পরীক্ষার্থী। যথাসময়ে কলেজের এক শিক্ষকের কাছে ফি জমা দিয়ে সে ফরমফিলাপ করে। পরীক্ষার আগে এডমিট কার্ড বিতরণ শুরু হলে তুলি কলেজে যোগাযোগ করলে তাকে জানানো হয় পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার দিন সকালে এডমিট কার্ড সংগ্রহ করতে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা মতো পরীক্ষার দিন সকালে আমার এক ভাতিজাসহ তুলি এডমিট কার্ড আনতে কলেজে গেলে অধ্যক্ষ জাহেদ আহমদ বলেন, ‘তুলির কোনো ফরমফিলাপই হয়নি। এডমিট কার্ড আসবে কীভাবে।’

আরও পড়ুন: “গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই হবে”

তখন ভাতিজা বলে ফরম ফিলাপের ফি দিয়ে ফরম ফিলাপ করেছে, তাহলে এডমিট কার্ড আসবে না কেন! আগেতো আপনারা জানিয়েছিলেন পরীক্ষার দিন সকালে এডমিটকার্ড নিতে। একথা বলতেই অধ্যক্ষ জাহেদ আহমদ খারাপ আচরণ করে কলেজ থেকে তাকে তাড়িয়ে দেন।

বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, এডমিট কার্ড বিতরণের সময় ওই ছাত্রী যোগাযোগ করেনি। তখন এডমিট কার্ড না আসার বিষয়টি অবগত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত। তার (তুলির) চাচা যোগাযোগ করেছিলেন, তাকে কলেজে আসতে বলেছি। কেন ফরম ফিলাপ হয়নি আলোচনা করলে বুঝা যাবে।

কলেজ গভর্নিংবডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ বলেন, বিষয়টি জানতাম না। কেউ অভিযোগও করেনি। এখন জেনেছি। তদন্ত করে বিষয়টি দেখবো।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

রাণীশংকৈলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলকে স্বাগত জানিয়ে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কার্যবিবরণী পেশ করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যূতের ডিজিএম নেজামুল হক, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় ১৪ এবং ১৬ ডিসেম্বর পালনের সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

কুলাউড়ায় নবনিযুক্ত এএসপি’র যোগদান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায়  নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন দীপংকর ঘোষ। গত মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি কুলাউড়ায় সার্কেলের বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রশাসন সূত্র মতে জানা যায়, দীপংকর ঘোষ ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে টাঙ্গাইলের মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ৮ম এপিবিএন কক্সবাজারের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলে ৮ম এপিবিএন কক্সবাজার থেকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে গত ৩রা নভেম্বর স্থানান্তর করা হয়।

আফগানিস্তানের মাদ্রাসায় বোমা হামলায় শিশুসহ নিহত ২৩, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গন প্রদেশে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্র। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর বলেছেন, রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বের সামাঙ্গনের রাজধানী আইবাক শহরের আল-জিহাদ মাদরাসায় বুধবার জোহরের নামাজের সময় বিস্ফোরণটি ঘটে।

তালেবানের প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে জাহদিয়া মাদ্রাসার ভিতরে দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি বিস্ফোরণ ঘটে। এসময় মাদ্রাসায় প্রচুর শিক্ষার্থী পড়াশুনা করছিলো। নিহত শিশুদের বয়স নয় থেকে ১৫ বছরের মধ্যে।

এদিকে, তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার বরেনি কোনও গোষ্ঠী। তবে, সাম্প্রতিক মাসগুলিতে মসজিদ ও মাদ্রাসা বা স্কুলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা হয়েছে, যার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেঠে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল। গত সেপ্টেম্বর মাসেও রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি গোষ্ঠীটি, যেখানে অন্তত ৫৪ জন নিহত হয়।

সূত্র: আলজাজিরা, বিবিসি।

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানায় ১৫৫ পিছ ইয়াবাসহ আব্দুস সামাদ(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ এক অভিযান পরিচালনা করে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রাম থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে আটক করে।

আসামি আব্দুস সামাদের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫৫ পিছ  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার দক্ষিণ কেওলাকান্দি গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

এ বিষয়ে জানতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৩০ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশু আয়াতের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা মিললো স্লুইস গেটে

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে শিশু আয়াতের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা স্লুইস গেট এলাকায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দুই পায়ের পর এবার মাথাসহ এ নিয়ে শরীরের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করা হলো। অপহরণের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় ঘাতক আবির আলী। এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে শিশু আয়াত নিখোঁজ হন। 

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের শেষপ্রান্তে নালাসংলগ্ন স্লুইস গেট এলাকা থেকে মাথাটি উদ্ধার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্লুইস গেটে আটকে থাকা পানির মধ্যে জমা পলিথিনে তল্লাশি করে মাথাটি পাওয়া যায়। আবির আলী যেভাবে বর্ণনা দিয়েছিলেন সেভাবেই টেপ মোড়ানো পলিথিনের ভেতরে মাথাটি পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে আয়াতের স্বজনরা যাচ্ছেন। তবে বুধবার (৩০ নভেম্বর) দুপুরে একই এলাকা থেকে বিচ্ছিন্ন দুই পায়ের অংশ পাওয়া যায়, পরে আয়াতের বাবা-দাদাসহ স্বজনরা গিয়ে সেগুলো শনাক্ত করেছেন।
সুত্রে আরো জানা গেছে, সিটি করপোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় স্লুইস গেটের চারটি প্রকোষ্ঠের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ার পর একটি প্রকোষ্ঠে আটকে যাওয়া পলিথিনে পা দু’টি পাওয়া যায়, যেগুলো আবিরের বর্ণনামতো পলিথিনের ভেতর টেপ দিয়ে মোড়ানো ছিল।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে চার বছর ১১ মাস বয়সী আলীনা ইসলাম আয়াত নিখোঁজ হন। এর ১০ দিন পর ২৪ নভেম্বর পিবিআই আবির আলীকে গ্রেপ্তারের পর জানায়, আয়াতকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ কেটে ছয় টুকরো করে আবির। এরপর সেগুলো সাগরে ভাসিয়ে দেয়।

শ্রীমঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপি’র ফুলছড়া চা বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা বাগান) ৫নং সেকশনে চা বাগানের অভ্যন্তরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

কাকিয়াছড়া চা বাগানের ৫নং সেকশনের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

বুধবার (৩০ নভেম্বর) পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সকালে চা পাতা তুলতে গিয়ে চা শ্রমিকরা বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে যাই। মৃতদেহের শরীরে কোনো আঘাতর চিহ্ন দেখা যায়নি। মৃতদেহর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

মৃতদেহ উদ্ধারে শ্রীমঙ্গল থানা পুলিশ

এসআই তীর্থঙ্কর আরো বলেন, মৃতদেহ ব্যক্তির নাম পরিচয় এখন ও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা  যাবে না।

“গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই হবে”

জাতীয় ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ডিপিডিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রাজধানীর ধানমন্ডির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করা হবে। আর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে রাজধানীর বেশির ভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভূগর্ভস্থ করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী বছর যেন লোডশেডিং না হয়, সরকার সেই চেষ্টা করছে। তাই জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রুনাই, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে প্রভাব, সেটা অস্বীকার করার উপায় নেই। এর মধ্যেও আমরা জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে বিইআরসি জানায়, বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়েছে। ইউনিটপ্রতি বিদ্যুতের গড় দাম ছিল ৫ টাকা ১৭ পয়সা, যা বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। চলতি ডিসেম্বর মাস থেকে নতুন এ দাম কার্যকর হবে। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল থাকবে বলে জানায় বিইআরসি।

প্রসঙ্গত, গত ১৮ মে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর  গণশুনানি হয়। তাতে বিভিন্ন পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে ১৩ অক্টোবর কমিশন বিদ্যুতের দাম না বাড়িয়ে আগের পর্যায়েই বহাল রাখে।