সুদানে সেনা-মিলিশিয়ার সংঘাতে নিহত বেড়ে ২০০

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৮০০ জন। গত শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

২০২১ সালের অক্টোবরে এক সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার প্রতি অনুগত সামরিক ইউনিটগুলোর সঙ্গে লড়াই চলছে আরএসএফের, যার নেতৃত্বে রয়েছেন সুদানের উপ-নেতা মোহাম্মদ হামদান দাগালো।

দুই পক্ষের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে দেশটির জনগণের মধ্যে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দাগালো বলেছেন, তার সৈন্যরা সব সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে সুদানের সশস্ত্র বাহিনীগুলোও আধা-সামরিক বাহিনী আরএসএফ-কে ধ্বংস না করা পর্যন্ত কোনো ধরনের আপোস করবে না বলে জানিয়ে দিয়েছে।

গত শনিবার থেকে চলা এই সংঘাতের হাসপাতালগুলোতে রোগীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর ফলে চিকিৎসার প্রয়োজনীয় মেডিক্যাল ইকুইপমেন্ট ও খাদ্যসংকট দেখা দিয়েছে।

ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় নায়েব আলী (৮০) নামের এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট বাজারের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে খোলারহাট বাজার থেকে বালু বোঝাই ট্রাক্টরটি খড়িবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ নায়েব আলী খোলারহাট থেকে বাড়ী ফিরচ্ছিলেন। টাক্টরের বেপরোয়া গতি দেখে তিনি দৌড়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করেন। এতে ট্রাক্টরে নিচে চাপা পড়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সলঙ্গায় ২ শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরন

পারভেজ সরকার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষে নও- মুসলিম সহ দুই শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত নারী পুরুষের  মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করেছে” ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটি নামের একটি সেবা মূলক সংস্থা।

(১৭ এপ্রিল সোমবার) সকাল ১০ টার সময় হাটিকুমরুলের গোলকপুর বাইতুল আমান জামে মসজিদের চত্তরে ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটি সাধারন সম্পাদক, মীর হোসেনের পরিচালনায় ও সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে বিতারন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাড়ী ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফিরোজ, ডাঃ মোঃ মহোসিন, ডাঃ তারিকুল ইসলাম মানিক, সমাজ সেবক হিরো সুলতান, গোলকপুর বাইতুল আমান জামে মসজিদের সভাপতি রঞ্জু আহম্মেদ মুনসি।

এ সময় ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটির সহ-সভাপতি আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ রেজাঊল করিম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য শরিফুল, রফিকুল, বদিউজ্জামাল, মিন্নোত মোহাম্মদ, শরিফুল ইসলাম মাষ্টার, পিন্টু, নরাজুগুপ্তা সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মী ও সূধীজন উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়-ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটির পক্ষ থেকে  বিগত ৩/৪ বছর যাবত প্রতি বছরই  ঈদুল ফিতর ও ঈদূল আযহার সময় অসহায় দু্স্থদের মাঝে শীতবস্থ,  নতুন কাপড়,ঈদ সামগ্রী বিতরন করে থাকে।

এর ধারাবাহিকতায় এ বছরও  শাড়ী ও লুঙ্গি বিতারন করা হয়। আগামীতে ও তাদের এই ধরবেন মানবিক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটির সভাপতি আমজাদ হোসেন।

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক এবং কর্মচারীদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে সেই টাকা ইতোমধ্যে ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে বলেও জানান তিনি।
 
গত ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীরও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর। আর পুরোপুরি
আগুন নেভে ৭৫ ঘণ্টা পর অর্থাৎ ৭ এপ্রিল সকাল ৯টায়।
বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের। 

বাড়ি থেকে বেরিয়ে ফিরল না দিনমজুর উসমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনমজুর ব্যক্তির নাম উসমান গনি বলে জানা গেছে। রবিবার (১৬ এপ্রিল) দিনে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উসমান মিয়া ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

বিষয়টি নিয়ে রবিবার রাতে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে যাননি। রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় উসমান গনির লাশ স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে বলা যাচ্ছে উসমানকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হত্যা না কি এবিষয়ে বিস্তারিত তথ্য রিপোর্ট আশার অপেক্ষা।

আগামী শনিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ হতে পারে

আন্তর্জাতিক ডেস্কঃ ঈদের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য সামনে এনেছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি বলছে, আগামী বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের এই সংস্থাটি বলেছে, তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

খবরে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান এবং কুয়েতসহ জিসিসি দেশগুলি ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতের জন্য ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ৪ দিনের ছুটি ঘোষণা করেছে, আর কাতার ১১ দিনের ছুটি ঘোষণা করেছে। ওমান ও কুয়েত পাঁচ দিনের সাপ্তাহিক ছুটি পালন করবে।

সারাদেশে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ চতুর্থ ধাপে সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষে প্রথম ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করি। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে ৫০টি এবং মার্চে তৃতীয় পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছিলাম। আজকে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করছি। এই মডেল মসজিদগুলো আমরা করছি এ জন্য যে, ইসলামের সঠিক চর্চাটা যেন হয়। ইসলাম ধর্মের মর্মবাণীটা যেন মানুষ সঠিকভাবে জানতে, বুঝতে এবং গ্রহণ করতে পারে।

এর আগে, তিন ধাপে সারাদেশে ৫০টি করে মোট ১৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে থাকবে ৫২ সিনেমা

বিনোদন ডেস্কঃ ১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসবে। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হবেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা। অফিসিয়াল সিলেকশনে থাকবে ৫২টি চলচ্চিত্রের তালিকা।

এর মধ্যে ঘোষণা হয়েছে উৎসবের প্রধান বিচারক হিসেবে থাকবেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জানানো হয়, মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত বৃহস্পতিবার সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেছেন। আগামী ১৬ মে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ২০২৩।

এবারের স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি।

ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স।

রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।

প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো: কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।

বেনাপোলে ইয়াবা ও প্রাইভেট কারসহ ৩ চোরাকারবারি আটক

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে ৩০০ পিচ ইয়াবা সহ তিন মাদক চোরাকারবারি ও একটি প্রাইভেট কার আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার বিকেলে  বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর থেকে ইয়াবার এ চালান সহ ওই তিন মাদক ব্যবসায়ি ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলোঃঝিকারগাছা উপজেলার পুুরন্দপুর গ্রামের শহিদুর রহমান এর ছেলে ইমরান সানি (২৮), যশোর সদর উপজেলার পালবাড়ির আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই উপজেলার রেলগেট ৫ নং ওয়ার্ড এলাকার মোহাম্মাদ বাবলুর ছেলে রাকিব হোসেন।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে সীমান্তবর্তী গ্রাম রঘুনাথপুরে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানটি উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকারী তিনজন মাদক চোরাকারবারি ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান, আটককৃতদের নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বিজ্ঞ আদালতে।

তিন বিভাগে বৃষ্টির আভাস, বাকি পাঁচটিতে দাবদাহ অব্যাহত

আবহাওয়ার খবরঃ তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা দেশবাসীর। এরইমধ্যে সুখব দিলেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্ট দেন তিনি। পোস্টে দেশের তিনটি বিভাগে বৃষ্টির আভাস দিয়ে বাকি পাঁচটি বিভাগে তাপপ্রবাহ বা দাবদাহের পরিস্থিতি একই রকম থাকার আভাস দেন তিনি।

পোস্টে পলাশ লিখেন, ‘শুভ সকাল বাংলাদেশের সবাইকে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মানুষদের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনার সুসংবাদ ও রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলাগুলোতে তাপপ্রবাহের অবস্থা অপরিবর্তিত থাকার দুঃসংবাদ।’

তিনি লিখেন, ‘আপনাদের হয়তো মনে আছে ১৪ এপ্রিলের পূর্বাভাস দিয়েছিলাম যে, আগামী ১৭ ও ১৮ এপ্রিল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় দুর্বল কালবৈশাখী ঝড়সহ খুবই হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, আজ সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

‘বিশেষ করে নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ।’

দাবদাহের পরিস্থিতি নিয়ে পোস্টে বলা হয়, ‘রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলাগুলোর তাপপ্রবাহের অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ঢাকার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে আজ ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোতে গরমের প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

‘কারণ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বঙ্গোপসাগর থেকে গরম ও জ্বলীয় বাষ্পযুক্ত বাতাস বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে।’