ঠাকুরগাঁওয়ে শেখ রাসেল চত্বর নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পৌরশহরের আর্ট গ্যালারি এলাকায় বুধবার ৩০ নভেম্বর বিকেলে শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, সুদাম সরকার, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান।

এছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মো: সোহেল রানা, পৌর আ’লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, মোছা: পারুল বেগম, রমজান আলী, সাবেক কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালাসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিনে প্রতিমন্ত্রী জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন এবং সাফ চ্যাম্পিয়ন জয়ী রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালকসহ দুই কৃতি খেলোয়াড়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

হরিজন সম্প্রদায়ের মানুষদের রেস্তোরাঁয় ঢুকতে বাঁধা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হরিজন সম্প্রদায়ের কয়েকজন নাস্তা করার জন্য রেস্তোরাঁয় প্রবেশ করতে যাচ্ছিলেন। এ সময় রেস্তোরাঁটির ব্যবস্থাপক ও কর্মচারীরা তাঁদের বাঁধা দেন। খবর পেয়ে সেখানে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ধরনের কাজ আর কখনো না করতে রেস্তোরাঁ মালিক’কে সতর্ক করেন তাঁরা। মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জংশন এলাকায় এ ঘটনা ঘটে। এটিই প্রথম নয়, এমন ঘটনা প্রায়ই ঘটে বলে অভিযোগ হরিজন সম্প্রদায়ের লোকজনের।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুলাউড়া জংশন রেলস্টেশনের পাশে পরিনগর এলাকায় দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের ৪০-৫০টি পরিবার থাকে। এসব পরিবারের কিছু সদস্য শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন।

স্থানীয় বাসিন্দা হরিজন ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মৎলা বাসপর বলেন, গত মঙ্গলবার দুপুরের দিকে তাঁদের সম্প্রদায়ের তিনজন রেলস্টেশন এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে যান। রেস্তোরাঁয় প্রবেশের সময় তাঁদের বাধা দেওয়া হয়। পরে তাঁরা বিষয়টি মুঠোফোনে ইউএনওকে জানান। এরপর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সেখানে আসেন।

মৎলা বাসপর বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করায় অনেকে তাঁদের ‘নিচু জাতের’ মনে করেন। এ কারণে আশপাশের লোকজন তাঁদের সঙ্গে মেলামেশা করতে চান না। এলাকায় কোনো রেস্তোরাঁয়  ঢুকতে দেওয়া হয় না। এলাকার স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা টিফিনের সময় রেস্তোরাঁয় ঢুকে খাবার খায়। কিন্তু একই প্রতিষ্ঠানে পড়ুয়া তাঁদের সন্তানেরা এ সুযোগ থেকে বঞ্চিত। খাবার কিনতে গেলে তাদের দূরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর খাবার নিয়ে দেওয়া হয়। এ পরিস্থিতিতে গত ২৩ অক্টোবর তাঁরা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তাঁরা ‘অমানবিক’ এ আচরণের প্রতিকার চান। এ সময় ইউএনও এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে বলে তাঁদের আশ্বস্ত করেন।

সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ‘রেস্তোরাঁয় ঢুকতে কাউকে বাঁধা দেওয়া বেআইনি কাজ। সংবিধানে রাষ্ট্রের সব মানুষের সম–অধিকারের কথা বলা আছে। রেস্তোরাঁয় অন্যরা বসে খেতে পারলে হরিজন সম্প্রদায়ের ক্ষেত্রে সমস্যা কী? রেস্তোরাঁমালিককে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছি।’

কুলাউড়া হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান মিয়া বলেন, বিষয়টি নিয়ে রেস্তোরাঁমালিকদের কোনো সমস্যা নেই। হরিজন সম্প্রদায়ের লোকজন রেস্তোরাঁয় ঢুকতে গেলে ভেতরে বসা অন্য গ্রাহকেরা আপত্তি জানান। এ কারণে স্থানীয় রেস্তোরাঁমালিকেরা বাধ্য হয়ে এ কাজ করেন। তাঁরা বিষয়টি সমাধানে চেষ্টা করছেন বলে জানান তিনি।

ইউএনও মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে জানা যায় তিনি বলেন, ‘রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে সব মানুষ রেস্তোরাঁয় বসে খেতে পারবে। রেস্তোরাঁমালিকেরা আমার কাছে এসেছিলেন। তাঁদের স্পষ্টভাবে বলে দিয়েছি, সংবিধানবিরোধী কোনো কাজ করা যাবে না। আর এ রকম কর্মকাণ্ড চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার (৩০ নভেম্বর) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার ওরাকজি জেলায় এ ঘটনা ঘটে।

খাইবার পাখতুনওয়া পুলিশের উপকমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদনান ফরিদ বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। বাকি ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

আদনান ফরিদ আরও বলেন, সরকারের খনি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী।

প্রসঙ্গত, পাকিস্তানে যে কয়েকটি কয়লাখনি রয়েছে, সবই খাইবার পাখতুনওয়ায়। কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া বেশ পরিচিত। আর এসব খনি এলাকায় দুর্ঘটনাও হরহামেশাই ঘটে।

হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সেমিনার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের উদ্বুতরণ কার্যক্রম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুর নূর আরওয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: শাহীনা আক্তার, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো: অবদুল হক ।
ইমামদের পক্ষে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও: শাহ আলম। অনুষ্ঠানের জেলার বিভিন্ন মসজিদের খতিবরা উপস্থিত ছিলেন। ইমামদের সাথে আলোচনার মাধ্যমে জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।

জেলা ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জেলা ছাত্রলীগের কমিটি কমিটি বাতিলের দাবিতে  বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ।

এসময় জেলা ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে বিভিন্ন রকম শোল্গান দেন নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমান হোসেন, ক্রীড়া সম্পাদক রুবেল মন্ডল, যুবলীগ নেতা তাওহীদ বাসার সৈকত, শাহ আলম, গোলাম হোসেন, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক লেমন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুর রহমান, মিশরাত, মল্লিক, রায়হান, ছাব্বির রহমান শিনু, সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মবি, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, আবু সিহাব, দপ্তর সম্পাদক মেরাজুল হক, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুর, উপ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন, উপ-কৃষি বিষয়ক সম্পাদক শাহিন, গোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বি স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জান্নাত ইসলাম, আজিজুল ইসলাম, তানভীর হোসেইন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার সুজন, শুভ আহমেদ, উপজেলা ছাত্র লীগের সদস্য নাইম, শাওন, সাদিক, রিদয়, কাওসার, উজ্জ্বল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।তবে কমিটি ঘোষণার পর পরই পদবঞ্চিত বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মী  বিক্ষোভ করে আসছে।

এলজিএসপি-৩ প্রকল্প : পুরাতন রড দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে এলজিএসপি-৩ প্রকল্পের ৮৫ মিটার রাস্তার কাজের ঢালাই পুরাতন রড ব্যবহার করার অভিযোগ উঠেছে। প্রাক্কালনে নতুন রড দিয়ে ঢালাই দেয়ার উল্লেখ থাকলেও এ অনিয়মে এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের উমরের তেপতি এলাকার খড়িবাড়ী- বড়লই সড়কে।

সুত্রে জানা যায়, গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিএসপির-৩ প্রকল্পে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবসের খরিবাড়ী-বড়লই সড়কের উমরের তেপতি এলাকায় ৮৫ মিটার রাস্তার কাজ করার দায়িত্ব পায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ। কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ লাখ টাকা। ২৩ নভেম্বর হঠাৎ করে প্রকল্প সভাপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে পুরাতন জরার্জীণ ও মরিচা ধরা রড দিয়ে ৮৫ মিটার রাস্তার ঢালাই সম্পন্ন করে। এ বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা শুরু হলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান।

স্থানীয় সাহেব ও মল্লিক জানান, পুরাতন রড দিয়ে রাস্তার ঢালাই কাজ করার সময় প্রশ্ন করা হয়েছে। কিন্তু তারা জানান, প্রক্কলনে নতুন রডের উল্লেখ নেই। তাই পুরাতন রড দেয়া হচ্ছে।

প্রকল্প কমিটির সভাপতি বড়ভিটা ইউনিয়নের ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান, পুরাতন রড দিয়ে রাস্তার ঢালাই করা হয়নি। রাস্তার কাজে ব্যবহৃত রড গুলো ৬/৭ মাস পূর্বে ক্রয় করা হয়েছে, তাই মরিচা ধরেছে।

কুড়িগ্রাম এলজিএসপি-৩ এর প্রতিনিধি ফারুক আহাম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে রাস্তাটির কাজ পরিদর্শন করে কিছু অংশ খুড়ে পুরাতন ও জরাজীর্ণ মরিচা ধরা রড দিয়ে ঢালাই করার সত্যতা পাওয়া গেছে। তাই ওই রাস্তার প্রাক্কলনে রড বাবদ বরাদ্দকৃত প্রায় দেড় লাখ টাকা বাতিল করার সুপারিশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, বিষয়টি তদন্তের জন্য রাস্তায় লোক পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

শমশেরনগর বিমানবাহিনীর ৫০তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ বিমানবাহিনীর ৫০তম নব প্রশিক্ষণ প্রাপ্ত বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনু্ষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ ফাস্ট এর অভিবাদন গ্রহণ করেন।

এরপর তিনি কৃতি রিক্রুটকে সন্মাননা ট্রফি বিতরণ করেন। বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে শ্রদ্ধাভরে স্মরন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে আত্মাত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন ধরনের রাডার ক্ষেপণাস্ত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। বিমান বাহিনী ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর এবং যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্সে ও দক্ষ জনশক্তির যোগান দিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে। বিমান বাহিনী প্রাধান রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ২৫২ দিনের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশ সেবার ব্রত নিয়ে ৪৩৬ (৪১৭) জন পুরুষ এবং ১৯ জন মহিলা) জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি ২ রিক্রুট কর্পোর্যাাল মোঃ তানভীন আলম জিদান, সার্বিক বিষয়ে কৃতিত্বে জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ায় গৌরব অর্জন করেন এবং এসি ২ রিক্রুট সার্জেন্ট মোঃ কামরুজ্জামান যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন।

এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃজাহিদুর রহমান বিবিপি বিএসপি জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুল এর অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিন, জিইউপি, পিএসসি তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ।

ফুলতলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি মাসুক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ দলীয় ১০ প্রতিদ্বন্দ্বীকে ডিঙিয়ে অবশেষে নৌকার কান্ডারি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ। গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তারসহ মোট ১১ জন দলীয় প্রতিদ্বন্দ্বী নৌকার মনোনয়ন পেতে ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। উপজেলা ও জেলা আওয়ামী লীগ তা যাচাই-বাছাই করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়। রোববার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়। এতে মাসুক আহমদ মাসুক’কে ফুলতলা ইউপিতে নৌকা প্রতীক বরাদ্ধের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ফুলতলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে এবারও নৌকার বিজয় হবে। বিগত দিনে ও জনগণের পাশে ছিলাম,আগামীতে ও থাকবো। জনগন’কে পাশে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ব্যালটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।

জিপিএ ৫ পেয়েছে হোটেল শ্রমিক শাকিল, উচ্চ শিক্ষা অনিশ্চিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ হোটেল-রেস্তোরায় নিয়মিত শ্রমিকের কাজ করে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে শাকিল মিয়া। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। কঠোর পরিশ্রম আর নিরলস প্রচেষ্টায় সাফল্য ছিনিয়ে নিলেও সাংসারিক অভাব অনটনে উচ্চ শিক্ষার আকাঙ্খা ক্ষীন হয়ে আসছে তার। উচ্চ শিক্ষিত হয়ে সরকারী কলেজে শিক্ষকতা করার স্বপ্ন মন-মানষে লালন করলেও অভাবের তাড়নায় তা বাস্তবায়ন হবে কিনা তা জানে না সে।

অদম্য মেধাবী এই শাকিলের বাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামে। সে ওই গ্রামের দিনমজুর ফারুক মিয়ার ছেলে। তিন সন্তানের মধ্যে শাকিল বড়। বাবার দিনমজুরীর আয়ে সবসময় সংসারে টানাপোড়েন লেগেই থাকতো। তাই সংসারে সহায়তা করার জন্য পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় বালারহাট বাজারের বিভিন্ন হোটেলে স্কুল ছুটির পর থেকে রাত পর্যন্ত কাজ করতো শাকিল। এভাবে কাজের পাশাপাশি পড়াশোনা করে পিইসিতে জিপিএ ৫ এবং জেএসসিতে জিপিএ ৪.৬৪ পায় সে।

কিন্তু নবম শ্রেণীতে পড়া অবস্থায় তাদের সংসারে অভাব আরও জেঁকে বসে। পরিবারের সুখের কথা চিন্তা করে উপজেলা সদরের বৈশাখী হোটেলে নিয়মিত কাজ নেয় সে। কিন্তু বন্ধ করেনি পড়াশোনা। সারাদিন হোটেলে কাজ করতো আর রাতে বাড়ী ফিরে চালিয়ে যেত পড়াশোনা। এভাবে কঠোর পরিশ্রম করে সাফল্য ছিনিয়ে নেয় অদম্য মেধাবী শাকিল মিয়া।

শাকিল জানায়, বড় হয়ে সরকারী কলেজের শিক্ষক হতে চায় সে। কিন্তু অভাবের তাড়নায় তার সে স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা সে জানে না।

শাকিলের বাবা ফারুক মিয়া জানান, আমরা ছেলে হোটেলে শ্রমিকের কাজ করে অনেক কষ্টে জিপিএ ৫ পেয়েছে। কিন্তু তাকে ভাল কলেজে ভর্তি করাতে পারবো কিনা তা নিয়ে দুঃচিন্তায় আছি।

প্রাইভেটকারসহ ৩ গরু চোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় গতকাল সোমবার (২৮ নভেম্বর) গরু চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ ৩ গরু চোরকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, গত ২৮ নভেম্বর বিকেলে সদর থানাধীন বড়হরতিলক গ্রামের জনৈক আব্দুল করিম তার বাড়ির সামনে তার পোষা গরু ঘাস খাওয়ার জন্য খুটি দিয়ে বেঁধে রাখেন। বিকেল অনুমানিক ৪ টার দিকে ৩ জন লোক সেই গরুকে একটি প্রাইভেট কার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।  আশেপাশের লোকজন বিষয়টি দেখে প্রাইভেট কারটি অফিস বাজার থেকে মোকাম বাজার যাওয়ার পথিমধ্যে রাস্তার উপর আটক করে। গাড়ির ভেতর থেকে চুরি যাওয়া ডেকি বাছুর উদ্ধার করে।

সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামি ১। বাবলা মিয়া (২৯), ২। জগলু মিয়া (২৬), ৩। এমরানুল হক জনি (২৫) দেরকে আটক করে এবং চুরির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে।

আটককৃত ব্যক্তিরা সবাই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।

গরুর মালিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।