মহাকাশ স্টেশনে আরও তিন নভোচারী পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্কঃ নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে চীন প্রথমবারের মতো তিনজন নভোচারী পাঠিয়েছে। সেখানে তারা ছয়মাস অবস্থান করবে। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো-১৫ নভোযানে করে তিন নভোচারী মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। খবর বিবিসির।

মহাকাশে আগে থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক স্টেশন চালু রয়েছে। এবার দ্বিতীয় হিসেবে মহাকাশ স্টেশন তিয়ানগং যুক্ত হয়েছে। ২০১১ সালে নাসার মহাকাশ কার্যক্রম থেকে চীনকে বাদ দেওয়া হয়। এরপর নিজস্ব স্টেশন তৈরিতে মনোযোগ দেয় দেশটি।

চীনের আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশনের নির্বাহী পরিচালক ডক্টর ক্রিশ্চিয়ান ফেচিংগার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিকে বলেন, বিশ্ব এখন চীনের ক্রমবর্ধমান মহাকাশ সামর্থ পর্যবেক্ষণ করছে। শেংঝৌ-১৫ নভোযানে যে তিন নভোচারী গেছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন ৫৭ বছর বয়সী ফি জাংলং। তিনি ২০০৫ সালে শেংঝৌ-৬ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। সেটি ছিল তার প্রথম মহাকাশ মিশন। বলা হচ্ছে আগামী এক দশকে চীন প্রতি বছর দুইবার মহাকাশে নভোচারী পাঠাবে।

মার্কিন সিনেটে বৈধতা পেলো সমকামী বিয়ে

আন্তর্জাতিক ডেস্কঃ সমকামী বিয়ে সুরক্ষা বিল পাস করলো মার্কিন সিনেট। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষে ৬১-৩৬ ভোটে অনুমোদিত হয় বিলটি। খবর রয়টার্সের।

৪৯ ডেমোক্র্যাট আইনপ্রণেতার পাশাপাশি বিলের পক্ষে সমর্থন দেন সিনেটের ১২ রিপাবলিকান সদস্য। লিঙ্গ, গোষ্ঠী, জাতীয়তা বা অঙ্গরাজ্যভিত্তিক বিয়েতে যেসব জটিলতা আছে তা নিরসনের কথা বলা হয় বিলে। ফেডারেল আইনে বিয়ের সংজ্ঞা পরিবর্তনের কথাও বলা হয়।

বর্তমান আইনে বিয়ের ব্যাখ্যায় বিপরীত লিঙ্গের দু’জন মানুষের মধ্যে সম্পর্কের কথা বলা আছে। চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে বিলটি। যেখানে এখনও রয়েছে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা। তবে ৩ জানুয়ারি ১১৮তম কংগ্রেস শুরু হলে হাউসের নিয়ন্ত্রণ যাবে রিপাবলিকানদের হাতে। ভোটাভুটির পর দেয়া বক্তৃতায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, যেকোনো মার্কিন নাগরিকই আইনের চোখে সমান, সে বিষয়টিই উঠে এসেছে বিলে।

করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ

স্বাস্থ্য ডেস্কঃ এবার করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বুধবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি জানান, সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কারিগরি পরামর্শক কমিটি। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে। ডা. শামসুল হক বলেন, চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে। সারাদেশে ৭ দিনের বিশেষ ক্যাম্পেইনে আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কর্মসূচি চলবে ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল সরকারের । তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক শূন্য ছয় শতাংশ মানুষ।

যে কোনো মূল্যে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে: প্রধানমন্ত্রী

শিক্ষা ডেস্কঃ উন্নয়নশীল দেশের কার্যক্রম পরিচালনার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে। গত সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দক্ষ জনশক্তি দরকার আর সেদিকে লক্ষ্য রেখেই কাজ করতে হবে সবাইকে। আমরা যে অর্জনটুকু করেছি সেখান থেকে যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ি। করোনাসহ সার্বিক পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা নিচ্ছে সরকার।

এর আগে, শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একযোগে দেশের সব বোর্ডের এসএসসির সমন্বিত ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। সংক্ষিপ্ত এ আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এখন মানসম্মত শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখা, যাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে স্বাক্ষরতার হার বাড়লেও বিএনপির শাসনামলে সেই হার কেন কমে গিয়েছিল সেই প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

করোনা পরিস্থিতি ও বন্যার কারণে এ বছর বিলম্বে এসএসসি পরীক্ষা শুরু হলেও ফল প্রকাশ করা হলো সময়মতোই। রীতি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সমন্বিত ফল সরকারপ্রধান শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এরপর একে একে শিক্ষা বোর্ডের প্রধানরা প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলের সারসংক্ষেপ তুলে দেন।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বেলা ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফলাফল থেকে জানা যায়, এ বছর মোট পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০.০৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮ শতাংশ, যশোর বোর্ডে ৯৫.১৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮১.১৬ শতাংশ ও ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮২.২২ ও কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.৫৫ শতাংশ।

ভারতে কারখানায় আগুন লেগে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের উত্তরপ্রদেশে একটি ভবনের নিচতলার কারখানায় আগুন লেগে ওপরের তলায় থাকা একটি পরিবারের তিন শিশুসহ ছয় সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফিরোজাবাদে এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি। 

কর্মকর্তারা জানায়, পরিবারটির আরও তিন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরোজাবাদের পুলিশ সুপার আশিস তিওয়ারি বলেন, ইনভার্টার কারখানায় আগুন লাগলে তা দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে। সেখানে পরিবারটি থাকত। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হয়েছে।

কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

চীনে নতুন আতঙ্ক ওমিক্রন বিএফ-৭

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে নতুন আতঙ্ক হিসেবে সংক্রমণ শুরু করেছে ওমিক্রনের শক্তিশালী ভ্যারিয়েন্ট বিএফ পয়েন্ট সেভেন ভাইরাস। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্রের (সিসিডি) মুখ্য স্বাস্থ্যবিদ জু ওয়েনবো এই তথ্য জানান। খবর সিসিটিভি প্লাসের।

এটি আগের অন্য যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। একইসাথে এটির প্রভাবেই চীনে দ্রুত হারে করোনাভাইরাস বিস্তার ঘটাচ্ছে বলে জানিয়েছে তারা।

জু ওয়েনবো বলেন, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টটি মূল ভাইরাস থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী। এটি জুলাই মাসে প্রথম মানবদেহে শনাক্ত হয়। এটি মারাত্মক সংক্রামক হলেও ততোটা প্রাণঘাতী নয়। নমুনা পরীক্ষা ছাড়া ভ্যারিয়েন্টটি শনাক্ত করা কঠিন। কারণ, শরীরে করোনাভাইরাসের মতোই উপসর্গ দেখা যায়।

এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে সাধারণ চিকিৎসা এবং ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। একইসাথে প্রবীণদের ক্ষেত্রে তারা শক্তিশালী বুস্টার ডোজ প্রয়োগের পরামর্শ দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৫ হাজার মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে এই ভ্যারিয়েন্ট।

মাঙ্কিপক্সের নাম হবে ‘এম-পক্স’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য ডেস্কঃ বর্ণবাদী ও বিশেষ প্রাণীকে হেয় করা হয় উল্লেখ করে মাঙ্কিপক্সের নতুন নামকরণ করা হয়েছে ‘এম-পক্স’। সোমবার (২৯ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম এই ঘোষণা দেন। খবর সিএনবিসির।

খবরে বলা হয়েছে, বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর নতুন নামকরণ হয়েছে। তবে, অভ্যস্ত হওয়ার জন্য আগামী একবছর দুটি নামই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা গেছে, চলতি বছর ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের ২৯ দেশে মাঙ্কিপক্স বা এম-পক্স ভাইরাস ছড়িয়ে পড়ে। এতে শুধুমাত্র যুক্তরাজ্যে সাড়ে ৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে জুলাই মাসে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে টিকা দেয়া শুরু হলে সংক্রমণ কমতে থাকে। সে সময় মাঙ্কিপক্স নামটি প্রচুর ব্যবহার হয়। তবে মাঙ্কিপক্স শব্দটি বর্ণবাদী এবং বিশেষ প্রাণীকে হেয় করার উদ্দেশে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে ভাইরাসটির নাম পরিবর্তনের দাবি করে বিভিন্ন মহল। সেই দাবি বিবেচনায় নিয়েই নতুন নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়। এর দশ বছর আগে বানরের শরীরে ভাইরাসটির দেখা মেলে। ফলে, ভাইরাসটির নাম রাখা হয়েছিল মাঙ্কিপক্স।

একাদশ শ্রেণিতে ভর্তি এবারও আগের নিয়মে

শিক্ষা ডেস্কঃ একাদশ শ্রেণিতে এবারও আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যে পদ্ধতিতে উচ্চমাধ্যমিকে ভর্তি করা হয়ে থাকে, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না। তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে আসন সংকট হওয়ার কারণ নেই। কারণ যতজন পাস করেছেন, তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি।

প্রতি বছর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এ বছরও একই পদ্ধতিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না।

প্রসঙ্গত, এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।

যুক্তরাজ্যের ১০০কোম্পানিতে সপ্তাহে ৪ কর্মদিবস পদ্ধতি চালু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের ১০০ কোম্পানিতে মোট ২ হাজার ৬০০ জন কর্মী রয়েছে। তবে ৪ কর্মদিবসের সপ্তাহের ক্যাম্পেইনে আশা করা হচ্ছে, তারা দেশটিতে একটি রূপান্তরমূলক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

দ্য গার্ডিয়ানের তথ্যমতে, চার কর্মদিবসের সপ্তাহের সমর্থকরা বলছেন, সপ্তাহে পাঁচ কর্মদিবসের পদ্ধতিটি পুরনো। চার কর্মদিবসের সপ্তাহ কোম্পানিগুলোকে তাদের উত্পাদনশীলতা বাড়াতে এবং কম কর্মঘণ্টার মধ্যে সমপরিমাণ কাজ সম্পন্ন হবে। এই নীতির প্রথম পর্যায়ের গ্রহণকারীরা এটিকে কর্মীদের আকর্ষণ করার এবং ধরে রাখার একটি দুর্দান্ত উপায় হিসেবে মনে করছে।

১০০টি কোম্পানির মধ্যে যুক্তরাজ্যের দুটি বৃহত্তম সংস্থা রয়েছে, যারা চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করেছে। সেগুলো হলো অ্যাটম ব্যাংক এবং গ্লোবাল মার্কেটিং কোম্পানি অ্যাউইন। তাদের প্রত্যেকের যুক্তরাজ্যে প্রায় ৪৫০ জন কর্মচারী রয়েছে।

আউইনের প্রধান নির্বাহী অ্যাডাম রস দ্য গার্ডিয়ানকে বলেন, নতুন কাজের পদ্ধতিতে স্যুইচ করা ইতিহাসে সবচেয়ে রূপান্তরমূলক উদ্যোগগুলোর মধ্যে একটি।

তিনি বলেন, গত দেড় বছরে আমরা কর্মচারীদের সুস্থতার হারে অসাধারণ বৃদ্ধি দেখেছি। একইসঙ্গে আমাদের গ্রাহক পরিষেবা এবং গ্রাহকের সঙ্গে সম্পর্ক, প্রতিভার উন্নয়ন এবং কর্মী ধরে রাখা বিষয়টিও উপকৃত হয়েছে।

এদিকে, চার কর্মদিবসের সপ্তাহের ক্যাম্পেইনটি ৩ হাজার ৩০০ জন কর্মী নিয়োগকারী প্রায় ৭০টি কোম্পানিতে চলছে। যা কাজের ধরনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় পাইলট প্রকল্প বলা হচ্ছে। এটি ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বোস্টন বিশ্ববিদ্যালয় এবং থিঙ্কট্যাঙ্কের গবেষকদের পরীক্ষামূলক প্রকল্প।

এ ট্রায়ালের মাঝামাঝি সময়ে সেপ্টেম্বরে প্রকল্পটি কীভাবে চলছে জানতে চাইলে কোম্পানিগুলোর 88 শতাংশ বলেছে, চার কর্মদিবসের সপ্তাহ তাদের ব্যবসার জন্য ইতিবাচক কাজ করছে এবং প্রায় ৯৫ শতাংশ বলেছে, এ পদ্ধতি চালুর উত্পাদনশীলতা হয় সমান রয়েছে, না হয় বেড়েছে।

যেসব কোম্পানি আনুষ্ঠানিকভাবে কাজের নতুন পদ্ধতি গ্রহণ করেছে, তাদের বেশিরভাগই প্রযুক্তি, ইভেন্ট বা মার্কেটিং কোম্পানির মতো পরিষেবা খাতের। তবে ক্যাম্পেইনটি কিছু উত্পাদন এবং নির্মাণ নিয়োগকর্তারাও চালু করেছেন।

রুশ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ইউক্রেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া তার বিদ্যুৎ গ্রিডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার যে প্রস্তুতি নিচ্ছে, যে ধরনের হামলা ইতোপূর্বে দেশের বিভিন্ন অংশকে শীতল ও অন্ধকারে নিমজ্জিত করেছে। ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেছেন, সম্প্রতি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম একটি রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে কালিব্র ধরণের ক্ষেপণাস্ত্রসহ মোতায়েন করা রয়েছে। খবর এএফপি’র।

মুখপাত্র নাটালিয়া গুমেনিউক বলেছেন, এটি ইঙ্গিত দেয় যে প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘এটি খুব সম্ভবত সপ্তাহের শুরুতেই এই ধরনের হামলা করবে। এতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাবে। আর বারবার এ ধরনের রুশ হামলা ইউক্রেনের এনার্জি গ্রিডকে ধ্বংসের দ্বারপ্রান্তে ফেলে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে লক্ষ লক্ষ মানুষের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার গভীর রাতে ইউক্রেনীয়দের উদ্দেশ্যে এক ভাষণে রাশিয়া নতুন বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেন। তিনি বলেন, মস্কোর বাহিনীর কাছে যতদিন ক্ষেপণাস্ত্র থাকবে, তততিন তারা নিয়মিত হামলা চালিয়ে যাবে। জেলেনস্কি বলেন, তাদের পশ্চিমা মিত্ররা ইউক্রেনে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে, তাদের পাশাপাশি ইউক্রেনীয় সামরিক বাহিনী নিজেদের প্রস্তুত করছে।