বগুড়ায় ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি!

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক ) হাসপাতালের সামনে বর্ষণ মেডিসিন এন্ড  সার্জিক্যাল প্রতিষ্ঠানকে রবিবার (২৭ নভেম্বর ) বিকাল সাড়ে ৫টার দিকে জরিমানাসহ সাময়িক সিলগালা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি করায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম রিজভী জানান, লিখন নামে এক ব্যক্তির চারদিনের বাচ্চা  গুরুতর অসুস্থ্যতার কারণে শজিমেকে ভর্তি রয়েছে। চিকিৎসক তাকে কাচিন ১০০ (kacin100) নামে একটি ইঞ্জেকশন আনতে বললে তিনি শজিমেক হাসপাতালের সামনের ওই সার্জিক্যাল থেকে ইঞ্জেকশনটি ৫২০ টাকায় কেনেন। পরে খোঁজ নিয়ে  ইঞ্জেকশনের দাম ১৬টাকা জানতে পেরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন লিখন। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক সিলগালা করে দেয়া হয়। সেই সাথে অভিযোগকারীকে আইন অনুযায়ী সাড়ে সাত হাজার টাকা প্রদান করা হয় ।

ফুলবাড়ীতে পা দিয়ে লিখে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে প্রতিবন্ধি মানিক রহমান

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: পা দিয়ে লিখে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানিক রহমান। জন্ম থেকেই দুই হাত নেই তার।

সোমবার দুপুরে প্রকাশিত এসএসসি’র ফলাফলে মা-বাবার মুখ উজ্জল করে গোল্ডেন জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ন হয়েছে সে। তার মোট নম্বর ১০৫৭। তার এ সাফল্যে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠি, এলাকাবাসী সহ সকলেই আনন্দিত ও গর্বিত।

শারীরিক প্রতিবন্ধী এই মানিক রহমান উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তার মা মরিয়ম বেগম উপজেলার রাবাইতারী স্কুল এন্ড কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। পিতা-মাতার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই তার দুটো হাত নেই, একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো।কিন্তু পড়াশোনায় কখনও পিছিয়ে যায়নি মানিক। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সে।

শুধু পা দিয়ে লেখাই নয়, পা দিয়ে মোবাইল চালনো এবং মোবাইলে কথা বলাসহ কম্পিউটার টাইপিং ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী মানিক রহমান।

মানিক রহমান জানায়, সে ঢাকা নটেরডেম কলেজে ভর্তি হতে চায়। এরপর বুয়েটে পড়াশোনা করে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায় সে।

মানিকের মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে প্রতিবন্ধকতাকে জয় করে পিএসসি- জেএসসি’র মতো এসএসসিতেও গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। এজন্য আমি গর্ববোধ করছি এবং তার শিক্ষক-শিক্ষিকাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমার ছেলের কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পুরণ করেন।

মানিকের বাবা মিজানুর রহমান জানান, আমার দুই ছেলের মধ্যে মানিক বড়। জন্ম থেকেই তার দুটো হাত না থাকায় আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। এজন্য আমার স্ত্রী মরিয়ম বেগমের অনেক কষ্ট করেছেন। মানিক পিইসি ও জেএসসিতে ভাল রেজাল্ট করেছে। এসএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সে সকলের মুখ উজ্জল করেছে। আমি দেশবাসীর কাছে মানিকের জন্য দোয়া চাচ্ছি। সকলের দোয়ায় সে যেন অনেক বড় হতে পারে।

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে সৈয়দপুর হাতিখানা বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান সৈয়দপুর পুর্ব বেল পুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতে ছিল মেহেদী। রোববার পরিবারের স্বজনদের অগোচরে বাড়ির বাইরে এসে রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে সে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও কন্যার মর্মান্তিক মৃত্যু

হুমায়ুন কবির,  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী পাকা সড়কের লক্ষ্মীপুর বিলডাঙ্গী দাশপাড়া নামক স্থানে রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী, স্ত্রী, কন্যাসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হাফিজা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি ও স্ত্রী হামিদা বেগমকে নিয়ে স্বামী মাসুদুর রহমান মথুরাপুর থেকে মোটরসাইকেল যোগে হরিহরপুরের মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়্যাহ মাদরাসার উদ্দেশে রওনা হন।

এ সময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রতগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী হাফিজা বেগম (৪৫) মারা যান। পরে বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক ঘন্টার ব্যবধানে বাবা  ও মেয়েকে মৃত ঘোষনা করা হয়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন জানান, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বাবা মেয়ে দুজনেই মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। বিষয়টি হৃদয়বিদারক। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা কোচটির ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

ফুলবাড়ীতে কীটনাশক পানে যুবকের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলু ক্ষেতে দেয়া কীটনাশক পানে এক যুবকের মৃত্যু হয়েছে।  রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার(২৫ নভেম্বর) তিনি নিজ বাড়ীতে কীটনাশক পান করেন।

মৃত ওই যুবকের নাম গোলাম হোসেন (৩৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, পরপর দুই স্ত্রী চলে যাওয়ায় গোলাম হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কিছুদিন আগে জমি বিক্রির প্রায় ছয় লক্ষ টাকা তাস- জুয়া খেলে তছরুপ করেন। এমতাবস্থায় গত শুক্রবার(২৫ নভেম্বর)  ভোরে মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে নিজ শয়ন ঘরে বাড়ীর লোকজনের অজান্তে আলু ক্ষেতে দেয়া কীটনাশক পান করেন তিনি। এক পর্যায়ে বিষক্রিয়ায় ছটপট করতে থাকলে বাড়ীর লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: কুড়িগ্রামের রাজিবপুরে খালাত দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (২৭ নভেম্বর) সকালে তার শারিরীক অবস্থার আরও অবনতি হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গনসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে ষরযন্ত্রের শিকার হয়ে গ্রেপ্তার হওয়া মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদসহ কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গত শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বড়লেখা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে এই বিক্ষোভ মিছিলটি হয়েছে।

মিছিলে নেতৃত্বদেন- বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন। মিছিলটি শহর পদক্ষিণ করে ডাকবাংলা এলাকায় পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন- বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাইজ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, পৌর যুবদল নেতা জামিল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, পৌর ছাত্রদল নেতা সামছুদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমুখ।

 

বাঞ্ছারামপুর বার্তার সম্পাদক ও দৈনিক পরিবার পত্রিকার প্রকাশকে হুমকীর প্রতিবাদে মানববন্ধন

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা ও দৈনিক পরিবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান (পামেন) কে হুমকীর প্রতিবাদে মানবন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলার নানাবিধ অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের জনৈক নেতা সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান পামেনকে দেখে নেয়ার হুমকী দেন। পরে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২২ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন তিনি। তারই প্রেক্ষিতে সাংবাদিক মনিরুজ্জামান পামেনের নিরাপত্তার দাবিতে বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি এম এ আউয়াল, একাত্তর টিভির মো. বাহারুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি ও সিএনএন টিভির আশিকুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতির ফয়সল আহমেদ খান, দৈনিক আজকের পত্রিকার শাহীন আহমেদ সাজু, দৈনিক সমাচারের জহিরুল হক, দৈনিক ভোরের কাগজ জয়নাল আবেদিন, দৈনিক আলোকিত সকাল সেলিম রেজা, দৈনিক ভোরের পাতা জুনায়েদ আহমেদ তিতাস, দৈনিক দেশসেবা নাছিরউদ্দিন, দৈনিক ভোরের চেতনা মোল্লা মো. নাসির, দৈনিক ভোরের ডাক সুমন চক্রবর্তী, দৈনিক মুক্তখবর সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার মাহবুবুর রহমান, ডেইলি প্রেজেন্ট টাইম আনিছুর রহমান, দৈনিক সময়ের কণ্ঠ সাদ্দাম হোসেন, দৈনিক পরিবার ফজলে রাব্বি রিফাত ও বাঞ্ছারামপুর বার্তার কাজল মিয়া সহ আরও অনেকে।

উল্লেখ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালি উত্তোলন ও মাদক সংক্রান্ত সংবাদের জের ধরে চারদলীয় জোট সরকারের আমলেও নির্যাতিত হয়েছিলেন বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন। তৎকালিন ক্ষমতাসীন দলের একটি বিশেষ গ্রুপ বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার অফিস ভাংচুর ও লুটপাট করেছিলেন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নকল সীমানা পিলারসহ নারী প্রতারক গ্রেপ্তার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নকল সীমানা পিলারসহ এক নারী প্রতারককে গ্রেফতার করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম বেলী বেগম (৩৫)। তিনি উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট এলাকার নজরুল ইসলাম ওরফে চেংটু মিয়ার স্ত্রী। 

পুলিশ জানায়, বেলী বেগম তার সহযোগী আপেল মিয়াসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন মিলে নকল সীমানা পিলারে ম্যাগনেট জাতীয় মহামূল্যবান বস্তু আছে মর্মে বিভিন্ন সময় মানুষকে প্রলোভন দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন। এরই ধারাবাহিকতায় ওই পিলার দেখানো এবং বিক্রি করার প্রলোভন দিয়ে চট্রগ্রামের মিরসরাই থানার নন্দী গ্রামের আবুল খায়ের ছেলে আলী আশরাফ নয়নকে ডেকে আনেন।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের শতিপুরি গ্রামে বেলী বেগমের বাপের বাড়িতে নিয়ে যান নয়নকে। ওই বাড়িতে নকল পিলারটি দেখানোর আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। পিলার দেখানোর পর নয়নের সাথে থাকা মোবাইল ফোন, নগদ ২হাজার টাকা ও কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয় বেলী বেগম ও তার সহযোগীরা। এসময় আরো টাকার জন্য তারা নয়নকে মারপিট করতে থাকে। এসময় হট্রোগোলে গ্রামবাসীরা এগিয়ে আসলে সবাই পালিয়ে গেলেও নয়নকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নয়নকে উদ্ধার এবং বেলী বেগমকে আটক করে।

এ সময় নকল সীমানা পিলার, পিলার পরীক্ষার কাজে ব্যবহৃত কয়েক প্রকার ইলেকট্রনিক যন্ত্র, কয়েক প্রকার স্কসটেপ, একটি ছুরি, একটি  খেলনা পিস্তল, তিনটি ব্যাগসহ  প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু উপকরণ উদ্ধার করে পুলিশ। পরে বেলী বেগম ও নয়নকে থানায় আনা হয়। রাতেই নয়ন বাদী হয়ে বেলী বেগম ও আপেল মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরদিন রবিবার দুপরে বেলী বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

কচাকাটা থানার ওসি গোলাম মর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কাতারে ক্যামেল ফ্লু আতঙ্ক! বন্ধ হতে পারে ২০২২ ফুটবল বিশ্বকাপ

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। শুনতে খানিকটা অবাক লাগলেও, এটাই আপাতত সবচেয়ে বড় সত্যি। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংগঠনের চিকিৎসকেরা সতর্ক করতে শুরু করেছেন যে ২০২২ ফুটবল বিশ্বকাপ চলাকালীনই কাতারে ক্যামেল ফ্লু ছড়াতে পারে। এই অসুখটি করোনা ভাইরাস এবং মাঙ্কি পক্সের মতোই সাংঘাতিক হতে পারে।

ফিফা বিশ্বকাপ দেখতে গোটা বিশ্বের ফুটবল সমর্থকেরা আপাতত কাতারে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যে ক্যামেল ফ্লু নিয়ে সতর্কবার্তা যে আগামীদিনে বড় উদ্বেগের কারণ হতে পারে, তা বলা যেতেই পারে।

নিউ মাইক্রোবস অ্যান্ড নিউ ইনফেকশন নামক একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ২০২২ ফিফা বিশ্বকাপ দেখতে গোটা দুনিয়া থেকেই হাজার হাজার ফুটবল সমর্থক কাতারে এসে ভিড় জমাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এই সময় সংক্রামক রোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সমর্থক এবং স্থানীয় লোকজনের পাশাপাশি ফুটবলাররাও এই ক্যামেল ফ্লুয়ে আক্রান্ত হতে পারেন।

ক্যামেল ফ্লু ছাড়াও আরও কয়েকটি সংক্রামক ব্যাধি এই সময় ছড়িয়ে পড়তে পারে। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ব্যাক্টর-জনিত রোগ যেমন ত্বকের লিশম্যানিয়াসিস, ম্যালেরিয়া, ডেঙ্গি, ব়্যাবিজ, চুলকানি, হেপাটাইটিস এ এবং বি’র মতো রোগ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠনের পক্ষ থেকে এমনই একটি ভাইরাসের হদিশ দেওয়া হয়েছে, যা আগামীদিনে অতিমারির আকার ধারণ করতে পারে।

গোটা দুনিয়া থেকে প্রায় ১.২ মিলিয়ন সমর্থক কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে এসেছেন। করোনা অতিমারির প্রকোপ কম হওয়ার পর ফিফার পক্ষ থেকে এত বড় মাপের একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে কাতারের স্বাস্থ্য মন্ত্রক এই ঘটনার মোকাবিলা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। ক্রমাগত বিষয়টির উপরে নজর রাখা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই রোগের প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য বিদেশি সমর্থকদের নিয়মিতভাবে টিকাকরণ করা হচ্ছে। সেইসঙ্গে নিয়ম মেনে খাবার এবং পানীয় গ্রহণ করার আবেদন করা হয়েছে।’

পাশাপাশি কাতারে যে বিদেশি সমর্থকেরা আসছেন, তাঁরা যাতে উটের পিঠে চেপে ভ্রমণ না করেন, সেই বিষয়েও আগাম সতর্ক করা হয়েছে। এই উট থেকেই ঘাতক ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। লন্ডনের ওয়েবসাইট IFL-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ২০১২ সালে প্রথমবার সৌদি আরবে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। সেটাও আবার কাতারের একেবারে সীমান্তে। তারপর থেকে ২৭টি ভিন্ন দেশে এই ভাইরাসের কারণে মোট ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট ২,৬০০ কেস সামনে এসেছে।

এই রোগের প্রধান লক্ষণ হল প্রচন্ড জ্বর, শ্বাসপ্রশ্বাসে সমস্যা এবং কাশি। পাশাপাশি এমন লক্ষণ দেখা দিলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন করা হয়েছে।

রাণীশংকৈলে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শনিবার ২৬ নভেম্বর রাত ১ টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা উপলক্ষে বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকরা একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছেন। সমর্থকরা খেলা দেখার জন্য পৌর শহরের বিভিন্ন স্থানে বড় পর্দা স্থাপন করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ব্রাজিল সমর্থক হয়েও ইউসুফ মার্কেটে বড় পর্দা ও দর্শকদের বসার ব্যবস্থা করেছেন।

এদিকে  রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাসস্ট্যান্ড চত্বরে ব্যবসায়ি ইউসুফ আলী, ফারাজুল ইসলাম, ছাত্রনেতা সাজিদ, জয়, এদিন  খেলা দেখার জন্য অনুরূপ আয়োজন করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর রাতে ব্রাজিল-সার্বিয়া খেলা দেখার জন্য ইউসুফ মার্কেটে ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও পৌর কাউন্সিলর ইসাহাক আলী একই আয়োজন করেছিলেন।

এ আয়োজন প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান বলেন, আসলে আমি ব্রাজিল সমর্থক হলেও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম স্যারের পরামর্শে সাধারণ দর্শকদের কথা ভেবে আজকের খেলা দেখারও ব্যবস্থা করেছি।