শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ২০৪১-এ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের আয়োজনে বেঙ্গল কনভেনশন হলে ‘আধুনিক শহর ও সড়ক ভাবনা’ শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। এ উপলক্ষে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দরা।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাঁর চিন্তার ফসল।

তিনি বলেন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়ি চালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।

আরও পড়ুন: বরেন্দ্র ও হাওরাঞ্চলে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

এসময় সুধী সমাবেশে সকল শ্রেণিপেশার মানুষজন আলোচনায় অংশগ্রহণ করে সবার মতামত ব্যক্ত করেন এবং শহর আধুনিকায়ন করার ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই শহরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। যেমন অধিকাংশ ইন্টারসেকশন রাস্তায় কোন মিডিয়ান নেই, রাস্তার দুপাশে ফুটপাত আছে, তবে পূর্নাঙ্গ ও নিরবিচ্ছিন্ন ফুটপাত নেই। রাস্তায় পূর্নাঙ্গ রোড মার্কিং করা নেই, ফুটপাতগুলো তিন ফুট এর অধিক চওড়া নয়, ফুটপাতে এবং রাস্তায় হকার বসে, ফুটপাত ভাঙ্গা। অতিরিক্ত যানজট ও অবৈধ পার্কিং সবসময় থাকে। জেব্রা ক্রসিং, লেন মার্কিং, স্টপ লাইন, এ্যারো মার্কিং নেই, ট্রাফিক সিগন্যাল নেই, ইন্টারসেকশন ফেন্সিং করা নেই। যত্রতত্র স্ট্যান্ড ও গাড়ি পার্কিং রয়েছে, অধিকাংশ স্থানে নেই কোন যাত্রী ছাউনি। এছাড়া অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা, টমটম বন্ধ করে এবং এদের নতুন রেজিষ্ট্রেশন না দিয়ে আন্তঃজেলা যোগাযোগ সুবিধার্থে গণপরিবহন বৃদ্ধির প্রস্তাব করা হয় সমাবেশে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ শুরু করা হচ্ছে ও পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকবৃন্দ। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের ঐক্য প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর সোনার বাংলাদেশের স্বপ্ন।

দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা দেশগুলোতে শস্য রপ্তানি করবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ দরিদ্র, দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোতে ইউক্রেন শস্য রপ্তানি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি জানিয়েছেন, ৫ কোটি ডলারের শস্য রপ্তানির পরিকল্পনা রয়েছে তার দেশের। এ উদ্যোগের নাম ‘গ্রেইন ফ্রম ইউক্রেন।

জেলেনস্কি আরও জানান, ইতিমধ্যে সুদান, ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিন সুদান, ইয়েমেনের মতো ২০টির বেশি দেশের কাছ থেকে ১৫ কোটি ডলার সংগ্রহ করেছে ইউক্রেন।

দেশটিতে রুশ হামলা শুরুর পর বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে যে অনিশ্চয়তা ও সংকট দেখা দিয়েছে, তা নিরসনের প্রতিশ্রুতি পূরণে ইউক্রেন থেকে এসব শস্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে খালাত দুই ভাইয়ের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামে পুকুরের পানিতে ডুবে রিজন মিয়া (৩) ও  আরাফাত মিয়া  (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধা ৬ টার দিকে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিজন বড়াইডাঙ্গি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং আরাফাত মিয়া একই উপজেলার বান্চার চর গ্রামের সাইজউদ্দিনের ছেলে। সম্পর্কে তারা খালাতো ভাই বলে জানা গেছে।

 নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আরাফাত ও রিজন মাছ ধরতে গিয়ে পরিবারের সবার অজান্তে একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। বিকেল থেকে দুইজনকে পাওয়া যাচ্ছিল না।খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আরাফাতের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পুকুরের পানিতে নেমে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে শিশু রিজন ও পরে আরাফাতের লাশ পানি থেকে উদ্ধার করে দ্রুত  হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

রাজিবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা: মোঃ আব্দুস সামাদ অনেক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থান পরিদর্শন করেছে। যেহেতু পারিবারিক ভাবে তাদের কোন অভিযোগ নেই সেহেতু থানায় অপমৃত্যুর মামলা করে লাশ দাফন করা হয়েছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চালের রেজিস্ট্রেশনে দু’শত টাকা উৎকোচ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১৫ টাকা কেজি দামের চাল অনলাইনে রেজিষ্ট্রেশন ফি বাবত গুণতে হচ্ছে ১০০/২০০ টাকা। টাকা না দিলে অনলাইনে রেজিস্ট্রেশন না করার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকা পরিচ্ছন্নতা কর্মী মোঃ রাসেলের বিরুদ্ধে।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের হতদরিদ্রদের তালিকা করার কাজ চলছে। তালিকার অনলাইনের কাজটি মূলত করার কথা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের। কিন্তু কাজে ধীর গতির বিষয়টি লক্ষ্য করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ খান খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিছন্নতা কর্মী মোঃ রাসেলকে দায়িত্ব দেন অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য। এতে কোন ফি নেওয়ার কথা না থাকলেও দায়িত্বে থাকা রাসেল অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করে সুবিধাভোগীরা।

বিশ্বস্ত সুত্রে জানাগেছে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেখা যায়, হতদরিদ্ররা জুড়ী খাদ্য গুদামে অনলাইন রেজিষ্ট্রেশন করতে আসলে, কম্পিউটার অপারেটর রাসেল প্রতিজনের কাছ থেকে রেজিষ্ট্রেশন বাবত ২০০ টাকা ফি বলে উৎকোচের দাবি করেন। অনেকেই বাধ্য হয়ে ২০০টাকা আবার কেউ কেউ ১০০টাকা উৎকোচ রকম ফি দিয়ে রেজিষ্ট্রেশন করেন। ফি নামে উৎকোচ নেয়ার বিষয়টি জানাজানি হলে কয়েকজন ইউপি সদস্য খাদ্যগুদামে এসে প্রতিবাদ করেন।

এ বিষয়ে কম্পিউটার অপারেটর রাসেল বলেন, আমি কোন টাকা দাবি করি নাই। ওরা খুশি হয়ে আমাকে টাকা দিয়ে যাচ্ছে।

উপজেলার পশ্চিমজুড়ী ইউপি সদস্য মিলন রুদ্র পাল বলেন, আমার সামনে আমার ওয়ার্ডের সবিতা, সুমন বুনার্জী ও রুপালীসহ অনেকের কাছ থেকে অনলাইন রেজিষ্ট্রেশন ফি’র নামে উৎকোচ ২০০টাকা করে নেয়।

জায়ফরনগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও  ইউপি সদস্য কামরুল হাসান বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দামের চালের জন্য জুড়ী খাদ্য গুদামে অনলাইনে রেজিষ্ট্রেশন চলছিল। অবৈধভাবে ২০০ টাকা ফি আদায়ের ব্যাপারে আমরা এসে প্রতিবাদ করি। এসময়ে আমাদের সম্মূখে কম্পিউটার অপারেটর রাসেল অনলাইনে কাজ বন্ধ করে দিয়ে বলে, অফিসের সোহেল স্যারের নির্দেশ, টাকা ছাড়া রেজিষ্ট্রেশন হবে না!

জুড়ী খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আরিফ খান তাঁর বিরুদ্ধে অভিযোগ বিষয়টি অস্বীকার করে বলেন, টাকা নেয়ার জন্য আমি কোন নির্দেশ দেইনি। তবে কম্পিউটার অপারেটর লোকজনের নিকট হইতে টাকা নেয়ার বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এপ্রিলে ফের বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু জ্বরে প্রাণহানিতে সবচেয়ে ভয়ঙ্কর মাস ছিল নভেম্বর। চলতি বছর ২৬ নভেম্বর পর্যন্ত মোট মৃত্যু ২৪৪ জন। যার মধ্যে নভেম্বরের ২৬ দিনেই মারা গেছেন, ১০৩ জন। 

তবে, গত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৪ হাজার ৪৮০ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে পরের ৭ দিনে প্রাণহানি কমে হয় ১৮। আর আক্রান্ত নামে ৩ হাজার ৮৮৬ জনে।

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের আশঙ্কা, আগামী বছরের এপ্রিল থেকে ফের বাড়বে প্রকোপ।

তবে একে স্বাভাবিক প্রবণতা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজীর আহমেদ। তিনি বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, আগামী পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণভার স্থানীয় সরকারের বদলে স্বাস্থ্য বিভাগে স্থানান্তরের পরামর্শ এই বিশেষজ্ঞের। তার মতে, বিশ্বে বর্তমানে সংক্রমণশীল রোগের মধ্যে অন্যতম ডেঙ্গু।

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, চলতি বছর ক্যামেরুনে ভারী বর্ষণে কয়েক দফায় বন্যা হয়েছে। ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

আজ সোমবার ( ২৮ নভেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের প্রধানের কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

গাবতলীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান ফারুক

সাকিব আল হাসান রুবেল, রৌমারী: বগুড়ার গাবতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ  এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, গাবতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত অত্যাধুনিক সেবা সম্বলিত ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তোলার লক্ষে চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ  নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।

এলজিএসপি, টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য ( কাবিখা) এবং ভুমি নিবন্ধন থেকে প্রাপ্ত টাকা, ননওয়েজ প্রকল্প সমুহ স্বচ্ছতার সাথে দায়িত্ব নেওয়ার পর সুন্দরভাবে বাস্তবায়ন করে আসছেন। পঙ্গু ও বয়স্ক ভাতার কার্ড যথাযথ ভাবে তালিকা করে মোটকথা দুর্নীতিমুক্ত ভাবে প্রকৃত ব্যক্তিদের তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জনবান্ধব ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ  সব সময় এলাকার উন্নয়নে সাধারণ মানুষের সাথে আলোচনা করে ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে পরামর্শ করে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। এলাকার ঝগড়া-বিবাদ এবং জমি সংক্রান্ত বিরোধ সব কিছুতেই সময় দিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে শালিস-বৈঠকের মাধ্যমে আলোচনা করে সমাধান করে দিচ্ছেন। ইউনিয়নটিকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ  বলেন – আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সব সময় জনগনের সেবা দিতেই আমি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। কোন মানুষ যাতে আমার পরিষদে এসে হয়রানি না হয়, সেলক্ষ্য নিয়েই আমি কাজ করছি। সরকারে যাতে বদনাম না হয়, সেজন্য সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাত, পুঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফের সঠিক ভাবে বিতরন করে আসছি। আমরা এই ধরনের কোন মানুষ যাতে হয়রানি না হয়, সে বিষয়টি সব সময় আমি গুরুত্ব দিচ্ছি। যতদিন ইউনিয়ন পরিষদের অভিভাবকের দায়িত্বে থাকবো সততা ও নিষ্ঠার সাথে সব সময় কাজ করবো ইনশাআল্লাহ।।

প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে ইমরানের দল

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে ইমরান ঘোষণা দিয়েছেন, আগাম জাতীয় নির্বাচনের দাবিতে পিটিআইয়ের আন্দোলনের অংশ হিসেবে তাঁর দল দেশটির সব কটি প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে। খবর আল-জাজিরার। 

গতকাল শনিবার রাওয়ালপিন্ডির সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান এ ঘোষণা দেন। তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় ইসলামাবাদ মুখে লংমার্চ কর্মসূচি বন্ধ করা হচ্ছে।

গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারায় ইমরানের নেতৃত্বাধীন জোট সরকার। তারপর থেকেই তিনি আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছেন।

কর্মসূচির অংশ হিসেবে ইমরানের নেতৃত্বে গত ২৮ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করে পিটিআই।

গত ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে লংমার্চ চলাকালে ইমরানের ওপর হামলা হয়। তাঁর পায়ে গুলি লাগে। হামলায় পিটিআইয়ের এক সমর্থক নিহত হন। আহত হন দলটির কয়েক নেতাকর্মী।

এ ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়। এরপর ১০ নভেম্বর আবার লংমার্চ শুরু হয়। চিকিৎসা-বিশ্রাম শেষে গতকাল লংমার্চে ফেরেন ইমরান। তিনি রাওয়ালপিন্ডিতে সমাবেশে অংশ নেন।

রাওয়ালপিন্ডির সমাবেশে দেওয়া ভাষণে ইমরান ঘোষণা দেন, পিটিআই ইসলামাবাদ অভিমুখে আর লংমার্চ করবে না। আমি ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি জানি, সেখানে অশান্তির সৃষ্টি হবে। দেশের ক্ষতি হবে।’

খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকার আলী শেখের মেয়ে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে খুলনা জেলার ১২ জন ও বিভিন্ন জেলা থেকে আগত ৪২ জন রোগী রয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৭১ জন ভর্তি হয়েছিল। যার মধ্যে ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৮ জন মারা গেছেন।