চলতি সপ্তাহের যেকোনো সময় হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

শিক্ষা ডেস্কঃ গত ২৪ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা পেছানো হয়। তবে, ফলপ্রত্যাশীদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। চলতি সপ্তাহের যেকোনো সময় এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। গতকাল শনিবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সবকিছু প্রস্তুতি থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে গত ২৪ নভেম্বর ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে, সেই সমস্যা কেটে গেছে। চূড়ান্ত ফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর সচিবালয়ে আসলে আমরা তাকে বিষয়টি জানাব। এরপর চলতি সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

এদিকে ফল প্রকাশের পর নিয়োগ দেওয়ার কাজও দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি (৬৪) মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার দুদিন আগে তার মৃত্যু হলো। বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টার বরাত দিয়ে শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

তবে, বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল তার।

বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি হঠাৎ মারা গেছেন। সেখানে বিস্তারিত আর কোনো তথ্য ছিল না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রীর তথ্য বিবরণী থেকে জানা যায়, ১৯৫৮ সালে বেলারুশের গ্রোডনোতে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সাল থেকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মেকির মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে, তিনি রাশিয়া-বেলারুশ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ্য, ভ্লাদিমির মেকি ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা রাশিয়ার সঙ্গে রয়েছে।

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

সিএনবিডি ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের ডেবাডাঙ্গিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয়।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

 

বাংগরা বাজার থানায় ৫ জন ডাকাতসহ ডাকাতি প্রস্তুতির মালামাল উদ্ধার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতির সময় বাঙ্গরা বাজার থানা পুলিশের হাতে পাঁচ ডাকাত সদস্য গ্রেপ্তার হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানা নেতৃত্বে এস.আই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গরা বাজার থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/১১/২০২২ ইং বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটের সময় বাঙ্গরা বাজার থানাধীন উত্তর বাখরাবাদ সাকিনস্থ রামচন্দ্রপুর টু মুরাদনগর রাস্তায় শ্বশানের ব্রীজের উপর উপস্থিত হয়ে ঘটনাস্থলের চারপাশ ঘেরাও করে সঙ্গীয় অফিসার, ফোর্স এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন- মোঃ সাকিব মিয়া(২২),মোঃ বাবু মিয়া(২৭),৩। মোঃ রুবেল ওরফে সুইফার রুবেল(২৮),মোঃ কাউছার মিয়া(৩১), মোঃ ময়নুল হোসেন ওরফে আমান(২৯),গ্রেপ্তার সকলে কুমিল্লা জেলার বাসিন্দা।বাংগরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লা জেলায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালত, কুমিল্লা জেলা জেলখানায় সোপর্দ করা হয়েছে।

নীলফামারীর নতুন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী: নীলফামারীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পঙ্কজ ঘোষ। তিনি এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে নীলফামারীসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নীলফামারী জেলার আগের জেলা প্রশাসক ছিলেন  খন্দকার ইয়াসির আরেফীন।

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্কঃ আঞ্চলিক-বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক কিম জং উনের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।পিয়ংইয়ং’য়ে পাঠানো এক চিঠিতে এ বার্তা দিয়েছে বেইজিং। শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কে-সি-এন-এ।

এতে দুই দেশের স্বার্থ সংক্রান্ত ইস্যুতে মিল রয়েছে এমন বিষয়ে কাজ করতে আগ্রহ জানান শি। তবে চিঠিতে পারমাণবিক পরীক্ষা চালানো নিয়ে চীনের পক্ষ থেকে কোনো বার্তা দেয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলসা করা হয়নি।

মূলত তৃতীয় দফা শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার পর কিমের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার উত্তরে এমন আহ্বান জানানো হয়েছে। তবে একে দুই দেশের সম্পর্কোন্নয়নের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বরেন্দ্র ও হাওরাঞ্চলে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের বরেন্দ্র ও হাওরাঞ্চল এলাকায় প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের হাকালুকি হাওরাঞ্চল খাল, বিল, পুকুর পুনঃখনন এবং বনায়ন করা হচ্ছে। একইভাবে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র এলাকায় বৃষ্টির পানি ধারণের জন্য পুকুর ও খাল খনন ও বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (২৫ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরকর্তৃক বাস্তবায়নাধীন ইকোসিস্টেম বেইজড অ্যাপ্রোচেস টু অ্যাডাপটেশন ইন দ্য ড্রাউট প্রোন বারিন্দ্র ট্রাক্ট অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া (ইবিএ) প্রকল্পের আওতায় মাধবছড়া খাল, ৩ টি বিল ও ১৮ টি পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য ঔষধি গাছের চাষ, মাছ চাষ, বিভিন্ন ধরনের ফলের চাষ সহ প্রতিবেশবান্ধব বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি বলেন, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলা করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, মৌলভীবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান এবং ইবিএ প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম রফিকুল ইসলাম প্রমুখ।বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের বরেন্দ্র ও হাওর এলাকায় প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে সিলেট বিভাগের হাকালুকি হাওর এলাকায় খাল, বিল, পুকুর পুনঃখনন এবং বনায়ন করা হচ্ছে। একইভাবে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র এলাকায় বৃষ্টির পানি ধারণের জন্য পুকুর ও খাল খনন ও বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (২৫ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইকোসিস্টেম বেইজড অ্যাপ্রোচেস টু অ্যাডাপটেশন ইন দ্য ড্রাউট প্রোন বারিন্দ ট্রাক্ট অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া (ইবিএ) প্রকল্পের আওতায় মাধবছড়া খাল, ৩ টি বিল ও ১৮ টি পুকুর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরোও বলেন, পরিবেশ ভিত্তিক অভিযোজন পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য ঔষধি গাছের চাষ, মাছ চাষ, বিভিন্ন ধরনের ফলের চাষ সহ প্রতিবেশবান্ধব বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান এবং ইবিএ প্রকল্পের প্রকল্পবাস্তবায়ন পরিচালক একেএম রফিকুল ইসলাম প্রমুখ।

অর্থ আত্মসাতের অভিযোগে অফিস সহকারীকে বাধ্যতামূলক অবসর

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম  প্রতিনিধিঃ হাট-বাজার ইজারাকৃত অর্থ এবং দরপত্র বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সেকেন্দার আলীকে গুরুদন্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে জেলা প্রশাসন। গত ২২ নভেম্বর কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অফিস সহকারী সেকেন্দার আলী সর্বশেষ চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

২২ নভেম্বর আদেশ জারির দিন থেকে তার বাধ্যতামূলক অবসর কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। সেকেন্দার আলীর পৈত্রিক নিবাস কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযুক্ত কর্মচারী সেকেন্দার আলী  ২০১৭ সালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরিরত অবস্থায় ১৪২৫ ও ১৪২৫ বঙ্গাব্দে (২০১৭ এবং ২০১৮ সালে) হাট ইজারা ও সিডিউল বিক্রির আদায়কৃত টাকা হতে ২৪ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশ এবং বিভাগীয় মামলার ব্যাক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় অভিযোগ তদন্তে বিধি অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত প্রতিবেদনে সেকেন্দার আলীর বিরুদ্ধে উল্লেখিত অর্থ সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর ৩ (খ) ও ৩ (ঘ) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪ (৩) (খ) অনুযায়ী গুরুদন্ড হিসেবে আদেশ জারির তারিখ হতে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হলো। প্রজ্ঞাপনে ওই কর্মচারীর আত্মসাতকৃত অর্থ, তার আনুতোষিক ও অন্যান্য দাবিকৃত অর্থ থেকে সমন্বয় পূর্বক সরকারি কোষাগারে জমা করার আদেশ দেওয়া হয়েছে এবং এ আদেশ তার চাকরি বইয়ে লিপিবদ্ধ করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান জানান, প্রজ্ঞাপন জারির পর থেকেই আদেশ কার্যকর হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী: শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাবুপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনদিন নিজের ঘরে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ।

বখতিয়ার হোসেন ওই মহল্লার দারুল উলুম মাদরাসা সড়কের মৃত সালামত আলীর ছেলে। তিনি পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে বখতিয়ার হোসেনের সঙ্গে মানসিক ভারসাম্যহীন বড় দুই বোন থাকতেন। তিনদিন ধরে দোকান বন্ধ থাকায় স্থানীয় এক বাসিন্দা বাড়িতে গেলে দুর্গন্ধ পান। পরে বাসার একটি কক্ষের বিছানায় বখতিয়ারের মরদেহ দেখতে পান তিনি।

বখতিয়ারের বড় ভাই এখলাক মিয়া শহরের মুন্সিপাড়ায় সস্ত্রীক ভাড়া বাসায় থাকেন। তিনি বলেন, ছোট ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুই বোন মৃতের সংবাদটি কাউকে জানাতে পারেননি।

ডিআইজি’র মৌলভীবাজার পুলিশ লাইন্স রিজার্ভ পরিদর্শন ও সনদপত্র বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সিলেট রেঞ্জ পুলিশের সুযোগ্য ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (পিপিএম) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস পরিদর্শন করেন।

শুক্রবার সকাল ১০ টায় ডিআইজি পুলিশ লাইন্সে পৌছালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে ডিআইজি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে ইন-সার্ভিস সেন্টার, হবিগঞ্জ এবং জেলা পুলিশের আয়োজনে পুলিশের কনস্টেবল ও নায়ক পদমর্যাদার সদস্যদের এক সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সনদপত্র বিতরণ শেষে ডিআইজি জেলা পুলিশের মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ ব্যারাক, অস্ত্রাগার, রিজার্ভ অফিস, ক্লোথিং স্টোর, ডি স্টোর পরিদর্শন করেন। তিনি সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ডিআইজি পুলিশ লাইন্সের বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন এবং তদারকি কাজের নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) সুদর্শন কুমার রায় , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর এবং অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।