স্বাচিপ’র সভাপতি জামালউদ্দিন, মহাসচিব কামরুল

স্বাস্থ্য ডেস্কঃ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’ এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. জামালউদ্দিন চৌধুরী এবং মহাসচিব হয়েছেন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যাপক হিসেবে কর্মরত। ডা. কামরুল হাসান মিলন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত।

নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বাধীন স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ওবায়দুল কাদের বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। স্বাচিপের নতুন কমিটিতে যারাই দায়িত্বে এসেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।

সাত বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করেছেন।তাদের গায়ে বিভিন্ন রংয়ের পোশাক, অনেকে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে আসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম আজ সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি ৫ বছর পর সংগঠনটির সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সময়মতো স্বাচিপের সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি।

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো যুবক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জুহান দেব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সদর উপজেলার কাগডোব এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে কাটা পরে ঘটনাস্থলেই জুহানের মৃত্যু হয়।

মৃত জুহান সদর উপজেলার কাগডোব এলাকার দুলাল দেবের ছেলে।

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো যুবক

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে ওই যুবকের পা পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে জরুরী সেবা ৯৯৯ এর ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধা করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে রেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা শুনেছি ওই যুবক তার পরিবারের লোকজনের সাথে অভিমান করে ট্রেনে আত্মহত্যা করে।

ঠাকুরগাঁও রেলওয়ে ষ্টেশনের মাস্টার আকতারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে।

নেত্রকোণা এস.এস.সি ২০০০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “বন্ধুত্বই শক্তি” এই স্লোগানে নেত্রকোণায় এস.এস.সি ২০০০ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

২৫ নভেম্বর  সকালে এস.এস.সি. ২০০০ ব্যাচ নেত্রকোণা এর আয়োজনে চন্দ্রনাথ ডিগ্রি কলেজের মাঠ থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ গোলাম কবির।
অন্যান্যদের মধ্যে ছিলেন জেলার ২০০০ ব্যাচের শিক্ষার্থীরাসহ আরো অনেকে।
পরে কলেজ মাঠে দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে অনিয়মের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে দরপত্র থেকে কাগজ সরিয়ে দিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। তিনি বিক্রি হয়ে গেছেন। তত্ত্বাবধায়ক যদি বিক্রি হয়ে যান তাহলে স্বাস্থ্যসেবার মান কখনও ঠিক থাকবে না। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এমএসআর (মেডিসিন ও মেডিক্যাল ইকুইপমেন্ট ক্রয়) টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মুমিন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে সচেতন যুব সমাজের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শতাধিক শিক্ষার্থী, তরুণ ও শিক্ষকগণ। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ প্রভাষক মামুন সেলিম, সহকারী অধ্যাপক আব্দুল কাদের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা রবিউল ইসলাম পলাশ, ছাত্র নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাসপাতাল তত্ত্বাবধায়ক বিধি বহির্ভুত শর্ত জুড়ে দিয়ে এমএসআর টেন্ডার আহ্বান করেছেন। সিন্ডিকেটভুক্ত বিশেষ ঠিকাদারকে বারবার কাজ দিতেই এমন শর্ত দিয়েছেন যাতে অন্য ঠিকাদাররা কাজ না পান। অর্থের বিনিময়ে এই তত্ত্বাবধায়ক কুড়িগ্রামের জনগণের স্বার্থ বিক্রি করে দিয়েছেন। বক্তারা অবিলম্বে এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে পুণ:দরপত্র আহ্ববানের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, এই তত্ত্বাবধায়ক উৎকোচের বিনিময়ে দুর্নীতির জলে নিজেকে নিমজ্জিত করে পুরো টেন্ডার প্রক্রিয়াকে বিতর্কিত করেছেন। তিনি সিন্ডিকেটের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন। অবিলম্বে এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ পদ্ধতিতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

কাজ বাগিয়ে নিতে আগের ঠিকাদারের সিন্ডিকেট দুই থেকে তিন কোটি টাকার বিনিময়ে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন অভিযোগ করে প্রভাষক মামুন সেলিম বলেন, দরিদ্র এই জেলায় মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের জন্য যে বরাদ্দ দিয়েছেন তা লুটে খাচ্ছে এই সিন্ডিকেট। ফলে জনগণ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পকেটের টাকা খরচ করে ওষুধ কিনছেন।

দীর্ঘ ১১ বছর ধরে দুর্নীতিবাজ ও মামলার আসামি বাইরের এক ঠিকাদারের লাইসেন্সের মাধ্যমে একটি সিন্ডিকেট কাজ বাগিয়ে নিচ্ছে। ওই সিন্ডিকেটের সাথে যোগসাজসে তত্ত্বাবধায়ক শর্তের বেড়াজালের পাশাপাশি বৈধ ঠিকাদারদের দরপত্র থেকে কাগজ সরিয়ে দিয়ে দরপত্র বাতিলের পাঁয়তারা করছেন। অবিলম্বে এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে পুণ:দরপত্র আহ্বান করতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন। তিনি বলেন, তাদের (বিক্ষোভকারীদের) এমন দাবি ঠিক নয়। আমি বিধি অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছি।

অভিনব শর্তের বিষয়ে তত্ত্বাবধায়ক বলেন, অন্য হাসপাতালেও একই ধরণের শর্ত দেওয়া হয়েছে। গ্রুপ ভিত্তিক দরপত্রে ভিন্ন ভিন্ন জামানত চাওয়া হলেও সব দরপত্রের জন্য একই পরিমাণ ব্যাংক স্থিতি চাওয়া বিধি সম্মত কি না, এমন প্রশ্নের কোনও সদুত্তোর দিতে পারেননি তত্ত্বাবধায়ক। তবে বিক্ষোভকারীদের পুণ:দরপত্র আহবানের দাবি তিনি নাকচ করে দেন। দরপত্র মূল্যায়ন সম্পন্ন করে সর্বনিম্ন দরদাতাদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রক্রিয়াধীন বলে জানান তত্ত্বাবধায়ক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে শ্রীমঙ্গলের নূরুউদ্দীন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান নূরউদ্দীন আহমেদে’কে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক করা হয়েছে। পাশাপাশি তিনি সিলেট বিভাগীয় ছাত্র সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয় বাংলাদেশ ছাত্রলীগ। ৩১শে জুলাই’২২ ইং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরিত স্বস্ব দলীয় প্যাডে  তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পদে মনোনীত করা হলো।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় নূরউদ্দীন আহমেদ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ঐতিহাসিক ধানমণ্ডি ৩২ নাম্বারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিকভাবে অসামান্য মর্যাদার কৃতজ্ঞচিত্তে লালন করে এগিয়ে যাওয়ার সকলের সহযোগিতা কামনা করেন।

নীলফামারীতে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু, একজনের মৃত্যু

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী: নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমার আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনী মাঠে ফজরের নামাজের পরে বয়ান পেশের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ঢাকা কাকরাইল জামে মসজিদের খতিব ও বাংলাদেশ তাবলিক জামায়াতের সুরা সদস্য মাওলানা মোশারফ হোসেন এর উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ঢাকা কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত হয়েছেন এবারের ইজতেমায়। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করবেন। এছাড়াও একদিন আগে থেকেই এখানে উপস্থিত হয়েছেন দেশের প্রতি জেলার তাবলিক জামায়াতের কমিটির সদস্যরা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা।

জেলা তাবলীগ জামায়াতের আমীর ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে বয়ান পেশের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হবে। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন এসেছেন। শান্তিপূর্ণ ভাবে এটি শেষ হবে।

ইজতেমা ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পুলিশের অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও রয়েছে।

এদিকে ইজতেমা প্রাঙ্গণে জসো উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) রাতে ইজেতেমা প্রাঙ্গনে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। জসো উদ্দিন ওই এলাকার কাচুয়া মামুদের ছেলে।

শ্রীমঙ্গলে কৃষিযন্ত্র বিতরণী অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কৃষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৮০টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধিনে ও উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় আমন মৌসুমে কৃষকদের মাঝে ৮০টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
কৃষিযন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কৃুষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ছালিক আহমেদ, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন কৃষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৮০ টি এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়।

পানি ও বিদ্যুতের জন্য ইউক্রেনের লক্ষ লক্ষ লোকের হাহাকার

রাশিয়া কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য লড়াই করছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যে দেশটির বিদ্যুৎ গ্রিড মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে লক্ষ লক্ষ মানুষ গুরুতর ব্ল্যাকআউট সহ্য করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘জীবনের জন্য-হুমকিপূর্ণ’ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এবং অনুমান করেছে, এর ফলে লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে পারে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রায় সব অঞ্চলেই বিদ্যুতের পরিস্থিতি ভয়াবহ। ‘তবে, আমরা ধীরে ধীরে ব্ল্যাকআউট থেকে দূরে চলে যাচ্ছি, প্রতি ঘণ্টায় আমরা নতুন গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি।’

কিয়েভে রাশিয়ান হামলার ২৪ ঘণ্টারও বেশি সময় পর মেয়র ভিটালি ক্লিটসকো বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, রাজধানীর ৬০ শতাংশ বাড়ি এখনও বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে। তবে কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, শহরের উপকণ্ঠে ভিশগোরোদে গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার নতুন একদফা হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে অন্তত চারজন নিহত হয়েছে বলে সেখানকার একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। সম্প্রতি ইউক্রেন বাহিনী খেরসন পুনরুদ্ধার করেছে।

শীতের আগমন এবং রাজধানীতে তাপমাত্রা হিমাঙ্কের ঠিক উপরে থাকা অবস্থায় পাওয়ার গ্রিডের ওপর সর্বশেষ এই আক্রমণ চালানো হয়। আঞ্চলিক প্রশাসনের প্রধান সের্হি হামালির মতে, খমেলনিটস্কির পশ্চিম অঞ্চলটিতে মারাত্মক বিদ্যুৎ সংকটে রয়েছে। স্বাভাবিক চাহিদার মাত্র ৩৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কার্যকর রয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের ওলেহ সিনহুবভ বলেছেন, রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব খার্কিভ অঞ্চলের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎবিহীন ছিল। তবে প্রায় ৭০ শতাংশ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। ‘আমরা বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছি’ এ কথা উল্লেখ করে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ বলেছেন, বাড়িগুলোতে পানি সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে এবং পৌর কর্মীরা গণপরিবহন পুনরায় চালু করছে। তিনি বলেন, ‘বিশ্বাস করুন, এটা খুব কঠিন ছিল।’

এদিকে ইউক্রেন বলেছে, রুশ বাহিনী প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার অভিযোগ করেছে।

স্নাতক পর্যায়ে জাতীয় গণিত অলিম্পিয়াড

শিক্ষা ডেস্কঃ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড একযোগে শুরু হয়েছে দেশের ছয়টি অঞ্চলে। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং সিলেটে একযোগে উদ্বোধন হয় এ অলিম্পিয়াড। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) এ অলিম্পিয়াড উদ্বোধন করেন গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মনিরুল আলম সরকার। এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ আয়োজন করে বাংলাদেশ গণিত সমিতি।

ঢাকা দক্ষিণ অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগে। অপরদিকে বরিশাল ও খুলনা অঞ্চলের প্রতিযোগিতা শুরু হবে ২ ডিসেম্বর।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রতিযোগীরা। এর পর সমাপনী সেশনে গণিতবিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন গণিত বিশেষজ্ঞরা। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আগামী ২৩ ডিসেম্বর অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হবে। সব অঞ্চল থেকে সেরা ১০ জন নিয়ে মোট ৮০ প্রতিযোগী এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জনকে সার্টিফিকেট, ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হবে।

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) সকালে দেশটির এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরে এই ঘটনা ঘটে। খবর সিএনএন। 

সিএনএনের তথ্যমতে, ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় ওই শহরের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছি।

উল্লেখ্য, ২০১১ সালে সর্বশেষ একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল।