ঠাকুরগাঁও জেলা যুব মৈত্রী সম্মেলনে সভাপতি আলমগীর ও সম্পাদক আজিম

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ যুব মৈত্রী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলনে  সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (২৩ নভেম্বর) রাতে পীরগঞ্জ নতুন ডাকবাংলায় কর্মীসভায় সকলের সর্বসম্মতিক্রমে  আলোচনার মাধ্যমে সভাপতি প্রভাষক আলমগী ও সাধারণ সম্পাদক দিশারী আজিমসহ ২৫ সদস্য বিশিষ্ঠ্য কমিটির নাম ঘোষনা করেন জেলা যুব মৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ইমরান হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত কমিটির সহ সভাপতি- নাজমুল হুদা, গোলাম সরোয়ার সম্রাট, রফিকুজ্জামান, গৌতম কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত সুজন ও সাংগঠনিক সম্পাদক মুঞ্জুর আলমকে নির্বাচিত করা হয়।

সম্মেলনে জেলা যুব মৈত্রীর সভাপতি এডভোকেট ইমরান হোসেন চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল ইসলাম, জেলা কমিটির সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম ও আবু জাহিদ জুয়েলসহ বিভিন্ন নেতাকর্মিবৃন্দ । সম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা।

ইউনেস্কোর মূল কমিটি থেকে রাশিয়ার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউনেস্কোর গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে রাশিয়ার রাষ্ট্রদূত পদত্যাগ করায় সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হল। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বজুড়ে সাংস্কৃতিক স্থানমসূহের সংরক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

এই কমিটির সদস্যদের কাছে গত মঙ্গলবার রুশ দূত আলেকজান্ডার কুজনেতসভ চিঠি পাঠিয়ে তার পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ইউনেস্কোয় রুশ ফেডারেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার মিশন সমাপ্তির কথা সম্মানের সঙ্গে জানাচ্ছি।

জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, তার এ পদত্যাগের ফলে কমিটি নতুন প্রেসিডেন্টকে দ্রুত নিয়োগ দিতে পারবে।

এদিকে, রাশিয়ার পরের সারিতে থাকা সৌদি আরব কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব নেবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনে হামলার কারণে কমিটির প্রধান হিসেবে রাশিয়ার এ দায়িত্ব পালন নিয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।

 

কাউয়াদীঘি হাওর থেকে পাখি শিকারের ১৬টি জাল জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কাউয়াদীঘি হাওরাঞ্চল থেকে পাখি শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ১৬টি জাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দিনব্যাপী অভিযান চালিয়ে হাওরের মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে এ জাল উদ্ধার করে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একশ্রেণির লোক পরিযায়ী পাখি শিকারের উদ্দেশ্যে কাওয়াদীঘি হাওরের বিভিন্ন স্থানে জাল পেতে রেখেছে। রাতে পরিযায়ী পাখি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সময় এসব জালে আটকে মারা পড়ছে। এসব জাল জব্দ করার লক্ষ্যে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বুধবার সকাল ১০টা থেকে র‍্যাবের সহযোগিতায় কাউয়াদীঘি হাওরে অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের সময় হাওরের কাগজি বাড়ি, বইচা বিল, বড়কাপন এলাকার মান্দার বনসহ বিভিন্ন স্থান থেকে পাখি শিকারের ১৬টি জাল উদ্ধার করা হয়েছে। জব্দ করা জালের পরিমাণ ৭ হাজার ২০০ বর্গমিটার। অবৈধভাবে বন্য প্রাণী সংরক্ষণে বন বিভাগ তৎপর রয়েছে।

অভিযান ও অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, শীতের মৌসুমে পাখিরা হাওরে আসা এসব অথিতি পাখি নিধনে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে ১ ইউনিয়নে ১৮ ইটভাটা, ধ্বংসের মুখে কৃষি জমি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নে বৈধ এবং অবৈধ মিলিয়ে ১৮টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অব্যাহত বায়ুদূষণে এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিয়মনীতি না মেনে ফসলি জমিতে এসব ইটভাটা স্থাপন হলেও নেই প্রশাসনের কোনো পদক্ষেপ।

সরেজমিন দেখা গেছে, এক বা দুই ফসলি কৃষিজমিতে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও এখানে প্রায় সব ইটভাটাই ফসলি জমিতে স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন নিয়মনীতি না মেনে ধানসহ বিভিন্ন ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের সকল ইটভাটায়। ট্রাক দিয়ে দিন ও রাতে সমানতালে মাটি ও ইট পরিবহনের কারণে ভেঙে পড়েছে ইউনিয়নের প্রায় সব রাস্তাঘাট। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশেপাশের বাড়িঘর। চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে কৃষিজমি। ফল হচ্ছে না বিভিন্ন ফলফলাদির গাছে।

কৃষিজমিতে ভাটা স্থাপনের নিয়ম না থাকলেও কৃষি বিভাগের ছাড়পত্র পেয়ে ভাটা স্থাপনের অনুমতি পেয়ে যাচ্ছে ভাটা মালিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটা-সংলগ্ন বাসিন্দারা বলেন, যেসব জমিতে ভাটা গড়ে তোলা হয়েছে এসব জমিতে ধান ও সবজি চাষ হতো। পরে এসব জমিসহ আশেপাশের নিকটবর্তী জমিগুলোতে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে আশেপাশের সব জমি এখন আবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কৃষিজমির মাটি কেটে ভাটায় নিয়ে বড় বড় গর্ত করার ফলে আশেপাশের ধানের জমিও ভেঙে পড়ছে।

এছাড়া ট্রলি চলাচলের কারণে রাস্তাও ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া বেশ কিছু সংখ্যক সড়ক ভেঙে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলে হেঁটেও চলাচল করা দায় হয়ে পড়েছে।

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শহীদ নয়নের পরিবারের সাথে বি-বাড়ীয়ায় সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

বুধবার (২৩ নভেম্বর) রাত ৭ টারদিকে মিছিলটি শহরের আলী ফার্নিচারের সামনে থেকে শুরু হয়ে কুসুমবাগ প্রদক্ষিণ করে পেট্রোল পাম্পের সামনে সমাবেশের মাধ্যেমে শেষ হয়।

মিছিলে অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদুর রহমান, মোহাইমিনুর রহমান দিপু, যুগ্মসম্পাদক মুহিবুর রহমান সাজিব, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, শাওন আহমেদ,যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, মাহফুজুর রহমান রাব্বি, মুনিম আহমেদ, হুমায়ুন আহমেদ, তায়েফ আহমেদসহ আরো অনেকে। নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, নিরস্ত্র মানুষের ওপর এমন নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হয়।

বাঙ্গরা বাজারে বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবা-নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এস.আই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদক উদ্ধার ওয়ারেন্ট ভূক্ত আসামি তামিল অভিযান পরিচালনা করে বাঙ্গরা বাজার থানাধীন বাইড়া গ্রামস্থ রমিজ উদ্দিন সরকার বাড়ীর উত্তরে পিন্টু সরকার এর পুকুরের পূর্ব পাশে কাঠ বাগানের ভিতর হইতে আসামী মোঃ শাহরিয়ার শাহিন (৩৮) কে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫, ১৫০/- টাকা সহ গ্রেফতার করেন।

পৃথক আরেক অভিযানে এসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে বাঙ্গরা বাজার থানাধীন ০৪ নং পূর্বধৈইর (পূর্ব) ইউপির খোষঘর সাকিনস্থ দারোগা বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য বিক্রয় কালে আসামী আব্দুল হালিম (৪৭) কে ০৪ (চার) কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

আটককৃত আসামিরা হলেন মোঃ শাহরিয়ার শাহিন (৩৮) কুমিল্লা জেলার বাংগরা বাজার বাইড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং আব্দুল হালিম (৪৭) একই জেলার দেবীদ্বার থানার উত্তর গুনাইঘরের মৃত ফরিদ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেছেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বেশ কয়েকদিনের নির্বাচন পরবর্তী অচলাবস্থার পর প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আনোয়ার ইব্রাহিম হবেন দেশটির ১০তম প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ এই নতুন নেতা নিয়োগ দেন। এর আগে দেশটিতে নির্বাচনে নজিরবিহীন ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

রাজপ্রাসাদের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর রাজা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন।

গত শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) দল। তবে সরকার গঠনের জন্য তাদের পর্যাপ্ত আসন নেই এবং তারা কোন দলের সঙ্গে জোট গঠন করবেন তা স্পষ্ট নয়।

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির একটি ছোট বাগদাশ প্রাণী উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল  বুধবার (২৩ নভেম্বর) দুপুরে বিরল প্রজাতির একটি ছোট বাগদাশ প্রাণীকে উদ্ধার করা হয়েছে।

প্রাণীটিকে উপজেলার দুওসুও ইউনিয়নের কুলিক নদী সংলগ্ন সোনাকান্দর এলাকা থেকে স্থানীয় এক কৃষক আটক করে খাচায় বন্দী করে রাখেন।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর প্রাণীকে দেখার জন্য তার বাড়ীতে ভীড় জমায়।

স্থানীয় গ্রামবাসী আব্দুর রউফ বলেন, ধনিবস্তী গ্রামের দবিরুল ইসলামের ছেলে বদিরুল ইসলাম বুধবার দুপুরে সোনাকান্দর মাঠে ধান কাটতে যায়। ওইসময় অকস্মাৎ প্রাণীটি তার পাশ দিয়ে যাওয়ার সময় উপস্থিত কয়েক জনের সহযোগিতায় সে মেছো বাঘ মনে করে এটিকে আটক করে ফেলে।

এ সময় প্রাণীটি তার হাতে কামড় দিলেও সে তাকে ছাড়েনি। এরপর সে ওই প্রানীটিকে তার বাড়ীতে নিয়ে খাচায় বন্দী করে রাখে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, বিরল প্রজাতির প্রাণী আটকের খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাকে সেটিকে উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এটি ছোট বাগদাশ প্রজাতির একটি প্রাণী হতে পারে। প্রাণীটি বীজের বিস্তরণে ও খাদ্যশৃংখলে ভূমিকা রাখে। এছাড়া এটি গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। আর প্রাণীটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী প্রানীটিকে অবমুক্ত করে দেওয়া উচিত।

অতিথি আপ্যায়নে মজাদার কাশ্মীরি পোলাও

লাইফস্টাইল ডেস্কঃ অনেকে পোলাও খেতে পছন্দ করেন। আমরা নানাভাবে পোলাও তৈরি করতে পারি। আজ আমরা শিখবো কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে কাশ্মীরি পোলাও রান্না করবেন। এটা খুব সাধারণ একটি খাবার। এতে সবজি ও ফল রয়েছে। যাঁরা নিরামিষভোজী, তাঁদের এ রেসিপি খুব প্রিয় খাবার। 

আমরা জেনে নিই বাসায় সহজে কাশ্মীরি পোলাও রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

উপকরণঃ

সেদ্ধ চাল-৫০০ গ্রাম, ঘি- ৩টেবিল চামচ, বরবটি কুচি- ১কাপ, গাজর কুচি- আধা কাপ, মটরশুঁটি- আধা কাপ, তেজপাতা- ২টি, আলু বোখারা- ৫/৬টি, কাঁচামরিচ- ৪/৫টি, তরল দুধ-১লিটার, ফ্রুটস-১ কাপ, কিসমিস- পরিমাণমতো, লবণ- স্বাদমতো, গরম মসলা- পরিমাণমতো, জাফরান- সামান্য পরিমাণ।

প্রস্তুত প্রণালিঃ 

প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এতে তেজপাতা, গরম মসলা, বরবটি কুচি, গাজর কিউব, মটরশুঁটি, সেদ্ধ চাল, জাফরান, আলু বোখারা, কিসমিস, কাঁচামরিচ ও তরল দুধ দিয়ে রান্না করুন। সবশেষে ফল ও লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাশ্মীরি পোলাও।

 

ইউপি সদস্য শপথের পর ছুটতে হলো মনোনয়নপত্র সংগ্রহে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী সদস্য জলিল মিয়া বুধবার (২৩ নভেম্বর) শপথ নেন।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডে ৭ নভেম্বর উপনির্বাচন হয়। ওই উপনির্বাচনে জয়ী হয়ে ইউপি সদস্য হন জলিল মিয়া। অদ্য বুধবার দুপুরে তিনি শপথ নেন। তবে শপথ নিয়েই তাঁকে আবার মনোনয়নপত্র কেনার জন্য নির্বাচন কার্যালয়ে ছুটতে হয়েছে। কারণ, ওই ইউপিতে নির্বাচন কমিশন আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন। কয়েক বছর আগে নির্বাচনসংক্রান্ত মামলার কারণে ফুলতলা ইউপির নির্বাচন পিছিয়ে পড়ে। এর পর থেকে অন্য পাঁচটির পরে ফুলতলা ইউপির নির্বাচন হচ্ছে। ১ নভেম্বর নির্বাচন কমিশন ওই ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। নির্বাচন হবে ২৯ ডিসেম্বর। এদিকে এই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মঈনের মৃত্যুতে ৭ নভেম্বর সেখানে উপনির্বাচন হয়। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জলিল মিয়া ৬৩৭ ভোট পেয়ে জয়ী হন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ইউপি সদস্য হিসেবে শপথ নেন জলিল মিয়া। তাঁকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত ইউএনও রতন কুমার অধিকারী। এ সময় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে ইউপি সদস্য জলিল ইউএনও কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত নির্বাচন কার্যালয়ে গিয়ে ২৯ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কেনেন।

মনোনয়নপত্র কেনার পর ইউপি সদস্য জলিল মিয়া বলেন, ‘ইলেকশনে জিতছি ঠিকই। কিন্তু মানুষের খেদমতের সময় পাইলাম না। আবারও ইলেকশন করমু। আশা করি জিতমু। জিতলে, বাঁইচা থাকলে পাঁচ বছর দায়িত্ব চালাইয়া যাইমু।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ফুলতলা ইউপির নির্বাচনে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র কিনে নিচ্ছেন। তবে এখনো কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগপর্যন্ত ইউপি সদস্য জলিল মিয়া দায়িত্ব পালন করতে পারবেন।

ভারপ্রাপ্ত ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ‘ইউপি সদস্য জলিল মিয়া অল্প কয়েক দিন দায়িত্ব পালন করতে পারবেন। এ সময়ে তিনি যেন জনগণের পাশে থাকেন, সেটাই তাঁকে বলেছি।’